চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

উঠিতে কিশোরী বসিতে কিশোরী
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, ভাব সম্মিলন, ২৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহই॥
(শ্রীকৃষ্ণের উক্তি।)

উঠিতে কিশোরী,     বসিতে কিশোরী,
কিশোরী হইল সারা (১)।
কিশোরী ভজন,     কিশোরী পূজন,
কিশোরী নয়ানতারা॥
গৃহ মাঝে রাধা,     কাননেতে রাধা,
রাধাময় সব দেখি।
শয়নেতে রাধা,     গমনেতে রাধা,
রাধাময় হলো আঁখি॥
স্নেহেতে রাধিকা,     প্রেমেতে রাধিকা,
রাধিকা আরতি পাশে।
রাধারে ভজিয়া,     রাধাবল্লভ নাম,
পেয়েছি অনেক আশে॥
শ্যামের বচন     মাধুরি শুনিয়া,
প্রেমানন্দে ভাসে রাধা।
চণ্ডীদাস কহে,     দোঁহার পিরীতি,
পরাণে পরাণ বাঁধা॥

(১) সার।

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, নিবেদন, ২৮৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ যথারাগ॥
(শ্রীকৃষ্ণের উক্তি।)

উঠিতে কিশোরী     বসিতে কিশোরী
কিশোরী হইল সারা।
কিশোরী ভজন     কিশোরী পূজন
কিশোরী নয়ান তারা॥
গৃহ মাঝে রাধা     কাননেতে রাধা
রাধাময় সব দেখি।
শয়নেতে রাধা     গমনেতে রাধা
রাধাময় হলো আঁখি॥
স্নেহেতে রাধিকা     প্রেমেতে রাধিকা
রাধিকা আরতি পাশে।
রাধারে ভজিয়া     রাধাবল্লভ নাম
পেয়েছি অনেক আশে॥
শ্যামের বচন     মাধুরী শুনিয়া
প্রেমানন্দে ভাসে রাধা।
চণ্ডীদাস কহে     দোহার পিরীতি,
পরাণে পরাণে বাঁধা॥

(১) খ্যাতি। (২) আছে।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, ভাব সম্মিলন, ২৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদটি রমণীমোহন মহাশয় একটি হস্তলিখিত গ্রন্থ থেকে নিয়েছিলেন।

॥ সুহই॥

উঠিতে কিশোরী,     বসিতে কিশোরী,
কিশোরী গলার হার।
কিশোরী ভজন,     কিশোরী পূজন,
কিশোরী চরণ সার॥
শয়নে স্বপনে,     গমনে কিশোরী,
ভোজনে কিশোরী আগে।
করে করে বাঁশী,     ফিরে দিবানিশি,
কিশোরীর অনুরাগে॥
কিশোরী চরণে,     পরাণ সঁপেছি,
ভাবেতে হৃদয় ভরা।
দেখহে কিশোরী,     অনুগত জনে,
করোনা চরণ ছাড়া॥
কিশোরী দাস,     আমি পীতবাস,
ইহাতে সন্দেহ যার।
কোটি যুগ যদি,     আমারে ভজয়ে,
বিফল ভজন তার।
কহিতে কহিতে,     রসিক নাগর,
তিতল নয়ন জলে।
চণ্ডীদাস কহে,     নবীন কিশোরী,
বঁধুরে করিল কোলে॥

****************************








*
একে সে সুন্দরী কনক পুতরি
একে যে সুন্দরী কনক পুতলী
একে যে সুন্দরী কনক পুতলি

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, দ্বিতীয় আস্বাদ, ৩৩২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বরাড়ী॥

একে সে সুন্দরী   কনক পুতরি   খঞ্জন লোচন তার।
বদন-কমলে   ভ্রমরা বুলয়ে   তিমির কেশের ধার॥
সই! নবীন বালিকা সে!
দৈব উপজিল  দেখিতে না পা’ল  সুমতি না দিল কে॥ ধ্রু॥
নজর উজরে   বরণ ছটায়   ধৈরজ উঠাইল যে।
সঙ্গে কেহো নাই   শুনহ ভাই   কাহারে সুধাব কে?
দন্ত যে দ্বিজ   দাড়িম্ব বীজ   ওষ্ঠ যে বিম্বক শোভা।
দেখিয়া জুলুফে   মদন কুলুফে   মন যে হলে লোভা॥
গলায় মাল   শোভিত ভাল   তাম্বুল বদনে তার।
চর্বিত চর্বণে   পড়িছে বদনে   শোভিত হিঙ্গুলধার॥
চণ্ডীদাসে বোলে   গিয়াছিল জলে   আইল আপন ঘরে।
রাজার ঝিয়ারি   সুন্দরী কুমারী   তুমি কি করিবে তারে॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়কের পূর্ব্বরাগ, ৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।


॥ শ্রীগান্ধার॥

একে যে সুন্দরী     কনক পুতলী,
খঞ্জন লোচন তার।
বদন কমলে,     ভ্রমরা বুলয়ে,
তিমির কেশের ধার॥
সই! নবীন বালিকা সেহ!
দেব উপজিল,   দেখিতে না পাইল,
সুমতি না দিল সেহ॥
নজরে নজরে,     পরাণে পরাণে
ধৈরজ উঠাইল যে।
সঙ্গে কেহ নাই,     শুনহ ভাই,
কাহারে সুধাবে কে॥
দন্তটি যে,       দাড়িম্ব বীজে,
ওষ্ঠ বিম্বক শোভা।
দেখিয়া জুলুফে,     মদন কুলুফে,
মন যে হইল লোভা॥
গলায় মাল,     শোভিছে ভাল,
তাম্বুল বদনে তার।
চর্ব্বিত চর্ব্বণে,     পড়িছে বদনে,
শোভিত পিন্ধন ধার॥
চণ্ডীদাস বলে,     গিয়াছিল জলে,
আইল পরাণ ঘরে।
রাজার ঝিয়ারি,     সুন্দরী নারী,
তুমি কি করিবে তারে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়কের পৃর্ব্বরাগ, ২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীগান্ধার॥

একে যে সুন্দরী     কনক পুতলী,
খঞ্জন লোচন তার।
বদন কমলে,     ভ্রমরা বুলয়ে,
তিমির কেশের ধার॥
সই! নবীন বালিকা সেহ (১) !
দেব উপজিল,   দেখিতে না পাইল,
সুমতি না দিল সেহ॥
নজরে নজরে,     পরাণে পরাণে
ধৈরজ উঠাইল যে।
সঙ্গে কেহ নাই,     শুনহ ভাই,
কাহারে সুধাবে কে॥
দন্তটি যে,       দাড়িম্ব বীজে,
ওষ্ঠ বিম্বক শোভা।
দেখিয়া জুলুফে,     মদন কুলুফে,
মন যে হইল লোভা॥
গলায় মাল,     শোভিছে ভাল,
তাম্বুল বদনে তার।
চর্ব্বিত (২) চর্ব্বণে,     পড়িছে বদনে,
শোভিত পিন্ধন ধার॥
চণ্ডীদাস বলে,     গিয়াছিল জলে,
আইল পরাণ ঘরে।
রাজার ঝিয়ারি,     সুন্দরী নারী,
তুমি কি করিবে তারে॥


(১) সে। (২) পানের পিক্।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।


॥ শ্রীগান্ধার॥

একে যে সুন্দরী     কনক পুতলি,
খঞ্জন লোচন তার।
বদন কমলে     ভ্রমরা বুলয়ে ৩
তিমির কেশের ধার॥
সই, নবীন বালিকা সে।
দৈবে উপজিল   দেখিতে না পাইল ৬
সুমতি না দিল কে॥
নজরে উজরে     পরাণ ছটয়ে
ধৈরজ উঠাল যে।
সঙ্গে কেহ নাই     শুন কহি ভাই
কাহারে সুধাব কে॥ ১১
দন্ত দ্বিজ       দাড়িম্ব বীজ
ওষ্ঠ বিম্বক শোভা।
দেখিয়া যুবকে     মদন কোপে ১৪
মনেতে হইল লোভা॥
গলায় মাল     শোভিত ভাল
তাম্বুল বদনে তার।
চর্ব্বিত চর্ব্বণে     পড়িছে বদনে
বহিছে পিঙ্গল ধার॥ ১৯
চণ্ডীদাস বলে     গিয়াছিল জলে
আইল আপন ঘরে। ২১
রাজার ঝিয়ারি     সুন্দরী নাগরী
তুমি কি করিবে তারে॥


টীকা -
৩ – বুলয়ে --- ভ্রমণ করে।
৬ - দেব উপজিল --- পাঠাস্তর।
৮ - নজরে নজরে পরাণে পরাণে --- পাঠান্তর।
আমার পুথির পাঠের এইরূপ অর্থ হয় ;--- তাহার উজ্জ্বল দৃষ্টিতে প্রাণ ছট্ ফট্ করিতেছে ও ধৈর্য্য লোপ পাইতেছে।
১১ - দন্তদ্বিজ – দন্ত দুইবার হয়, তাই দ্বিজ।
দন্তটি যে --- পাঠান্তর।
১৪ - যুবতীকে দেখিয়া মদনের উদ্রেক হয়। কোথাও এই বিকট পাঠ আছে, --- দেখিয়া জুলুফে মদন কুলুফে....
১৯ - শোভিত পিঙ্গল ধার --- পাঠান্তর।
পিঙ্গল ধার --- পিঙ্গল বর্ণের ধারা।
২১ - আইল পরাণ ঘরে --- পাঠান্তর।

****************************









*
এ ধনি! এ ধনি! বচন শুন
এধনি এধনি বচন শুন

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, প্রথম আস্বাদ, ৩২৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ পঠমঞ্জরী॥

এ ধনি! এ ধনি! বচন শুন। নিদান দেখিয়া আইলু পুনঃ॥
দেখিতে দেখিতে বাঢ়য়ে ব্যাধি। যত তত করি ন হয়ে সুধি॥
সোণার বরণ হইল শ্যাম। সোঙরি সোঙরি তোহারি নাম॥
শুতল ভূতল সোঙরি রাধা। একই বচন না শুনি আধা॥
না চিনে মানুষ নিমিষ নাই। কাঠের পুতলি রহিলা চাই॥
তুলাখানি দিল নাসিকা-কাছে। তবে সে বুঝিল শোয়াস আছে॥
আছয়ে শ্বাস না রহে জীব। বিলম্ব না সহে আমার দিব্॥
চণ্ডীদাস কহে বিরহবাধা। কেবল মরমে ঔষধ রাধা॥

এই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর (রাধামোহন দাস) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, ১২০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ পূরবীরাগছুটাতালাভ্যাং গীয়তে॥

এ ধনি এ ধনি বচন শুন। নিদান দেখিয়া অইলু পুন॥ ধ্রু॥ দেখিতে দেখিতে বাঢ়ল ব্যাধি। যত তত করি না হএ সুধি॥ না বান্ধে চিকুর না পরে চীর। না খাএ আহার না পিএ নীর॥ সোণার বরণ হইল শ্যাম। সোঁওরি২ তোঁহারি নাম॥ না চিহ্ণে মানুখ নিমিখ নাই। কাঠের পুতলি আছএ চাই॥ তুলা আনি দিলু নাসিকা কাছে। তবে সে বুঝিলু শ্বাস আছে॥ আছএ শ্বাস নারহে জীব। বিলম্ব না সহে আমার দীব॥ চণ্ডীদাসে কয় বিরহ বাধা। কেবল মরমে ঔখদ রাধা॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের আপ্তদূতী, ১০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

এধনি এধনি বচন শুন,
নিদান দেখিয়া আইনু পুন।
না বাঁধে চিকুর না পরে চীর ;
না খায় আহার না পিয়ে নীর।
দেখিতে দেখিতে বাঢ়ল ব্যাধি,
যত তত করি নহিয়ে সুধি।
সোণার বরণ হইল শ্যাম,
সোঙরি সোঙরি তেহারি নাম,
না চিহ্ণে মানুখ নিমিখ নাই,
কাঠের পুতলি রহিছে চাই।
তুলা খানি দিলে নাসিকা মাঝে,
তবে সে বুঝিনু শোয়াস আছে।
আছয়ে শ্বাস, না রহে জীব ;
বিলম্ব না কর আমার দিব।
চণ্ডীদাস কহে বিরহ বাধা ;
কেবল মরমে ঔখদ রাধা।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের আপ্তদূতী, ৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

এধনি এধনি বচন শুন।
নিদান দেখিয়া আইনু পুন॥
নাবাঁধে চিকুর নাপরে চীর (১)।
নাখায় আহার নাপিয়ে নীর॥
দেখিতে দেখিতে বাঢ়ল ব্যাধি।
যত তত করি নহিয়ে সুধি॥
সোণার বরণ হইল শ্যাম।
সোঙরি (২) সোঙরি তোহারি নাম॥
নাচিহ্ণে (৩) মানুখ (৪) নিমিখ নাই।
কাঠের পুতলি রহিছে চাই॥
তুলাখানি দিলে নাসিকা মাঝে।
তবে সে বুঝিনু শোয়াস (৫) আছে॥
আছয়ে শ্বাস নারহে জীব (৬)।
বিলম্ব নাকর আমার দিব (৭)॥
চণ্ডীদাস কহে বিরহ বাধা।
কেবল মরমে ঔখদ (৮) রাধা॥

(১) বস্ত্র (২) শ্বরণ করিয়া। (৩) চিনিতে পারে না। (৪) মানুষ। (৫) শ্বাস। (৬) জীবন। (৭) দিব্য। (৮) ঔষধ।

এইপদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তিরোতা ধানশী॥

এ ধনি এ ধনি বচন শুন।
নিদান দেখিয়া আইনু পুনঃ॥
না বাঁধে চিকুর না পরে চীর।
না খায় আহার না পিয়ে নীর॥
দেখিতে দেখিতে বাড়ল ব্যাধি।
যত তত করি নহিয়ে সুধী॥
সোনার বরণ হইল শ্যাম।
সোঙরি সোঙরি তোহারি নাম॥
না চিনে মানুষ নিমিখ নাই।
কাঠের পুতলি রহিছে চাই॥
তুলা খানি দিলে নাসিকামাঝে।
তবে সে বুঝিনু শোয়াস আছে॥
আছয়ে শ্বাস না রহে জীব।
বিলম্ব না কর আমার দিব॥
চণ্ডীদাস কহে বিরহ বাধা।
কেবল মরমে ঔষদ রাধা॥

টীকা - ১ - নিদান --- শেষ দশা। ১৫ - বাধা --- ব্যাধি।

****************************









*
ঐছন শুনইতে মুগধ রমণী
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, রসোদ্গার, ১০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

ঐছন শুনইতে, মুগধ রমণী।
সখীগণ ইঙ্গিতে, অবনত বয়নী॥
লাজে বচন নাহি করে পরকাশ।
সখীগণে কহইতে, প্রিয়তম ভাষ॥
কহইতে না কহসি, রজনীকো কাজ।
আমার শপখি তোরে যদি কর লাজ॥
পহিল (১) সমাগমে, হইল যত সুখ।
পুনহি মিলনে পাওব কত সুখ॥
ঐছন বচন শুনি, কহে মৃদু ভাষি।
চণ্ডীদাস ইহ রস পরকাশী॥ @

(১) প্রথম।
@ - পদসমুদ্র ১৬০৬।
পদসমুদ্র গ্রন্থটি সম্বন্ধে গ্রন্থের সংকলক কবি আউল মনোহর দাসের পাতায় এই নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেই পাতায় যেতে এখানে ক্লিক করুন...। --- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সম্ভোগ-ম্মৃতি, ১০২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

ঐছন শুনইতে মুগধ রমণী।
সখীগণ ইঙ্গিতে অবনতবয়নী॥
লাজে বচন নাহি করে পরকাশ।
সখীগণে কহইতে প্রিয়তম ভাষ॥
কহইতে না কহসি রজনীক কাজ।
আমার শপখি তোরে যদি কর লাজ॥
পহিল সমাগমে হইল যত সুখ।
পুনহি মিলনে পাওব কত সুখ॥
ঐছন বচন শুনি কহে মৃদু ভাষি। ৯
চণ্ডীদাস ইহ রস পরকাশী॥ ১০

৯। ভাষি---ভাষায়, কথা কহিয়া।
১০। পরকাশি---প্রকাশ করিতেছেন।

****************************









*
ও সই! আর না বলিহ মোরে
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।



॥ শ্রীরাগ॥

ও সই! আর না বলিহ মোরে।
পিরীতি বলিয়া,     দারুণ আখর,
বলিতে নয়ন ঝুরে॥
পিরীতি আরতি,     কভু না স্মরিব,
শয়ন স্বপন মনে।
পিরিতি নগরে,     বসতি তেজিব
রাহিব গহন বনে॥
পিরীতি অবশ,     পরাগ লাগিয়া,
তেজিব নিকুঞ্জ বাস।
পিরীতি বেয়াধি,    ছাড়িলে না ছাড়ে
ভালে জানে চণ্ডীদাস॥

****************************








*
ওঝা বেঝা আন গিয়া পাইয়াছে ভূতা
রোঝা ওঝা আন গিয়া পেয়েছে কি ভূতা

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, নবম আস্বাদ, ১৪৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ আশাবরী॥ [কাচিদাহ]

ওঝা বেঝা আন গিয়া পাইয়াছে ভূতা। কাঁপি ঝাপি উঠে এই বৃষভানুসুতা॥
কালা কুমর হিরণ-বসন যবে পড়ে মনে। মুরুছি পড়িয়া কান্দে ধরি ভুমখানে॥
রক্ষা অক্ষা পড়ে মন্ত্র ধরি ধনীচুলে। সভে বোলে আনি দেহ কালা গলার ফুলে॥
চেতন পাইয়া তবে উঠিবেক বালা। ভূত প্রেত যাইবেক ঘুচিবে অঙ্গজ্বালা॥
চণ্ডীদাস কহে তুমি যারে বোলো ভূত। শ্যাম চিকন সে নন্দের ঘরে পুত॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

রোঝা ওঝা আন গিয়া পেয়েছে কি ভূতা। ১
কাঁপি কাঁপি উঠে ঐ বৃকভানুসুতা॥
কানাই কোঙর চিকণ যবে পড়ে মনে। ৩
মূরছি পড়িয়া ধনী কাঁদে ভূম খানে॥ ৪
রক্ষা অক্ষা পড়ে মন্ত্র ধরি ধনীর চুলে। ৫
কেহ বলে আনি দেহ কালার গলার ফুলে॥
কালিয়া কোঙর থাকে কদম্বের ডালে।
বালিকা দেখিয়া পাইয়াছে শিশু কালে॥
চেতন পাইয়া তবে উঠিবেক বালা।
ভূত প্রেত ঘুচিবেক যাবে অঙ্গের জ্বালা॥
চণ্ডীদাস কহে সবে যারে কহ ভূত।
সে শ্যাম কালিয়া চিকণ নন্দ ঘোষের পূত॥ ১২

টীকা -
১ - রোঝা আানি গিয়া পাছে আছে ভূতা --- পাঠান্তর।
৩-৪ - চিক্কণ বর্ণের কানাই কুমার।
কালিয়া কোঙর হিরণ পিঁধন যবে পড়ে মনে।
মুরছি পড়িয়া কাঁদে ধরি ভূম খানে॥ --- পাঠান্তর।
৫ - রক্ষা-মন্ত্র --- যে মন্ত্র উচ্চারণ করিলে ভুতের হাত হইতে রক্ষা পাওয়া যায়। অক্ষা কথাটার কোন অর্থ নাই।
১২ - শ্যাম চিকনিয়া সে নন্দ ঘোষের পূত। --পাঠান্তর।

****************************







*
কালিয়া বরণ হিরণ বসন
কালিয় বরণ হিরণ-পিঁধন
কালিয়া বরণ হিরণ পিন্ধন

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, চতুর্দশাস্বাদ, ১৫৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

কালিয়া বরণ   হিরণ বসন   যখন পড়য়ে মনে।
মুরুছি পড়িয়া   কাঁদয়ে ধরিয়া   সব সখী জনে জনে॥
কেহো কহে মাই   ওঝারে ঝাড়াই   রাইয়েরে পেয়েছে ভূতা।
কাঁপি কাঁপি উঠে   কহিলে না টুটে   সে যে বৃষভানুসুতা॥
রক্ষামন্ত্র পড়ে   নিজ চূড়ে ঝাড়ে   কেহো বা কহয়ে ছলে।
আনি দিব তোহে   কহিল নিচয়ে   কালার গলার ফুলে॥
কহে চণ্ডীদাসে   আন উপদেশে   কুলের বৈরী কালা।
দেখাও যতনে   পাইবে চেতনে   ঘুচিবে অঙ্গের জ্বালা॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়িকার পূর্ব্বরাগ, ৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

কালিয় বরণ,     হিরণ-পিঁধন, (১)
যখন পড়য়ে মনে।
মূরছি পড়িয়া,     কাঁদয়ে ধরিয়া,
সব সখী জনে জনে॥
কেহ কহে মাই,   ওঝা দে (২) ঝাড়াই,
রাইয়েরে পেয়েছে ভূতা। (৩)
কাঁপি কাঁপি উঠে,     কহিলে না টুটে,
সে যে বৃষভানু-সুতা॥
রক্ষামন্ত্র পড়ে,     নিজ চুলে ঝাড়ে,
কেহ বা কহয়ে ছলে।
নিশ্চয় কহি যে,     আনি দেও এবে,
কালার গলার ফুলে॥
{পাইলে সে ফুল,     চেতন পাইয়া
তবে উঠিবেক বালা॥
ভূত-প্রেত আদি,     ঘুচিয়া যাইবে,
যাইবে অঙ্গের জ্বালা॥} (৪)
{কহে চণ্ডীদাসে,     আন উপদেশে,
কুলের বৈরী যে কালা।
দেখাও যতনে,     পাইবে চেতনে,
ঘুচিবে অঙ্গের জ্বালা॥} (৫)

(১) হিরণ্য পরিধান অর্থাৎ পীতাম্বর।
(২) দিয়া।
(৩) ভূত, প্রেত।
৪। একখানি হস্তলিখিত গ্রন্থ হইতে এই চরণ কয়েকটী গৃহীত। অপর এক- খানিতে এইরূপ --- “চেতন পাইয়া উঠিবেক বালা। ভুত প্রেত ঘুচিবে যাইবে অঙ্গের জ্বালা॥
৫। সেই দ্বিতীয় গ্রন্থে ---
চণ্ডীদাস কহে যারে কহ ভূতা।
শ্যাম চিকণ কালিয়া সে নন্দের ঘরের পুতা॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

কালিয় বরণ,     হিরণ-পিঁধন, (১)
যখন পড়বে মনে।
মূরছি পড়িয়া,     কাঁদয়ে ধরিয়া,
সব সখী জনে জনে॥
কেহ কহে মাই,   ওঝা দে (২) ঝাড়াই,
রাইয়েরে পেয়েছে ভূতা। (৩)
কাঁপি কাঁপি উঠে,     কহিলে না টুটে,
সে যে বৃষভানু-সুতা॥
রক্ষামন্ত্র পড়ে,     নিজ চুলে ঝাড়ে,
কেহ বা কহয়ে ছলে।
নিশ্চয় কহি যে,     আনি দেও এবে,
কালার গলার ফুলে॥
পাইলে সে ফুল,     চেতন পাইয়া
{ তবে উঠিবেক বালা॥
ভূত-প্রেত আদি,     ঘুচিয়া যাইবে, } (৪)
যাইবে অঙ্গের জ্বালা॥
কহে চণ্ডীদাসে,     আন উপদেশে,
কুলের বৈরী যে কালা।
দেখাও যতনে,     পাইবে চেতনে,
ঘুচিবে অঙ্গের জ্বালা॥

(১) হিরণ্য পরিধান অর্থাৎ পীতাম্বর। (২) দিয়া। (৩) ভুত। (৪) {…} একখানি হস্ত লিখিত গ্রন্থ হইতে গৃহীত। প্রাচীন কাব্য-সংগহ॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

কালিয়া বরণ     হিরণ পিন্ধন
যখন পড়য়ে মনে।
মূরছি পড়িয়া     কাঁপয়ে ধরিয়া
সব সখী জনে জনে॥
কেহ বলে মাই     ওঝারে ঝাড়াই
রাইয়েরে পেয়েছে ভূতা।
কাঁপি কাঁপি উঠে     কহিলে না টুটে
সে যে বৃকভানুসুতা॥
রক্ষা-মন্ত্র পড়ে     নিজ চুলে ঝাড়ে
কেহ বা কহয়ে ছলে।
“নিশ্চর কহি যে     আনি দাও এবে
কালার গলার ফুলে॥
পাইলে সে ফুল     চেতন পাইয়া
তবে উঠিবেক বালা।
ভূত প্রেত আদি     ঘুরিয়া যাইবে
যাইবে অঙ্গের জ্বালা।”
কহে চণ্ডীদাসে     আন উপদেশে ১৭
কুলের বৈরী যে কালা।
দেখাও যতনে     পাইবে চেতনে
ঘুচিবে অঙ্গের জালা॥ ২০

টীকা -
১৭-২০ - চণ্ডীদাস কিন্তু অন্য উপদেশ দিতেছেন। ফুল আনিলে হইবে না, স্বয়ং শ্রীকৃষ্ণকে আনিয়া দেখাও সব ভাল হইয়া যাইবে।

****************************








*
কেহ হও দাম শ্রীদাম সুদাম
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, রাই রাখাল, ৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহই॥

কেহ হও দাম,     শ্রীদাম সুদাম,
সুবলাদি যত সখা।
চল যাব বনে,     নটবর সনে,
কাননে করিব দেখা॥
পর পীত ধড়া,     মাথে বান্ধ চূড়া,
বেণু লও কেহ করে।
হারে রে রে বোল,   কর উচ্চ রোল,
যাইব যমুনা তীরে॥
পর ফুল মালা,     সাজাহ অবলা,
সবারে যাইতে হবে।
দাম বসুদাম,     সাজ বলরাম,
যাইতে হইবে সবে॥
যোগমায়া তখন,     কহিছে বচন,
রাখাল সাজহ রাই।
চণ্ডীদাসে ভণে,     দেখিগে নয়নে,
আমি তব সঙ্গে যাই॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, গোষ্ঠ লীলা, ৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাই রাখাল
॥ সুহই॥

কেহ হও দাম     শ্রীদাম সুদাম
সুবলাদি যত সখা।
চল যাব বনে     নটবর সনে
কাননে করিব দেখা॥
পর পীতধড়া     মাথে বাঁধ চূড়া
বেণু লও কেহ করে।
হারে রে রে বোল   কর উচ্চ রোল
যাইব যমুনাতীরে॥
পর ফুলমালা     সাজাহ অবলা
সবারে যাইতে হবে।
দাম বসুদাম     সাজ বলরাম
যাইতে হইবে সবে॥
যোগমায়া তখন     কহিছে বচন
রাখাল সাজহ রাই।
চণ্ডীদাস ভণে     দেখিগে নয়নে
আমি তব সঙ্গে যাই॥

****************************









*
কুলের বৈরী হইল মুরলী
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৩৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

কুলের বৈরী,     হইল মুরলী,
করিল সকল নাশে।
মদন কিরাতি,     মধুর যুবতী,
ধরিতে আইল দেশে॥
সই জীবন মন নেয় বাঁশী।
পিরীতি আটা,     ননদী কাঁটা,
পড়সি হইল ফাঁসি॥
বৃন্দাবন মাঝে,     বেড়ায় সাজে,
ধরিতে যুবতী জনা।
যমুনার কূলে,     গাছের তলে,
বসিয়া করিল থানা॥
এক পাশ হৈয়া,     থাকি লুকাইয়া,
দেখি যে বসিল পাখী।
ধীরে ধীরে যাই,     তাহা পানে চাই,
আনলা চালায় দেখি।
গাছের ডালে,     বসিয়া ভালে,
তাক করে এক দিঠে।
জড়াল আটা,     লাগায় কাঁটা,
লাগিল পাখীর পীঠে॥
পড়িয়া ভুমেতে,     ধরফড়াইতে,
কিরাতে ধরিল পাখে।
পাখে পাখা দিয়া,     বাঁধিল টানিয়া,
ঝুলিতে ভরিয়া রাখে॥
চণ্ডীদাস কয়,     মহাজন হয়,
কিনিয়া লয় সে পাখী।
ছাড়িয়া দেয়,     পাখায় ধোয়ায়,
তবে সে এড়ান দেখি॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

কুলের বৈরী,     হইল মুরলী,
করিল সকল নাশে।
মদন কিরাতি (১),     মধুর যুবতী,
ধরিতে আইল দেশে॥
সই জীবন মন নেয় বাঁশী।
পিরীতি আটা,     ননদী কাঁটা,
পড়সি হইল ফাঁসি॥
বৃন্দাবন মাঝে,     বেড়ায় সাজে,
ধরিতে যুবতী জনা।
যমুনার কূলে,     গাছের তলে,
বসিয়া করিল থানা॥
এক পাশ হৈয়া,     থাকি লুকাইয়া,
দেখি যে বসিল পাখী।
ধীরে ধীরে যাই,     তাহা পানে চাই,
আনলা চালায় দেখি।
গাছের ডালে,     বসিয়া ভালে,
তাক করে এক দিঠে।
জড়াল আটা,     লাগায় কাঁটা,
লাগিল পাখীর পীঠে॥
পড়িয়া ভূমেতে,     ধর-ফড়াইতে,
কিরাতে ধরিল পাখে।
পাখে পাখা দিয়া,     বাঁধিল টানিয়া,
ঝুলিতে ভরিয়া রাখে॥
চণ্ডীদাস কয়,     মহাজন হয়,
কিনিয়া লয় সে পাখী।
ছাড়িয়া দেয়,     পাখায় ধোয়ায়,
তবে সে এড়ান দেখি॥

(১) মদন ব্যাধ।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ ধানশী॥

কুলের বৈরী     হইল মুরলী
করিল সকল নাশে।
মদন কিরাতি     মধুর যুবতী
ধরিতে আইল দেশে॥
সই, জীবন মন নেয় বাঁশী।
পীরিতি আটা     ননদী কাঁটা
আনলা হইল বাঁশী॥
বৃন্দাবনমাঝে     বেড়ায় সেজে
ধরিতে যুবতী জনা।
যমুনার কূলে     গাছের তলে
বসিয়া করিল থানা॥
এক পাশ হৈয়া     থাকি লুকাইয়া
দেখে যে বসিল পাখী।
ধীরি ধীরি যায়     তার পানে চায়
আনলা চালায় দেখি।
গাছের ডালে     বসিয়া ভালে
তাক করে এক দিঠে।
জড়াল আটা     লাগায় কাঁটা
লাগিল পাখীর পিঠে॥
পড়িয়া ভূমেতে     ধরফড়াইতে
কিরাতে ধরিল পাখে।
পাখে পাখা দিয়া     বাঁধিল টানিয়া
ঝুলিতে ভরিয়া রাখে॥
চণ্ডীদাস কয়     মহাজন হয়
কিনিয়া লয় যে পাখী।
পাখা খুলি দেয়   পাখা সে ধোয়ায়
তবে সে এড়ান দেখি॥

৭। আনলা---নল। ব্যাধেরা নলের অগ্রে সূচী বা আঠা রাখিয়া তদ্দ্বারা পক্ষী ধরিয়া থাকে।
১১। থানা---আড্ডা।
১৭। তাক---লক্ষ্য।

****************************









*
কানুর পিরীতি কুহকের রীতি
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তুড়ি॥

কানুর পিরীতি,     কুহকের রীতি,
সকলি মিছাই রঙ্গ।
দড়া দড়ি লৈঞা,     গ্রামেতে চড়িয়া,
ফিরয়ে করিয়ে সঙ্গ॥
সই! কানু বড় জানে বাজি।
বাঁশ বংশী ধারি,     মদন সঙ্গে করি,
ঢোলক ঢালক সাজি॥
মদন ঘুরিয়া,     বেড়ায় ফিরিয়া,
যুবতী বাহির করে।
দুইটী গুটিয়া,     ফেলাঞা লুফিয়া,
বুকের উপর ধরে॥
ধীরি ধীরি যায়,     ভঙ্গী করি চায়,
রঙ্গ দেখে সব লোকে।
দড়ায়ে পায়ে,     উঠয়ে তাহে,
থাকি থাকি দেই ঝোঁকে।
মুকুতা প্রবাল     উগরে সকল,
আর বহু মূল্য হীরা।
একবার আসি,     উগরে রাশি,
নাচিয়া বেড়ায় ফিরা॥
কতক্ষণ বই,     বাঁশ হাতে লই,
যুবতী হিয়ায় পাড়ে।
জঙ্ঘে জঙ্ঘ দিয়া,   পায়েতে ছান্দিয়া,
বাঁশের উপর চড়ে॥
চড়িয়া উপরে,     ঝুলিয়া পড়য়ে,
চুম্বই যুবতী মুখে।
মুখে মুখ দিয়া,     পান গুয়া নিয়া,
ঘুরিয়া বেড়ায় সুখে॥
লোক নহে রাজি,   কেমন সে বাজি ;
রমণী ভুলাবার তরে।
চণ্ডীদাস কয়,     বাজি মিছে নয়,
রঙ্গ কে বুঝিতে পারে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

কানুর পিরীতি,    কুহকের (১) রীতি,
সকলি মিছাই রঙ্গ।
দড়াদড়ি লৈঞা (২),   গ্রামেতে চড়িয়া,
ফিরয়ে করিয়ে সঙ্গ॥
সই! কানু বড় জানে বাজি।
বাঁশ বংশীধারি,     মদন সঙ্গে করি,
ঢোলক ঢালক সাজি॥
মদন ঘুরিয়া,     বেড়ায় ফিরিয়া,
যুবতী বাহির করে।
দুইটী গুটিয়া,     ফেলাঞা লুফিয়া,
বুকের উপর ধরে॥
ধীরি ধীরি যায়,     ভঙ্গী করি চায়,
রঙ্গ দেখে সব লোকে।
দড়ায়ে পায়ে (৩),     উঠয়ে তাহে,
থাকি থাকি দেই ঝোঁকে।
মুকুতা প্রবাল     উগরে (৪) সকল,
আর বহুমূল্য হীরা।
একবার আসি,     উগরে রাশি,
নাচিয়া বেড়ায় ফিরা॥
কতক্ষণ বই (৫),     বাঁশ হাতে লই,
যুবতী হিয়ায় পাড়ে।
জঙ্ঘে জঙ্ঘ দিয়া,   পায়েতে ছান্দিয়া,
বাঁশের উপর চড়ে॥
চড়িয়া উপরে,     ঝুলিয়া পড়য়ে,
চুম্বই যুবতী মুখে।
মুখে মুখ দিয়া,     পান গুয়া নিয়া,
ঘুরিয়া বেড়ায় সুখে॥
লোক নহে রাজি,     কেমন সে বাজি,
রমণী ভুলাবার তরে।
চণ্ডীদাস কয়,     বাজি মিছে নয়,
রঙ্গ কে বুঝিতে পারে॥

(১) বাজিকরের।
(২) লইয়া।
(৩) পায়ে দড়ি জড়াইয়া।
(৪) উদ্গীরণ করে।
(৫) পরে।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকষ্ণের স্বয়ং দৌত্য (বাদিয়াবেশে), ৪১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বাজিকর-বেশে
॥ তুড়ি॥

কানুর পিরিতি     কুহকের রীতি
সকলি মিছাই রঙ্গ।
দড়াদড়ি লয়ে     গ্রামেতে চড়িয়ে ৩
ফিরয়ে করিয়ে সঙ্গ॥
সই কানু বড় জানে বাজি।
বাঁশ বংশী ধরি   মদন সঙ্গে করি ৬
ঢোলক ঢালক সাজি॥ ৭
মদন ঢুলিয়া     বেড়ায় ফিরিয়া ৮
যুবতী বাহির করে।
দুইটী গুটিকা     লুফিয়া ফেলায়ে
বুকের উপরে ধরে॥
দড়ায়ে পায়ে     উঠয়ে তাহে ১২
থাকি থাকি দেই ঝোঁকে। ১৩
ধীরি ধীরি যায়     ভঙ্গী করি চায়
রঙ্গ দেখে সব লোকে।
পূরাটি আনিয়া     ডিমটি খুলিয়া ১৬
দেখায় যাহাকে তাকে।
উড়াইয়া দিয়া     পূরাটি ঝরিয়া
ঝুলির ভিতরে রাখে॥
মুকুতা প্রবাল     উগরে সকল
আর বহু মল্য হীরা।
একবার আসি     উগরয়ে রাশি
নাচিয়া বেড়ায় ফিরা॥
কতক্ষণ বই     বাঁশ হাতে লই,
যুবতী হিয়ায় গাড়ে। ২৫
জাঙ্গে জাঙ্গে দিয়া   পায়েতে ছাঁদিয়া
রাইএর আঙ্গিনায় পড়ে॥ ২৭
বাঁশের উপরে     ঝুলিয়া পড়য়ে ২৮
চুম্বই যুবতী মুখে।
মুখে মুখ দিয়া     নেছে গুয়া দিয়া
ঘুরিয়া বুলয়ে সুখে॥ ৩১
এ মদ মদন       জানিয়া কদন
তারে ডাকে আঁখির ঠারে।
মোর মনোগিত     নহে কদাচিত
ফুকারী ডাকয়ে তারে॥
লোক নহে রাজি     কেমন এ বাজি
রমণী ভুলাবার তরে।
চণ্ডীদাস কয়     বাজি মিছা নয়
রঙ্গ কে বুঝিতে পারে॥

টীকা -
৩ - চড়িয়ে --- প্রবেশ করিয়া।
৬-৭ - বাঁশ বংশী ধরি --- বাঁশ বংশীধারী --- পাঠান্তর। বাঁশ বাঁশী ও ঢোলক লইয়া বাজিকর সাজিয়া বেড়ায়। তাহার সঙ্গে মদন আছে ; অর্থাৎ সে রূপদর্শনে যুবতী-হৃদয়ে মদনের সঞ্চার হয়।
৮- মদন ঢুলিয়া --- মদন ঘুরিয়া পাঠান্তর।
১২-১৩ - মসটিয়া মাটী, লাগায় নিন্দাটি সুত
বাহির করে নাকে। পাঠাস্তর।
১৬ - পূরা --- থলিয়া।
২৫ - গাড়ে --- প্রোথিত করে। পাড়ে ---- পাঠান্তর।
শ্রীকৃষ্ণ হাতে বাঁশ লইলেন, যুবতীহৃদয়ে তাহা যেন বিদ্ধ হইল। অর্থাৎ তাঁহাকে দেখিয়া যুবতীগণ মদনব্যথা পাইল।
২৭ - বাশের উপরে চড়ে --- পাঠান্তর।
২৮-৩১ -
চড়িয়া উপারে     ঝুলিয়া পডয়ে
চুম্বই যুবতী মুখে।
মুখে মুখ দিয়া     পান গুয়া নিয়া
ঘুড়িয়া বেড়ায় সুখে॥ পাঠান্তর।


****************************