কবি বিকাশ ভট্টাচার্যর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কবি বিকাশ ভট্টাচার্যর পরিচিতির পাতায় . . .
রূপটান
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "ব্রাত্যজনের কবিতা" কবিতাপুস্তিকার কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

এই চোখ তোমার ছিল না
এত পলাশরাঙা রোদ ছিল না গত
             বৈশাখেও
দ্বিতীয়ার চাঁদের মতো কুণ্ঠাজড়ানো ঠোঁট
কমলার বিভার মতো গাঢ় হয়ে এল
এখনো বলব কি
একটুও বদলায়নি আজও পৌষালি রাত?

ঋতুচিহ্ন রয়ে যায় সমস্ত শরীরে
গোপনে
অথচ কী অনন্য রূপটানে
আজও তুমি হ'তে পার বসন্তের নদী

তোমাকে ঈর্ষা করি
বুকের গোপন ঘরে খিল তুলে দিই
আর মাঝরাত্তিরে প্রায়শই শুনি
কোথাও যেন ভেঙে পড়ল পুরনো পাঁচিল

*********************









*
কুটুমপাখি ঝড়ের পাখি (৪নং)
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "কুটুমপাখি ঝড়ের পাখি" কাব্যগ্রন্থের কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

আমারো ঠিকানা বদলে যাবে জানি
মনকির নকীব এসে কথা বলে যাবে
বৈতরণীর ওপারে দাঁড়িয়ে দপ্তরী
এপারে ডোমের হাতে বেলকাঠ
সুখনিদ্রার অন্য পিঠে নিদ্রাসুখ হলেও
বৈরাগীর ঝোলায় এসব পাওয়া যায় না
নদীও চলে যায় বাউলিয়া সাজে

অথচ তোমরা আমার জেলখানাটা
বদলে দিতে চাও
আমি যেন যাবজ্জীবন আসামী

*********************









*
পরিবর্তন
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "কুটুমপাখি ঝড়ের পাখি" কাব্যগ্রন্থের কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

মৃত্যুর স্বরলিপি লেখা চলছিল
রাস্তার কালো পিচে
        ধানক্ষেতে
            ঝোপের ভেতর
আমাদের টোকচা খাতায়
    ভ'রে ওঠে রক্তের আখর
তবু----

হলুদ পাতায় লেখা বসন্তের চিঠি
ডাকবাক্সে জমে ওঠে প্রতিদিন
    চিঠিগুলো প্রার্থনা সঙ্গীতের
        দূরাগত স্রোতস্বিনীর

অনন্য ভালোবাসায় ভেসে যাচ্ছে
নগন্য ঘৃণার দলিল

*********************









*
বর্ষশেষের শেষবেলায়
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "ব্রাত্যজনের কবিতা (১)" কবিতাপুস্তিকার কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

আজ যেন শেষ হলো
আজ উপচানো সফেন গেলাস
উপুর ক'রে যাব

হে শীতলাক্ষ দিন
রেডলেটার বাক্সের শতাব্দীপ্রাচীন
খাম খুলে পড়বার কোনো সাধ নেই

কিছু অস্পষ্ট লিপিকঙ্কাল
আকাঙ্ক্ষার ধুলো আর
বাসিগন্ধের ভেতর লুপ্ত দহন
খুঁজে বেড়াব না

আজ যেন সময় হোলো
তিলে তিলে ভরে ওঠা অশ্রুকলস
মাটিতে উল্টে দেবার

যার আমি দুঃখফসল
তারই বুকে ছেড়ে যাব বিষণ্ণ গেলাস

*********************









*
প্রণতি হে জন্মকুণ্ডলী
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "প্রণতি হে জন্মকুণ্ডলী" কাব্যগ্রন্থের কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

হে জন্ম ! রাত্রির জলগুল্ম
হে জন্ম ! দিবসের বাদাবন
হে জন্ম ! ঠিকুজি-কোষ্ঠী লেখক
হে জন্ম-বিবাহ-ভ্রূণোৎপাদন

প্রণতি হে জন্মকুণ্ডলী
প্রণতি হে ক্রূর নক্ষত্রচয়
হে জন্ম-মৃত্যুর কলাকুশলী
মৃত্যোর্মামমৃতংগময়

হে কালাকাল শুভাশুভ তিথি ক্ষণ
হে ভূমিষ্ঠ নতুন অভ্যাগত
হে কাম ক্রোধ লালসা রেতঃবমন
হে রোগজ্বালা চাঁদাতোলা বারব্রত

প্রণতি হে লঙ্কা-অযোধ্যাপতি
প্রণতি হে লোদী-মোদী-গাঁধী খণ্ডখণ্ড ভারত
হে জন্ম দিবারাত্রির জ্যোতিঃপুঞ্জ
খোল-খঞ্জনি নামগান কানা খণ্ডন

*********************









*
পূজ্যপাদের ছবি
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "বাঁকাপদ্য" কাব্যগ্রন্থের কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

এই যে দেখছ গুরুগম্ভীর বাগ্মী বাচস্পতি
অমাবস্যার রুদালি আর টিনের তলোয়ার
কখন যে হয় ভ্রমণসঙ্গী কখন যে গা বাঁচায়
আমরা-ওরা'র বুদ্ধিজীবী খেরোর খাতায় পাওয়া

এই যে দেখছ কলম থেকে রক্ত চুঁয়ে নামছে
রাস্তাঘাটে ঘর-বারান্দায় কেলেচ্ছা চব্য
ককিয়ে উঠছে বুকের ভেতর বমন করছে লাভা
এরাই কলির পূজ্যপাদ মগজ গোঁত্তা খাওয়া

এই যে দেখছ মাদুরশয়ান গা এলানো শরীর
এই যে দেখছ বিদুরচোখে ঘোর লাগানো তাকায়
এরাই ছিল পঞ্চত্বের অমরত্বের ভবি
চওড়া হাসি হেসে ওদের এপার-ওপার
যাওয়া

*********************









*
তিন সন্ধে
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "পাথর ঘুমিয়ে আছে থাক" কাব্যগ্রন্থের কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

সকাল :
ক্যাডমিয়াম রোদ এসে পড়েছে বিছানায়
জানালার পাশে সোনামুখ,
গাছের গোপন ডালে একা এক ছাতারে পাখি
নিশ্চুপ ।

দুপুর :
নিঝুম দুপুর হ'লে
সবুজ স্মৃতির ঘাসে
        খেলা করে কাঠবিড়ালী,
মাছেদের ক্লান্ত নিশ্বাসে
বেজে ওঠে মৃত্যুর করতালি।

সন্ধে :
হরিণ রোদ্দুর কাঁপে গাছের পাতায়
গাছে গাছে সান্ধ্য মজলিশ,
একটি পাখি ফেরেনি পাখিরালয়ে
        কে নেবে নালিশ?

*********************









*
তালকানা
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "পাথর ঘুমিয়ে আছে থাক" কাব্যগ্রন্থের কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

কাছাকাছি নেই যোজন দূরে থাকা
ছাদের নিচে একটি বিছানা ফাঁকা

পাশাপাশি নেই দ্বীপান্তরের তফাত
পাহাড়ি নদী হয়েছে জলপ্রপাত

কাঁধ থেকে হাত কখন যে সরে গেছে
পুষ্পবিতান ছেয়েছে বুনো গাছে

চোখাচোখি হয় দৃষ্টিতে চোরাবালি
ঘসটানি খেলে ঝলকায় একফালি

বলাকওয়া আছে মারপ্যাঁচ ষোলোআনা
সুর নেই কোনো আছে দুটি তালকানা

*********************









*
রোদের বসত বাড়িতে
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "পায়ে কিছু উদ্বেগ রাখো" কাব্যগ্রন্থের কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

এখানে ঘুম ভাঙে রোদের ।
এখানে চারপাশে কান্তিময় উষসী আলো
ছড়ানো
সবচেয়ে পুরাতন কথাগুলো জমে আছে দ্যাখ
নীরবতম বরফের মতো।

এ যেন রোদের বসতবাড়ি।
সমস্তদিন মেঘরোদ্দুর খেলা আর খেলা
আর হিমের ইলশেগুঁড়ি শুধু ঝরে......
ঝরে যায়।

এখানে নক্তদীপ শিয়রে জ্বেলে
আসন্ধে অঘোরে ঘুমোয়
কৃষ্ণকলি মেয়ে।

*********************









*
বৃষ্টিমুখর কিশোরী
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "এপারে ভাঙনের শব্দ ওপারে নতুন চর" কাব্যগ্রন্থের কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

জলঘুঙুরের গুছি পায়ে কে এসেছো
চঞ্চলবাক ফুল্লহাস কিশোরী!

আষাঢ়স্য প্রথম দিবসে ঝমঝমিয়ে বর্ষা।

তোমার চোখের কমলভঙ্গিমা
তোমার চোখে সজলকৃষ্ণ মোহ
তবু এ বাদরে মাহ ভাদরে
বাঁশিতে কেউ বিশ্রুত ধুন তুলবে না।

শব্দ ওঠে---নোংরা জলের শব্দ
রাস্তা ছাপানো নর্দমা জলে ছলাৎছলাৎ শব্দ
আটকেপড়া গাড়ির তীক্ষ্ম হর্ন।

জলপরী এই বৃষ্টিমুখর কিশোরীর
একলা অঝোর ক্রন্দন।

*********************









*
নন্দন শহরের শব্দমালা
কবি বিকাশ ভট্টাচার্য
কবির "এপারে ভাঙনের শব্দ ওপারে নতুন চর" কাব্যগ্রন্থের কবিতা।
মিলনসাগর প্রকাশ ১২.৭.২০২৩।

"এ শহর যেন চেনা নয়"----
ইতিকথা স্মরণ করে সূর্যমুখী তেলের
পাউচ হাতে বাড়ি ফেরে অশীতিপর বুড়ো।
বিড়ির মতোই সস্তা সিগারেট ফুঁকে ফুঁকে
কোন এক ক্ষয়কাশ তরুণ
খিস্তি দিয়ে ওঠে : যমের অরুচি। যাবে কখন !
নন্দন শহর জুড়ে এর চেয়েও কঠিন কথা
শোনা গেছে কি ?
শোনা গেলে লুকিয়ে রাখো প্রত্নশালায়
কোনো এক শতাব্দীর শেষে
গবেষণার বিষয় হোক
এইসব বিচিত্র শব্দমালার।

*********************