সকালে কলতলায় ক্লান্ত গণিকারা কোলাহল করে, খিদিরপুর ডকে রাত্রে জাহাজের শব্ দ শুনি ; মাঝে মাঝে ক্লান্ত ভাবে কী যেন ভাবি--- হে প্রেমের দেবতা, ঘুম যে আসে না, সিগারেট টানি ; আর শহরের রাস্তায় কখনো প্রাণপণে দেখি ফিরিঙ্গি মেয়ের উদ্ধত নরম বুক | আর মদির মধ্য রাত্রে মাঝে মাঝে বলি মৃত্যুহীন প্রেম থেকে মুক্তি দাও, পৃথিবীতে নতুন পৃথিবী আনো হানো ইস্পাতের মত উদ্যত দিন | কলতলায় ক্লান্ত কোলাহলে সকালে ঘুম ভাঙে আর সমস্তক্ষণ রক্তে জ্বলে বণিক-সভ্যতার শূণ্য মরুভূমি |
তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে দিগন্তে দুরন্ত মেঘের মতো ! কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে, হে ক্লান্ত উর্বশী, চিত্তরঞ্জন সেবাসদনে যেমন বিষণ্ণমুখে উর্বর মেয়েরা আসে কত অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি, কত দীর্ঘশ্বাস, কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো, আর কতো দিন !
বর্তমানে মুক্তকচ্ছ, ভবিষ্যৎ হোঁচটে ভরা, মাঝে মাঝে মনে হয়, দুর্মুখ পৃথিবীকে পিছনে রেখে তোমাকে নিয়ে কোথাও স'রে পড়ি | নদীর উপরে যেখানে নীল আকাশ নামে গভীর স্নেহে, শেয়াল-সংকুল কোনো নির্জন গ্রামে কুঁড়েঘর বাঁধি ; গোরুর দুধ, পোষা মুরগির ডিম, খেতের ধান ; রাত্রে কান পেতে শোনা বাঁশবনে মশার গান ; সেখানে দুপুরে শ্যাওলায় সবুজ পুকুরে গোরুর মতো করুণ চোখ বাংলার বধূ নামে ; নিরালা কাল আপন মনে পুরোনো বিষণ্ণতা হাওয়ায় বোনে |
ভুলে যাওয়া গন্ধের মতো কখনো তোমাকে মনে পড়ে | হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস | আর মেঘের কঠিন রেখায় আকাশের দীর্ঘশ্বাস লাগে | হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হ'লো, তাই আজ পৃথিবীতে স্তব্ ধতা এলো, বৃষ্টির আগে শব্ দহীন গাছে যে-কোমল, সবুজ স্তব্ ধতা আসে |
পাশের ঘরে একটি মেয়ে ছেলে-ভুলানো ছড়া গাইছে, সে ক্লান্ত সুর ঝ'রে-যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে, আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে |
বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পরে বন্যা | বর্ষাকালে, অনেক দেশে যখন অজস্র জলে ঘরবাড়ি ভাঙবে, ভাসবে মূক পশু ও মুখর মানুষ, শহরের রাস্তায় যখন সদলবলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক, তোমার মনে তখন মিলনের বিলাস, ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে | হে ম্লান মেয়ে, প্রেমে কী আনন্দ পাও, কী আনন্দ পাও সন্তানধারণে ?
সমুদ্র শেষ হ'লো, আজ দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে উড়ন্ত পাখির মতো | সমুদ্র শেষ হ'লো গভীর বনে আর হরিণ নেই, সবুজ পাখি গিয়েছে ম'রে, আর পাহাড়ের ধূসর অন্ধকারে দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে উড়ন্ত পাখির মতো | সমুদ্র শেষ হ'লো, চাঁদের আলোয় সময়ের শূণ্য মরুভূমি জ্বলে |