সুতপা ভট্টাচার্য চক্রবর্তী - নিজেকে হেরো মানুষের কবি ও গল্পকার মনে করেন। তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভদ্রেশ্বরে। পিতা শ্যামল ভট্টাচার্য একজন চটকল শ্রমিক ও মা তৃপ্তি দেবী গৃহবধূ।

কবির প্রপিতামহর জমি জায়গা ছিল আরামবাগের দিকে। পরে পিতামহ ক্ষুদিরাম ভট্টাচার্য সে সব জমিজায়গা ছেড়ে যজমানি পেশা সূত্রে চন্দননগর ভদ্রেশ্বর এলাকায় চলে আসেন এবং এখানেই থিতু হয়ে যান। যদিও ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলেরা আর কেউই যজমানি পেশায় যোগ দেননি। তাঁরা সবাই চটকলের কাজে যোগদান করেন। কবি ছোট থেকেই অভাব দারিদ্রের সঙ্গে পরিচিত হয়ে চটকল শ্রমিকের কন্যা হিসেবে ভদ্রেশ্বর এলাকায় বেড়ে উঠতে শুরু করেন।

তাঁর শিক্ষাজীবন শুরু হয় কৃষ্ণপটি পৌর প্রাথমিক বিদ্যালয়ে। পরে ভদ্রেশ্বর ধর্মতলা গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক ও তেলিনিপাড়া ভদ্রেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক এর বিজ্ঞান বিভাগে পাশ করেন। উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন চন্দননগর গভর্নমেন্ট কলেজ ডুপ্লে-তে। সেখান থেকে গণিত বিষয়ে সাম্মানিক সহ স্নাতকোত্তীর্ন হন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিষয়ে স্নাতকোত্তর বিভাগে ভর্তি হন।

এই সময়েই শুরু হয়ে যায় পারিবারিক দোলাচল। একে চটকল শ্রমিকের পরিবার, বছরের বেশির ভাগ সময়েই চটকল বন্ধ থাকে তার ওপর পারিবারিক আর্থ-সামাজিক অক্ষমতা --- সব মিলিয়ে সমস্যার সমাধানে মাতামহ রামগোপাল অধিকারী এবং মাতামহী আভা দেবীর সহযোগিতায় কবির বিবাহ দিয়ে দেওয়া হয় গড়িয়াবাসী চক্রবর্তী পরিবারে।

শুরু হয় কবির সংসারজীবন এবং লেখক জীবন। লেখালিখি করতে গিয়েই চন্দননগর গল্পমেলার গৌর বৈরাগী, সুকান্ত গঙ্গোপাধ্যায়, উল্লাস মল্লিক, রবিশঙ্কর বল -- এদের সঙ্গে পরিচিত হতে শুরু করেন সুতপা এবং “সংবাদ প্রতিদিন” এর রবিবারের পাতায় প্রকাশিত হয় তাঁর প্রথম ছোটগল্প “নথভাঙার গান”। ... ক্রমশঃ “সংবাদ প্রতিদিন”, “বিকেলের প্রতিদিন”, “দৈনিক আজকাল”, “আনন্দবাজার পত্রিকা”-র রবিবাসরীয় বিভাগ, “সাপ্তাহিক বর্তমান” এবং ত্রিপুরা থেকে প্রকাশিত “দৈনিক সংবাদ” পত্রিকায় ছোটগল্পের সঙ্গে ফিচার, আর্টিকেল, উত্তর সম্পাদকীয় লেখালিখি শুরু করেন। লিখতে শুরু করেন বিভিন্ন লিটল ম্যাগাজিনেও।

সম্পাদনার কাজে সাব এডিটর হিসেবে প্রথমে যোগদান করেন “উত্তরবঙ্গ সংবাদ” -এ। পরে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত আমেরিকা ও ভারত থেকে প্রকাশিত “উৎসব পত্রিকা” এবং অনুপ ধর সম্পাদিত “নিউজ বাংলা” কাগজে সাব এডিটর হিসেবে এবং “মাসিক বসুমতী” পত্রিকাতে প্রুফ রিডার হিসেবে কাজ করেন বেশ কিছুদিন।

বর্তমানে তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মুখপত্র “দৈনিক কালান্তর” পত্রিকায় সাব এডিটর হিসেবে কাজ করছেন। সঙ্গে “সপ্তাহ” পত্রিকা এবং “দৈনিক স্টেটসম্যান” পত্রিকায় কলাম লেখেন মাঝে মধ্যে। তাঁর প্রকাশিত গল্প গ্রন্থের মধ্যে রয়েছে “নথ ভাঙার গান” (২০১৬), “একটি বারান্দার জন্য” (২০১৮) প্রভৃতি এবং কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “পরিযায়ী কথা” (২০২১), “দ্য সিলেকটেড পোয়েমস” (২০২৩) প্রভৃতি।

মিলনসাগরে কবি সুতপা ভট্টাচার্য চক্রবর্তীর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।


কবি সুতপা ভট্টাচার্য চক্রবর্তীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল -  

sutapa.sundaram.chakraborty@gmail.com

ফেসবুক -  

https://www.facebook.com/sutapa.chakraborty.792
https://www.facebook.com/profile.php?id=100064126626177

টুইটার -
https://twitter.com/SutapaC67350749?t=GM1nznh-gtLZZ2GgHFZ-2g&s=09          





আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ১.২.২০২৩
১৯টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২৮.৫.২০২৩
১৮টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১২.৫.২০২৬
^^ উপরে ফেরত