কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়ের কবিতা
*
নদীর বাঁকে
কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় (১৯৮৮ - ১৯৩১)
দেবীপ্রসন্ন রায়চৌধুরী সম্পাদিত “নব্যভারত” পত্রিকার ফাল্গুন ১৩২২ (ফেব্রুয়ারি ১৯১৬) সংখ্যায় প্রকাশিত
কবিতা।

দৃষ্টি যেথায় থেমে গেছে ঐ যে বাঁকের মাথায়,
.        ছোট্ট জেলে ডিঙ্গিখানি
.                মিলিয়ে গেল কোথায়?
.        আগেই হোথা আঁধার এসে
.                লুকিয়ে বসে আছে---

বাসা বেঁধে কাণাকাণি করছে গাছে গাছে।
এপার থেকে দিনের আলো ডাকছে ইসারায়
ওপার থেকে ধীরে ধীরে সূর্য্য মাগে বিদায়।
নদীর বুকের গোপন কথা রয়েছে ঐ বাঁকে,
শুধু এপার বসে মোরা বুঝছিনা তাই তাকে।

.        নৌকা যতই যাচ্ছে বেয়ে
.                ওদিক্ পানেই মিলায়
.        ওর পরে আর আছে কি বাঁক?
.                থাকে যদি-কোথায়?
.        এপারে যে দেখছি আলো,
.                হোথা দেখি আঁধার,
.        ওপার বসে' কেমন দেখায়?
.                উল্টো নাকি ইহার?

.              ****************    
           
.                                  
                                                             সূচীতে . . .    


মিলনসাগর
*
সহজ ভাব
কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় (১৯৮৮ - ১৯৩১)
দেবীপ্রসন্ন রায়চৌধুরী সম্পাদিত “নব্যভারত” পত্রিকার আশ্বিন ১৩২৩ (সেপ্টেম্বর ১৯১৬) সংখ্যায় প্রকাশিত
কবিতা।

তোমারি রাজত্বে মোর কিসের সংযম?
তোমারি জগতে মোর কিসের নিয়ম?
সব যদি নিতে পারি তোমার বলিয়া,
সব যদি করি নাথ তোমারে ভাবিয়া।

.              ****************               
.                                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
স্নেহবিদ্ধ
কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় (১৯৮৮ - ১৯৩১)
রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত “প্রবাসী” পত্রিকার বৈশাখ ১৩১৯ (এপ্রিল ১৯১২) সংখ্যায় প্রকাশিত কবিতা।

এত যে বেদনা দে’ছ ওগে প্রিয় মোর.
কভু তাতে ঝরে নাই নয়নের লোর ;
আজি তবে অযাচিত দয়ার্দ্র আদরে
নয়নের জল মোর অবিরল ঝরে!

.              ****************               
.                                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমার মন বাগানে ফুটলো কুসুম
কথা - হেমকবি হেমচন্দ্র মুখোপাধ্যায়
শ্রীশ্রী অনুকূল ঠাকুরের “সৎসঙ্গ” আশ্রমের ভক্তদের মধ্যে একজন কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়ের “আমার মন
বাগানে ফুটলো কুসুম” গানটি খুব জনপ্রিয়। তাঁকে এঁরা হেমকবি নামেও ডেকে থাকেন। ইনি শ্রীশ্রী অনুকুল
ঠাকুরের শিষ্য ছিলেন বলে জানা যায়। কিন্তু এই হেমকবি এবং কবিরত্ন হেমচন্দ্র মুখোপাধ্যায় একই ব্যক্তি
কি না তা আমরা বলতে পারছি না। গানটি ইউটিউবে শুনতে ক্লিক করুন
এখানে... অথবা এখানে...।

আমার মন বাগানে ফুটলো কুসুম
রূপের হাওয়ার উল্লাসে
আমি তাই তো ঘরের হলাম বাহির
গান গেয়ে আর উচ্ছ্বাসে।।

তোরা কে রূপ সোহাগী আয়
রূপের তুফান যাচ্ছে বয়ে হাসির দরিয়ায়
আয় লো আয় সাঁতার দিবি আয়
ওই দেখ স্বরূপ রূপের চাঁদ উঠেছে
অরূপ আকাশে।।

তোরা কে থাকবি চেয়ে আয়
কে তোরা চোখ লুটিয়ে দিবি অপরূপের পায়ে
এ রূপ দেখে দু'কূল রাখা দায়
তোরা অনুকূলে কূল পাবি গো
কূল ভাঙানোর উল্লাসে॥

.              ****************               
.                                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর