কবি স্বাতী রহমান - এর পুরো নাম ডঃ শবনম নাহিদ স্বাতী। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের
বগুড়ায়। পিতা অধ্যাপক আতাউর রহমান এবং মাতা আনোয়ারা রহমান এ্যানা।
কবি, বগুড়া মিশন স্কুল, বগুড়া মডেল স্কুল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষামূলক শিক্ষায়তন থেকে
স্কুলজীবন শেষ করে, নিউ গভর্নমেন্ট ডিঘি কলেজ, রাজশাহী থেকে স্নাতক হন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়
থেকে এম.এম.এস. সমাজবিজ্ঞান অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পিএইচডি করেন জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় থেকে কবি কাজী নজরুল ইসলামের বিষয়ে গবেষণা করে। তাঁর অভিসন্দর্ভের নাম
“ঔপনিবেশিক সমাজে সংগ্রামী কবি নজরুল : পুনর্ভাবনা”।
কর্মজীবনে কবি নব্বইয়ের দশকে ঢাকায় “দৈনিক ভোরের কাগজ” ও পরে “দৈনিক পথম আলো”-তে
সাংবাদিক হিসেবে কাজ করেন। পরে শিক্ষকতার পেশায় চলে আসেন। বর্তমানে তিনি ঢাকা কমার্স কলেজে
সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
কবি সাহিত্যের পরিবেশেই বেড়ে ওঠেন। তাঁদের পরিবারে লেখালেখির পরিবেশ ছিল। পিতা অধ্যাপক
আতাউর রহমান রাজশাহী বিশ্ববিদ্যলয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি বাংলা একাডেমী
সাহিত্য (কবিতা) পুরস্কারপাপ্ত কবি। এছাড়া তিনি ছিলেন একজন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের একজন
সংগঠক। দেশের অন্যতম একজন "নজরুল" গবেষকও ছিলেন তিনি। নজরুল ইন্সস্টিটিউট পুরস্কারও তিনি
অর্জন করেছিলেন। কবি স্বাতি রহমানের মা আনোয়ারা রহমান এ্যানা গল্প, কবিতা ও উপন্যাস লিখতেন।
সাহিত্য পত্রিকা “উত্তর নক্ষত্র” সম্পাদনা ও প্রকাশনা করতেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে, বিগত ৭ই মার্চ ২০২২ তারিখে, পাঁচ শতাধিক গান ও কবিতা
নিয়ে প্রকাশিত হয় মিলনসাগরের “মুক্তিযুদ্ধের কবিতা ও গানের দেয়ালিকা”। সেই সংকলনে কবি স্বাতি
রহমানের পিতা কবি আতাউর রহমানেরও একটি কবিতা সংকলিত করা হয়েছিলো। মিলনসাগরে কবি
আতাউর রহমানের মুক্তিযুদ্ধের সেই কবিতাটি পড়তে এখানে ক্লিক করুন . . .
https://www.milansagar.com/wall/wall_muktijuddhergaan/wall_muktijuddergaan12.html#5
কবি, ছেলেবেলা থেকেই ছড়া ও কবিতা লিখতে শুরু করেন। রাজশাহী থেকে প্রকাশিত “রাজশাহী বার্তায়
তাঁর লেখা প্রথম ছড়া প্রকাশিত হয়েছিল। এরপর জাতীয় দৈনিক “দৈনিক বার্তা”-র শিশুদের পাতায়
(কিশোর কুঁড়ি) তাঁর শৈশবের লেখাগুলো প্রকাশিত হতো। ১৯৭৯ সালে, মাত্র ১২ বছর বয়সে, “কিশোর
কুঁড়ি'র পাতায় গল্প লিখে কবি প্রথম পুরস্কার পেয়েছিলেন। “দৈনিক বার্তা” একবার তাঁকে এক বছরের সেরা
লেখকের পুরস্কার দিয়েছিল এবং ছোটদের পাতা সম্পাদনার দায়িত্বও দিয়েছিল। তাছাড়া ঐ বছরই দৈনিক
বার্তার “বর্ষা সংখ্যা” সম্পাদনার দায়িতও তিনি পেয়েছিলেন।
কবির গল্প-কবিতার বিষয় ব্যক্তিগত, সামাজিক, অথনৈতিক, রাজনীতি, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন,
নারীমুক্তি ইত্যাদি। স্বপ্ন, আশাভঙ্গ, জীবন সংগ্রাম ও মরমীবাদের ভেতরের গভীর দর্শন ও রহস্যময়তা তাঁর
কবিতার জগতকে প্রভাবিত করে। প্রকৃতিপ্রেম, মানবপ্রীতি, মানব সম্পর্ক, বিভিন্ন অনুভূতি তাঁকে
আবেগতাড়িত করে এবং কবিতা লিখতে অনুপ্রাণিত করে।
কবি স্বাতি রহমানের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে “বিউগল” (শিশু-কিশোর গল্পগ্রন্থ), “বনভূমি” (গল্পগ্রন্থ)।
তাঁর যৌথ গল্পগ্রন্থ “গল্পমঞ্জরী”। যৌথ কাব্যগ্রন্থ “মায়াবী টানে মতিহার”। বাংলাদেশ লেখিকা সংঘ থেকে
প্রকাশিত তাঁর প্রবন্ধ সংকলন “নির্বাচিত প্রবন্ধ নিবন্ধ” ও “সাহিত্যে অর্জন বাংলাদেশের নারী”। ঢাকা কমার্স
কলেজ জার্নালে প্রকাশিত হয় তাঁর “শিশু সামাজিকীকরণ ও নারীমুক্তি প্রসঙ্গে" (২০০৩), “Women and Work
: An Analysis” (অগাস্ট ২০১২),“আতাউর রহমান : কবি মানস" (জুন ২০১৩) প্রভৃতি। কবি নজরুল ইন্সটিটিউট
পত্রিকার ফেব্রুয়ারি ২০২০ সংখ্যায় প্রকাশিত হয় তাঁর “ভারতে কমিউনিস্ট পার্টির সূচনা ও কাজী নজরুল
ইসলাম”।
এ ছাড়া বাংলাদেশের জাতীয় পত্র-পত্রিকা, যেমন “দৈনিক ইত্তেফাক”, “দৈনিক বাংলা”, “দৈনিক বার্তা”,
“দৈনিক জনকণ্ঠ”, “দৈনিক ভোরের কাগজ”, “দৈনিক নয়া শতাব্দী”, “দৈনিক দেশের কণ্ঠ”, “দৈনিক সংবাদ”,
“দৈনিক দেশ”, “সাপ্তাহিক বিচিত্রা”, “সাপ্তাহিক রোববার”, “পাক্ষিক অনন্যা”, “মাসিক বেগম”, “মাসিক শৈলী”
প্রভৃতিতে তাঁর গল্প, কবিতা, ফিচার, প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে।
আমরা মিলনসাগরে কবি স্বাতী রহমানের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- ইমেলে যোগাযোগ ও আদান-প্রদান।
কবি স্বাতী রহমানের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৬.৪.২০২২ ^^ উপরে ফেরত
...