কবি নির্মাল্য ব্যানার্জ্জীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কবি নির্মাল্য ব্যানার্জ্জীর পরিচিতির পাতায় . . .
কণিষ্ক
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।

ইতিহাসে মাথাবিহীন রাজা ছিলেন কণিষ্ক,
কর্ণ বিহীন অনেক আছেন উজ্জ্বল সব জ্যোতিষ্ক !
গিন্নী বলেন আমারও নাকি
লিস্টে নামটা উঠতে বাকি,
শুনি না তাঁর কোন কথাই, বড়ই অন্যমনিস্ক !

*********************









*
প্রশ্ন
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।

ঠাকুরমায়ের ঝুলির মেয়ে দুধবরণই হয় কেন ?
বড্ড ভালো বড়ো রাণী, মুখ বুঁজে সব সয় কেন ?
কালো মেয়ে, হায় রে হায়,
ঠাঁই পায় না রূপকথায়,
সেই গল্পের মেয়েরা কেউ প্রতিবাদী নয় কেন ?

*********************









*
শৈশব
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।

আমার পাড়ার ছোট্ট খোকন, বয়েস আড়াই - তিন,
সক্কালবেলা ইস্কুল যান, সপ্তায় পাঁচ দিন ।
জলের বোতল ঝুলছে গলায়,
পাঁচ কেজি বই পিঠের ঝোলায়,
দেখি ক্রমে ক্রমে বিবর্ণ হয় শৈশব রঙ্গিন ।

*********************









*
বর্তমান সময়
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।

ভোটে জেতে কিছু নেতা ও মন্ত্রী, মানুষ চোকায় দাম,
আজও ভোটে কারো ভরসা আল্লা, কারো বা জয় শ্রীরাম !
কারো মুখে নিরপেক্ষতা বাণী,
যদিও তাদেরও হাড়ে হাড়ে জানি,
অরাজকতার উড়ছে নিশান উদ্দাম, অবিরাম !

*********************









*
পুরুষ-সিংহ
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।

বড়োসাহেব পুরুষ-সিংহ, স’ননা কোন বেগড়বাঁই,
যখনই যা আদেশ করেন, তক্ষুণি তার পালন চাই ।
কিন্তু যেই না ফেরেন ঘরে,
দুগ্গা বসেন পিঠে চড়ে,
গিন্নী যেমন চালান, তিনি চলতে বাধ্য তেমনটাই !

*********************









*
ওমিক্রনের লিমেরিক
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।

তৃতীয় ঢেউ ওমিক্রনে মানুষ এখন জর্জরিত,
সর্দি, কাশি, গলায় ব্যথা, কারো আবার জ্বর-জড়িত !
তবুও মনে ভরসা র’বে,
আবার সবই শান্ত হবে,
আমরা জানি প্রভাত বিহীন হয়না কোন শর্বরী তো !

*********************









*
মুঠোফোন
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।

নিকোনো উঠোনে আর তো ঝরে না জ্যোৎস্নার চন্দন,
আকাশ বাতাস গ্রাস করে নিলো একখানা মুঠোফোন ।
নেশাখানা তার সর্বাত্মক,
সারা দিন রাত শুধু স্ক্রিনে চোখ,
হারিয়ে গিয়েছে সব মানুষের প্রতিটি নিভৃত ক্ষণ !

(প্রথম লাইনটি কবি শামসুর রহমানের কবিতা স্মরণ করে ।)

*********************