কবি সাগরিকা সেনগুপ্তর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কবি সাগরিকা সেনগুপ্তর পরিচিতির পাতায় . . .
মেঘলা মনের স্বরলিপি
কবি সাগরিকা সেনগুপ্ত
রচনা ৪.৯.২০২০। মিলনসাগরে প্রকাশ ৭.৭.২০২৪।

মেঘলা মন, ঠিক কখন মাতলো যে, পরশ পেয়ে
কার যেন, প্রাণ হেন, উছল ঢেউ, উঠল গেয়ে।
আজ বুঝি, তাই খুঁজি , হৃদয় মাঝ, মন মেলে-
অতল ডুব, কথারা চুপ, নিঝুম রাত ডানা মেলে।
মনসায়র নিতল নীল, ঢাকনা খোলে শুক্তি আজ,
ডুবশুশুক উৎসুকে ছোঁয়ায় বুঝি আলতো হাত।
মুক্তোমন আলো করা, দ্যুতিতে তার হিয়া বলে
পুব আকাশ লাল হল, রাতপাখি গেল বলে।

*********************









*
বিপন্ন সৃষ্টি
কবি সাগরিকা সেনগুপ্ত
মিলনসাগরে প্রকাশ ৭.৭.২০২৪।

সৃষ্টি আশায় গড়ল যেদিন,
    বিধাতা তোর অঙ্গটি
ভাবনায় কি ভেসেছিল,
    ভাবীকালে রঙ্গ টি
তুই যে নিরেট, স্বপ্নহীনা,
    ভাবনাছাড়া দেহের তাল
মত্ত দানব, মাংসদ তাই
    কষছে প্যাঁচ আর চালছে চাল
আঁধার মানে উন্নত বোধ ---
    পাষণ্ড সব খলের দল
সৃষ্টি হেন সত্য শুভয়
    জ্বালছে ভীষণ কালানল!
চোখের কোণের অশ্রুবিন্দু
    হোক আগুনের স্ফূলিঙ্গ
লিঙ্গভেদই তোর অন্তরায়
    উড়তে চাওয়া বিহঙ্গ
স্ফূলিঙ্গ আজ আগুন ছড়াক
    সব লালসা জ্বালিয়ে দিক
লেলিহান সে রুদ্ররোষে
    পুড়ুক যত নরক-কীট।

*********************









*
জোছনা মায়ায়
কবি সাগরিকা সেনগুপ্ত
মিলনসাগরে প্রকাশ ৭.৭.২০২৪।

রাত নিঃঝুম, চোখে নেই ঘুম, জোছনা ভাসায় চরাচর---
ডানা মেলে বনজ্যোৎস্নায় পাড়ি দেয় পাখি রাতচর।
ঘন বিটপীর পাতায় পাতায় জোছনার ঝিলিমিলি---
বনানী বুঝি বা হেসে ওঠে আজ উচ্ছ্বাসে খিলিখিলি।
নীরব আঁধার মুখরিত রাত-চাঁদনীতে অনুভব---
পূর্ণিমা চাঁদ স্মৃতিতে ভাসায় বিভূতি-আরণ্যক।
অতীত সাগরে ডুব দিয়ে হৃদি অথির হরষে-বেদনে
আল্পনা আঁকে আলোতে ছায়াতে-হাসিতে বা কভু রোদনে
রাত নিঃঝুম, চোখে নেই ঘুম, জোছনা ভাসায় চরাচর--
হারানো ফাগুন খুঁজে খুঁজে ফেরে ব্যথিত সে কোন্ একাচর॥

*********************