কবি গীতিকার মনোজ মণ্ডলের গান
*
আমারে লইয়া যাও বন্ধু
কবি মনোজ মণ্ডল

আমারে লইয়া যাও বন্ধু
এসো আমার ঘরে,
তোমারে না দেখিয়া বন্ধু
মন যে কেমন করে।

চইলা গেলে মন নিয়া
আমারে যে ব্যথা দিয়া,
ব্যাকুল হইয়া চাহিয়া থাকি
দু’চোখে জল ঝরে।

তুমি আমার গানের মালা
তুমি আমার হিয়া,
তোমারে পাইলে বন্ধু
রাখিবো বান্ধিয়া।

তুমি বন্ধু আসবে কবে
আপন করে আমায় লবে,
দিবা নিশি ভাবি বসি
তোমায় মনে পড়ে।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ওগো চাঁদ জোছনা কেন ছড়ালে
কবি মনোজ মণ্ডল

ওগো চাঁদ জোছনা কেন ছড়ালে,
এই মাধবী রাতে মন কেন ভরালে।

ছিল ভালো অমানিশা,
হারায়ে পথ দিশা,
বিরহে জাগে তৃষা,
একি মায়ায় জড়ালে।

কৃষ্ণাচূড়ার বনে, সেদিন দুজনে,
গেয়েছিনু কত যে গান,
কত বিরহে ওগো বিরহিনী
করেছ আজ অভিমান।

ফুল ফোটে বনে বনে
ভালোবাসি মনে মনে,
লুকোচুরি খেলা করো
মেঘেদের আড়ালে।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মাটি হবে সোনার দেহ
কবি মনোজ মণ্ডল

মাটি হবে সোনার দেহ
ওরে ভোলা মন,
বিষয় বিষে কেঁদে মরলি
সারাটি জীবন।

মিছে আশায় বাঁধলি যে ঘর
রইলো সে পড়ে,
দিনে দিনে ঘরের দেওয়াল
নোনায় পড়ে ঝরে,
তখন তুই একলা বসে
কাঁদবি সারাক্ষণ।

তোর যৌবনেতে পড়বে ভাঁটা
থাকবে না জোয়ার,
সময় থাকতে সাধু সাবধান
হলি না তো আর,
সব হারায়ে খুঁজলে কি আর
পাবি রে যৌবন।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
মিছে ভালোবাসার ছলে
কবি মনোজ মণ্ডল

মিছে ভালোবাসার ছলে
মিছে এই ছলাকলার,
আজকে রাতে নাগর আমার
বলবে যা আছে বলার।

ডাগর চোখে তাকিয়ে থাকে
যা বলি তা মনে রাখে,
দু-হাত তখন বাড়িয়ে দেয়
নেবে বলে বরণ ডালার।

লজ্জায় ঢাকা আঁচল ঢেকে
সোহাগের সুরমা এঁকে,
কানে কানে বলবে তারে
কি হবে আর দূরে রেখে।

রঙিন স্বপ্ন বুকের মাঝে
মন লাগে না কোনো কাজে,
স্বপ্ন যদি যায় ভেঙে যায়
কি হবে এই ফুলমালায়।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আকাশটা যে ভুলে গেছো
কবি মনোজ মণ্ডল

আকাশটা যে ভুলে গেছো
মাটি তো আর চিনলে না,
শূন্য ঘরে একা থেকে
ভালোবাসা কিনলে না।

ফুল ফুটেছে বনে বনে
পাখিরা গায় আপন মনে,
সাগর জলে ঢেউ খেলে
ঢেউ এর সাথে মিললে না।

দেখো চেয়ে ভুবনটাকে
চাঁদ যে হাসে মেঘের ফাঁকে,
ঢেউ খেলে যায় নদীর বুকে-
শনশনিয়ে বাতাস হাঁকে।

বাইরে কত আলো বাতাস
তবু কেন হা-হুতাশ,
বিশ্বটা যে আলোয় ভরা
দু’চোখ কেন খুললে না।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আকাশের তারায় তারায়
কবি মনোজ মণ্ডল

আকাশের তারায় তারায়
বনেরই ফুলে ফুলে
তোমায় দেখেছি,
কত যে গল্প গাঁথা
স্বপনেরই কবিতা
ছবি এঁকেছি।

আসবে কবে রঙিন সেদিন
বাজবে কবে মধুর বীণ,
জানিনা কেন যে হায়
তোমায় ভালোবেসেছি।

জীবনেরই খেলা ঘরে
নিলে না আপন করে,
সোহাগের রামধনু রং
তবু তো যায় সে ঝরে।

অভিমান আর করো না
লাজেতে আর মরো না,
হারিয়ে যাই যদি তাই
তোমার কাছে এসেছি।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না
কবি মনোজ মণ্ডল

আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না,
উজান গাঙে ঢেউ উঠেছে রে-
আমি হাবুডুবু খেয়ে মরতাম না।

ঝোড়ো হাওয়া বয় রে নদীর মাঝে
আমার বুকে কিসের ব্যথা বাজে,
আকাশ ছেয়ে মেঘের ঘনঘটা
হায়রে এমন বিপাকেতে পড়তাম না।

উতাল পাতাল ঢেউ-এর তালে
নাও ভাইসা যায়,
মরণ বাঁচন ঢেউ-এর নাচন
আমার কি হবে উপায়।

নদীর বুকে ঢেউ তরঙ্গ নাচে
নাও ডুবিলে কেউ কি আর বাঁচে,
মাঝদরিয়ায় কূল না দেখা পাই
হায়রে আগে জানলে আসতাম না।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আজ এসেছি আমি একা
কবি মনোজ মণ্ডল

আজ এসেছি আমি একা
বাদল ঝরা রাতে,
চাঁদের হাসি নেই তো আর
মেঘনা যমুনাতে।

ঝড়ের সাথে যাই গো দুলে
ঢেউ খেলে যায় নদীর কূলে,
তরী নিয়ে দাঁড়িয়ে থাকি
পদ্মানদীর ঘাটে।

কালো কেশ এলিয়ে দিয়ে
এ মন তুমি যাও গো নিয়ে,
শুক্লা তিথি ফুটতো চাঁপা
থাকতে যদি সাথে।

কাঁদিয়ে গেলে হায় গো আমায়
গহন নিশি যায় চলে যায়,
শুকায়ে যায় হৃদয় আমার
মরুর বেদনাতে।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আজ রাত মধুময় হয় যদি হোক না
কবি মনোজ মণ্ডল

আজ রাত মধুময় হয় যদি হোক না
এসো কাছে কিছু কথা বলবো
তুমি আমি দু-জনা।

কত দিন কত রাত বসে আছি পথ চেয়ে
কত কাল কাটবে আর তোমারি গান গেয়ে,
মন নেই কাছে শুধু হই আনমনা।

পাখীরা গান গায় ফুল ফোটে বনে বনে
এসো না গান গাই আমরা দুজনে,
স্বপ্নের আকাশে মেলে দিয়ে ডানা।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আধো রাতে চাঁদ সাথে
কবি মনোজ মণ্ডল

আধো রাতে চাঁদ সাথে,
জেগে রয় দু’নয়ন,
মেঘ সাথে চাঁদ খেলে
বিরহে মলিন মন।

নীরব নয়নে চেয়ে থাকে
চুপি চুপি পিয়াসী পাপিয়া,
কি বাতাসে দুলে ওঠে কাঁপিয়া,
ঝরিছে কুসুম ও শুকনো পাতা
ঢেকে যায় বাতায়ন।

অশ্রু আঁখি ছেয়ে
গলিছে নয়ন, দুলিছে মন,
বিরহে ব্যথা জাগে অকারণ,
নিভু নিভু হলো আকাশ প্রদীপ
বিরহে অশ্রু কণা
ঝরে কেন অকারণ।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর