শাশ্বতী নন্দ - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগনা (বর্তমান উত্তর চব্বিশ পরগনা) জেলার বসিরহাটে। পিতা প্রয়াত অধ্যাপক দেবীপ্রসাদ নন্দ এবং মাতা শ্রীমতী স্মৃতি দেবী।

পিতা দেবীপ্রসাদ নন্দ বসিরহাট কলেজের ইংরেজি বিভাগের প্রধান ছিলেন। কিছুসময় তিনি বিদ্যানগর কলেজে অধ্যক্ষের দায়িত্বভারও পালন করেছেন। তিনি ছিলেন অসংগঠিত শ্রমিকদের কল্যাণে অনেকগুলি ইউনিয়ন এবং বেশ কয়েকটি স্কুলের প্রতিষ্ঠাতা। চব্বিশ পরগনা জেলায় ১৯৭১-এ বাংলাদেশ মুক্তিফৌজ সহায়ক সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে মুক্তিফৌজের জন্য প্রয়োজনীয় রসদ ও অস্ত্রশস্ত্র সরবরাহের কাজে সরাসরি যুক্ত ছিলেন। অনেক মুক্তিযোদ্ধা কবির মা-বাবার সুরক্ষায় ভারতে আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধের কাজ করেছেন। সেইসময়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ তঁদের বাড়ি এসেছেন।

কবির মাতা শ্রীমতী স্মৃতি দেবী প্রধান শিক্ষিকা, লেখিকা ও বিশিষ্ট সমাজকর্মী। নারীশিক্ষায় অসামান্য অবদানের জন্য বসিরহাট হিউম্যান রাইটস্‌ ল’ নেটওয়ার্ক সরস্বতী মূর্তি ও সংবর্ধনায় তাঁকে সম্মানিত করেছেন।

কবির স্কুলের লেখাপড়া বসিরহাটে এবং কিছুসময় কলকাতায়, মেদিনীপুর শহর ও হাবড়ায়। জীববিজ্ঞান সাম্মানিক নিয়ে স্নাতক এবং শিক্ষক শিক্ষণে স্নাতকোত্তর। নিজেকে সাহিত্যের কাজে সম্পূর্ণভাবে সঁপে দেওয়ার আগে বেশ কিছুদিন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত একটি স্কুলে উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান শিক্ষিকা হিসেবে নিযুক্ত ছিলেন। দিল্লিতেও কিছুদিন শিক্ষকতা করেছেন। পারিবারিক কারণে দিল্লি, ইওরোপ ও আফ্রিকায় থেকেছেন দীর্ঘদিন। বর্তমানে তাঁরা দিল্লি রাজধানীক্ষেত্র ইন্দিরাপুরমের আবাসিক।

বাংলাদেশ জাতীয় কবিতা উৎসব, একুশে বইমেলা এবং বাংলাদেশ টেলিভিশনে দিল্লির প্রতিনিধি হিসেবে কবি অংশগ্রহণ ও কবিতা পাঠ করেছেন। ভারত ও বাংলাদেশের বিভিন্ন সাহিত্যমঞ্চে, অনলাইন মাধ্যমে আমন্ত্রিত বক্তা হিসেবেও বক্তব্য রেখেছেন। তাঁর লেখা কবিতাগুচ্ছ আকাশবাণী এবং কলকাতার টেলিভিশন চ্যানেলে স্বকণ্ঠে সম্প্রচার হয়েছে।

কবি দীর্ঘদিন দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন পরিচালিত ‘দিগঙ্গন’ পত্রিকার সম্পাদকমণ্ডলীতে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি এক দশকের ওপর দিল্লির ত্রিভাষিক সাহিত্য পত্রিকা ‘উন্মুক্ত উচ্ছ্বাস’-এর সম্পাদকমণ্ডলীর সক্রিয় সদস্য এবং সহকারী সম্পাদক। কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এবং কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি এই পত্রিকাকে বহির্বঙ্গের শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন হিসেবে সম্মানিত করেছেন। দিল্লির দুটি ও পশ্চিমবাংলার একটি সাহিত্যসংস্কৃতি সংস্থা কবিকে সাহিত্য সম্মাননায় অলঙ্কৃত করেছেন।

শাশ্বতী দেবীর লেখা কবিতা এবং নানা বিষয়ের ওপর নিবন্ধ, গল্প, ভ্রমণ কাহিনিগুলি দিল্লি ও বৃহৎবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা ছাড়াও কৃত্তিবাস, কবি সম্মেলন, উদ্বোধন, সাপ্তাহিক বর্তমান, আজকাল সফর, নিবোধত, আনন্দবাজার, বর্তমান, রবিবার, প্রসাদ ও বাংলাদেশের পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে এবং হয়ে চলেছে।

কবির প্রথম কাব্যগ্রন্থ ‘ছুঁয়ে দাও মরুভূমি’। এছাড়া কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে কবির আরেকটি কাব্যগ্রন্থ ‘রোমাঞ্চ ভ্রমণে’।

মিলনসাগরে কবি শাশ্বতী নন্দর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।


কবি শাশ্বতী নন্দর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮১৮৬৫৮৫৫৮
ইমেল -  
Shashwati.Neepa@gmail.com    Saswati_Neepa@rediffmail.com
         





আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ১৭.১০.২০২৩।

^^ উপরে ফেরত