কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় - হেমচন্দ্র কবিরত্ন
নামেও খ্যাত ছিলেন। এই উপাধি তাঁকে কবে এবং
কারা দিয়েছিলেন, সেই তথ্য আমরা জানতে পারি নি।
“তত্ত্ববোধিনী পত্রিকা”, “মালঞ্চ” প্রভৃতি পত্রিকায় তাঁকে
“কবিরত্ন” নামেই সম্বোধিত করা হয়েছে।
কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় কবিরত্নের একটি ছবি ও তাঁর সম্বন্ধে খুব বেশী তথ্য আমাদের কাছে নেই।
কবির একটি ছবি এবং আরও তথ্যাদি আমাদের পাঠালে আমরা কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এখানে
তুলে দেবো।
কবির হেমচন্দ্র কবিরত্নের জন্মস্থান - পাতার উপরে . . .
তিনি জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার বরিশাল জেলার, বাকেরগঞ্জ উপজেলার “রঙ্গশ্রী” গ্রামে। সংসদ
বাঙালি চরিতাভিধান ১ম খণ্ডে কবির গ্রামের নাম “বঙ্গশ্রী” দেওয়া রয়েছে। বরিশালপিডিয়া.নেট থেকে জানা
যায় যে, যেহেতু বরিশাল জেলায় কোনো “বঙ্গশ্রী” গ্রামের অস্তিত্ব নেই, তাই তাঁদের অনুমান এই যে কবির
জন্মস্থান বরিশাল জেলার, বাকেরগঞ্জ উপজেলার “রঙ্গশ্রী” গ্রামই হবে। কবিরত্নের পিতার নাম দিনেশচন্দ্র
মুখোপাধ্যায়।
কবির হেমচন্দ্র কবিরত্নের শিক্ষা জীবন - পাতার উপরে . . .
কবি বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ে এন্ট্রান্স পর্যন্ত পড়েন। তারপরে নিজের চেষ্টায় বাংলা, সংস্কৃত ও
ইংরেজি ভাষা শেখেন।
হেমচন্দ্র কবিরত্ন ও চারণকবি মুকুন্দদাস - পাতার উপরে . . .
কবির বাল্যকাল থেকেই তাঁর কবিত্বশক্তি স্ফুরিত হয়। নৃত্য, গীত, বাদ্য, অভিনয় ও কথকতায় তাঁর বিশেষ
দক্ষতা ছিল। তিনি চারণকবি মুকুন্দদাসের বন্ধু ছিলেন এবং দুজনেই অশ্বিনীকুমার দত্তের অনুগামী ও
প্রিয়পাত্র ছিলেন।
হেমচন্দ্র কবিরত্ন চারণকবি মুকুন্দদাসের জন্য যাত্রাপালা লিখে দিতেন এবং নিজেও যাত্রা করতেন। তাঁর
লেখা “দাদাঠাকুর” নাটকটি মুকুন্দদাস কিছু পরিবর্তন ও পরিবর্ধন করে, নিজের লেখা কিছু গানও যুক্ত করে
“আদর্শ” নামে তা মঞ্চস্থ করেন। ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত, তত্ত্ববোধিনী পত্রিকার ১৮৪১ শকাব্দের (১৯১৮-
১৯) সংখ্যায় তা “আদর্শ বা দাদাঠাকুর” নামেই প্রকাশিত হয় ধারাবাহিকভাবে। এ ছাড়াও তাঁর বহু কবিতা,
প্রবন্ধও সেখানে প্রকাশিত হয়েছে। এই নাটকে “সাবধান! সাবধান! আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড” গানটি
হেমচন্দ্র কবিরত্নেরই রচিত, কিন্তু যেহেতু তা মুকুন্দদাস মঞ্চে গাইতেন, তা চারণকবি মুকুন্দদাসের নামেই
চলে আসছে।
এই গানটি সম্বন্ধে ডঃ জয়গুরু গোস্বামী তাঁর সম্পাদিত “চারণকবি মুকুন্দদাস” (১৯৭২) গ্রন্থের ৩০১-পৃষ্ঠায়
লিখেছেন . . .
“এই গানটির রচয়িতা কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়। সুরকার ও যাত্রা-গীতিকার চারণ-কবি মুকুন্দদাস। কিন্তু
গানটি মুকুন্দদাসের নামে চলিয়া আসিতেছে। মুকুন্দপুত্র শ্রীকালীপদ দাস মহাশয় তাঁহার সংগৃহীত “চারণ-
কবি মুকুন্দদাসের গীতাবলী” গ্রন্থে এহ গানটি মুকুন্দদাসের গান বলিয়া চিহ্নিত করিয়াছেন (গীতসংখ্যা - ৩৩,
পৃষ্ঠা - ২৫-২৬, ১ম সংস্করণ ১৩৬৩) . . . . . . . কিন্তু কার্যতঃ এই গানটি “কবিরত্ন” হেমচন্দ্র মুখোপাধ্যায়ের।
ভণিতায় কাহারও নাম না থাকায় এবং বহু যাত্রা-আসরে মুকুন্দদাস কর্তৃক নাটকীয় ভঙ্গীতে কম্বুকণ্ঠে গীত
হওয়ায় হেমকবি নেপথ্যে চলিয়া গিয়াছেন। হেমকবি দাদাঠাকুর নামে একখানি বই লিখিয়া মুকুন্দদাসকে
দেন যাহার ভিতরে “সাবধান! সাবধান!” প্রভৃতি গান রহিয়াছে। মুকুন্দদাস বইটির কিছু পরিবর্তন ও
পরিবর্ধন করিয়া, নিজের লেখা কিছু গান তাহাতে যুক্ত করিয়া “দাদাঠাকুর” নামের পরিবর্তে “আদর্শ” নাম
দিয়া সমাজে প্রচার করিয়া বইখানিকে জনপ্রয় করিয়া তোলেন।”
উল্লেখনীয় - মুকুন্দদাস-হেমচন্দ্র-বিধুভূষণ - পাতার উপরে . . .
ঠিক একই ঘটনা ঘটেছিলো কবি বিধুভূষণ বসুর ক্ষেত্রেও! বিষয়টি মিলনসাগরে কবি বিধুভূষণ বসুর পাতায়
বিস্তারিত দেওয়া রয়েছে। আমরা এখানেও তা পাঠকের জন্য সংক্ষেপে জানাচ্ছি।
কবি বিধুভূষণ বসুর "দাদা" নাটকটি চারণকবি মুকুন্দদাস অভিনয় করতেন। কবি বিধুভূষণের অনুজ-পৌত্র,
NIT Durgapur (National Institute of Technology) এর ডাইরেক্টর, অধ্যাপক অনুপম বসু আমাদের জানিয়েছেন
যে, যেহেতু নাটকটি করার সময় চারণকবি মুকুন্দদাস এই গীতিনাট্যের গানগুলি গাইতেন, মানুষ মনে করতে
শুরু করে যে এই গানগুলি চারণকবিরই নিজের রচনা। কবি বিধুভূষণের “দাদা” গীতিনাট্য-র ৩০টি গান
আমরা মিলনসাগরে তাঁর পাতায় তুলেছি। সেই পাতায় যেতে এখানে ক্লিক করুন...।
“সৎসঙ্গ” আশ্রমের একটি গীতের রচয়িতা কি এই কবি? - পাতার উপরে . . .
শ্রীশ্রী অনুকূল ঠাকুরের “সৎসঙ্গ” আশ্রমের ভক্তদের কাছে একজন কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়ের “আমার মন
বাগানে ফুটলো কুসুম” গানটি খুব জনপ্রিয়। তাঁকে এঁরা হেমকবি নামেও ডেকে থাকেন। ইনি শ্রীশ্রী অনুকুল
ঠাকুরের শিষ্য ছিলেন বলে জানা যায়। কিন্তু এই হেমকবি এবং কবিরত্ন হেমচন্দ্র মুখোপাধ্যায় একই ব্যক্তি
কি না তা আমরা বলতে পারছি না। তবে কবিরত্ন হেমচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্রীশ্রী অনুকূল ঠাকুর, দুজনেই
জন্মগ্রহণ করেন ১৮৮৮ সালে।
এই বিষয়ে প্রমাণসহ সঠিক তথ্য, কেউ আমাদের পাঠালে আমরা কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এখানে তুলে
দেবো।
আমরা এই গানটিও এখানে তুলে দিয়েছি।
কবি হেমচন্দ্র কবিরত্নের রচনাসম্ভার - পাতার উপরে . . .
“আদর্শ বা দাদাঠাকুর” নামের নাটকটি ছাড়াও তাঁর বহু প্রতিবাদী, দেশাত্মবোধক, আধ্যাত্মিক ও প্রেমের
কবিতাও তাঁর রচনা সম্ভারে রয়েছে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “কণা”, “জোয়ার”, “প্রতিষ্ঠা”,
এবং “পূজা”। তাঁর রচিত অপর একটি নাটকের নাম “উৎসব”।
উপরোক্ত হেমকবির গানটি সহ বিভিন্ন পত্র-পত্রিকা ও কাব্যসংকলন থেকে আমরা মিলনসাগরে তাঁর মোট
২৪টি কবিতা ও গান সংগ্রহ করে তুলেছি।