| কবি জগদীশ গুপ্তর কবিতা |
| কখন কবি জগদীশ গুপ্ত কবিতাটি রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত “প্রবাসী” পত্রিকার পৌষ ১৩১৭ (ডিসেম্বর ১৯১০) সংখ্যায় প্রকাশিত হয়। লাইট বিরচিত “এ্যানি”র অনুকরণে। দেখেছি তাহারে ছোট বালিকাটি শৈশবক্রীড়া-রত, স্নিগ্ধ যেমন ঊষার আলোক, ফুল্ল ফুলেরি মত। প্রজাপতি তার খেলিবার সাথী--- ছুটাছুটি তারি সনে, ফুলটি তাহার দেখার জিনিষ--- চেয়ে থাকে আনমনে। দেখেছি তাহারে ষোড়শ বর্ষে যুবতী লাবণ্য ভরা. রূপরাশি যেন চাঁদের কিরণ জগৎ-প্লাবিত-করা। লজ্জা-আনত আঁখি দুটি সদা, নম্র মন্দ গতি, বচনে তাহার হর্ষগীতির ব’য়ে যেত সুধানদী। তার পরে তারে দেখিয়াছি পুনঃ স্নেহ-বিগলিত মাতা--- করুণা বিভল, স্নেহ ছলছল অনিমেষ আঁখিপাতা। স্তনন্ধয় শিশু আশ্রিত বুকে করিতেছে সুধা পান, মুদে’ আসে আঁখি শুনি মার মুখে ঘুম পাড়ানিয়া গান। দেখিলাম তারে অস্তিম-কালে--- সুখাশ্রু বহিছে ধারে, বিদায় মাগিছে স্বামী পুত্র কাছে--- পার হ’য়ে যাবে পারে। করুণ দৃশ্য--- ত্যাজিল পরাণ স্বামীর চরণে নমি’ , মাধুরী কখন বাড়িল অধিক বুঝিতে নারিনু আমি। . **************** . সূচীতে . . . মিলনসাগর |