কবি আশুতোষ মুখোপাধ্যায় ৫ ঔপন্যাসিক -
জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের ঢাকা জেলার, বিক্রমপুরের (মুন্সিগঞ্জ) বজ্রযোগিনী ইউনিয়নের, বজ্রযোগিনী গ্রামে। পিতা পরেশচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা তরুবালা দেবী। পরেশচন্দ্র স্কুল পরিদর্শক ছিলেন। পিতা মাতার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন পঞ্চম, ছেলেদের মধ্যে সেজো। ১৯৫৩ সালে তিনি মমতা দেবীর সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন।
.


কবি আশুতোষ মুখোপাধ্যায় ৫ ঔপন্যাসিক - জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের ঢাকা জেলার, বিক্রমপুরের (মুন্সিগঞ্জ) বজ্রযোগিনী ইউনিয়নের, বজ্রযোগিনী গ্রামে। পিতা পরেশচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা তরুবালা দেবী। পরেশচন্দ্র স্কুল পরিদর্শক ছিলেন। পিতা মাতার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন পঞ্চম, ছেলেদের মধ্যে সেজো। ১৯৫৩ সালে তিনি মমতা দেবীর সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন।

তাঁদের কন্যা সর্বাণী ও পুত্র জয়। জয় ছোটবেলাতেই ‘মাসকুলার ডিসট্রফি’ রোগে অকালে চলে যান। কন্যা সর্বাণী মুখোপাধ্যায়ও পরে খ্যাতনামা লেখিকা হন।

.
পাঁচ জন আশুতোষ মুখোপাধ্যায় -    ^^ উপরে ফেরত
১। কবি আশুতোষ মুখোপাধ্যায়-১। ইনি ১৮৭১ সালে প্রমোদকামিনী কাব্য লিখেছিলেন। ইনিই ১৮৬৪ সালের প্রথম পি.আর.এস. (প্রেমচাঁদ রয়চাঁদ স্কলার) কি না তা আমরা বলতে পারছি না।
২। কবি আশুতোষ মুখোপাধ্যায়-২ স্যার (২৯. ০৬. ১৮৬৪ ~ ২৫. ০৫. ১৯২৪)। অর্থাৎ স্যার আশুতোষ মুখোপাধ্যায়।
৩। কবি আশুতোষ মুখোপাধ্যায়-৩ (১৮৭১ - ১৯২২)। তাঁর এই জীবনকাল দেওয়া থাকলেও আমারা তা জোর দিয়ে বলতে পারছি না। কারণ তার পরেও বেশ কিছু পত্রিকায় এই নামের কবির কবিতা বেরিয়েছিল। অধ্যাপক সুকুমার সেনের মতানুযায়ী তিনিই প্রথম বাংলার ছড়ার সংকলক।
৪। কবি আশুতোষ মুখোপাধ্যায়-৪ কবিগুণাকর (প্রকাশকাল ১৯২২ - ১৯৩১) এই কালের মধ্যে বহু নামকরা পত্রিকায় এই নামে যে কবিতা বেরিয়েছিল, তা সম্ভবত কবি আশুতোষ মুখোপাধ্যায় ৩-এরই। কিন্তু তবুও এই কবিতাগুলিকে আমরা আলাদা করে কবি আশুতোষ মুখোপাধ্যায় ৪ কবিগুণাকর এর পাতায় তুলেছি।
৫। কবি আশুতোষ মুখোপাধ্যায়-৫ ঔপন্যাসিক (৭.৯.১৯২০ - ৪.৫.১৯৮৯)।

মিলনসাগরের কবি আশুতোষ মুখোপাধ্যায়-৩ এবং কবি আশুতোষ মুখোপাধ্যায়-৪ এর একই ব্যক্তি হবার সম্ভাবনা প্রবল।

এঁদের ছাড়াও একজন “রায় সাহেব আশুতোষ মুখোপাধ্যায়, বি.এল.” এর “গায়ত্রী পরিচয়” নামের একটি গ্রন্থ পাওয়া গিয়েছে যার ১ম সংস্করণ বৈশাখ ১৩৩২ বঙ্গাব্দ অর্থাৎ ১৪ই মে ১৯২৫ নাগাদ প্রকাশিত হয়েছিল, মাধিপুরা, জিলা ভাগলপুর থেকে। এঁর কোনো কবিতা পাওয়া যায়নি তাই মিলনসাগরে এনার কোনো কবিতার পাতা করা হয় নি। “গায়ত্রী পরিচয়” গ্রন্থটি Published by the Author, 132, Dharmatala St, Calcutta এবং ছাপানো হয় তারা প্রেস থেকে। প্রিন্টার – শ্রীশশধর ঘোষ। ৫৬ নং সীতারাম ঘোষ স্ট্রীট্, কলিকাতা। .


আশুতোষ মুখোপাধ্যায়ের শিক্ষাজীবন -     ^^ উপরে ফেরত
তাঁর প্রথম জীবনের অনেকখানি কেটেছে উত্তরবঙ্গের নানাস্থানে। তাঁর স্কুল-কলেজের শিক্ষা হুগলির চুঁচুড়াতে। তিনি হুগলির মহসিন কলেজ থেকে বি.কম.পাশ করেন। ছোট থেকেই তাঁর অদম্য ঝোক ছিল খেলাধূলার প্রতি। হকি-ক্রিকেট-ফুটবল, খেলে অনেক কাপ-মেডেল জিতেও এনেছিলেন। তখনকার দিনে একটি টেনিস ক্লাবের পত্তন করাতেও তাঁর অবদান ছিল। .


আশুতোষ মুখোপাধ্যায়ের কর্মজীবন -   ^^ উপরে ফেরত
প্রথম জীবনে আশুতোষ একের পর এক মোট ন’জায়গায় চাকরি নেন এবং ছেড়েও দেন। তরুণ বয়সে তিনি ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ ব্যয়ে চলচ্চিত্র তৈরির কাজ শুরু করেন। তাতে অসফল হয়ে গেঞ্জির ব্যবসা শুরু করেন। এরপর স্থায়ীভাবে 'ম্যানুস্ক্রিপ্ট' নামের এক প্রকাশনা সংস্থা গড়ে তোলেন। ১৯৫৫ সালে তিনি 'যুগান্তর' পত্রিকায় যোগ দেন ও ক্রমে রবিবাসরীয় বিভাগের প্রধান হন।


.


আশুতোষ মুখোপাধ্যায়ের সাহিত্য জীবন -      ^^ উপরে ফেরত
'বসুমতী' ও 'যুগান্তর' পত্রিকায় বিচিত্র জীবিকার মানুষদের নিয়ে তিনি লিখতে ষুরু করেন। 'বসুমতী'তে তার প্রথম গল্প 'নার্স মিত্র', পরে যা 'দীপ জ্বেলে যাই' নামে চলচ্চিত্রায়ণ হয়েছিল। বসুমতী পত্রিকাতেই প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস 'স্বাহা' - পরিবর্তিত নাম 'রূপের হাটে বিকিকিনি'।

তিনি প্রায় দু-শোর মতো বই লিখেছেন। তার মধ্যে এক-শো কুড়ি-পঁচিশটি উপন্যাস বিভিন্ন ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে। শিশু সাহিত্য জগতেও তিনি সমাদৃত লেখক।

.


আশুতোষ মুখোপাধ্যায়ের রচনাবলী -        ^^ উপরে ফেরত
পঞ্চতপা (১৯৫৭ সালে সিনেমা, ১৯৬১ সালে গ্রন্থ), চলাচল (১৯৪৬ সালে সিনেমা, ১৯৫১ সালে গ্রন্থ ), কাল তুমি আলেয়া, মনমধুচন্দ্রিকা (গল্পগ্রন্থ), মুখোমুখি (গল্পগ্রন্থ), একজন মিসেস নন্দী (গল্পগ্রন্থ), রাপ্তির ডাক (গল্পগ্রন্থ), ফেরারী অতীত (গল্পগ্রন্থ), কথামালা (গল্পগ্রন্থ), সোনালী রেখা (গল্পগ্রন্থ), জানালার ধারে (গল্পগ্রন্থ), পিক পয়েন্ট (গল্পগ্রন্থ), রূপসী বাংলার মুখ (গল্পগ্রন্থ), দুজনার ঘর (গল্পগ্রন্থ), প্রতিহারিণী (গল্পগ্রন্থ), মীনা রাখি সাধিকা (গল্পগ্রন্থ), ত্রিবর্ণা (গল্পগ্রন্থ), কুমারী মাতা (গল্পগ্রন্থ), মহুয়াকথা (গল্পগ্রন্থ), চলো জঙ্গলে যাই (গল্পগ্রন্থ), নবনায়িকা (গল্পগ্রন্থ), অলকাতিলকা (গল্পগ্রন্থ), রোশনাই (গল্পগ্রন্থ), মডেল (গল্পগ্রন্থ), সাঁঝের মল্লিকা (গল্পগ্রন্থ), প্রতিবিম্বিতা (গল্পগ্রন্থ), উত্তর বসন্তে (গল্পগ্রন্থ), প্রণয় পাশা, অন্য নাম জীবন, হীরা মঞ্জিল (১৯৮২), সাত পাকে বাঁধা (১৯৬২ সালে সিনেমা, ১৯৬০ সালে গ্রন্থ), অপরিচিতের মুখ, সাবরমতী, আনন্দরূপ, আবার আমি আসবো, আলোর ঠিকানা, বাজিকর, যার যেথা ঘর, চাঁদের কাছাকাছি, আরো একজন, আশ্রয়, এক রমণীর যুদ্ধ, একটি বিশ্বাসের জন্ম, একাল ওকাল, খনির নুতন মণি, দিনকাল, দুটি প্রতীক্ষার কারণে, নগর পারে রূপনগর, নিষিদ্ধ বই (প্রবন্ধ), পিন্ডিদার গোপ্পো, পিন্ডিদার পঞ্চবান, পিন্ডিদার রিটায়ারমেন্ট, পুরুষোত্তম, বলাকার মন (১৯৬৩ গ্রন্থ), বাসকশয়ন, মেঘের মিনার, রূপের হাটে বিকিকিনি, লিডার বটে পিন্ডিদা, শত রূপে দেখা, সজনীর রাত পোহালো, সবুজ তোরণ ছাড়িয়ে, সিকেপিকেতিকে, আমি, সে ও সখা, নগর দর্পণে, সোনার হরিণ নেই (১৯৭৯), পরকপালে রাজারানী, সেই অজানার খোঁজে (২ খণ্ড) (১৯৮৬ - ৮৭), বাছাই গল্প (১৯৮৮), স্বনির্বাচিত গল্প (১৯৮৮), রচনাবলী (২৬ খণ্ড) প্রভৃতি।
.


আশুতোষ মুখোপাধ্যায়ের গল্পের চলচ্চিত্রায়ণ -     ^^ উপরে ফেরত
আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প ও উপন্যাস অবলম্বনে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার মধ্যে রয়েছে চলাচল (১৯৫৬), দীপ জ্বেলে যাই (১৯৫৯), সাত পাকে বাঁধা (১৯৬৩). শঙ্খবেলা (১৯৬৬), কাল তুমি আলেয়া (১৯৬৭), খামোশী (১৯৬৯), (হিন্দী), সাবরমতী (১৯৬৯), সফর (১৯৭০, হিন্দী), নবরাগ (১৯৭১), আলোর ঠিকানা (১৯৭৪). কোরা কাগজ (১৯৭৪, হিন্দী), নগর দর্পণে (১৯৭৫), আমি, সে ও সখা (১৯৭৫), চাঁদের কাছাকাছি (১৯৭৬), প্রণয় পাশা (১৯৭৮), মাদার (১৯৭৯), আরো একজন (১৯৮০), বেমিসাল (১৯৮২, হিন্দী), অমর কণ্টক (১৯৮৬) প্রভৃতি।
.


আশুতোষ মুখোপাধ্যায়ের কবিতা -         ^^ উপরে ফেরত
এই গল্পকার ও ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়, যিনি মিলনসাগরের কবি আশুতোষ মুখোপাধ্যায় ৫, তাঁর কবি হিসেবে খ্যাতি হয়নি বটে, কিন্তু তাঁর বিভিন্ন গ্রন্থের গল্পের মধ্যে তাঁর অনেক চরিত্রকে দিয়ে তিনি কবিতা লিখিয়েছেন বা বলিয়েছেন। বলাবাহুল্য সেই সব কবিতা তাঁরই রচনা। তা পাঠ করলে স্পষ্ট বোঝা যায় যে তিনি যদি ইচ্ছা করতেন তা হলে কবি হিসেবেও যথেষ্ট প্রতিষ্ঠা পেতে পারতেন। আমরা এখানে তাঁর ১৩টি কবিতা সংগ্রহ করে তুলে দিয়েছি তার উৎস গ্রন্থের নাম করে।

আমরা মিলনসাগরে মিলনসাগরের কবি আশুতোষ মুখোপাধ্যায় ৫ অর্থাৎ গল্পকার, ঔপন্যাসিক ও কবি আশুতোষ মুখোপাধ্যায়ের কবিতা ও তাঁর জীবন ও কর্মযজ্ঞ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা। এই পাতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতি মিলনসাগরের শ্রদ্ধাঞ্জলি।

বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।



কবি আশুতোষ মুখোপাধ্যায় ৫ এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭



এই পাতা প্রথম প্রকাশ - ২৫শে বৈশাখ ১৪৩৩। ৯.৫.২০২৬।


উৎস ---
  • শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, ২০০৩।
  • সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু, সংসদ বাঙালি চরিতাভিধান ১ম খণ্ড, ২০১০।
  • উইকিপেডিয়া বাংলা
  • কবির ছবিটি আমরা পেয়েছি https://www.imdb.com থেকে।
  • শুভদীপ বন্দ্যোপাধ্যায়, দ্য ওয়াল, ১৫ই সেপ্টেম্বর ২০২০, https://www.thewall.in
  • নূর মোহাম্মদ নূরু, ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, https://m.somewhereinblog.net

^^ উপরে ফেরত