কবি প্রভা দেবীর কবিতা
*
কবি প্রভাদেবীর পরিচিতির পাতায় . . .
তোমার হৃদয়-বীথির পথিক আমি
শ্রীমতী প্রভা, নাট্যমন্দির
কবি প্রভাদেবী
হেমেন্দ্রকুমার রায় সম্পাদিত নাচঘর পত্রিকার ২৭শে জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দের (১০ জুন ১৯২৭) সংখ্যায় প্রকাশিত গান।

॥ গান॥

তোমার    হৃদয়-বীথির পথিক আমি,
            মন তো তোমার জেনেছে?
তোমার    চিত্ত-গোলাপ মর্ম্মে আমার
            রং-বিজুলী হেনেছে।
        তোমায় আমায় যেদিন মেশা,
        সেদিন থেকেই নিবিড় নেশা,
আহা,     বিভোর কোরে পরাণ আমার
            তোমার ধ্যানেই টেনেছে !
        ওগো আমার তরুণ স্বপন !
        মেঘলা-বেলার অরুণ তপন !
আমার    সকল গরব তোমার কাছে,
            আজ পরাজয় মেনেছে!









*
আমায় পথ থেকে কে টেনে নিয়ে করল আপন জন
শ্রীমতী প্রভা
কবি প্রভাদেবী
হেমেন্দ্রকুমার রায় সম্পাদিত নাচঘর পত্রিকার ৩০শে আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দের (১৪ জুলাই ১৯২৭) সংখ্যায় প্রকাশিত গান।

॥ গান॥

আমায়    পথ থেকে কে টেনে নিয়ে
            করল আপন জন।
ও তার    তৃপ্তি-ভরা পরশে মোর
            জাগল ভাঙন্-মন।
        মধুর হাসির কোমল বাণে---
        বঁধুর বাঁশীর বিভোল তানে---
সে যে     ফিরিয়ে আনে সুপ্ত হিয়ায়
            লুপ্ত গোপন-ধন !
        চাউনিতে তার উঠল ফুটে
            মুখের যত ভাষা---
        ব্যাকুল সুখে ঘুম ভুলে যায়
            বুকের ভালবাসা!
        প্রাণের ছোঁয়াচ্ লাগিয়ে প্রাণে---
        গানের আয়োয়াজ জাগিয়ে কানে---
এ যে      অশ্রু-হাসির ঝর্ ণা-ধারায়
            ভরল নয়ন-কোণ !









*
সকল কথার মর্ম আমার
শ্রীমতী প্রভা
কবি প্রভাদেবী
হেমেন্দ্রকুমার রায় সম্পাদিত “নাচঘর” পত্রিকার ৯ই ভাদ্র ১৩৩৪ বঙ্গাব্দের ( ২৪ অগাস্ট ১৯২৭) সংখ্যায় প্রকাশিত গান।

॥ গান॥

সকল কথার মর্ম্ম আমার
      গাঁথা নয়ন-লোরে !
সুখেতে সুখ পাইনি খুঁজে
      মন যে কেমন করে।
পথ চেয়ে তার হলুম সারা---
পাইনে তবু কূল-কিনারা---
দিন যে আমার এমনি ভাবেই---
      কাটে স্বপন-ঘোরে।
এলোমেলো সুরের ফাঁকে
      রূপটি আলো-করা !
ধরতে যে যাই আলিঙ্গনে---
      দেয় না তো সে ধরা।
মিলন ওগো মিলন শুধু---
মিলন বিনা পরাণ ধু ধু ---
বিরহ আজ অহরহ---
      হানে গোপন শরে।









*
বারেক দেখা দিও প্রিয়
শ্রীমতী প্রভা
কবি প্রভাদেবী
হেমেন্দ্রকুমার রায় সম্পাদিত “নাচঘর” পত্রিকার ১১ই আশ্বিন ১৩৩৪ বঙ্গাব্দের ( ২৬ সেপ্টেম্বর ১৯২৭) সংখ্যায় প্রকাশিত গান।

॥ গান॥

বারেক দেখা দিও প্রিয়,
        জীবন-লীলার শেষ পালায় !
অশ্রু-হাসির মালা গেঁথে
        রাখ্ বো আমার চোখ্-ডালায় !
এই ঘরের এই আঁধার-কোণে
ভাববো তেমায় খণে খণে
স্মৃতিই হবে চাঁদের কিরণ
        হৃদ-গগনের মেঘ-মালায় !
সুখের পথে কাঁটা হোয়ে
        দাঁড়াবো না --- দাঁড়াবো না !
প্রাণের গোপন সত্য কভু
        হারাবো না --- হারাবো না !
অশ্রু-ধারার তপ্ত পরশ
করবে তোমার চিত্ত সরস
ওগো প্রিয় পরাণ-প্রিয়
        আগুন যেমন রাং গালায় !








*
দেয়া-বাঁশীর সুরের পাছে
শ্রীমতী প্রভা
কবি প্রভাদেবী
হেমেন্দ্রকুমার রায় সম্পাদিত “নাচঘর” পত্রিকার ২৮শে বৈশাখ ১৩৩৫ বঙ্গাব্দের ( ১১ মে ১৯২৮) সংখ্যায় প্রকাশিত গান।

॥ গান॥

দেয়া-বাঁশীর সুরের পাছে,
বৃষ্টি-নটীর নূপুর নাচে,
সঙ্গী-হারা উদাসী প্রাণ
        আজ যে তাহার দোসর যাচে !
        ---বৃষ্টি-নটীর নূপুর নাচে !
বাদলা-হাওয়ার স্রোতের দোলায়
        কেয়া-ফুলের গন্ধ দোলে !
চাঁদ হারানো আঁধার রাতে
        বাঁশ-ঝাড়ে ঐ জোনাক্ জ্বলে !
গান গাব আজ কাজ্ রী সুরে,
স্বপন-ভরা কাজল্‌-পুরে,
কদম-ফোটা ভাব-ভূবনে
        রূপ-গড়া আজ নতুন ছাঁচে !
        ---বৃষ্টি-নটীর চটুল নাচে !








*
মুক্ত তুমি নও তো---আমার
শ্রীমতী প্রভা
কবি প্রভাদেবী
হেমেন্দ্রকুমার রায় সম্পাদিত “নাচঘর” পত্রিকার ১৯৩৪-৩৫ সালের কোনো সংখ্যায় প্রকাশিত গান। কবিতাটি আমাদের পাঠিয়েছেন কবি দিলীপ কুমার বসু

॥ গান॥

মুক্ত তুমি নও তো---আমার
        স্বপন-কারায় বন্দী-গো!
সেই স্বপনের কারাতে আজ
        তোমায় আমায় সন্ধি গো!
বিরহে আজ মিলন-প্রীতি
দ্যায় দুলিয়ে গোপন স্মৃতি
মন-মরুতে ফুটায় কুসুম
        রঙীন ও সুগন্ধি গো!
ওগো কিসের তবে ভয়
যদি সুখ-বিছানো নিঝুম নিশায়
        স্বপন সহায় হয়!
নাই বা যদি কও গো কথা
নাইকো ক্ষতি নাইকো ব্যথা
    স্বপন-রূপী তুমিই হবে
        আমার প্রতিদ্বন্দ্বী গো!








*
ঐ বাজে তার চরণ ধ্বনি
শ্রীমতী প্রভা
কবি প্রভাদেবী
হেমেন্দ্রকুমার রায় সম্পাদিত “নাচঘর” পত্রিকার ১৯৩৪-৩৫ সালের কোনো সংখ্যায় প্রকাশিত গান। কবিতাটি আমাদের পাঠিয়েছেন কবি দিলীপ কুমার বসু

॥ গান॥

ঐ বাজে তার চরণ ধ্বনি---
        আর তো তারে ছাড়বো না!
হৃদয় দিয়ে হৃদয় নেবো---
        হিয়ার-হিয়ার হার বোনা!
লোকে যে যাই বলে বলুক---
অটল পাহাড় টলে টলুক---
উজান পানে মন-তরণী---
        আর ফিরাতে পারবো না!
অলখ্‌ পথের পথিক আমি---
    চল্‌বো সোজা---
সাথের সাথী করব আমার
    স্মৃতির বোঝা---
নীলাকাশ আজ হোক না কাজল
আসুক না ঝড়। আসুক না জল
সুমুখ পানেই চাইবো শুধু---
পিছনের ধার ধারব না!