চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

ছিছি মানের লাগি শ্যাম বন্ধুরে
ছিছি মানের লাগি শ্যাম বঁধুরে

চণ্ডীদাস
এই পদটি ১৮৪৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, গ্রন্থের ৯৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। আমাদের সংগ্রহের গ্রন্থের বেশীটাই প্রায় অপাঠ্য। যথাসম্ভব পাঠোদ্ধার করে এখানে তোলা হলো। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥ ছিছি মানের লাগি শ্যাম বন্ধুরে হারাইয়াছি-
লাম। শ্যামল সুন্দর মধুর মূরতী পরশে শীতল হইলাম॥
শ্রীমধুমঙ্গলে আন কুতূহলে ভুঞ্জাও ওদন দধি। হারা যেন
ধন পুনহি মিলল সদয় হইল বিধি॥ নিজ সুখ রসে পাপি-
নী পরশে নাজানে প্রিয়াক সুখ। কহে চণ্ডীদাসে এলাগি
আমার মনেতে উঠয়ে দুঃখ॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, খণ্ডিতা, ৫৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

ছিছি মানের লাগি,     শ্যাম বঁধুরে,
হারাইয়াছিলাম।
শ্যামল সুন্দর,     মধুর মূরতি,
পরশে শীতল হৈলাম॥
শ্রীমধুমঙ্গলে,     আন কুতূহলে,
ভুঞ্জাও ওদন দধি।
হারাধন যেন,     পুনহি মিলল,
সদয় হইল বিধি॥
নিজ সুখরসে,     পাপিনী পরশে,
না জানে পিয়াক সুখ।
কহে চণ্ডীদাসে,     এ লাগি আমার,
মনেতে উঠয়ে দুখ॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, মান, ২১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

ছিছি মানের লাগি,     শ্যাম বঁধুরে,
হারাইয়া ছিলাম।
শ্যামল সুন্দর,     মধুর মূরতি,
পরশে শীতল হৈলাম॥
শ্রীমধুমঙ্গলে (১),     আন কুতূহলে,
ভুঞ্জাও (২) ওদন (৩) দধি।
হারাধন যেন,     পুনহি মিলল,
সদয় হইল বিধি॥
নিজ সুখরসে,     পাপিনী পরশে,
না জানে পিয়াক সুখ।
কহে চণ্ডীদাসে,     এ লাগি আমার,
মনেতে উঠয়ে দুখ॥

১। বিশেষ রহস্যকারী বিদূষক দল। তার মধ্যে বিশেষতঃ শ্রীমধুমঙ্গল॥
শ্রীকৃষ্ণ থাকেন যবে প্রিয়জন সনে। তথায় যাইতে নারে নর্ম্ম সখাগণে॥
--- ভক্তমাল।
২। ভোজন করাও।
৩। অন্ন।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, কলহান্তরিতা, ১১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীর উক্তি
॥ ধানশী॥

ছি ছি মানের লাগি     শ্যাম বঁধুরে
হারাইয়া ছিলাম।
শ্যামল সুন্দর     মধুর মূরতি
পরশে শীতল হৈলাম॥
শ্রীমধুমঙ্গলে     আন কুতূহলে
ভুঞ্জাও ওদন দধি।
হারা-ধন যেন     পুনহি মিলল
সদয় হইল বিধি॥
নিজ সুখরসে     পাপিনী পরশে
না জানে পিয়ার সুখ।
কহে চণ্ডীদাসে     এ লাগি আমার
মনেতে উঠয়ে দুখ॥

****************************







*
ছিছি দারূণ মানের লাগিয়া
ছি ছি দারুণ মানের লাগিয়া

চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, মান, ২১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহই॥

ছিছি দারূণ,     মানের লাগিয়া,
বন্ধুরে হারাইয়া ছিলাম।
শ্যাম সুন্দর,     রূপ মনোহর,
দেখিয়া পরাণ পেলাম॥
সই! জুড়াইল মোর হিয়া।
শ্যাম অঙ্গের,     শীতল পবন,
তাহার পরশ পাইয়া॥ ধ্রূ।
তোরা সখিগণ,     করাহ সিনান,
আনিয়া যমুনা নীরে।
আমার বন্ধুর,     যত অমঙ্গল,
সকল যাউক দূরে॥
শ্রীমধু মঙ্গলে,     আনহ সকলে,
ভুঞ্জাহ পায়স দধি।
বন্ধুর কল্যাণে,     দেহ নানা দানে,
আমারে সদয় বিধি॥
কহে চণ্ডীদাস,     শুনহ নাগর,
এমত উচিত নয়।
না দেখিলে যুগ     শতেক মানয়ে,
ইথে কি পরাণ রয়॥

(১) ---
বিশেষ রহস্যকারী বিদুষক দল। তার মধ্যে বিশেষতঃ শ্রীমধুমঙ্গল॥
শ্রীকৃষ্ণ থাকেন যবে প্রিয়গণ সনে। তথায় যাইতে নারে নর্ম্ম সখাগণে॥
--- ভক্তমাল।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, কলহান্তরিতা, ১১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীর উক্তি
॥ সূহই॥

ছি ছি দারুণ     মানের লাগিয়া
বঁধুরে হারায়ে ছিলাম।
শ্যামসুন্দর     রূপ মনোহর
দেখিয়া পরাণ পেলাম॥
সই, জুড়াইল মোর হিয়া।
শ্যাম অঙ্গের     শীতল পবন
তাহার পরশ পাইয়া॥
তোরা সখিগণ     করহ সিনান
আনিয়া যমুনা-নীরে।
আমার বঁধুর     যত অমঙ্গল
সকল যাউক দূরে॥
শ্রীমধুমঙ্গলে     আনহ সকলে
ভুঞ্জাহ পায়স দধি।
বঁধুর কল্যাণে     দেহ নানা দানে
আমারে সদয় বিধি॥
কহে চণ্ডীদাস     শুনহ নাগর
এমত উচিত নয়।
না দেখিলে যুগ     শতেক মানয়ে
ইথে কি পরাণ রয়॥

****************************









*
ছাড়িয়া সে তনু দেখাইল জনু
চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বরাড়ি॥

ছাড়িয়া সে তনু     দেখাইল জনু
ধরি হলধর রূপ।
কাঁধেতে লাঙ্গল     দেখি তাহা ভাল
ৰড়ই রসের কূপ॥
তেজি সেই কায়া     আর ধরে মায়া
ধরিলা মত্স্যের তনু।
শঙ্খ চক্র গদা     পদ্ম বিরাজিত
মূরতি হইলা তনু॥
তাহা ছাড়ি সখা     আর দিল দেখা
কূর্ম্মের আকৃতি অতি।
বরাহ বামন     আদি আর যত
অবতার তথি॥৷
তাহা দেখাইল     ভাই সে সুবল
“দেখহ কালিয়া শ্যাম।
এ সব মূরতি     তাহার পীরিতি
কহত আমার ধাম॥”
বরাহ মূরতি     দেখায়ে আকৃতি
দেখিতে সুবল সখা।
সকল মূরতি     দেখি জনে জনে
আর কোন আছে দেখা॥
চণ্ডীগাস বলে     মনেতে না লাগে
যতেক দেখিল খেলা।
চাহি সখা পানে     কমলনয়ানে
আর কোন আছে লীলা॥

১৬। ধাম --- নিকটে।
২০। আর কোন মূর্ত্তি দেখিবার কাছে কি না।

****************************








*
ছুঁও না ছুঁও না বঁধু ঐখানে থাক
চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, খণ্ডিতা, ১০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

শ্রীরাধার উক্তি
॥ ললিত॥

ছুঁও না ছুঁও না বঁধু ঐখানে থাক।
মুকুর লইয়া চাঁদমুখখানি দেখ॥
নয়ানের কাজর     বয়ানে লেগেছে
কালর উপরে কাল।
প্রভাতে উঠিয়া     ও মুখ দেখিলাম
দিন যাবে আজ ভাল॥
অধরের তাম্বুল     বয়ানে লেগেছে ৭
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
আমা পানে চাও     ফিরিয়া দাঁড়াও
নয়ন ভরিয়া দেখি॥
চাঁচর কেশের     চিকণ চূড়া
সে কেন বুকের মাঝে।
সিন্দূরের দাগ     আছে সর্ব্বগায়
মোরা হলে মরি লাজে॥
নীল-কমল     ঝামরু হয়েছে ১৫
মলিন হয়েছে গেহ।
কোন্‌ রসবতী     পেয়ে সুধানিধি
নিঙড়ে লয়েছে সেহ॥
কুটিল-নয়ানে     কহিছে সুন্দরী
অধিক করিয়া তোড়া। ২০
কহে চণ্ডীদাস     আপন স্বভাব
ছাড়িতে না পারে চোরা॥

৭। অধরের তাম্বুল---নায়িকার।
১৫। ঝামরু---ঝামার ন্যায় প্রভাহীন।
২০। তোড়া---গর্জ্জন।

****************************









*
জলদবরণ কানু দলিত অঞ্জন জনু
জলদবরণ কানু দলিত অঞ্জন তনু

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, দশম আস্বাদ, ১৫১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ভুপালী॥

জলদ বরণ কানু-  দলিত অঞ্জন জনু  উদয়িছে শুধু সুধাময়।
নয়ন চকোর মোর  পিতে করে উতরোল  নিমিখে লখিল নাহি হয়॥
শ্যামরূপ দেখিলু যাইতে জলে।
ভালে সে নাগরী  হৈয়াছে পাগলী  সকল লোকেতে বোলে॥ ধ্রু॥
কিবা বা চাহনি  ভুবন-ভুলনি  দোলনি গলার মাল।
মধুলোভে কত  ভ্রমরা বোলয়ে  বেঢ়িয়া তঁহি রসাল॥
দুইটি লোচন  মদনের বাণ  দেখিতে পরাণে হানে।
পশিয়া মরমে  ঘুচায় ধরমে  পরাণ সহিতে টানে॥
চণ্ডীদাসে কয়  ভুবনে না হয়  এমন রূপ যে আর।
যে জন দেখিল  সে জন ভুলিল  কি তার কুলে বিচার॥

এই পদটিই উপরোক্ত গ্রন্থের (শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ)), শ্রীশ্রীরাধিকার পূর্ব্বরাগ, বিংশ আস্বাদ, ১৭৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভুপালী॥

জলদ বরণ কানু  দলিত অঞ্জন জনু  উদয়িছে শুধু সুধাময়।
নয়ন চকোর মোর  পিতে করে উতরোল  নিমিখে লখিল নাহি হয়॥
শ্যামরূপ দেখিলু যাইতে জলে।
ভালে সে নাগরী  হৈয়াছে পাগলী  সকল লোকেতে বোলে॥ ধ্রু॥
কিবা বা চাহনি  ভুবন-ভুলনি  দোলনি গলার মাল।
মধু লোভে কত  ভ্রমরা বুলয়ে  বেঢ়িয়া তহি রসাল॥
দুইটি লোচন  মদনের বাণ  দেখিতে পরাণে হানে।
পশিয়া মরমে  ঘুচায় ধরমে  পরাণ-সহিতে টানে॥
চণ্ডীদাসে কয়  ভুবনে না হয়  এমন রূপ যে আর।
যে জন দেখিল  সেই সে ভুলিল  কি তার কুলবিচার॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়িকার পৃর্ব্বরাগ, ৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥
(সাক্ষাদ্দর্শন)

জলদবরণ কানু,   দলিত অঞ্জন জনু (১),
উদয় হয়েছে সুধাময়।
নয়ন চকোর মোর, পিতে (২) করে উতরোল (৩),
নিমিখে নিমিখ (৪) নাহি সয়॥
সখি দেখিনু শ্যামের রূপ যাইতে জলে।
ভালে সে (৫) নাগরী,     হয়েছে পাগলী,
সকল লোকেতে বলে॥
কিবা সে চাহনি,     ভুবন ভুলনী,
দোলনি গলে বনমাল।
মধুর লোভে,     ভ্রমরা বুলে,
বেড়িয়া তহি (৬) রসাল॥
দুইটি মোহন,     নয়নের বাণ,
দেখিতে পরাণে হানে।
পশিয়া মরমে,     ঘুচায়া ধরমে,
পরাণ সহিত টানে॥
চণ্ডীদাস কয়,     ভুবনে না হয়,
এমন রূপ যে আর।
যে জন দেখিল,     সে জন ভুলিল,
কি তার কুল বিচার?

(১) যেন।
(২) পান করিতে।
(৩) উৎকণ্ঠিত হয়।
(৪) নিমিষ।
(৫) ভাগ্যে সে।
(৬) তাহাকে।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার পূর্ব্বরাগ, সখীর উক্তি, ৩৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

জলদবরণ কানু    দলিত অঞ্জন তনু ১
উদইছে শুধু সুধাময়। ২
নয়ন চকোর মোর   পিতে করে উতরোল ৩
নিমিখে নিমিখ নাহি সয়॥ ৪
সই, দেখিনু শ্যামের রূপ যাইতে জলে।
ভালে সে গোকুলনারী    হইয়াছে পাগলী
সকল লোকেতে বলে॥
কিবা সে চাহনি     ভুবনভুলুনী ৮
শাভিত গলের মাল।
মধুর লোভে     ভ্রমরা বুলে ১০
বেড়িয়া তহি রসাল॥ ১১
দুইটী লোচন     মদনের বাণ ১২
দেখিতে পরাণ হানে।
পশিয়া মরমে     ঘুচায়ে ধরমে
পরাণ সহিতে টানে॥
চণ্ডীদাস কয়     ভুবনে না হয়
এমন রূপ যে আর।
যে জন দেখিল     সেই সে ভুলিল
কি তার কুবুলবিচার॥

টীকা -
১ - অঞ্জন জনু --- পাঠান্তর।
২ - উদয় হয়েছে সুধাময় --- পাঠান্তর।
৩ - উতরেল --- ব্যাগ্রতা।
৪ - নিমেষপাতও অসহনীয়। নির্নিমেষনেত্রে দেখিতে ইচ্ছা করে।
৮ - ভ্রমরভঙ্গিমা - পাঠান্তর।
১০ - বুলে --- ভ্রমণ করে।
১১ - তহি --- তাই, সেই।
১২ - দুইটি মোহন মদনের বাণ --- পাঠান্তর।

****************************







*
জাতি জীবন ধন কালা
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - সখী সম্বোধনে, ৩৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

জাতি জীবন ধন কালা।
তোমরা আমারে,     যে বল সে বল,
কালিয়া গলার মালা॥
সই ছাড়িতে যদি বল তারে।
অন্তর সহিত,     সে প্রেম জড়িত,
কে তারে ছাড়িতে পারে॥
যে দিন যেখানে,     যে সব পিরীতি---
লীলা করয়ে কানু।
সঙ্গের সঙ্গিনী,     হৈয়া রহিনু,
শুনিতাম মধুর বেণু॥
এত রূপে নহে,     হিয়া পরতীত,
যাইতাম কদম্বের তলা।
চণ্ডীদাস কহে,     এত প্রাণে সহে,
বচন বিষের জ্বালা॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - সখী সম্বোধনে, ১৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

জাতি জীবন ধন কালা।
তোমরা আমারে,     যে বল সে বল,
কালিয়া গলার মালা॥
সই! ছাড়িতে যদি বল তারে।
অন্তর সহিত,     সে প্রেম জড়িত,
কে তারে ছাড়িতে পারে॥
যেদিন যেখানে,     যে সব পিরীতি
লীলা করয়ে কানু।
সঙ্গের সঙ্গিনী,     হৈয়া রহিনু,
শুনিতাম মধুর বেণু॥
এত রূপে নহে,     হিয়া পরতীত,
যাইতাম কদম্বের তলা।
চণ্ডীদাস কহে,     এত প্রাণে সহে,
বচন বিষের জ্বালা॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১২৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ ধানশী॥

জাতি জীবন ধন কালা।
তোমরা আমারে     যে বল সে বল
কালিয়া গলার মালা॥
সই, ছাড়িতে নারিব তারে। ৪
অন্তর সহিত     সে প্রেম জড়িত
কে তারে ছাড়িতে পারে॥
যে দিন যেখানে     সেই সব লীলা ৭
করেন কালিয়া কানু। ৮
সঙ্গের সঙ্গিনী     হৈয়া রহিনু
শুনিতাম মৃদু বেণু॥
এত রূপে নহে     হিয়া পরতীত
যাইতাম কদম্বের তলা।
চণ্ডীদাস কহে     এত প্রাণে সহে
বিষম বিষের জ্বালা॥

৪। সই ছাড়িতে যদি বল তারে। ---পাঠান্তর।
৭-৮।
দিন যেখানে     যে সব পীরিতি
লীলা করয়ে কানু॥ ---পাঠান্তর।

****************************







*
জনম অবধি পীরিতি বেয়াধি
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ সখী সম্বোধনে, ৪২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ ধানশী॥

জনম অবধি,     পিরীতি বেয়াধি,
অন্তরে রহিল মোর।
থেকে থেকে উঠে,     পরাণ ফাটে,
জ্বালার নাহিক ওর॥
সই এ বড় বিষম কথা।
কানুর কলঙ্ক,     জগতে হইল,
জুড়াইব আর কোথা?
বেয়াধি অবধি,     সমাধি করিয়ে,
পাই এবে যার লাগি।
এমতি ঔষধ হয়,     অল্প মূল্য নয়,
হিয়ার ঘুচায় আগি॥
জনম অবধি,     কণ্টক ননদী,
জ্বালাতে জ্বালাল মন।
তাহার অধিক,     দ্বিগুণ জ্বালায়,
খলের পিরীতি শুন॥
খলের সংহতি,     ছাড়িনু পিরীতি,
ছাড়িনু সকল সুখ।
চণ্ডীদাস কয়,     যদি দেখা হয়,
এবে কেন বাস দুখ?

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ---সখী সম্বোধনে, ১৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

জনম অবধি,     পিরীতি বেয়াধি,
অন্তরে রহিল মোর।
থেকে থেকে উঠে,     পরাণ ফাটে,
জ্বালার নাহিক ওর (১)॥
সই, এ বড় বিষম কথা।
কানুর কলঙ্ক,     জগতে হইল,
জুড়াইব আর কোথা?
বেয়াধি অবধি,     সমাধি করিয়ে,
পাই এবে যার লাগি।
এমতি ঔষধ হয়,     অল্প মূল্য লয়,
হিয়ার ঘুচায় আগি॥
জনম অবধি,     কণ্টক ননদী,
জ্বালাতে জ্বালাল মন।
তাহার অধিক,     দ্বিগুণ জ্বালায়,
খলের পিরীতি শুন॥
খলের সংহতি(২),     ছাড়িনু পিরীতি,
ছাড়িনু সকল সুখ।
চণ্ডীদাস কয়,     যদি দেখা হয়,
এবে কেন বাস দুখ?

(১) সীমা।
(২) সঙ্গে।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ ধানশী॥

জনম অবধি     পীরিতি বেয়াধি
অন্তরে রহিল মোর।
থেকে থেকে উঠে     পরাণ ফাটে
জ্বালার নাহিক ওর॥
সই, এ বড় বিষম কথা।
কানুর কলঙ্ক     জগতে হইল
জুড়াইব আর কোথা॥
বেয়াধি অবধি     সমাধি করিয়ে
পাই এবে যার লাগি।
এমতি ঔষধ হয়     অল্প মূল্য লয়
হিয়ার ঘুচায় আগি॥
জনম অবধি     কণ্টক ননদী
জ্বালাতে জ্বালিল মন।
তাহার অধিক     দ্বিগুণ জ্বালায়
খলের পিরীতি শুন॥
খলের সংহতি     ছাড়িনু পীরিতি
ছাড়িনু সকল সুখ।
চণ্ডীদাস কয়     যদি দেখা হয়
এবে কেন বাস দুখ॥

****************************







*
জনম গেল পর দুঃখে কত বা সহিব
চণ্ডীদাস
এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, পরিশিষ্ট, অনুরাগ - আত্মপ্রতি, ৩০৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

এই পদটি রমণীমোহন মহাশয় “পদসমুদ্র” গ্রন্থ বা পুথি থেকে সংগ্রহ করেছিলেন বলে উল্লেখ করেছেন, যা আমাদের সংগ্রহে নেই। গ্রন্থের মালিক হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় গ্রন্থটিকে ছাপান নি। কিন্তু তিনি অনেক সংকলককেই এই গ্রন্থ থেকে পদাবলী দিয়েছেন। সতীশচন্দ্র রায়, জগবন্ধু ভদ্র, দীনেশচন্দ্র সেনের মত পদাবলী সাহিত্যের দিকপাল ব্যক্তিরাও সম্ভবত কেউই সচোক্ষে দেখেন নি এই ১৫০০০ পদ বিশিষ্ট গ্রন্থটি। এই গ্রন্থটির অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। গ্রন্থের সংকলক কবি আউল মনোহর দাসের পাতায় এই নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেই পাতায় যেতে এখানে ক্লিক করুন . . .
---মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

অনুরাগ - আত্মপ্রতি
॥ সুহই॥

জনম গেল পর দুঃখে কত বা সহিব।
কানু কানু করি কত নিশি পোহাইব॥
অন্তরে রহিল ব্যথা কুলে কি করিবে॥
অনুরাগে কোন দিন গরল ভখিবে।
মনেতে করেছি কুলে দিব তিলাঞ্জলী।
দেশান্তরি হ’ব গুরু দিঠে দিয়া বালি॥
ছাড়িনু গৃহের সাধ কানুর লাগিয়া।
পাইনু উচিৎ ফল আগে না বুঝিয়া॥
অবলা কি জানে এমত হইবে পাছে।
তবে এমন প্রেম করিব কেন যেচে॥
ভাল মন্দ না জানিয়া সুঁপেছি হে মন।
তেঞি সে অনলে পুড়ি যায় দেহ প্রাণ॥
চণ্ডীদাস কয় প্রেম হয় সুধাময়।
কপাল ক্রমে অমৃতেতে বিষ উপজয়॥

****************************








*
টল টল করে অঙ্গ মোর ঘুরে
চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, গোষ্ঠ লীলা, ৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

নৌকাখণ্ড
॥ বেলা॥

“টল টল করে     অঙ্গ মোর ঘুরে
চাইতে যমুনা নদী।
নানা জন্তু আছে     তারা জলে ভাসে
দেখহ পরাণনিধি॥
হেন মনে করে     এবার কি জীব
কেন বা আইনু বিকে।
ভাল দূরে যাউ     জীবন সংশয় ৭
কি আর বলিব কাকে॥
এমন জানিলে     তবে কি বাহির
আহীর রমণী হয়ে।
এ কোন বিচার   না জানি আচার ১১
পরাণ লইতে চাহে।
সব গোপীগণ     হয়ে একমন ১৩
পড়হ নেয়ার পায়। ১৪
সরস বচন       করহ যতন
ও পারে রাখিয়া যায়॥
এবার ও পারে     লইয়া চলহ
হেদেছে রসের কানু।
তোমার চরণে     শরণ লইয়াছি
দিয়াছি আপন তনু॥
প্রাণের দোসর     এ নব কৈশোর
তোমারে করিল দান।
এবার ও পারে     লহ সবাকারে
শুনহ নাগর কান॥
হাসি বিনোদিয়া     কহে সবা আগে
“তবে সে করিব পার।
এ নব যৌবন     কর অরপণ
তবে লাগাইব ধার॥
চণ্ডীদাস তাহে     আকুল পরাণ
রাধার বিনতি দেখি।
অবলা পরাণ     দেখি ভয় লাগে
শুনহ কমল আঁখি॥

৭। মঙ্গল হওয়া দূরের কথা, জীবনসঙ্কট হইল।
১১-১৩। শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ ভিন্ন পার হওয়ার অন্য উপায় নাই।
১৪। নেয়ার --- নাবিকের।

****************************








*
ঠেকিনু দানীর হাতে
চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, গোষ্ঠ লীলা, ৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

দান
॥ রাগ যতি॥

“ঠেকিনু দানীর হাতে।
বহুদিন এই     পথে আসি যাই
পশরা লইয়া মাথে॥
যে বলে জাগাতি   যায় তার জাতি ৪
কুলের বজর পড়ি। ৫
যত করে নাট     আসি এই ঘাট
এই সে বড়াই বুড়ি॥
বুড়ির বচনে     এ পথে আসিয়া
ঠেকিল দানীর ঠাঁই।
কেমনে ও পারে   গেলে সে আমরা
আর সে আসিব নাই॥
কে জানে এমন     হবে পরিণাম
তবে না আমিসাম মোরা।
হেন বুঝি কাজ     কুল শীল লাজ
এ দানী নিবেক পারা॥ ১৫
ভালে ভালে বড়াই   দূরে আওবিকি
ও পারে লইয়া যা।
দানীর বচন     শুনি হিয়া কাঁপে
থর থর করে গা”॥
চণ্ডীদাস বলে     শুন ধনী রাধে
কেন বা করহ ভয়।
আদর পিরিতি     কর বিকি কিনি
হেন মোর মনে লয়॥

৪-৫। জাগাত যাহা বলিতেছে তাহাতে জাতি কুল নষ্ট হইয়া যাইবে।
১৫। পারা --- বোধ হয়।

****************************