কবি প্রভা দেবী - এর মাতা বিন্ধ্যবাসিনী থাকতেন নিষিদ্ধপল্লির অভিনেত্রী তিনকড়ির কাছে। তিনিই প্রভাদেবীকে নৃত্যশিক্ষক ললিত গোস্বামীর কাছে তালিম দেওয়ার ব্যবস্থা করেন। প্রভাদেবী বিখ্যাত অভিনেত্রী কেতকী দত্তের মাতা।

প্রভাদেবী, অভিনেত্রী তিনকড়ি দেবীর হাত ধরে মাত্র আটবছর বয়সে থিয়েটারে সখির দলে যোগ দেন। তখন তাঁর পারিশ্রমিক ছিল আট আনা। মিনার্ভা থিয়েটারে পাঁচ টাকা নিয়ে জয়দেব নাটকে একটি বালকের চরিক্রে অভিনয় করেন। তেরো-চোদ্দো বছর বয়সে ম্যাডান কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে তাদের থিয়েটারে সখির দলে নাচতেন এবং গাইতেন। তিনি ষোলো বছর বয়সে “রত্নেশ্বরের মন্দির” নাটকে নির্মলেন্দু লাহিড়ীর বিপরীতে প্রথম নায়িকার ভূমিকায় অভিনয় করেন।

শিশিরকুমার ভাদুড়ী ১৯২০ সালে অধ্যাপনা ছেড়ে, ম্যাডান কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে “আলমগীর” নাটক মঞ্চস্থ করেন। সেখানে “রূপকুমারী”র ভূমিকায় কবি প্রভাদেবী প্রথম রজনীতেই প্রশংসিত হন। শিশিরকুমারের সংস্পর্শে এসে তাঁর অভিনয় প্রতিভা পূর্ণতা পায়। মঞ্চ ও ছায়াছবির জগতে তাঁর নিজের চেষ্টা ও পরিশ্রমের ফলে তিনি নিজের জায়গা করে নেন। শিশির ভাদুড়ীর সম্প্রদায় ছাড়াও কলকাতার বিভিন্ন থিয়েটারে অনেক নাটকে তিনি অভিনয় করেছিলেন। ১৯৩০ সালে শিশির ভাদুড়ীর নাট্যদলের সঙ্গে তিনি আমেরিকা ভ্রমণ করেন।

প্রভা দেবীর শেষ নাটক রংমহলে “সেই তিমিরে” (০৬.০১.১৯৫২)।

প্রভা দেবী নির্বাক ছায়াছবির যুগে ম্যাডান থিয়েটার্স নিবেদিত ও জ্যোতিষ ব্যানার্জি পরিচালিত “মাতৃস্নেহ” (১৯২৩), “পাপের পরিণাম” (১৯২৪) ও “বিষবৃক্ষ” (১৯২৮), এই তিনটি ছায়াছবিতে অভিনয় করেন। তাঁর প্রথম সবাক চিত্র “পল্পীসমাজ”-এ সিনেমার “রমা”র ভূমিকায়। তাঁর অভিনীত শেষ ছবি কবি ঋত্বিক ঘটকের “নাগরিক”। ছবিটি কবির মৃত্যুর পর মুক্তি পেয়েছিলো। এই সিনেমায় প্রভাদেবীর কন্যা কেতকী দত্তও অভিনয় করেছিলেন।

১৯২৭ সালের ২৭শে আগস্ট, আকাশবাণী কলকাতার সূচনার দিন থেকেই তিনি বেতার প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।

রেকর্ড কোম্পানি হিজ মাস্টার্স ভয়েসও তাঁর গানের রেকর্ড প্রকাশ করেছিল।

তাঁর মৃত্যুতে শ্রীরঙ্গমে অভিনয় বন্ধ রাখা হয়েছিলো। তাঁর পরলোক গমনের বিজ্ঞপ্তির পোস্টারে লেখা ছিল...
প্রভাদেবীর মৃত্যুতে রঙ্গমঞ্চ নিষ্প্রদীপ”।

প্রভা দেবী, কবি ও গীতিকারও ছিলেন। তাঁর একটি গানের বই “গীতায়ন” প্রকাশিত হয়েছিল গুরুদাস চট্টোপাধ্যায় অ্যাণ্ড কোম্পানি থেকে। আমরা তাঁর ৫টি গান সংগ্রহ করতে পেরেছি কবি হেমেন্দ্রকুমার রায় সম্পাদিত নাচঘর পত্রিকার ১৯২৭-২৮ সালের সংখ্যাগুলি থেকে। এ ছাড়া কবির দুটি কবিতা / গান আমাদের পাঠিয়েছেন কবি দিলীপ কুমার বসু

কবির এই পাতাটি কবি দিলীপ কুমার বসুর প্রস্তাবনায় করা হয়েছে।

মিলনসাগরে আমরা কবি গীতিকার প্রভাদেবীর কবিতা ও গান তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রয়াসের সার্থকতা।


কবি প্রভা দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


উৎস :
  • সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান, ১ম খণ্ড।
  • অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান, ২য় খণ্ড।






আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭



এই পাতার প্রথম প্রকাশ - ২৮.৩.২০২৩

^^ উপরে ফেরত