তোমার সঙ্গে আমার প্রথম আলাপের সুযোগ সৃষ্টি করেছিল একটা লজেন্স। স্থানটি ছিল গ্রামের এক খড়ের চালের মাটির ঘরের সামনের মাটির অঙ্গন। জাতীয় পতাকার নীচে একটা ছোট্ট কাঠের চেয়ারে হেলান দিয়ে তোমার অধিষ্ঠান। গলায় গাঁদা ফুলের মালা। কপালে চন্দন। লাগছিলো বেশ। আমি অবাক চোখে তোমার পানে চেয়েছিলাম। তুমিও স্থির দৃষ্টিতে সবাইকে দেখছিলে। তোমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন এক হাঁটু ধুতি,হাফ হাতা ফতুয়া,কালো ফ্রেমের চশমা পরা আমাদের গ্রামের সবার মাষ্টার মশাই- স্বদেশ বাবু। ছোটোখাটো চেহারার ঐ মানুষটি তোমার সম্বন্ধে অনেক কিছু বলেছিলেন। তার সব আজ আর মনে নেই। কেবল ভুলিনি তোমার নাম। ভুলিনি তোমার আহ্বান "তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো।" ভুলিনি তোমার আপোষহীন সংগ্রাম। ভুলিনি তোমার অন্তর্ধানের লোমহর্ষক কাহিনী। ভুলিনি তোমার কষ্টের কারাবাসের কথা। তারপর, প্রতি বছর আজকের দিনে আনুষ্ঠানিকভাবে দেখা হয়। আমরা বলি। তুমি থাকো নির্বাক। তোমার অবয়বের কোনো পরিবর্তন নেই। দৃষ্টি ঐ সুদূরে। লালকেল্লায় উড্ডীন ত্রিবর্ণ নিশান তোমায় যেন বলে, 'আমি তো তোমার হাতে উত্তোলিত হওয়ার অপেক্ষায়। ' বছরগুলো যত এগিয়েছে তোমাকে ফিরে পাওয়ার আশা তত পিছিয়েছে। এক নৈশপ্রহরীর বিনিদ্র রাত্রি জাগরণ শত চোখের নিশ্চিত নিদ্রার কারণ। তার প্রকৃত উদাহরণ তো তুমিই। আমার হাত পা শরীর যত বড় হয়েছে তত বেশি তোমায় জানতে শিখেছি। প্রথম দিনের সামান্য লজেন্সের লোভ আজ এক হৃদয় শ্রদ্ধার রূপ পেয়েছে। সব কিছু পাল্টেছে। আলো বাতাস পৃথিবী আকাশ, সব। সংখ্যায় বেড়েছে জনগণ প্রদেশ গ্রহ উপগ্রহ। বদলেছি আমি। বদলেছে দেশ, সরকার, সংবিধান। শুধু বদলাওনি তুমি। অবিচল। সারা দেশে তোমার সংখ্যাও বেড়েছে। মূর্তিতে। উপলে বা ধাতুতে। কিন্তু তোমার আদর্শ বদলায়নি।
আজ অনেক গুলো জানুয়ারী পেরিয়ে এসে তোমার সাথে আলাপ হওয়া জানুয়ারীর তেইশে ফিরে যেতে বড্ড ইচ্ছে করে। যেদিন তুমি ছিলে সবার। সব ভারতবাসীর। যেদিন আয়োজনের আড়ম্বর ছিল না। ছিল অন্তর। যান্ত্রিক আধুনিকতা ছিল না। ছিল আবেগ। শব্দ দানবের বুক কাঁপানো হাহাকার ছিল না। ছিল নিঃশব্দ শ্রদ্ধা। প্যাকেট ভর্তি আপ্যায়ন ছিল না। ছিল এক লজেন্স ভালোবাসা। আজ তুমি আমাদের ওদের। পৃথক ভাবে। আয়োজনের আতিশয্যে তোমায় ঘিরে থাকা আবেগ ভিন্ন ভিন্ন দলের পতাকায় ঢাকা। তুমি কেবল একটা অনুষ্ঠানের উপলক্ষ্য। চাঁদা আদায় আর মোচ্ছবের। এখন স্বদেশ মাষ্টার মশাই তোমার পরিচয় করান না। করায় উজ্জ্বল পোষাকের ধূসর স্বভাবের বিজ্ঞের ভান করা নন্টে ফন্টেরা। মাষ্টার মশাইরা থাকেন মঞ্চের নীচে, তফাতে। আর তুমি থাকো সবার হৃদয়ে। তুমি যে সুবাসিত সুভাষ। আমাদের সকলের বাঁচার আশ্বাস।