কবি প্রভাত কুমার মণ্ডল এর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কবি প্রভাত কুমার মণ্ডল এর পরিচিতির পাতায় . . .
তোমার জন্যই
কবি প্রভাত কুমার মণ্ডল
রচনা - ২০.০৩.২০২০। মিলনসাগরে প্রকাশ - ০৮.০৯.২০২৫।

তোমার জন্যই তৈরি করেছি স্বার্থপর ইমারত
দিনে সূর্য আর রাতে চাঁদ, আলো করে প্রবেশ পথ
তুমি জ্যোৎস্না হও, আমি পরাজিত হতে রাজি
তুমি আতশী হয়েই এসো, আমি পুড়তেও রাজি
এভাবেই আমি দিনের পর দিন তোমার অপেক্ষায় আছি
আমি শুধু তোমার জন্যই জীবন রেখেছি বাজী
স্বর্গের সুখে তোমায় রাখব বলে নিয়েছি শপথ
তোমার জন্যই তৈরি করেছি স্বার্থপর ইমারত।

তোমার জন্যই তৈরি করেছি স্বার্থপর ইমারত
খোলা চাতালে সাজিয়ে রেখেছি জীবনের রথ
হৃদয়ের কুলুঙ্গীর খাঁজে গচ্ছিত প্রেমের প্রলাপ
উঁকি দেয় বারে বারে অভিসারী অভিসন্তাপ
সংশয় মন যদি থাকে কোন পৌরাণিক অভিশাপ
অনুভবে ক্লান্ত দৃষ্টি সুদূরে অস্পষ্ট ছাপ
তোমার আসার অপেক্ষায় দূর্বল বিতর্ক অভিমত
তোমার জন্যই তৈরি করেছি স্বার্থপর ইমারত।

*********************









*
প্রেমহীন ভালোবাসা
কবি প্রভাত কুমার মণ্ডল
রচনা - ২৮.০৩.২০২০। মিলনসাগরে প্রকাশ - ০৮.০৯.২০২৫।

প্রেম নেই আছে ভালোবাসা
     বড্ড বেমানান।
তেল নেই অথচ বাতিটি
     উজ্জ্বল বহ্নিমান।

প্রেমের ধারায় নেই কোন স্রোত
     শুকনো নদী তট।
অবগাহনের নেই উপায়
     শূন্য মনের ঘট।

নিদ্রাহীন দীর্ঘ রজনির
     কিবা প্রয়োজন?
হৃদয়ে যদি প্রেম না থাকে
     নিষ্ফল সে জীবন।

প্রেম নেই অথচ ক্ষুধার্ত
     সঙ্গমে উৎসুক!
ক্ষণিকের প্রমোদ উৎসবে
     আছে কোন সুখ?

সময়ের সাথে মোহের ক্ষয়
     শরীর হারায় রূপ।
প্রেমহীন ভালোবাসার স্পর্শে
     ভালোবাসা চুপ।

*********************









*
পক্ষ প্রতিপক্ষের গল্প
কবি প্রভাত কুমার মণ্ডল
রচনা - ১৮.০৪.২০২০। মিলনসাগরে প্রকাশ - ০৮.০৯.২০২৫।

তথাকথিত সভ্যতার অসভ্যরা যখন
আদিম প্রবৃত্তিকে আঁকড়ে ধরে
ভালোবাসার নিবিড়তম বন্ধনে
বর্বর আগ্রাসনে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল,
সভ্যরা তখন সু-সমাজের অঙ্গীকারে
ক্রূর অভিলাষে দিয়ে যাচ্ছিল ভ্রমাত্মক প্রতিশ্রুতি
ঠিক সার্বজনীন দালালদের মতো
ন্যাকামির চরম প্রদর্শন।

রাতের অন্ধকাররা যখন
অশুদ্ধাচারে নিমগ্ন থেকে
মলিন ভাঁজে মোড়া কাগজ পকেটে পুরে
স্নিগ্ধতার আঘ্রাণে সময়কে শান্ত রাখছিল,
আলোরা তখন স্পষ্টভাবেই নিজেদের জৌলুসে
প্রজ্জ্বলিত করছিল কু-অভিরুচির নগ্ন শবাধার
যা নাকি সাক্ষী হিসেবে চিহ্নিত
অতীত প্রজন্মের নিদর্শন।

বিশ্বের কল্পিত অধিকর্তা যখন
পড়শীর চাপা কান্নাকে
বিদ্রুপ, তুচ্ছ-তাচ্ছিল্যে, নানান অছিলায়
তারার দিকে চোখ রেখে করেছিল অহমিকার আস্ফালন,
আর আবেগ তখন উচ্ছ্বাসে গা ভাসিয়ে
মঞ্চে অভিনীত ভাঁড়ের মতো
মন মাতানো সুন্দর শব্দের কষাঘাতে চরম ভণিতার
লোক দেখানো আকর্ষণ।

*********************









*
প্রেমের অসমীকরণ
কবি প্রভাত কুমার মণ্ডল
রচনা - ০৬.০৬.২০২০। মিলনসাগরে প্রকাশ - ০৮.০৯.২০২৫।

প্রতিদিন সূর্যের নিয়মিত আগমন ঘটে
কখনো ঝলমলে কখনোবা কুয়াশার সাথে
তবে প্রতিদিনই সে ওঠে চিরন্তন
আমার হৃদয়ের সূর্যও পতিত চরাচরে আলো দেয়
বিকিরণ করে সূর্যের মতোই
কখনো শব্দের সাথে, কখনোবা হাসি মুখে, চোখে চোখে
এতটুকু একই রকম
তফাৎ শুধু প্রভাবের
সূর্য কিরণের অংশীদার সবার সমান
উপভোগ করে নিজের মতো করে।

কিন্তু আমার হৃদয়ের আলো প্রকাশ ঘটলেও
অপ্রকাশিত থাকে সকলের কাছে
কেননা আমি যে প্রেমিক অবাঞ্ছিত।
প্রেম আছে ভালোবাসা নেই
আবার ভালোবাসা আছে প্রেম নেই
অদ্ভুত এক অসমীকরণ
প্রেমের অসমীকরণ।

*********************









*
যদি আমি বলতে পারতাম
কবি প্রভাত কুমার মণ্ডল
রচনা - ২৫.০৮.২০২০। মিলনসাগরে প্রকাশ - ০৮.০৯.২০২৫।

নিদ্রা গেছে অনুরাগের শোকে
আমার মনের ভাবনাগুলো যত
যদি আমি বলতে পারতাম তোকে।
সময় গেছে ভালোবাসার ঝোঁকে
জীবনটা অনেক বর্ণময় হত
যদি আমি বলতে পারতাম তোকে।

অসহায় লাগে নিন্দুকের চোখে
প্রত্যাখ্যানের ভাবনায় অবিরত
যদি আমি বলতে পারতাম তোকে।
সহানুভূতির খোঁজ পাষাণ বুকে
তোর ঘৃণাও যে ভালোবাসার মত
যদি আমি বলতে পারতাম তোকে।

শুদ্ধ গোলাপ মরে মর্ত্য লোকে
সময় তো বলে না আমার মত
যদি আমি বলতে পারতাম তোকে।
ইচ্ছারা নিন্দিত হয় প্রেম লোকে
অনুভূতি সব ক্ষতবিক্ষত
কান্নারা চুপ ভালোবাসার চোখে
যদি আমি বলতে পারতাম তোকে।

*********************









*
মেয়ে ও মায়ের গল্প
কবি প্রভাত কুমার মণ্ডল
রচনা - ০৫.১০.২০২০। মিলনসাগরে প্রকাশ - ০৮.০৯.২০২৫।

এই মেয়ে তুই উদাস চোখে দূর পানেতে চাস!
বাপকে বুঝি খুঁজে ফিরিস ঐ জনতার ভীড়ে?

এদিক ওদিক ঘুরে এসে আবার কোথায় যাস?
মায়ের আশা, বাপকে নিয়ে ফিরবে মেয়ে ঘরে।

আশায় আশায় দিন বয়ে যায় স্বপ্ন বুকে নিয়ে।
এই বুঝি বাপ ফিরল ঘরে ডাকল নামটি ধরে।

মায়ের চোখের অশ্রুধারা মুছাই মেয়ে ওড়না দিয়ে।
‘ভয় নেই মা আমি আছি’ বলল মেয়ে নিচু স্বরে।

মেয়ের কাছে মা যেন এক আদরমাখা মেয়ে।
দিনের শেষে দু’জনে খায় ভিক্ষা যেটা জোটে।

কবেই যে হারিয়ে গেছে শৈশবেরই মেয়ে
যৌবন তার হচ্ছে চুরি লোভ লালসার ঠোঁটে।

অবশেষে ফিরল যে বাপ সাদা চাদর ঢাকা
মা যে তখন ঘুমিয়ে গেছে আর যাবে না ডাকা।

*********************









*
বৃষ্টি ভেজা সকাল
কবি প্রভাত কুমার মণ্ডল
রচনা - ১৮.০৬.২০২১। মিলনসাগরে প্রকাশ - ০৮.০৯.২০২৫।

গায়ে গায়ে চেপ্টে
পাস-বালিশে লেপ্টে
     বৃষ্টি সকাল কাটে।
টাপুর টুপুর সুরে
হালকা চাদর মুড়ে
     কাটছে সকাল খাটে।

বন্ধ চোখের দৃষ্টি
বাইরে অলস বৃষ্টি
     করছে ছোটাছুটি।
মেঘে আকাশ কালো
নেইকো দিনের আলো
     সূর্যি মামার ছুটি।

জানলা খুলে দেখি
ভিজছে পাড়ার খেঁকি
     গাছে ভিজে দাঁড়কাক।
বৃষ্টি আকাশ পথে
উড়ছে সাথে সাথে
     অচেনা পাখির ঝাঁক।

পাশের বাড়ির মিনি
তাকে ভালোই চিনি
     গোমড়া মুখ চোখ ছলছল।
বৃষ্টি বন্দী একা
সাথীদেরও নেই দেখা
     ভর্তি পথ জল টলমল।

বৃষ্টি ভেজা বাতাস
হালকা আলোর আকাশ
     মিষ্টি মধুর সকাল।
হালকা শীতল স্পর্শ
মনে জাগে হর্ষ
     বৃষ্টি ভেজা সকাল।

*********************









*
শেষ সংলাপ
কবি প্রভাত কুমার মণ্ডল
রচনা - ২৯.০৭.২০২১। মিলনসাগরে প্রকাশ - ০৮.০৯.২০২৫।

এখন কথারা নাটকের শেষ অংকে
উদ্বিগ্ন দর্শকগণ নিষ্পলক চোখে চেয়ে দেখে –
আরো কিছুটা সময় বাকি ভোর হতে
অথচ এখন কথারা পাণ্ডুলিপিতে আছে
কিন্তু অস্পষ্ট !
সংলাপ সহায়কের ঠোঁট নড়ছে
কিন্তু শব্দহীন !
মঞ্চে আলো-আঁধারির কারসাজি
বাইরে তখন অন্তহীন স্তব্ধতা
এখন কথারা উপভোগ করছে
উপভোগ করছে শব্দহীন গভীরতা
হে জীবন,
বিলুপ্ত হাঁটা আল পথের
আর কতটা বাকি !
এসো বন্ধু, এসো প্রিয়জন সকল
এখন কথারা ঘুমাতে যাবার আগে
কিছু বলবে শবদের কানে কানে
উদ্বিগ্ন শ্রোতারা সংযত নিঃশ্বাসে
শুনতে চাইছে !
এখন কথারা বলল নিজেদের সংলাপ
কিন্তু অশ্রুত - শোনা গেল না !

*********************









*
হঠাৎ যদি
কবি প্রভাত কুমার মণ্ডল
রচনা - ২৫.১০.২০২১। মিলনসাগরে প্রকাশ - ০৮.০৯.২০২৫।

হঠাৎ যদি মেঘ জমে যায় মনের অন্দরে
প্রেম পিরিতি আটকা পড়ে ভবের বন্দরে,
বৃষ্টি তখন ভাবতে থাকে এ কেমন দ্বন্দ্বরে!

হঠাৎ যদি দ্বিধা দ্বন্দ্ব জমে আড় চোখে
ভালোবাসার রং তুলিতে ভুল ছবি আঁকে,
দৃষ্টি তখন খুঁজতে থাকে স্বপ্নে দেখে যাকে।

হঠাৎ যদি চাওয়া পাওয়ায় রকমফের ঘটে
গাল গুজবে সমাজ মুখর নিন্দা যায় রটে,
কৃষ্টি তখন কষ্টে থাকে নীতির জটিল জটে।

হঠাৎ যদি মরচে ধরে বাঁচার সংসারে
জীবন সাথী উদ্ভ্রান্ত সে শান্তি সংহারে,
সৃষ্টি তখন সুপ্ত থাকে আদিম অন্ধকারে।

*********************









*
বিরহেও
কবি প্রভাত কুমার মণ্ডল
রচনা -২১.১১.২০২১। মিলনসাগরে প্রকাশ - ০৮.০৯.২০২৫।

মন হতে প্রেম যায় না মুছে
বয়স যতই বাধ সাধুক।
শীতের রোদে মলিন নয়ন
স্বপ্নে শুধুই প্রেম থাকুক।

শুষ্ক শরীর নড়বড়ে গাল
হোক না তুষারধবল কেশ।
মনের ভিতর জীবন বাঁচে
প্রেমের যেন না হয় শেষ।

দেহের সাথে বয়স বাড়ে
মনের কিছু যায় আসে?
মনের সাথে মনের আলাপ
জীবন মরণ বিশ্বাসে।

আমরা যারা হচ্ছি বুড়ো
প্রেম বিরহের আপসোসে -
এসব কিছুই হচ্ছে নাকি
আনারকলি’র অসন্তোষে।

‘আজ’ চলে যায় অতীত পথে
এ যে শুধুই সময়ের ত্রাস।
চলুক পালা যোগ বিয়োগের
বিরহ মাঝেই প্রেমের বাস।

*********************