কবি তীর্থঙ্কর সুমিতের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কবি তীর্থঙ্কর সুমিতের পরিচিতির পাতায় . . .
সূর্যের দেশ
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।

মুখগুলো আজ মুখোশ হয়েছে
স্বপ্ন বেচছি চারবাজারের হাটে
নিয়ন আলো পথের মাঝে প্রতিদিনের সঙ্গী
ফেলে আসা অতীত বর্তমান পেরিয়ে
ভবিষ্যতের পথে পা ...
হারানো ছেলেবেলার গল্প আজ
ঠাকুমার ঝুলিতে ঝোলা ভর্তি

তবুও ফেরা হয়না
অস্তাচলের সূর্যের দেশে।

*********************









*
বিভূতিভূষণের উদ্দেশ্যে
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।

পথের পাঁচালি আজও হৃদ মাঝে
পুঁই মাচায় উঁকি দেয় জ্যোৎস্না
হেঁটে চলি দিগন্তের দিকে
খোলা মাঠ ই আদর্শ
যেখানে অপু - দুর্গা
আর ভোরের শিশির
এক যুগ কেটে গেলে ইতিহাস ধারালো হয়

প্রণাম তোমায়।

*********************









*
তবুও তুমি
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।

"আমি সেই নারীকে ভালোবাসি যার অতীত আছে"

তবুও তুমি ____

বিষাদে এনেছো ভালোবাসার ছোঁওয়া
তাইতো আজও মেজদিদিরা দরজার এপ্রান্তে বিরহের হাসি মাখে
পরিনীতারা হারিয়ে গিয়েও ফিরে আসে
কিছু কথা বলা যাক সময় এসেছে
শুনছো দেবদাস
মহেশ আজও আছে প্রতিটা ঘরে
তাইতো রামধনু ওঠে সন্ধ্যাকাশে

শ্রীকান্ত আজ ...

তবুও তুমি।

*********************









*
ইতিতেও সূচনা
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।

একটা দাঁড়ি টানতেই হয় এবার
দাঁড়ি টানলেই কথা শেষ হয়ে যায়না
শুধু কথার পুনরুত্থান ঘটে
বাঁকা নদী ভালোবাসার টানে মোহনায় মেশে
বালুকা বেলায় অপেক্ষা করে রাতের মুগ্ধতা ...
হারানো সুরে লেখা হয় কালবৈশাখীর যন্ত্রণা

তুমি বট গাছ হও,কিন্তু জোৎস্না স্পর্শ করনা

জোনাকিরা এখনও অপেক্ষায় ...

*********************









*
নতুন সকাল
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।

বহুদিন পর আবারও যে পথ ধরে
বেড়িয়ে পরলাম সবুজের দেশে,
নীলকে পিছনে ফেলে
ক্রমশঃ ক্রমশের দিকে
সরলরেখা বরাবর শুধুই...
যেখানে নদী শেখায় ভালোবাসার গান
পাখি শেখায় উচ্ছ্বাসের সুর
সবুজ জানায় আমন্ত্রণ

ছেঁড়া চিঠি আজ খাম ছেড়ে আকাশের পথে

এসো মুগ্ধতা কুড়োই ভোরের আলোয়।

*********************









*
ভালোবাসার মালা
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।

কত কথা ...
যে ভাবে পথ বেঁকে যায়
রাস্তাকে ছোঁবে বলে
আকাশের দিকে তাকিয়ে অভুক্ত চিল
উড়ে যায় অন্য ঠিকানায়
ভোরের আলো গাছেদের প্রাণে জেগে ওঠে
ভালোবাসার সমীকরণ
যে পথ রোজ দেখি, সে পথ আমার নয়
যে নদী রোজ বয়ে যায় অন্যের ঠিকানায়
সে নদী আমার নয়

তবুও কোথায় যেন রাস্তা, পথ, নদী সব

এসো ভালোবাসার মালা গাঁথি বিনিসুতোয়।

*********************









*
কিছু কথা বলতেই হয়
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।

কিছু কথা মনে হয় অসমাপ্তই থেকে যাবে
যদি না বলা হয়
অশ্মগন্ধার শেকড়ে এখন দীনতার ছাপ
হারিয়ে না পাওয়া ঘুঁটি এখন
তোমার কেরামবোর্ডের স্ট্রাইকার জুড়ে
কবিতা কি এমনই হয় ----

শুধু আমাপ্তর চাদরে নৈশব্দে বিলীয়মান?

*********************









*
পেঁচার কান্না
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।

অসময়ের বিকেলে এখনও রোজ জল ঢালি
আমার ছাদের ইউক্যালিওপটাস গাছে
প্রতিদিন দেখি সূর্যটা একটু একটু করে ঢলে পরে
রাতের কোলে...
অন্ধকার যত গাঢ় হয়
চাঁদের হাসি তত স্ফীত লাগে

উদাসীনতার নামাবলিতে এখন পেঁচার কান্না।

*********************









*
দৈনিক লিপি
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।

কি জানি জীবনের কটা বসন্তে
দৈনিক লিপি লেখা যায়
মনোনিবেশের পর্দা আমার জাদুঘরে টাঙানো
নেশাতুর সভ্যতার চাদরে এখন
গোটা কয়েক শিল্পী দাগ কাটে
তোমার না বলা উত্তরের যত হওয়া

এখন দক্ষিণে...

*********************









*
একটা সকালের প্রয়োজন
কবি তীর্থঙ্কর সুমিত
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।

না হয় মুহূর্তে বাঁচুক সময়
তুমি বদলে যাও প্রতিটা অক্ষরে
যেমনভাবে এসেছিলো চাঁদ...
তারায় মিশে গিয়ে নতুন থেকে চিরনতুন
কিছু কথা মিথ্যে হলেও বড়ো আপন মনে হয়
ঝুলি ভরা শব্দ আর ঠাকুমার বেঁচে থাকার গান
এখন মঞ্চে মঞ্চে _____

একটা সকালের প্রয়োজন॥

*********************