কবি বিপ্রতীপ গুহর কবিতা
*
যে স্ব-ইচ্ছায় উলঙ্গ হয়েছে
কবি বিপ্রতীপ গুহ
রচনা আগস্ট ২০১৯-ফ্রেব্রুয়ারী ২০২০। মিলনসাগরে প্রকাশ ৪.৬.২০২২।

যে স্ব-ইচ্ছায় উলঙ্গ হয়েছে, তুমি তাকে কী কাপড় পরাবে!
সে তো বলতেই পারে, আমি ফকির, ঝোলা নিয়েই চলে যাবো
কিম্বা....গোলি মারো শাঁলোকো...

কিন্তু যারা চিন্ময় আনন্দে গোল হয়ে ঘিরে আছে
ধুপধুনোয়, পুজোয়
তাদের দিকে একবার তাকাও
বেশি দূরে নয়, তোমার ভাই-এর চোখের দিকে তাকাও
তোমার আজন্মলালিত বন্ধুর চোখের দিকে তাকাও
ওরা সবাই উলঙ্গ রাজার পতাকা বইছে

কোনো এক বধ্যভূমিতে তোমার আমার সঙ্গে
ওদেরও অচিরেই দেখা হবে ঠিক!

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
এই রাতও শেষ হবে একদিন
কবি বিপ্রতীপ গুহ
রচনা আগস্ট ২০১৯-ফ্রেব্রুয়ারী ২০২০। মিলনসাগরে প্রকাশ ৪.৬.২০২২।

এই রাতও শেষ হবে একদিন
এই ক্লিশে কথা তুমি এক্ষুনি বিশ্বাস করো বা না করো
তোমার বাড়ির সাথে বেঁচে থাকার সব স্বপ্ন জ্বলে গেছে জানি
জানি জানোয়ারেদের নখের চিহ্ন তোমার সমস্ত শরীরে
জানি তুমি এখন স্বর্গে অথবা বেহেস্তে
তবু আগুন যখন জ্বলেছে
অক্সিজেন নিশ্চিত রয়েছে বাতাসে

আমি শুধু বোধ-অন্ধদের কথা ভাবি
ওদের কিবা রাত্রি কিবা দিন
অনেক দূরে গৃহনীড়ে অনুদ্বেগ সময়যাপনে
ওরা জীবনের শব আগলে রয়েছে
ওদের গলির মোড়ে মহল্লায় কোনো জয়ধ্বনি তো ওঠে নি
ওদের সন্তানের শৈশব খাতাপত্র ব্ল্যাকবোর্ড অক্ষত রয়েছে

আর যারা বিষপানে অমৃতের স্বাদ পাচ্ছে
যাদের বাঁদিকের রাস্তা কখন অজ্ঞাতে ডানদিকে সরে গেছে
পূর্বপুরুষের লাঞ্ছনার বদলায় নিজেকে নিরাপদে রেখে যারা তৃপ্তিলাভ করছে
তারা তো জানে না
কোনো এক স্রোত, কোনো এক জলস্রাব ওদের সমস্ত দিন গুড়িয়ে দিয়ে রাত্রি নিয়ে আসছে

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
যতই তুমি চোখ বুজে থাকো
কবি বিপ্রতীপ গুহ
রচনা আগস্ট ২০১৯-ফ্রেব্রুয়ারী ২০২০। মিলনসাগরে প্রকাশ ৪.৬.২০২২।

যতই তুমি চোখ বুজে থাকো
লক্ষ লক্ষ পঙ্গপাল এগিয়ে আসছে
হতে পারে ওদের ডানা কমজোরি
হতে পারে জলের অভাবে ওদের শরীর শুকিয়ে এসেছে
কিন্তু ওদের ফাটা পাগুলো দেখেছো?
বুকের রক্ত ওইখানে জমাট বেঁধে রয়েছে

তোমার কব্জিডোবানো মাছ মাংস হরেক সব্জিবাহার ওসব জানে না
কাল পরশু তরশুর লিস্টি তৈরি হচ্ছে ক্রমে
সেইখানে কষ্ট নেই, কান্না নেই
সেইখানে নিশ্চিন্ত অবসাদ আছে

হে ভাই বেরাদর, বন্ধু, বর্মআবৃত স্বজন
তোমাদের ফসলের খেত আগলে দাঁড়াও
রাত জাগো

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর