আদি চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

চৌদ্দ ভুবন ভুবন তিন
আদি চণ্ডীদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল), ১ম খণ্ড, ৪র্থ শাখার, ২৬শ পল্লব, বিদ্যাপতি ও চণ্ডীদাসের মিলন, ২৩৯৪ নং পদসংখ্যা, ৩৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তথা রাগ॥

চৌদ্দ ভুবন ভুবন তিন।
সপ্ত আখর তাহার চিন॥
দুইটি আখরে সদা পিরিতি।
তিনটি পরশে উপজে রতি॥
নির্জ্জন কাননে আছয়ে ঘর।
দুইটি আখর পাঁচের পর॥
কনক আসন আছয়ে তাথে।
মনসিজরাজ বৈসয়ে যাথে॥
কর্পূর চন্দন শীতল জলে।
যেমন আনন্দ লেপন-কালে॥
তাপিত জনে সে আনন্দ পায়।
শীতভীত জন ভয়ে পলায়॥
পঞ্চ-রস আদি একত্র মেলি।
যে যার স্বভাব আনন্দ-কেলি॥
অষ্টম আখর একত্র যবে।
কনক-আসন জানিবে তবে॥
পঞ্চ-রস অনুবাদ যে হয়।
আদি চণ্ডীদাস বিধেয় কয়॥

টীকা –
আমাদের সংগ্রহের গ্রন্থে এই স্থানে দেওয়া শ্রদ্ধাষ্পদ আচার্য অক্ষয়চন্দ্র লরকার মহাশয়ের প্রতিপাদিত অর্থ, অতি দুষ্পাঠ্য ও অপাঠ্য। কিন্তু এই টীকা অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর এই পদের টীকা, এখানেই, এর পরবর্তি পদেই আমরা তুলে দিয়েছি।

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, রাগাত্মিক পদ, ৬৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। রসিক ভক্তেরা “রাগানুগ” ভক্ত। এবং ইহাদের সাধন প্রণালীর নাম “রাগাত্মিক।” ইহার বিস্তারিত বিবরণ “চৈতন্য চরিতামৃত” ও “বিবর্ত বিলাসে” দ্রষ্টব্য।

চৌদ্দ ভুবনে ভুবন তিন।
সপ্ত আখর তাহার চিন॥
দুইটী আখরে সদা পিরীতি।
তিনটী পরশে উপজে রতি॥
নির্জ্জন কাননে আছয়ে ঘর।
দুইটী আখর পাঁচের পর॥
কনক আসন আছয়ে তাতে।
মনসিজ রাজা বৈসয়ে যাতে॥
কর্পূর চন্দন শীতল জলে।
যেমন আনন্দ লেপন কালে॥
তাপিত জনে সে আনন্দ পায়।
শীত ভীত জন ভয়ে পলায়॥
পঞ্চ রস আদি একত্র মেলি।
যে যার স্বভাব আনন্দে কেলি॥
অষ্টম আখর একত্র যবে।
কনক আসন জানিবে তবে॥
পঞ্চ রস অনুবাদ যে হয়।
আদি চণ্ডীদাস বিধেয় কয়॥ (১)

১। আমাদিগের প্রতিপাদিত অর্থ এই ---
“চৌদ্দ ভুবন” --- চতুর্দ্দশ ইন্দ্রিয় বিশিষ্ট দেহ। চতুর্দ্দশ ইন্দ্রিয়, অর্থাৎ পাঁচ জ্ঞানেন্দ্রিয়, পাঁচ কর্ম্মেন্দ্রিয়, চারি অন্তরেন্দ্রিয়।
“ভুবন তিন” --- ভাব, কান্তি ও বিলাস। ইহা সপ্তাক্ষর বিশিষ্ট। কবির রীত্যনুসারে এ স্থলে অঙ্গর গণনা হইয়াছে ; তৎপ্রমাণ “পিরীতি --- আখর তিন”।
“দুইটী আখরে” --- ভাব। ইহাতে সর্ব্বদা প্রীতি বিরাজ করে।
“তিনটী আখর” --- বিলাস। ইহাই রতির কারণ।
“নির্জ্জন কানন” ইত্যাদি --- হৃদয়রূপ নির্জ্জন কানন স্থিত পঞ্চভূত আত্মার পর ; বা কান্তি ও বিলাসের পর দুইটী আখর “ভাব”।
“কনক আসন” ইত্যাদি --- বট্ চক্রমতে হৃদয়স্থিত রত্নবেদিকায় অভিন্ন মদন শ্রীকৃষ্ণ রাধা সহ বিরাজ করেন।
“পঞ্চ রস” --- শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মাধুর্য্য।
“অষ্টম আখর” ইত্যাদি --- ভাবকান্তি বিলাসের পর “জ্ঞ” এই বর্ণ যুক্ত হইয়া, “ভাবকান্তি বিলাসজ্ঞ” শ্রীকৃষ্ণকেই বুঝাইতেছে এবং তদীয় অধিষ্ঠান বশতঃই হৃদয় "কনক আসন”, রূপে ব্যক্ত হয়।
“পঞ্চরস" ইত্যাদি --- প্রাগুক্ত পঞ্চরস মধ্যে, চণ্ডীদাসের মতে মাধুর্য্য বা শৃঙ্গার রস প্রধান। তৎপ্রমাণ, “নব রস সার শৃঙ্গার এ” ইত্যাদি পদ।

বীরভূম জিলার অন্তর্গত সিউড়ি নিবাসী শ্রীযুক্ত কুঞ্জলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতিপাদিত অর্থ এইরূপ, যথা ; ---
“চৌদ্দভূবন” --- সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল।
“ভুবনতিন” --- ব্রজ, গোলক ও দ্বারকা।
“সপ্ত আখর” --- রাধা, রমণ, কুঞ্জ।
“দুইটি আখর” --- রাধানামে (বৈষ্ণবদিগের) নিত্য প্রীতি জন্মে।
“তিনটী আখর” --- রমণ।
“নির্জ্জন কানন” ইত্যাদি --- রাধারমণ, পরে কুঞ্জ।
“অষ্টম আখর” --- “স্থ”। অর্থাৎ রাধরমণ কুঞ্জস্থ।

উক্ত জেলার অন্তর্গত সাকুল্লিপুর গ্রামবাসী শ্রীযুক্ত জীউলাল মজুমদারের প্রতিপাদিত অর্থের সারাংশও নিম্নে প্রকটিত হইল।---
“চৌদ্দভূবন” --- সপ্তস্বর্গ ও সপ্ত পাতাল। ভুলোক, ভুবর্লোক, স্বর্লোক, মহল্লোক, জনলোক, তপোলোক ও সত্যলোক, এই সপ্ত স্বর্গ। অতল, বিতল, সুতল, তল, তলাতল, রসাতল ও পাতাল, এই সপ্ত পাতাল।
“ভুবনতিন” --- গোলোক, বৈকুণ্ঠ, বৃন্দাবন।
“সপ্ত আখর” ইত্যাদি --- হাস্যোহদ্ভুত বীর করুণ রৌদ্র বীভৎস ভয়। পঞ্চবিধ ভক্তে গৌণ সপ্ত রস হয়॥ ইতি চৈতন্য চরিতামৃত। এই অন্তরা দ্বারা শ্রীবৃন্দাবনের শ্রেষ্ঠত্বই প্রতিপাদিত হইয়াছে।
“দুইটী আখর” ইত্যাদি --- এস্থলে মধুর রস। দ্বিধা, অর্থাৎ “কেবলা”, ও “ঐশ্বর্য্য জ্ঞানমিশ্রা”।
“তিনটী পরশে” ইত্যাদি --- এতদ্দ্বারা মহাভাব স্বরূপা শ্রীরাধা ঠাকুরাণীর রাগোৎপত্তির ত্রিবিধ লক্ষণ, অর্থাৎ পূর্ব্বানুরাগ, বিকার-চেষ্টা, ও কাম লিখন ইহাদের উল্লেখ হইয়াছে।
“নির্জ্জন কানন” ইত্যাদি --- এপদে হৃদয়কেই বুঝাইতেছে। দুইটী আখর পাঁচের পর” --- এই সঙ্কেত করিয়া সাধ্য বস্তুর সাধন কার্য্যে লিপ্ত হইতে কহিয়াছেন। “কনক আসন” ইত্যাদি --- সাধন কার্য্য সিদ্ধ হইলে, হৃদয় শুদ্ধ হইয়া কনকাসন স্বরূপ হইবে।
“মনসিজরাজা” --- অপ্রাকত মদন শ্রীকৃষ্ণ।
“অষ্টম আখর” ইত্যাদি --- অষ্ট সাত্ত্বিক ভাবের উল্লেখ হইয়াছে। ইহার বিস্তারিত বিবরণ মহাজন পদাবলী সংগ্রহ প্রথম ভাগের অন্তঃস্থিত ২য় পরিশিষ্টে দ্রষ্টব্য।

****************************








*

পিরীতি করিয়া ভাঙ্গয়ে যে
আদি চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, রাগাত্মিক পদ, ২৭৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি রমণীমোহন মহাশয় “পদসমুদ্র” গ্রন্থ বা পুথি থেকে সংগ্রহ করেছিলেন বলে উল্লেখ করেছেন, যা আমাদের সংগ্রহে নেই। গ্রন্থের মালিক হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় গ্রন্থটিকে ছাপান নি। কিন্তু তিনি অনেক সংকলককেই এই গ্রন্থ থেকে পদাবলী দিয়েছেন। সতীশচন্দ্র রায়, জগবন্ধু ভদ্র, দীনেশচন্দ্র সেনের মত পদাবলী সাহিত্যের দিকপাল ব্যক্তিরাও সম্ভবত কেউই সচোক্ষে দেখেন নি এই ১৫০০০ পদ বিশিষ্ট গ্রন্থটি। এই গ্রন্থটির অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। গ্রন্থের সংকলক কবি আউল মনোহর দাসের পাতায় এই নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেই পাতায় যেতে এখানে ক্লিক করুন . . . --- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥ মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

পিরীতি করিয়া ভাঙ্গয়ে যে।
সাধনা অঙ্গ না পায় সে॥
প্রেমের পিরীতি মাধুরীময়।
নন্দের নন্দন কতেক কয়॥
রাগ সাধনের এমতি রীত।
সে পথি জনার তেমতি চিত॥
সকল ছাড়িল যাহার তরে।
তাহারে ছাড়িতে সাহস করে।
আদি চণ্ডীদাসে চারি সুবুঝান।
দাউ উঠাইল যেমন মান॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, পরিশিষ্ট - সহজিয়া চণ্ডীদাসগণ, ৩৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পিরীতি করিয়া ভাঙ্গয়ে যে।
সাধন অঙ্গ না পায় সে॥
প্রেমের পিরিতি মাধুরিময়।
নন্দের নন্দন কতেক কয়॥
রাগ সাধনের এমতি রীত।
সে পথি জনের তেমতি চিত॥
সকল ছাড়িল যাহার তরে।
তাহারে ছাড়িতে সাধ যে করে১।
আদি চণ্ডীদাসে উঠি বুঝান।
মুড় উঠায়ল যাওল২ মান॥

পাঠান্তর --- কলিকাতা বিশ্ববিদ্যালয় পুথিতে ১। করি, বুঝান, ২। জমল।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, রাগাত্মিক পদ, ৩৩৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

পীরিতি করিয়া ভাঙ্গয়ে যে।
সাধন অঙ্গ না পায় সে॥
প্রেমের পীরিতি মাধুরীময়।
নন্দের নন্দন কতেক কয়॥
রাগ সাধনের এমতি রীত।
সে পথী জনার তেমতি চিত॥
সকল ছাড়িল যাহার তরে।
তাহারে ছাড়িতে সাধ যে করে॥
আদি চণ্ডীদাসে চারি সে বুঝান।
মুঢ় উঠাইল জানিল মান॥

৮। সাধ যে ... সাহস --- পাঠান্তর।
৯-১০। আদি চণ্ডীদাসে চারি বুঝান।
দাউ উঠাইল যেমন মাব॥ --- পাঠান্তর।

****************************