কবি ইমামুল ইসলাম মুরাদ এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কবি ইমামুল ইসলাম মুরাদ এর পরিচিতির পাতায় . . .
অটোসাইকোগ্রাফি
কবি ইমামুল ইসলাম মুরাদ
মিলনসাগরে প্রকাশ ৯.১০.২০২৩।


আচ্ছা মহানন্দা, তুমি কি জানো,-কবি কে?
আসলে কবি হচ্ছেন একজন নকলনবিশ,
অসম্ভব ভালো একজন অভিনেতাও বটে।
যে তার কৃত্রিম ভাবপ্রকাশে এতো ভালো
বাস্তবে অনুভব করা বেদনাকেও ছাড়িয়ে যায়।

এবং যারা তার কাব্য-কথাগুলো পড়বে
তারা তার লেখায় অনুভব করবে
কবির কোন যন্ত্রনা নেই!

*********************









*
বিস্মৃত
কবি ইমামুল ইসলাম মুরাদ
মিলনসাগরে প্রকাশ ৯.১০.২০২৩।

এভাবেই আমার যাত্রাটি ছিল :
রাতের নৈশব্দতায়,প্রভাতের প্রচণ্ড কুয়াশায়।
যখন আমি চলে এসেছিলাম, - সন্দেহপ্রবণ মানুষের শহর
এবং আবেগহীন কাকের শহর থেকে ;
অন্য শহরে, অন্য জীবনের পথের অন্বেষণে
সবুজ অতঃপর হলুদ মাঠ পেরিয়ে
পরিবর্তনশীল আকাশের নীচে-
যা আমি একবারও স্মরণ করিনি আমার বসত ভিটা ;
অথবা অনুভব করিনি অতীতের জন্য নস্টালজিয়া।

কেননা আমি যখন অন্য শহরে,
অন্য জীবনের পথে যাচ্ছিলাম,
তখন আমার সাথে কোন জমকালো লাগেজ ছিলোনা ;
কিংবা স্মৃতি রাখার জন্য কোন জায়গা।

*********************









*
স্বাধীনতার ট্রেনে ভ্রমণ
কবি ইমামুল ইসলাম মুরাদ
মিলনসাগরে প্রকাশ ৯.১০.২০২৩।

১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর
আমাদের স্বাধীনতার ট্রেনটি ছেড়েছিল,-
ধ্বংস-বিধ্বস্ত স্টেশন থেকে;

অবশ্য বিনামূল্যে নয়,-
আমরা স্টেশন মাস্টারকে রক্তান্ত টিকেট দিয়ে উঠেছিলাম!

অথচ চালক,অর্থনৈতিক চূর্ণবিচূর্ণ পথ অতিক্রম করে
আমাদের এখনো পৌঁছাতে পারেনি গণতন্ত্রের গন্তব্যে!!

*********************









*
বসন্তের আহবান
কবি ইমামুল ইসলাম মুরাদ
মিলনসাগরে প্রকাশ ৯.১০.২০২৩।

আজ বসন্ত আসুক,
এই আবেগহীন, প্রেমশূন্য, বিষন্ন-বর্ণহীন শহরে ;
রাশি-রাশি ফুল ফুটুক, -
পাষণ্ড পাথর আর নিষ্টুর হৃদয়হীন মানুষের বুকে চিরে ;
ফুলে-ফুলে রঙিন হয়ে উঠুক -
ধূসর শহর এবং বেদনার্ত মানুষের ধুসরিমা জীবন,
মন্থর বেগে প্রবাহিত হোক,-
বসন্তের সুবাসিত স্বাচ্ছন্দ্যময় বিশুদ্ধ পবন।
শূন্যে উড়ে-উড়ে গান করুক-
বসন্তের পরিযায়ী কোকিলেরা সুরেলা মধুর স্বরে ;
আজ একটু হাসুক!
যত পথ-শিশু,উদ্বাস্তু, লাঞ্চিত-বঞ্চিত আছে এই শহরে।
সমস্ত শহরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ুক, -
প্রভাতের অরুণ রবির রক্তিম রশ্মি ফলায় বসন্তের সুখ ;
আজ বসন্ত আসুক! বসন্ত আসুক! এই শহরে বসন্ত আসুক।

*********************