কবি রাজেশ দত্তর গান ও কবিতা
*
গাঁয়ের বালিকা
মূল কবিতা - ‘চল্‌ মেয়ে চল্‌’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
পরিবর্ধন, গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - জানুয়ারি, ২০১৩

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   

গাঁয়ের বালিকা, আলপনা আঁকা
.        উঠোনেতে মাখা জোছনায়,
বুকের ভেতর কষ্ট আটকে
.        দু’চোখের জল মোছ না॥

খাতা লেনদেন, মন দেয়া-নেয়া
.        খুনসুটি আর পদ্য।
চুলের ফিতেয় বিকেলের রোদ
.        ঝরে ঝরে পড়ে সদ্য।
সোনাঝরা খেতে, ধানের শিসেতে
.        সূর্যের কণা খোঁজ না।
বুকের ভেতর কষ্ট আটকে
.        দু’চোখের জল মোছ না॥

নিষেধাজ্ঞার পাঁচিল ডিঙিয়ে
,        স্বপ্ন দেখার স্পর্ধায়,
দু’জনাতে মিলে টান দিয়ে ছিঁড়ি
.        অন্ধকারের পর্দা।
ভুলে যাই যত হৃদয়ের ক্ষত,
.        বুকের গভীরে যাতনা।
বুকের ভেতর কষ্ট আটকে
.        দু’চোখের জল মোছ না॥

চল্‌ মেয়ে চল্‌, হেঁটে হেঁটে যাই
.        ঝড়ের সঙ্গে যুদ্ধ।
যৌথ সফরে দু’হাতে সরাই
.        যত আছে অবরুদ্ধ।
মুক্ত স্বদেশে, ভোরের আকাশে
.        মেলবো দু’জনে পাখনা।
বুকের ভেতর কষ্ট আটকে
.        দু’চোখের জল মোছ না॥

.              ***************************               
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
কোনও গণসংগীত সংস্থা বা শিল্পী, এই কবির এই গানগুলি অথবা তাঁর অন্যান্য গানের সুর ও স্বরলিপি পেতে আগ্রহী
হলে নীচের চলভাষে যোগাযোগ করতে পারেন -
চলভাষ - ৯৪৩৪৫১৬৮৯৮ / ৯৩৩০৪৬২৬২০ / ৯৪৩৩৫৬৬৩০২
অথবা ই-মেল করুন-
rajeshdattain@yahoo.com / rajeshdattain@gmail.com    
অথবা এই ওয়েব-সাইটে মেল করুন -
srimilansengupta@yahoo.co.in     
*
হোক না পৃথিবী গদ্যময়
মূল কবিতা - ‘বুকের গহিনে তবুও গোপনে’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ২৩ নভেম্বর, ২০১২

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
ডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


হোক না পৃথিবী গদ্যময়,
চরাচর নৈঃশব্দ্যময়,
ভয়ের দু’চোখ যতই দেখাক
.        শাসনের সন্ত্রাস –
বুকের গহিনে তবুও গোপনে
.        কবিতার বসবাস॥

যতই ভাঙো না হাড়পাঁজর,
যতই দেখাও লাঠির জোর,
পিছমোড়া করে হাতের শেকলে
.        বজ্র আঁটুনি টান –
বুকের গহিনে তবুও গোপনে
.        শেকল ভাঙার গান॥

বুকে ওঠে জমে দীর্ঘশ্বাস,
চোখের কোণেতে ভিজে বাতাস।
আঁধার ঘনিয়ে চারিদিকে ঘোর
.        অমাবস্যার রাত –
বুকের গহিনে তবুও গোপনে
.        দারুণ বৃষ্টিপাত॥

.          ***************************           
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
শিরায় শিরায় মাদল বাজে
মূল কবিতা - ‘জঙ্গলমহল’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
পরিবর্ধন, গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ২৩ নভেম্বর, ২০১২

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


শিরায় শিরায় মাদল বাজে,
হৃদয়ে ঝংকার।
শাল-পিয়ালের ফাঁকে ফাঁকে
ধনুকে টংকার।
হৃদয়ে ঝংকার, ধনুকে টংকার॥

হাতে শেকল, পায়ে শেকল,
পিঠে বেড়ির জ্বালা।
মগজ তবু মুক্ত, সকল
দুয়ার-কপাট খোলা।
আলোর বিহানে মুছে যাক প্রাণে
নিশীথ শংকার।
শাল-পিয়ালের ফাঁকে ফাঁকে
ধনুকে টংকার॥

পিঠের ওপর চাবুক নামে
এক, দুই, তিন … …
বিবেক বলে আমায়, তুই
আজন্ম স্বাধীন।
কষার আঘাতে বুকের খাঁচাতে
সিংহের হুংকার।
শাল-পিয়ালের ফাঁকে ফাঁকে
ধনুকে টংকার॥

শরীরে ব্যথা, হৃদয়ে ব্যথা,
রাত ঘুমে ঘোর জ্বর।
বাঁচার মতো বাঁচ, নইলে
লড়াই করেই মর।
পাঁজরে পাঁজরে উঠুক সজোরে
নিনাদ ডংকার।
শাল-পিয়ালের ফাঁকে ফাঁকে
ধনুকে টংকার॥

.          ***************************           
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
চেনা মুখ তুই ছুঁয়ে থাক
মূল কবিতা - ‘চেনা মুখ’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - জানুয়ারি, ২০১৩

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
ডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   
কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .    

চেনা মুখ, তুই ছুঁয়ে থাক
যত নস্ট্যালজিক শৈশব।
খুঁজে খুঁজে ফিরি হারিয়ে যাওয়া সে
বিবর্ণ খাতা, বই সব।

চেনা মুখ, তুই দু’দিকে বিনুনি,
লাল-ফিতে বাঁধা বালিকা।
চেনা মুখ, আমি গাঁয়ের স্কুলের
হাফ প্যান্ট পরা, খালি পা।

চেনা মুখ, তোর ব্যস্ত সময়
এদিক-ওদিক উসখুস।
চেনা মুখ, তোকে নিঃশ্বাসে নিয়ে
ভরাই হৃদয়, ফুসফুস।
চেনা মুখ, তুই ছিঁড়ে ফ্যাল্‌ আজ
অন্ধকারের পর্দা।
চেনা মুখ, তোর দুই চোখে খুঁজি
একলা চলার স্পর্ধা।

চেনা মুখ, তুই লেখাপড়া ভোলা
বখাটে ছেলের আশ্রয়।
ভালোবাসা আর প্রত্যাখ্যান –
মাঝে দোল-খাওয়া সংশয়।
চেনা মুখ, তুই বিষণ্ণ দিনে
একটু বিকেল মেঘলা।
ঝড় থেমে গেছে, শুকনো পাতারা
চলে গেছে, আমি একলা।

চেনা মুখ, তবু স্বপ্ন দেখি যে,
স্বপ্ন দেখাই বাঁচবার।
চেনা মুখ, কেন সাইকেলে চড়ে
ফিরে ফিরে আসো বারবার?
চেনা মুখ, তুই চোরা চোখে দেখা
প্রশ্রয়ী হাসি, লাজে লাল।
চেনা মুখ, তুই অতীতকে ছুঁয়ে
অপাপবিদ্ধ সমকাল॥

.          ***************************           
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
জমে থাকা কথা, ছেঁড়া ছেঁড়া স্মৃতি
মূল কবিতা - ‘ডাইরি’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
পরিবর্ধন, গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ১২ মার্চ, ২০১৪

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   

জমে থাকা কথা, ছেঁড়া ছেঁড়া স্মৃতি,
রাগ-অভিমান, ব্যথা অনুভূতি।
ফেলে আসা দিন, বিপন্ন কাল,
চেতনায় জাগে শপথের লাল।
লালে লাল আগুনে প্রাণের আহুতি।
জমে থাকা কথা, ছেঁড়া ছেঁড়া স্মৃতি॥

মশালের মতো যজ্ঞের কাঠ।
হাতছানি দেয় লড়াইয়ের মাঠ।
শৈশব দিন ছায়া সুনিবিড়।
নির্ঘুম রাতে স্বপ্নের ভিড়।
স্বপ্নের আবেশে বাঁচার আকুতি।
জমে থাকা কথা, ছেঁড়া ছেঁড়া স্মৃতি॥

মাথার ওপর খণ্ড আকাশ,
বুক ভরে টানি তাজা নিঃশ্বাস।
ডায়েরিতে জমে অলস সময়,
ভালোবাসা খোঁজে চেনা আশ্রয়,
উদাসী বাউল-মন খোঁজে পীরিতি।
জমে থাকা কথা, ছেঁড়া ছেঁড়া স্মৃতি॥

.          ***************************           
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
ম্যাজিক সকালের গান - আঁধার চুইয়ে ছাদের ওপর
মূল কবিতা - ‘ম্যাজিক সকালের প্রতীক্ষায়’ - কবি সব্যসাচী গোস্বামী
‘ভিজে যাওয়া কবিতা খাতা’ কাব্যগ্রন্থ থেকে
পরিবর্তন, গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ২৯ জুলাই, ২০১৪

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
ডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


আঁধার চুইয়ে ছাদের ওপর
আলগোছে নামে নিশ্চিত ভোর।
অ্যালার্ম ঘড়িটা সচকিত হয়,
আড়মোড়া ভাঙে ব্যস্ত শহর॥

পাখির কাকলি, খোলা বাতায়ন,
কিচিরমিচির আর উড়ু উড়ু মন –
ছোট্ট মেয়ের খণ্ড আকাশ,
ব্যস্ততা ঘিরে বই, সিলেবাস।
হাতছানি দেয় ইস্কুল বাস,
মন-খারাপের ইস্কুল বাস॥

সন্ধে ঘনায়, ফেরে ইস্কুল বাস।
বিজ্ঞান, অংক, ভূগোল, ইতিহাস।
ঢুলুঢুলু চোখে কোচিংয়ের ক্লাস।
খেলার জন্য নেই অবকাশ,
খোলা জানালার মুক্ত বাতাস॥

শৈশবকাল বিপন্নতায়
তবু খুঁজে ফেরে ইচ্ছে-ডানায়
উড়ে যাওয়া ঘুড়ি, মুক্ত সকাল।
বই-সিলেবাস, নিষেধ দেয়াল
ভেঙে কোনও এক ঝলমলে দিন
ভাবনাবিহীন এক ম্যাজিক সকাল॥

আঁধার চুইয়ে ছাদের ওপর
লাফিয়ে নামবে এক ডানপিটে ভোর।
অ্যালার্ম ঘড়িটা থাকবে নিথর,
ম্যাজিক সকালে মাতবে শহর॥

.          ***************************           
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
কী ভাবো পুতুলমণি
মূল কবিতা - ‘আয় বৃষ্টি ঝেঁপে’ - কবি অনিতা অগ্নিহোত্রী
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ৪ অগাস্ট, ২০০৯


কী ভাবো পুতুলমণি, আনমনে দাঁড়িয়ে দাওয়ায়?
বৃষ্টি পড়ে, শালবন পাঠাচ্ছে সুবাস হাওয়ায়।
কী ভাবো পুতুলমণি আনমনে দাঁড়িয়ে দাওয়ায়?

বাতাসে পাখির বাসা ভেঙে আছে ঘাসের ওপর,
কুকুরছানাটি ভেজা, কাদামাখা পায়ে খোঁজে ঘর।

ভাঙা টালি, বৃষ্টি তাই ঘরের ভেতর, বালিতে
ধরা বৃষ্টি-জল, দাদু সপ্‌সপে গায়ে কাঁপে শীতে।

ছাতা পেতে মা ঢেকেছে উনোনের ধোঁওয়া-ওঠা হাঁড়ি।
আর কত বৃষ্টি নেবে জোড়াতাড়া-দেওয়া বুড়ো বাড়ি?

কী ভাবো পুতুলমণি, আনমনে দাঁড়িয়ে দাওয়ায়?
বৃষ্টি পড়ে, শালবন পাঠাচ্ছে সুবাস হাওয়ায়॥

কী দ্যাখো পুতুলমণি, জানলায় বসে গালে হাত?
নদীটি শুকিয়ে ছিল, জল পেয়ে আবার হঠাৎ
খিলখিল হেসে উঠে চলেছে সে বনের দিকে –
“আয় ঝেঁপে” বলে তাই ডাক দিয়েছিলে বৃষ্টিকে?

কী ভাবো পুতুলমণি, আনমনে দাঁড়িয়ে দাওয়ায়?
বৃষ্টি পড়ে, শালবন পাঠাচ্ছে সুবাস হাওয়ায়॥

.          ***************************           
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
চার্লি চ্যাপলিন স্মরণে - সাদা কালো বাড়ি
মূল কবিতা - ‘সাদাতে কালোতে’ - কবি রাকা দাশগুপ্ত
(‘সন্দেশ’ পত্রিকার চার্লি চ্যাপলিন স্মরণ সংখ্যায় প্রকাশিত ছড়া, মে-জুন ২০১৪)
গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ২৫ ডিসেম্বর, ২০১৪

কবিকণ্ঠে ইউটিউবে গানটির
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .    

সাদা-কালো বাড়ি, সাদা-কালো গলি।
সাদা-কালো স্ট্যাচু, হেঁটে হেঁটে চলি।
পাশে হেঁটে যান ভারি বে-মানান
কালো জুতো, গোঁফ, মিশকালো টুপি।
সাদা-কালো ফ্রেমে অনায়াসে থেমে
হেসে পোজ্‌ দেন তিনি চুপিচুপি।
তিনি চার্লি চ্যাপলিন।
প্রিয় চার্লি চ্যাপলিন।
তিনি চার্লি চ্যাপলিন।
প্রিয় চার্লি চ্যাপলিন॥

বাড়ি কালো-সাদা, গলি কালো-সাদা,
চোখ রাঙিয়েছে সময়-পেয়াদা।
তবুও হাঁটেন পায়ে-চলা লেন,
হাতে আঁকাবাঁকা মজাদার লাঠি।
চুপ তিনি খুবই, সাইলেন্ট-মুভি
চোখে শুধু ফোটে না-বলা কথাটি।
তিনি চার্লি চ্যাপলিন।
প্রিয় চার্লি চ্যাপলিন।
তিনি চার্লি চ্যাপলিন।
প্রিয় চার্লি চ্যাপলিন॥

আজও আমাদের রঙ নেই ভালো,
যা কিছু দেখি, তা বড়ো সাদা-কালো।
ফ্যাকাসে পৃথিবী, ধুলো জমা টিভি
একা একা জ্বলে আবছায়া স্ক্রিন।
জানে যারা দ্যাখে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে
সেখানে রঙিন – একা চার্লি চ্যাপলিন।
তিনি চার্লি চ্যাপলিন।
একা চার্লি চ্যাপলিন।
শুধু চার্লি চ্যাপলিন।
প্রিয় চার্লি চ্যাপলিন॥

.          ***************************           
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
সোনাঝরা শৈশব - চাই না মোতির মালা
মূল ছড়া - কবি সুনন্দা গুহ রায়
‘সোনাঝরা শৈশব’ শীর্ষক ছড়া সংকলন থেকে
পরিবর্তন, গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ১৯ ডিসেম্বর, ২০১২

কবিকণ্ঠে ইউটিউবে এই গানটির  
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন . . .   


চাই না মোতির মালা,
সোনাদানা ওই সব,
বারে বারে দাও ফিরে
সোনাঝরা শৈশব।
ভালো যে বাসতে জানে,
হাসাতে হাসতে জানে,
চিরদিন তার ঘরে
দীপাবলি উৎসব।
আমায় দাও গো ফিরে
হারানো সে শৈশব॥

শৈশব ফিরে পেলে
কে না খুশি হই?
আসলেতে শিশু মোরা,
বুড়ো কেউ নই।
সবুজ মাঠের ডাকে
করে হই হই সব।
আমায় দাও গো ফিরে
হারানো সে শৈশব॥

কালের নিয়মে হয়
শরীর মলিন।
মনের সবুজ বন
সতত নবীন।
হাতে নাও রং-তুলি,
ছড়া-ছবি বই সব।
আমায় দাও গো ফিরে
হারানো সে শৈশব॥

ফুটিছে রঙিন ফুল
আলো করি মন।
শৈশব খেলে সেথা
সারাটি জীবন।
সোনা রোদ্দুর মাখা
দিনগুলো কই সব?
আমায় দাও গো ফিরে
হারানো সে শৈশব॥

.          ***************************           
.                                                                                     
উপরে      


মিলনসাগর     
*
ছেলেবেলা - ফুটপাথের ওই রেলিং ধারে বসে
মূল কবিতা - কবি সৌমী বন্দ্যোপাধ্যায়
সৃজনী কর সম্পাদিত ‘ইচ্ছেডানা’ লিটল ম্যাগাজিনে প্রকাশিত
পরিবর্ধন, গীতিরূপান্তর ও সুর - কবি রাজেশ দত্ত
সুরারোপ - ১৮ অগাস্ট, ২০১৩

কবিকণ্ঠে সাউণ্ডক্লাউডে এই গানটির  
ডিও শুনতে এখানে ক্লিক করুন . . .   


ফুটপাথের ওই রেলিং ধারে বসে
কাঁদছিল এক ছোট্টো রোগা ছেলে।
বাপ দিয়েছে অনেক দূরে পাড়ি,
মা গিয়েছে সংসার সব ফেলে॥

রাজকুমারের রূপকথার সে-গল্প
মনে জাগায় কত রঙিন আশা।
ভাবে ছেলে, আমিও যদি হতাম,
সবাই দিত বুকভরা ভালোবাসা।
দিনের শেষে খোলামকুচি নিয়ে
একলা ছেলে এক্কাদোক্কা খেলে।
বাপ দিয়েছে অনেক দূরে পাড়ি,
মা গিয়েছে সংসার সব ফেলে॥

ট্রামে-বাসে বেড়ায় চড়ে সে
হাতে করে ছোট্টো একটা থালা।
একটা শুধু সাদা কাপড় গায়ে
ঘুরে বেড়ায় ছোট্টো ছেলেবেলা।
হারিয়ে যাওয়া ছোট্টো ছেলেবেলা
এভাবেই তো ভাসবে চোখের জলে।
বাপ দিয়েছে অনেক দূরে পাড়ি,
মা গিয়েছে সংসার সব ফেলে॥

.          ***************************           
.                                                                                     
উপরে      


মিলনসাগর