কবি জয়া বসাকের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কবি জয়া বসাকের পরিচিতির পাতায় . . .
ক্রুশ কাঁটা
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।

বয়ামের মুখ খুলতেই ধক করে
নাকে আসে (আমারই দেহের ক্রুশ কাঁটা)
আতর মাখা শেষ হলে
ঝুলিয়ে রাখো ;
কোয়ান্টাম থিওরির এক পশলা বৃষ্টি
মাথা নিচু করে আকাশ দেখি...
আমরা কি তবে তোমার কেউ নই ?

একাকার করে মার্জিন টানা দৈত্যের মুখে
গুটিয়ে দোলনা পেতেছ
ঘুম পাড়িয়ে হৃদস্পন্দন খুলে খাচ্ছ

এইবার বুঝি শীতের সোয়েটার বোনা শেষ হল !

*********************









*
ওপারের কথা
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।

মানুষবেদীর ওপর দাঁড়িয়ে
কোথাও জল পাই না

শুধু কামভাব আসে
স্থির যেন কত রহস্য !
নৌকা ডিঙিয়ে চাঁদ ধরা...

যে সময় প্রেম আসে --
আপনাকে হত্যা করে
নিজেকে বয়ে চলা
আমি তার চণ্ডী : সে আমার পুরুষ বলাকা

*********************









*
কেউ কোত্থাও নাই
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।

সকাল অব্দি ফাঁকা বাড়ি
একটা চড়ুইও এলো না, ভাত খেতে
ভাতের আকাল
ছাদ বানালাম, মাটি ছড়ালাম
তবুও শব্দ আসে না
এত নিঃশব্দ নিয়ে কেউ কি বেঁচে থাকতে পারে ?

তাম্ররেখা ধরে শুয়ে পড়ি বিশাল নৌকার পালে
উড়তে থাকে
ছিঁড়তে থাকে শূন্য খালিতে--
এবার যখন ডাঙায় বাঁধি ঘর
মলিন সুতা কাছে আসে
টেনে ধরে গভীর বৃক্ষ
দুঃখ ছিন্নভিন্ন
তখন আমার আত্মা
প্রসাদ মাখা পিতল ঘটে এসে আবার ফিরে যাই
আর কেউ কোত্থাও নাই...

*********************









*
বৃক্ষ
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।

দেহ এক জরা বোধির--

স্থান পেতে অসীম দুঃখ
ম্লান হয়ে আসে

নিচু করা আকাশ বৃক্ষের সমতলে
পদতলের চুম্বন নির্বাণ লাভ করে

বৃক্ষ এক গোপন ব্যাধি
কেউ ভাসে
কেউ উঠে যায় নক্ষত্রের ছিন্নপত্রে

আকাশভরা হাহাকার এক বিন্দু বিন্দু জল
তোমার আমার পা ধুইয়ে গাছ হয়ে ওঠে...!

*********************









*
ভয়
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।

মেহগনি গাছের নিচে কত দেহ পড়ে আছে
থোকা থোকা--
তারই মধ্যিখানে বসে একটা সারস পাখি
দোল খায়
দোল দেয়
বন বন করে ঘুরতে থাকা
মাংসপিন্ড কেঁপে ওঠে
নেমে আসে পর্দার ভ্রূণ ধরে, অন্তিমে...
এরপর ভ্রমণ
চেয়ে আছে, যেমন কতকাল কেউ ঘরে ফেরেনি
হারিয়ে গেছে নির্মানুষ জনস্রোতে

একা একা ভয় হয়
পাছে কেউ ফিরে এসে আবার চলে যায়
মেহগনি বুকের 'পরে--

*********************









*
লেবু ফুলের গন্ধ
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।

একটা গোপন ডুব
পানকৌড়ির অস্থির ঠোঁটে কত আঁশটে বরফ জমা থাকে।
দুই মেরু
ভেতরে দুই সৈনিক
যুদ্ধের শান্ত বাঁশি ভেসে ওঠে

কত শব্দ শুনতে পাই না
শুধুমাত্র জলের ওপরের ঢেউ জেগে ওঠে
বিস্তর সঙ্গমের পর মিলিয়ে যায় একটা সময় পর --

আমরা আসলে যা কিছু দেখি তা সব --
লেবু ফুলের গন্ধ...

*********************









*
ভেজা গা
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।

উন্মুক্ত চাবির শরীর পুবালি হাওয়ায় উড়ে যাচ্ছে
প্রেমিক তাকে মেঘ দিল
যোনি ছুঁয়ে রং মাখালো, কালো অভ্রয়
সাদা হাঁস উড়ে যায়
স্নানের পর ঝরে পড়ে অগাধ তিতাস
ভেজা গা কাঁপছে তখন
শুকিয়ে যাচ্ছে পানির ভিতর মিশে...

*********************









*
কেতকী
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।

নির্বাসনে শ্রীবৃদ্ধি ;
ফর্দ ভেবে কাছে টেনে নিলে
কিছু মিললো আর কিছু অমিল
অত দেহের খোপ ভরাট করা বাতাস
পাশ ফিরে শোয়
খালি পকেটে

এবারের মতন রাত নামলে
কেতকী যাপন জুলফি হয়ে ওঠে --

*********************









*
খামার
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।

অন্তর্বাস খুলে নীল খামার
হা- এ বসে আছে দীর্ঘকাল --
গোচর গেছে বহু রক্তের দলা
সাজিয়ে ;
নিজের মাংস খুলে গন্ধ জমাট

অভুক্ত কেউ আসেনি আজ ।

নিজের চোখকে বিশ্বাস করে
বার বার তলিয়েছে মানবদেহ !

ফেলে গ্যাছে হাতের আঙ্গুল অথবা নখ...

*********************









*
এক বাড়ির উঠোন
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।

হাঁটছি বলে হঠাৎ একদিন ইচ্ছে
থামার--
মিঠে কনকাঞ্জলি ফেরত দেওয়ার...

কত বাড়ির সারস
সার সার
ভীষণ রঙে ঝলসে পড়ছে

ডাকের গোয়ালে বসে
শ্বাসের মতো যেন ভরতে পারছি না ভেতরে
এরপর ক্লান্ত পায়ে একটা গাঢ় সবুজ কাঠের দরজায়
হুমড়ি ছাড়লাম
ঢিপ ঢিপ সুরের মূর্ছনা ততক্ষণে
সুপুরুষ সাড়ে চুয়াত্তর কাছে এসে ফুল গুঁজে দেয় হাতে

শ্বাস এলো ফিরে,
ভেতরে প্রবেশ দরজায় --
একটা ঘর পেলাম কি !
দেখা যাদুঘরের ছায়ার মতো শ্রী রয়ে গেছে
এক মুঠো শান্তির আঙ্গন...!

যেখানে পুরনো দেওয়ালে বট- পাকুড়ের মিলন অভিমান
আমি তুমি কেউ স্থির করতে পারি না

*********************