কবি রাজেশ দত্তর গান ও কবিতা
*
তুমি তো দিতে আঁজলা ভরে
আমার বাবা বিগতপ্রাণ জ্যোতির্ময় দত্তের স্মৃতির উদ্দেশে আমার ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি।
মূল কবিতা - ‘ঈশ্বরীর সাথে সংলাপে’ – কবি সব্যসাচী গোস্বামী
কাব্যগ্রন্থ - ‘ভিজে যাওয়া কবিতা খাতা’। বন্ধুবর কবি সব্যসাচী ওঁর মাতৃবিয়োগের পর
মায়ের স্মৃতির উদ্দেশে এই কবিতাটি রচনা করেন।
পরিবর্ধন, গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ১ জুন, ২০১৪

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


তুমি তো দিতে আঁজলা ভরে,
আমার তো নেই ফুলের সাজি।
বসন্ত দিন শিমুল-পলাশ,
দিনান্তে নক্ষত্ররাজি।

তুমি তো দিতে টুকরো কথা,
সময় ছুঁয়ে সুরের, স্রোতের
ছড়িয়ে থাকা বর্ণমালা
কুড়িয়ে নিতাম দু'হাত পেতে।
দমকা হাওয়ায় ছিন্ন পাতায়
তোমার স্নেহের আখর খুঁজি।
বসন্ত দিন শিমুল-পলাশ,
দিনান্তে নক্ষত্ররাজি।

তুমি তো দিতে মেঘলা বিকেল,
আমার তো নেই বিষণ্ণতায়
নৈঃশব্দ্যের বৃষ্টি ভেজা
দু’চোখ ভরা প্রগলভতা।

তুমি তো দিতে ধানের ক্ষেতে
হেমন্ত দিন অস্তগামী,
নিতাম আমি শূন্য হাতে,
কিন্তু কোথায় রাখবো আমি?
আমার তো নেই ফুলের সাজি,
আমার তো নেই ফুলের সাজি।
বসন্ত দিন শিমুল-পলাশ,
দিনান্তে নক্ষত্ররাজি।

.         ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
কোনও গণসংগীত সংস্থা বা শিল্পী, এই কবির এই গানগুলি অথবা তাঁর অন্যান্য গানের সুর ও স্বরলিপি পেতে আগ্রহী
হলে নীচের চলভাষে যোগাযোগ করতে পারেন -
চলভাষ - ৯৪৩৪৫১৬৮৯৮ / ৯৩৩০৪৬২৬২০ / ৯৪৩৩৫৬৬৩০২
অথবা ই-মেল করুন-
rajeshdattain@yahoo.com / rajeshdattain@gmail.com    
অথবা এই ওয়েব-সাইটে মেল করুন -
srimilansengupta@yahoo.co.in     
*
তোমায় দিলাম দূর ঠিকানা
মূল কবিতা - কবি সব্যসাচী গোস্বামী
‘এই সংলাপ ব্যক্তিগত’ কাব্যগ্রন্থ থেকে
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ১ সেপ্টেম্বর, ২০১২

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   

তোমায় দিলাম দূর ঠিকানা,
নিত্য নতুন খবর এনো।
বুকের ভিতর মেঘ গুরগুর,
বৃষ্টি মুখর হঠাৎ কেন?

কোথায় তোমার মেঘ-আবাসন?
বৃষ্টি আখর বর্ণমালা।
একলা হৃদয় বন্ধু আমার,
হৃদয় জুড়ে দহন-জ্বালা।

কোন্‌ সুদূরে আমার স্বজন?
অনেক দূরে এক পৃথিবী।
অন্ধকারে একলা আঁকি
ভাবীকালের কল্প-ছবি।

মনের ভিতর অনেক কথা,
এই সংলাপ ব্যক্তিগত।
ছন্নছাড়া এই যে জীবন,
বুকের ভিতর গভীর ক্ষত।

একলা মনে মেঘলা বিষাদ,
বৃষ্টি জুড়োক মানবজমি।
শব্দে কথায় উস্‌কে উঠুক
বিপন্ন এই জন্মভূমি॥

.         ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
বৃষ্টি বিকেল
মূল কবিতা - কবি সব্যসাচী গোস্বামী
‘এই সংলাপ ব্যক্তিগত’ কাব্যগ্রন্থ থেকে
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ২২ অগাস্ট, ২০১২

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


বৃষ্টি বিকেল, বৃষ্টি বিকেল
আজকে রেইনি-ডে।
ভাবছে বসে একলা মনে
ছোট্টো সোনা মেয়ে।

বৃষ্টি বিকেল, বৃষ্টি বিকেল
জল থইথই পার্ক।
বৃষ্টি বিকেল টিভির চ্যানেল,
কার্টুন নেটওয়ার্ক॥

বৃষ্টি বিকেল ভয়ের শাসন,
সর্দি কাশি জ্বর।
বৃষ্টি বিকেল কোথায় যেন
ভাঙছে নদীর চর।

ডুবছে কাদের খেতের ফসল,
ভাসছে কাদের ঘর –
বৃষ্টি বিকেল প্রশ্ন সহজ,
অজানা উত্তর।

বৃষ্টি বিকেল, বৃষ্টি বিকেল
আজকে রেইনি-ডে।
ভাবছে বসে একলা মনে
ছোট্টো সোনা মেয়ে।

বৃষ্টি বিকেল, কোথায় যেন
ভাঙছে নদীর চর।
ডুবছে কাদের খেতের ফসল,
ভাসছে কাদের ঘর॥

.         ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
পায়ে পায়ে ঘোরে
মূল কবিতা - ‘এক স্বপ্নের ফেরিওয়ালার জন্য কয়েক লাইন’ – কবি সব্যসাচী গোস্বামী
দমন-পীড়নমূলক আইন ‘ইউএপিএ’-র প্রথম শহিদ কমরেড স্বপন দাশগুপ্ত’র অন্তিম
যাত্রাকে মনে রেখে . . .
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ১৫ ফেব্রুয়ারি, ২০১১

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


পায়ে পায়ে ঘোরে
বেপরোয়া দিন,
চলেছে পথিক অন্তবিহীন
দীর্ঘ পথ।

শত বাধা শত প্রতিবন্ধকে,
স্বপ্নের খোঁজে সন্ধানী চোখে
লাল শপথ।
চলেছে পথিক অন্তবিহীন
দীর্ঘ পথ।

স্বপ্নরা জাগে বিনিদ্র রাত,
শত্রু শিবিরে মারণ আঘাতে
গেরিলা দল।

নয়া ইতিহাস মাথা তোলে আজ,
অরণ্যে-গ্রামে যুদ্ধের সাজে
বাজে মাদল।
দ্রিদিম্‌ দ্রিদিম্‌ দিম্‌
বাজে মাদল।
চলেছে পথিক অন্তবিহীন
দীর্ঘ পথ।

উদাসীন দিন, ক্লান্ত সময়
আইনের ছায়া সুদীর্ঘ হয়ে
বাঁধতে চায়।

বুকের রক্ত স্বপ্নে মেখে,
লাল নিশানে শরীর ঢেকে
তবুও পথিক এগিয়ে যায়,
ক্লান্ত পথিক এগিয়ে যায়
এগিয়ে যায়
এগিয়ে যায়।
চলেছে পথিক অন্তবিহীন
দীর্ঘ পথ॥

.         ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
সময়কে ছিঁড়ে খুঁড়ে খুঁজে আনি
মূল কবিতা - ‘চরৈবেতি’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
পরিবর্ধন, গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ১৪ জুলাই, ২০১৩

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
ডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


সময়কে ছিঁড়ে খুঁড়ে খুঁজে আনি শব্দের দ্যোতনায়।
আমি তো এখন আর মোটেই ছোটো না।
মাঝবয়সের এক মাঝি,
ধরে রেখে জীবনকে বাজি
এখনও ভাসতে পারি মাঝদরিয়ায় … … …
দিনবদলের স্বপ্ন হাতছানি দিয়ে কাছে ডাকে –
“আয়, আয়, চলে আয়!”
And miles to go before I sleep.
And miles to go before I sleep.

কৈশোরের বন্ধুরা আমায় একলা ছেড়ে
একে একে গেছে ফিরে নিজের নিজের ঘরে।
আমার হয়নি ফেরা ঘর,
সামনে পেছনে ওঠে ঝড়।
বৃষ্টি নামে, বিদ্যুৎ চমকায়।
দিনবদলের স্বপ্ন হাতছানি দিয়ে কাছে ডাকে –
“আয়, আয়, চলে আয়!”
And miles to go before I sleep.
And miles to go before I sleep.

শহিদ সাথীদের মুখ ফিরে ফিরে আসে
নীল যাতনার রঙে স্মৃতির ক্যানভাসে।
অস্থির করে তোলে মন,
দিন-প্রতিদিন, প্রতিক্ষণ।
জীবনকে হাতে নিয়ে হেঁটে চলি
গ্রাম থেকে গ্রামে, এ পাড়ায়, ও পাড়ায়।
দিনবদলের স্বপ্ন হাতছানি দিয়ে কাছে ডাকে –
“আয়, আয়, চলে আয়!”
And miles to go before I sleep.
And miles to go before I sleep.

কঠিন হৃদয়টাকে বুকের পাঁজরে বয়ে
তবুও হাঁটতে থাকি অবসন্ন পায়ে।
রক্ত ঝরে বুকের গভীরে,
হেঁটে চলি ক্লান্ত শরীরে।
থামতে দেয় না অস্থির এই সময়।
দিনবদলের স্বপ্ন হাতছানি দিয়ে কাছে ডাকে –
“আয়, আয়, চলে আয়!”
And miles to go before I sleep.
And miles to go before I sleep.

.         ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
আমার সদ্য লেখা খাতা
মূল কবিতা - ‘আমার পদ্য লেখার খাতা’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ২ জানুয়ারি, ২০১৩

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   

আমার সদ্য লেখা খাতা,
আমার পদ্য লেখার খাতা।
তুমি আনন্দেতে নদী,
তুমি চোখের জলে বধির।
তুমি  বাঙময় নীরবতা॥

তুমি একলা জাগা রাত,
মায়ের হলুদ-মাখা হাত।
তুমি বাবার চোখের স্নেহ।
আমার ধুলোয় ভরা দেহ।
তুমি হৃদয়ের উষ্ণতা॥

তুমি ভালো-লাগার রেশ,
আমার স্বপ্নের স্বদেশ।
তুমি সময় ছুঁয়ে থাকা
হাতে মুক্তির পতাকা।
তুমি মিছিলের মুখরতা॥

.         ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
কিছু কবিতা শুধুই তোমার
মূল কবিতা - ’কিছু কবিতা’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ২৭ নভেম্বর, ২০১২

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .    

কিছু কবিতা শুধুই তোমার,
কিছু কবিতা সবার জন্য।
কিছু কবিতা কষ্ট-মাখা,
মায়ের চোখের জল মেশানো।

কিছু কবিতা ছোট্টো মেয়ের
দুষ্টুমি আর মিষ্টি হাসির।
কিছু কবিতা গল্পগুজব
একসাথে বসে পাড়াপড়শির।

কিছু কবিতা স্মৃতি মন্থন,
কিছু কবিতা সদ্য লেখা।
কিছু কবিতা বার্তা শোনায়
লড়াই করে লড়াই শেখার।

কিছু কবিতা রাজদ্রোহী,
কিছু কবিতা ‘হেঁই মারো টান’... …
দু’হাত দিয়ে ভাঙছে শেকল
আঁকড়ে বুকের রক্ত নিশান।

কিছু কবিতা তাঁদের নিয়ে
আত্মত্যাগী শহিদ যাঁরা।
কিছু কবিতা তাঁদের জন্য
দুনিয়াটাকে গড়ছে যাঁরা॥

.         ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
কমলাদিদি
মূল কবিতা - ’কমলাদিদি’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - নভেম্বর, ২০১৩

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


কমলাদিদির ছোট্টো উঠোন, একচিলতে ঘর।
কমলাদিদির তিন সন্তান, একটি মাতাল বর।
কমলাদিদি ইস্টিশনের চায়ের দোকানদার,
এক হাতেতে ব্যবসা চালান, আর হাতে সংসার।
আমাদের কমলাদিদি।
আমাদের কমলাদিদি॥

কমলাদিদির দোকান চলে সকাল, বিকেল, সাঁঝ।
বাড়ি ফিরেও রান্না করা, বাসন মাজার কাজ।
কমলাদিদি হিসেবি মানুষ, সতর্ক চোখ-কান,
হপ্তা নিতে নিত্য আসে পুলিশ ও মস্তান।
আমাদের কমলাদিদি।
আমাদের কমলাদিদি॥

কমলাদিদির জীবন মানে বৃষ্টি কি রোদ্দুর,
ব্যস্ততময় একঘেয়েমি, বিষণ্ণতার সুর।
কমলাদিদির জীবনে নেই টিভির সিরিয়াল,
ক্লান্ত চোখের মাঝরাত্তির, উঠতে হবে কাল।
আমাদের কমলাদিদি।
আমাদের কমলাদিদি॥

একেকটা মাঝ রাত্রে জোটে মাতাল বরের রাগ,
কমলাদিদির চোখের নিচে কালশিটের দাগ।
কমলাদিদি লড়াকু তবু, ভীষণ মনের জোর,
তাঁর জীবনেও আসবে কবে নারী দিবসের ভোর?
আমাদের কমলাদিদি।
আমাদের কমলাদিদি॥

.         ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
কত শব্দ ভেসে যায়
মূল কবিতা - ’স্বগতোক্তি’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ৩ জানুয়ারি, ২০১৩

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
ডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


কত শব্দ ভেসে যায়,
কত কথা ভেসে ভেসে যায়।
কত বুক ভরে যায়,
কত মন ভরে কানায় কানায়।

কত স্বপ্ন ছুঁয়ে যায়,
কত স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে যায়।
কত দুঃখে ভরে যায়
কত বুক, কত যাতনায়।

কত প্রেম মুছে যায়,
ভালো লাগা মুছে মুছে যায়।
কত স্মৃতি জেগে থাকে,
ছুঁয়ে থাকে কত উষ্ণতায়।

কত বন্ধু চলে যায়,
কত বন্ধু দূরে চলে যায়।
কত বন্ধু আসে ফিরে
আনমনা একলা থাকায়॥

.         ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
আমরা করি ঝড়ের বুকে আগুন খেলা
মূল কবিতা - ’আমরা দু’জন, আরো অনেক, অনেক মানুষ’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ১৮ ডিসেম্বর, ২০১২

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
অডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


আমরা করি ঝড়ের বুকে আগুন খেলা,
মেঘলা রাতেও আমরা পোড়াই আতশবাজি।
দারুণ শীতেও আমরা আনি বসন্তকাল।
আপোস নিয়ে বাঁচার চেয়ে, মরতে রাজি।
আমরা করি ঝড়ের বুকে আগুন খেলা॥

দারুণ ত্রাসেও আমরা বাঁচি কবিতা-খাতায়,
মৃত্যুশীতল হাতছানিতেও স্বপ্ন দেখি।
হাঁটতে পারি ক্লান্তি নিয়েও অনেকটা পথ –
কোনটা আসল, কোনটা মেকি, চিনতে শিখি॥

আমরা দু’জন, আরো অনেক, অনেক মানুষ
স্বপ্ন ছুঁয়ে হাঁটতে থাকি মাটির টানে –
হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মাটির গভীর,
হাত মেলেছি এবার সুদূর আকাশ পানে॥

.         ***************************                    
.                                                                                     
উপরে      


মিলনসাগর