চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

হেদে হে কমল কান কা সনে করহ মান
দীন ক্ষীণ চণ্ডীদাস
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, নব-নারী কুঞ্জর, ২০৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥

হেদে হে কমল কান     কা সনে করহ মান
দোষ-গুণ কিছুই না লও।
পরবশ রস প্রেম     এবে সে জানিল হেম
অমিয়া-সেচনে কথা কও॥
তোমার অমৃত-বাণী     কত বোল পেয়ে জানি
হাসি পরকিত সুধাময়।
এমন রতন ধন     পাইলা অবলা জন
কোথা ছিল হেন মনে লয়॥
তোমার কারণে হরি     গৃহকাজ পরিহরি
গুরু-গরবিত যত জনে।
তোমার কলঙ্ক-মালা     হৃদয়ে পরেছি কালা
লইলাম করিয়া চন্দনে॥
যে বল সে বল কানু     তোমারে সঁপিছু তনু
মো সবা ছাড়িবে জানি পাছে।
দেখ দেখি ত্রিভুবনে     কেবা আছে তোমা বিনে
আর যে দাঁড়াব কার কাছে॥
যে কর উচিত কাজ     শুন হে নাগর-রাজ
পরভাব না করিহ মনে।
ব্রজনারী-মনকাম     কে পূরাবে ওহে শ্যাম
দীন ক্ষীণ চণ্ডীদাস ভণে॥

****************************








*
হেদে হে সুবল সখা আচম্বিতে দিল দেখা
দীন ক্ষীণ চণ্ডীদাস
এই পদটি (১৯৩৮ সালে) কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, মণীন্দ্রমোহন বসু সম্পাদিত “দীন চণ্ডীদাসের পদাবলী,”, পূর্ব্বরাগ, ৫৭০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

“হেদে হে সুবল সখা     আচম্বিতে দিল দেখা
চিত্রের পুতলি হেন বাসি।
কিবা সে অঙ্গের ভঙ্গী     কনক পুতলি রঙ্গী
মন্দ মধুর কৈল হাসি॥
সে কথা পড়িল মনে     আমার মরমে জানে
কুটিল নয়ন কর বাঁকা।
দেখিতে তাহার রঙ্গ     অবশ করিল অঙ্গ
শুন ভাই মরমের সখা॥
সে হইতে তনু মোর     মদনে হইল ভোর
প্রাণ মোর স্থির নাহি মানে।
তোমারে কহিল এহ     বিচার করিয়া কহ
বেদনা কহিল তোর স্থানে॥”
হাসিয়া সুবল কয়---     “শুন তুয়া রসময়,
রসিক নাগরী দিব আনি।
তবে সে আমার নাম     সুবল বলিয়া গান (?)
“নিসন্দে জানিহ তুমি॥”
কালিয়া নাগর কহে---     “সকলি কহিল তোহে
মরম সরম সব কথা।
বুঝিয়া যে কর তুমি     কি আর বলিব আমি
বড়ই হইল হিয়ার বেথা॥”

“ভাল, ভাল,” বলি কহে অতি স্নেহ প্রেমমোহে
“চল ভাই নিজ ঘরে যাই।”
সুবল সংহতি যাই   নন্দের মন্দিরে আই
দীন ক্ষীণ চণ্ডীদাস গাই॥

****************************









*
দুঁহু বাহে মধুর মুরলী
দীন ক্ষীণ চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, বংশীবাদন, ২১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কামোদ॥

দুঁহু বাহে মধুর মুরলী। ১
অপরূপ দুঁহু রস-কেলি॥
এক রন্ধ্রে দুজনে বাজায়।
রাধাকৃষ্ণ নাম উঠে তায়॥
রাই কহে শুন নাগর কান।
পূরল মনের অভিমান॥ ৬
সাধ ছিল শিখিতে মুরলী।
তাহাও শিখালে বনমালী॥
কানু কহে আর কি শিখিবে।
নিশ্চয় কহিবে তুমি এবে॥
হাসি ধনী ধরণে না যায়।
দীন ক্ষীণ চণ্ডীদাস গায়॥

১। বাহে --- বাজায়। ৬। অভিমান --- অভিলাষ।

****************************