চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

ধরম করম গেল গুরু গরবিত
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ আত্মপ্রতি, ৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহই॥

ধরম করম গেল গুরু গরবিত।
অবশ করিল কালা কানুর পিরীত!
ঘরে পরে কি না বলে করিব হাম কি?
কেবা না করয়ে প্রেম আমি সে কলঙ্কী॥
বাহির হইতে (১) নারি লোক চরচাতে।
হেন মনে করে বিষ খাইয়া মরিতে (২)॥
একে নারী কুলবতী অবলা বলে লোকে।
কানু পরিবাদ হৈল পুড়িয়া মরি শোকে॥ (৩)
খাইতে নারি যে কিছু রহিতে নারি ঘরে।
ভাবিতে ভাবিতে ব্যাধি সাঁধাইল অন্তরে॥

(১) বাহিরে বেড়াতে।
(২) এমতি করয়ে মন বিষ খাই জীতে।
(৩) একে নারী কুলবতী পুড়ে মরি শোকে।
তাহে কানু পরিবাদ দেয় পাপ লোকে॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ---আত্ম প্রতি, ১৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

ধরম করম গেল গুরু গরবিত।
অবশ করিল কালা কানুর পিরীত॥
ঘরে পরে কি না বলে করিব হাম কি।
কেবা না করয়ে প্রেম আমি সে কলঙ্কী॥
বাহির হইতে (৩) নারি লোক চরচাতে।
হেন মনে করে বিষ খাইয়া মরিতে (৪)॥
একে নারী কুলবতী অবলা বলে লোকে।
কানু পরিবাদ হৈল পুড়িয়া মরি শোকে॥ (৫)
খাইতে নারি যে কিছু রহিতে নারি ঘরে।
ভাবিতে ভাবিতে ব্যাধি সাঁধাইল (৬) অন্তরে॥

(১) পাঠান্তর---বাহিরে বেড়াতে। প্রা,কা,সং।
(২) পাঠান্তর---এমতি করয়ে মন বিষ খাই জীতে। প্রা,কা,সং।
(৩) পাঠান্তর--- একে নারী কুলবতী পুড়ে মরি শোকে।
তাহে কানু পরিবাদ দেয় পাপ লোকে॥ প্রা,কা,সং।
(৪) প্রবেশ করিল।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

স্বগত
॥ সুহই॥

ধরম করম গেল গুরু গরবিত।
অবশ করিল কালা কানুর পীরিত॥
ঘরে পরে কি না বলে করিব হাম কি।
কেবা না করয়ে প্রেম আমি সে কলঙ্কী॥
বাহির হইতে নারি লোকচরচাতে।
হেন মনে করে বিষ খাইয়া মরিতে॥
একে নারী কুলবতী অবলা বলে লোকে।
কানু পরিবার হৈল পুড়িয়া মরি শোকে॥
খাইতে নারি যে কিছু রহিতে নারি ঘরে। ৯
ভাবিতে ভাবিতে ব্যাধি সাধাইল অন্তরে॥ ১০
জারিলেক তনু মন ব্যাপিল, শরীর।
চণ্ডীদাস বলে ভাল হইবে সুস্থির॥

৯-১০। একে নারী কুলবতী পুড়ে মরি শোকে।
তাহে কানু-পরিবাদ দেয় পাপ লোকে॥---পাঠান্তর।

****************************








*
ধিক রহুঁ জীবনে যে পরাধীন জীয়ে
ধিক্ রহু জীবনে যে পরাধীন জীয়ে

চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ আত্মপ্রতি, ৪৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ গান্ধার॥

ধিক রহুঁ জীবনে যে পরাধীন জীয়ে।
তাহার অধিক ধিক পরবশ হয়ে॥
এ পাপ কপালে বিধি এ্রমতি লিখিল।
সুধার সাগরে মোর গরল হইল॥
আমিয়া বলিয়া যদি ডুব দিনু তায়।
গরল ভরিয়া যেন উঠিল হিয়ায়॥
শীলত বলিয়া যদি পাষাণ কৈনু কোলে।
এ দেহ অনল তাপে পাষাণ সে গলে॥
ছায়া দেখি যাই যদি তরু লতা বনে।
জ্বলিয়া উঠয়ে তনু লতা পাতা সনে॥
যমুনার জলে যদি দিয়ে হাম ঝাঁপ।
পরাণ জুড়াবে কি অধিক উঠে তাপ॥
অতএ সে এ ছার পরাণ যাবে কিসে?
নিচয়ে ভখিমু মুই এ গরল বিষে॥
চণ্ডীদাস কহে দৈব গতি নাহি জানে।
দারুণ পিরীতি মোর বধিল পরাণে॥ ১

১। দ্বারুণ পিরীতি সেই ধরয়ে পরাণে।---পাঠান্তর।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ---আত্ম প্রতি, ১৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গান্ধার॥

ধিক রহুঁ জীবনে যে পরাধীন জীয়ে। (১)
তাহার অধিক ধিক পরবশ হয়ে॥
এ পাপ কপালে বিধি এ্রমতি লিখিল।
সুধার সাগরে মোর গরল হইল॥
আমিয়া বলিয়া যদি ডুব দিনু তায়।
গরল ভরিয়া যেন উঠিল হিয়ায়॥
শীলত বলিয়া যদি পাষাণ কৈনু কোলে।
এ দেহ অনল তাপে পাষাণ সে গলে॥
ছায়া দেখি যাই যদি তরু লতা বনে।
জ্বলিয়া উঠয়ে তনু লতা পাতা সনে॥
যমুনার জলে যদি দিয়ে হাম ঝাঁপ।
পরাণ জুড়াবে কি অধিক উঠে তাপ॥
অতএ (২) সে এ ছার পরাণ যাবে কিসে।
নিচয়ে ভখিমু মুই (৩) এ গরল বিষে॥
চণ্ডীদাস কহে দৈব গতি নাহি জানে।
দারুণ পিরীতি মোর বধিল পরাণে॥ (৪)

(১) পরের অধীন হইয়া যে বাঁচিয়া থাকে তাহার জীবনে ধিক।
(২) অতএব।
(৩) আমি নিশ্য় খাইব।
(৪) পাঠান্তর--- দারুণ পিরীতি সেই ধরয়ে পরাণে।---প,ক,ত।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

স্বগত
॥ গান্ধার॥

ধিক্ রহু জীবনে যে পরাধীন জীয়ে।
তাহার অধিক ধিক্ পরাধীন হয়ে॥
এ পাপ কপালে বিধি এ্রমতি লিখিল।
সুধার সায়র মোর গরল হইল॥
আমিয়া বলিয়া যদি ডুব দিনু তায়।
গরল ভরিয়া যেন উঠিল হিয়ায়॥
শীলত বলিয়া যদি পাষাণ করি কোলে।
পীরিতি-অনল-তাপে পাষাণ সে জ্বলে॥
ছায়া দেখি যাই যদি তরুলতা বনে।
জ্বলিয়া উঠয়ে তনু লতা পাতা সনে॥
যমুনার জলে গিয়া যদি দিই ঝাঁপ।
পরাণ জুড়াবে কি অধিক উঠে তাপ॥
অতএ এ ছার পরাণ যাবে কিসে। ১৩
নিচয়ে ভখিমু মুই এ গরল বিষে॥ ১৪
চণ্ডীদাস কহে দৈব গতি নাহি জান।
দারুণ পীরিতি মোর বধিল পরাণ॥

আমি কৃষ্ণ-প্রেমের অধীন হইয়াছি বলিয়া অপরে যাহাতে সুখ পায়, আমি তাহাতে পাই না।
১৩। এতএ---অতএব।
১৪। নিচয়ে---নিশ্চয়।

****************************







*
ধরি অনুপম বাজিকর যেন
চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কানড়া॥

ধরি অনুপম     বাজিকর যেন
খেলায় কতেক তানে।
সুবল ত্রিবিট     এপিচ মদন
মধু-মঙ্গলের সনে॥
কহে বিদূষক     “শুনহে সুবল ৫
নানা যন্ত্র লেহ সঙ্গে।
তবে সে খেলিব     নানা মত খেলা
গাহিব নাচিব রঙ্গে॥”
নানা যন্ত্র নিলা     নানা সে প্রতিমা
কাঠের পুতলি লৈয়া।
আর যত নিল     মধুর মধুর
বাদিয়া বাদির ছায়া। ১২
নানা বেশ ধরি     যেন বাজিকর
নাচায় পুতলি কায়া।
বহু তন্ত্র মন্ত্র     যার নাহি অন্ত
কতেক জানয়ে মায়া॥
চলে পঞ্চজন     হয়ে একমন
বৃকভানুপুর যায়।
পথে যায় তথি   খেলা খেলে অতি ১৯
চণ্ডীদাস সুখী তায়॥

টীকা -
৫। বিদূষক --- মধুমঙ্গল, ব্রাহ্মণ ও হাস্যরসপটু ছিলেন ; সেই জন্যে তাঁহাকে “বিদূষক”, বলা হইয়াছে।
১২। বাজীকরের ঐন্দ্রজালিক মূর্ত্তি।
১৯। তথি --- তথায়।

****************************








*
ধিক্ ধিক্ ধিক্ তোরে রে কালিয়া
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, মাথুর, ৫৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীরাগ॥

ধিক্ ধিক্ ধিক্,    তোরে রে কালিয়া,
কে তোরে কুবুদ্ধি দিল?
কে বা সেধে ছিল,     পিরীতি করিতে,
মনে যদি এত ছিল?
ধিক্ ধিক্ বঁধু,     লাজ নাহি বাস,
না জান লেহের লেশ।
এক দেশে এলি,     অনল জ্বালায়ে,
জ্বালাইতে আর দেশ॥
অগাধ জলের,     মকর যেমন,
না জানে মীঠ কি তীত।
সুরস পায়স,     চিনি পরিহরি,
চিটাতে আদর এত?
চণ্ডীদাস ভণে,     মনের বেদনে,
কহিতে পরাণ ফাটে।
তোমার সোণার প্রতিমা, ধুলায় গড়াগড়ি,
কুবুজা বসিল খাটে।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, মাথুর, ২২৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

ধিক্ ধিক্ ধিক্,    তোরে রে কালিয়া,
কে তোরে কুবুদ্ধি দিল?
কেবা সেধে ছিল,     পিরীতি করিতে,
মনে যদি এত ছিল?
ধিক্ ধিক্ বধু,     লাজ নাহি বাস,
না জান লেহের লেশ।
এক দেশে এলি,     অনল জ্বালায়ে,
জ্বালাইতে আর দেশ॥
অগাধ জলের,     মকর যেমন,
না জানে মিঠ কি তীত (১)।
সুরস পায়স,     চিনি পরিহরি,
চিটাতে আদর এত?
চণ্ডীদাস ভণে,     মনের বেদনে,
কহিতে পরাণ ফাটে।
তোমার সোণার প্রতিমা, ধুলায় গড়াগড়ি,
কুবুজা বসিল খাটে।

১) ঝাল।

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের, দূতি-প্রেরণ, ৪৪৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

ধিক্ ধিক্ ধিক্    তোরে রে কালিয়া
কে তোরে কুবুদ্ধি দিল।
কেবা সেধেছিল     পিরীতি করিতে
মনে যদি এত ছিল॥
ধিক্ ধিক্ বন্ধু     লাজ নাহি বাস
নাহিক লেহের লেশ।
একদেশে আলি     অনল জ্বালায়ে
জ্বালাইতে আর দেশ॥
অগাধ জলের     মকর যেমন
না জানে মিঠ কি তীত।
সুরস পায়স     চিনি পরিহরি
চিটাতে আদর এত॥
চণ্ডীদাস ভণে     মনের বেদনে
কহিতে পরাণ ফাটে।
সোণার প্রতিমা   ধূলায় গড়াগড়ি
কুবুজা বসেছে খাটে॥

****************************









*
নবীন কিশোরী মেঘের বিজুরী
নবীন কিশোরী মেঘের বিজুরি

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ঊনত্রিংশত্তম আস্বাদ, ৪১১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তুড়ি॥

নবীন কিশোরী   মেঘের বিজুরী    চমকি চলিয়া গেল।
সঙ্গের সঙ্গিনী   সকম কামিনী    ততহি উদয় ভেল॥
সই! এমন আর দেখি নাই নারী।
ভঙ্গিম রঙ্গিম   ঘন যে চাহনি   গলে যে মোতিম হারি॥ ধ্রু॥
অঙ্গের সৌরভে   ভ্রমরা ধায়য়ে   ঝঙ্কার করয়ে যাই।
অঙ্গের বসন   ঘটায়ে কখন   কখন ঝাঁপয়ে তাই॥
মনের কৌতুক   সখীর কাঁধেতে   হাত যে আরোপি রাই।
হাসির চাহনি   দেখিলু কামিনী   পরান হারালু ভাই॥
চরণ ভঙ্গিম   অতি সুরঙ্গিম   চাপটিলে জীউ মোর।
অঙ্গুলির আগে   বান্ধ যে ঝলকে   পড়িছে উছলি জোর॥
চাহে যার প্রাণে   বধয়ে পরাণে   দারুণ দরশি তার।
হিয়ার ভিতরে   কাটিয়া পাঁজরে   বিন্ধিলে বাণ যে যার॥
জর জর হৈয়া   রহিলুঁ পড়িয়া   চেতন হরিল মোর।
চণ্ডীদাসে কয়   বিয়াধি সমাধি   পরশিলে হবে ভোর॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়কের পূর্ব্বরাগ, ৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

নবীন কিশোরী,     মেঘের বিজুরি
চমকি চলিয়া গেল।
সঙ্গের সঙ্গিনী,     সকল কামিনী,
ততহি উদয় ভেল॥
সই! জনমিয়া দেখি নাই হেন নারী।
ভঙ্গিম রঙ্গিম,     ঘন যে চাহনি,
গলে যে মোতিম হারি॥
অঙ্গের সৌরভে,     ভ্রমরা ধাওয়ে,
ঝঙ্কার করয়ে যাই।
অঙ্গের বসন,     ঘুচায়ে কখন,
কখন ঝাঁপয়ে তাই॥
মনের সহিতে,     মরম কৌতুকে,
সখীর কান্দেতে বাহু।
হাসির চাহনি,     দেখাল কামিনী,
পরান হারানু তহু॥
চলন ভঙ্গী,     অতি সুরঙ্গী,
চাপটিলে জীবন মোর।
অঙ্গুলির আগে,     চাঁদ যে ঝলকে,
পড়িছে উছলি জোর॥
চাহে যাহা পানে,     বধয়ে পরাণে,
দারুণ চাহনি তার।
হিয়ার ভিতরে,     পাঁজর কাটিয়ে
বিঁধিলে বাণ যে মার।
জর জর হিয়া,     রহিল পড়িয়া,
চেতন নহিল মোর।
চণ্ডীদাসে কয়,     ব্যাধি সমাধি নয়,
দেখিয়া হইনু ভোর॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়কের পৃর্ব্বরাগ, ১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

নবীন কিশোরী,   মেঘের বিজুরি (১)
চমকি চলিয়া গেল।
সঙ্গের সঙ্গিনী,     সকল কামিনী,
ততহি উদয় ভেল (২)॥
সই! জনমিয়া দেখি নাই হেন নারী।
ভঙ্গিম রঙ্গিম,     ঘন যে চাহনি,
গলে যে মোতিম হারি (৩)॥
অঙ্গের সৌরভে,     ভ্রমরা ধাওয়ে,
ঝঙ্কার করয়ে যাই।
অঙ্গের বসন,     ঘুচায়ে কখন,
কখন ঝাঁপয়ে (৪) তাই॥
মনের সহিতে,     মরম কৌতুকে,
সখীর কান্দেতে বাহু।
হাসির চাহনি,     দেখাল কামিনী,
পরান হারানু তহু (৫)॥
চলন ভঙ্গী,     অতি সুরঙ্গী,
চাপটিলে জীবন মোর।
অঙ্গুলির আগে,     চাঁদ যে ঝলকে,
পড়িছে উছলি জোর॥
চাহে যাহা পানে,     বধয়ে পরাণে,
দারুণ চাহনি তার।
হিয়ার ভিতরে,     পাঁজর কাটিয়ে
বিঁধিলে বাণ যে মার।
জর জর হিয়া,     রহিল পড়িয়া,
চেতন নহিল মোর।
চণ্ডীদাসে কয়,   ব্যাধি সমাধি (৬) নয়,
দেখিয়া হইনু ভোর॥

(১) বিজলী।
(২) হইল।
(৩) মুক্তাহার।
(৪) আবৃত করে।
(৫) তাহাতে।
(৬) শেষ।

****************************







*
নিতি নিতি এসে যায় রাধা সনে কথা কয়
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, প্রৌঢ়ার উক্তি, ১০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ গান্ধার॥

নিতি নিতি এসে যায়, রাধা সনে কথা কয়,
শুনিয়েছিলাম পরের মুখে।
মনে করি কোন দিনে, দেখা হবে তার সনে,
ভাল হুইল দেখিলাঙ তোকে॥
চেট্টে নেট্টে (১) যায় জলে,
তারে তুমি ধর চুলে,
এমত তোমার কোন্‌ রীত।
যার তুমি ধর চুলে, সেই এসে মোরে বলে,
নহিলে নহিতাম পরতীত॥
সুজন কখন নও, পরনারী নিতে চাও,
এমতি তোমার অভিলাষ।
আমিত শুনিলাম ভালে,
যদি শুনে তার জনে,
শুনিলে হইবে অপভাষ॥
নিশ্বাস প্রশ্বাস কর, কাছাড় খাইঞা পড়,
বুঝিলাঙ তোমার মনের কথা।
নহে কেনে ঘাটে মাঠে,
তোমার অপযশ রটে,
শুনিবার পাই সব কথা॥
আমার কথাটী শুন, না করিহ ইহা পুনঃ
না মজে নন্দের কুল গারি।
চণ্ডীদাসেতে কয়, একথা কি মনে লয়,
নাগরীর পতি হইল বৈরী॥

(১) চেট্টে নেট্টে --- তরুণী বধুগণ অদ্যাপি রাঢ় দেশে “চেটো” মেয়ে বলে।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, প্রৌঢ়ার উক্তি, ৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গান্ধার॥

নিতি নিতি এসে যায়,     রাধা সনে কথা কয়,
শুনিয়াছিলাম পরের মুখে।
মনে করি কোন দিনে,     দেখা হবে তার সনে,
ভাল হুইল দেখিলাঙ তোকে॥
চেট্টে নেট্টে (১) যায় জলে,   তারে তুমি ধর চুলে,
এমত তোমার কোন্‌ রীত।
যার তুমি ধর চুলে,     সেই এসে মোরে বলে,
নহিলে নহিতাম পরতীত॥ (২)
সুজন কখন নও,     পরনারী নিতে চাও,
এমতি তোমার অভিলাষ।
আমি ত শুনিলাম ভালে (৩),  যদি শুনে তার জনে,
শুনিলে হইবে অপভাষ (৪)॥
নিশ্বাস প্রশ্বাস কর,     কাছাড় খাইঞা পড়,
বুঝিলাম তোমার মনের কথা।
নহে কেনে ঘাটে মাঠে,   তোমার অপযশ রটে,
শুনিবার পাই সব কথা॥
আমার কথাটী শুন,     না করিহ ইহা পুনঃ,
না মজে নন্দের কুল গারি (৫)।
চণ্ডীদাসেতে কয়,     একথা কি মনে লয়,
নাগরীর পতি হইল বৈরী (৬)॥

(১) তরুণী বধুগণ। অদ্যাপি চেটো বৌ বলিয়া থাকে।
(২) নতুবা বিশ্বাস করিতাম না।
(৩) ভাগ্যে।
(৪) অপমান।
(৫) গৌরব।
(৬) শত্রু।

****************************






*
নামিল আসিয়া বসিল হাসিয়া
নামিয়া আসিয়া বসিল আসিয়া

চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ১১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কামদ॥

নামিল আসিয়া,     বসিল হাসিয়া।
কহয়ে বেতন (১) দেও।
বেতনের কালে,     হাত দিয়া গালে,
যুবতী সকলে কয়॥
সই! বাজিকরে নিবে যে কি?
যত কিছু দেই,     কিছুই না লয়,
(বলে) আমারে জিজ্ঞাস কি?
মনে এই করি,     দেহ কুচ-গিরি,
আর তব মুখ-সুধা।
আর এক হয়,     মোর মনে লয়,
তাহা মোরে দেহ জুদা (২)॥
সুন্দরীগণে       বুঝিল মনে,
ইহার গ্রাহক তুমি।
ঢিটের টিটানি (৩)  খেতের মিঠানি (৪),
সকলি জানি যে আমি॥
চণ্ডীদাস কয়,     তবে কেন নয়,
জানিয়া চতুরপণা।
বুঝিলে না বুঝে,     কহিলে না সুঝে,
তাহারে বলি যে কালা॥

(১) বেতন --- মূল্য।
(২) জুদা --- (হিন্দী) স্বতন্ত্র।
(৩) চতুরের চাতুর্য।
(৪) মিষ্টরস।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য, ৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

নামিল আসিয়া,     বসিল হাসিয়া।
কহয়ে বেতন দেও।
বেতনের কালে,     হাত দিয়া গালে,
যুবতী সকলে কয়॥
সই! বাজিকরে নিবে যে কি?
যত কিছু দেই,     কিছুই না লয়,
(বলে) আমারে জিজ্ঞাস কি?
মনে এই করি,     দেহ কুচ-গিরি,
আর তব মুখ-সুধা।
আর এক হয়,     মোর মনে লয়,
তাহা মোরে দেহ জুদা (১)॥
সুন্দরীগণে       বুঝিল মনে,
ইহার গ্রাহক তুমি।
ঢিটের টিটানি (২)  খেতের মিঠানি (৩),
সকলি জানি যে আমি॥
চণ্ডীদাস কয়,     তবে কেন নয়,
জানিয়া চতুরপণা।
বুঝিলে না বুঝে,     কহিলে না সুঝে,
তাহারে বলি যে কালা॥

(১) স্বতন্ত্র, পৃথক।
(২) চতুরের চাতুর্য্য।
(৩) মিষ্টরস।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য (বাদিয়াবেশে), ৪১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

নামিয়া আসিয়া     বসিল আসিয়া
কহয়ে বেতন দায়।
বেতনের কালে     হাত দিয়া গালে
সকল যুবতী কয়॥
সই বাজিকর নিবে কি।
যত কিছু দিয়ে     কিছুই না দিয়ে
বলে “মোর যোগ্য কি॥ ৭
এই মনে করি     দেহ কুচগিরি
আর তব মুখ-সুধা।
আর এক হয়     মোর মনে লয়
তাহা মোরে দেহ জুদা॥” ১১
সুন্দরীগণে       বুঝিল মনে
ইহার গ্রাহক তুমি।
টীটের টীটানি     খেতের মিঠানি
সকলি জানিয়ে আমি॥
চণ্ডীদাসে কয়     তবে কেন হয়
জানিহ চতুরপণা। ১৭
বুঝিলে না বুঝে     কহিলে না সুঝে
তাহারে বলিয়ে কাণা॥ ১৯

টীকা - ৭ - আমারে জিজ্ঞাস কি। --- পাঠান্তর।
১১ - জুদা --- পৃথক।
১৭ - তবে কেন নয় জানিয়া চতুর। --- পাঠান্তর।
১৯ - "কাণার” পরিবর্ত্তে "কালা” পাঠও আছে।

****************************







*
পথে জড়াজড়ি দেখিলু সুন্দরী
পথে জড়াজড়ি দেখিনু নাগরী

চণ্ডীদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, চতুর্থ আস্বাদ, ৩৩৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ গান্ধার॥

পথে জড়াজড়ি   দেখিলু সুন্দরী   সখীর সহিতে যায়।
সকল অঙ্গ   মদন তরঙ্গ   হসিত বদনে চায়॥
সই! কেবল মোহিণী সেহ।
যদি পাই সহায়   এমতি হয়   তা’ সনে করিয়ে লেহ॥ ধ্রু॥
নীল যে তার   মুকুতা হার   শোভিত দেখিয়ে ভাল।
যেন তারাগণ   উদিত গগন-   চান্দেরে বেঢ়িয়া জাল॥
কুচ যে মণ্ডলী   কনক কটোরি   বনাইলে কেমন ধাতা।
হাসির রাশি   মনে খুসি   দান করিছে দাতা॥
চণ্ডীদাসে কয়   দান যে হয়   কি জানি মাগিবা তায়।
যে ধন মাগিবা   তাহাই পাইবা   অপযশ রহি যায়॥

এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, নায়কের পূর্ব্বরাগ, ৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

পথে জড়াজড়ি,   দেখিনু নাগরী,
সখীর সহিত যায়।
সকল অঙ্গ,     মদন তরঙ্গ,
হসি বদনে চায়॥
সই! কেমন মোহিনী সেহ।
যদি সহায় পাই,     এমতি হয়
তা সহ করি যে লেহ॥
ললিত আকার,   মুকুতা হার, (২)
শোভিত দেখিনু ভাল।
যেন তারাগণ,     উদিত গগন,
চাঁদেরে বেড়িয়া জাল॥
কুচ যে মণ্ডলি,     কনক কটোরি,
বনালে কেমন ধাতা।
হাসির রাশি,     মনে খুসি,
দান করে যদি দাতা॥
চণ্ডীদাস কহে,     যদি দান নহে,
কি জানি মাগিবা তায়।
যে ধন মাগয়ে,     তাহা না পাইয়ে,
অপযশঃ রহি যায়।

(২) “নীল মুকুতা, হার বেকতা” এরূপ পাঠও আছে।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, নায়কের পৃর্ব্বরাগ, ২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

পথে জড়াজড়ি,   দেখিনু নাগরী,
সখীর সহিত যায়।
সকল অঙ্গ,     মদন তরঙ্গ,
হসিত বদনে চায়॥
সই! কেমন মোহিনী সেহ।
যদি সহায় পাই,     এমতি হয়
তা সহ করি যে লেহ (১)॥
ললিত আকার,   মুকুতা হার, (২)
শোভিত দেখিনু ভাল।
যেন তারাগণ,     উদিত গগন,
চাঁদেরে বেড়িয়া জাল॥
কুচ যে মণ্ডলি,     কনক কটোরি,
বনালে কেমন ধাতা।
হাসির রাশি,     মনে খুসি,
দান করে যদি দাতা॥
চণ্ডীদাস কহে,     যদি দান নহে,
কি জানি মাগিবা তায়।
যে ধন মাগয়ে,   তাহা না পাইয়ে,
অপযশঃ রহি যায়।

(১) প্রীতি।
(২) বিভিন্ন পাঠ - "নীল মুকুতা, হার বেকতা।” -- পদকল্পতরু।

****************************








*
পদউধ কাক কোকিলের ডাক
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, সম্ভোগ মিলন, ২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কামোদ॥

পদউধ (১) কাক,   কোকিলের ডাক
জানাইল রজনী শেষ (২)।
তুরিতে নাগরী,     গেলা নিজ ঘরে,
বাঁধিতে বাঁধিতে কেশ॥
অবশ আলিসে,     ঠেসনা বালিসে,
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
বসন ভূষণ,     হৈয়াছে বদল,
তখন উঠিয়া দেখি।
ঘরে মোর বাদী,     শাশুড়ী ননদী
মিছা তোলে পরিবাদ।
জানিলে এখন,     হইবে কেমন,
বড় দেখি পরমাদ॥ (৩)
চণ্ডীদাস কহে,     শুনলো সুন্দরি,
তুমি সে বড়ুয়ার বহু।
শ্যামের মোহন,   গুণের (৪) কারণ,
লখিতে নারিবে (৫) কেহু॥

১। দৈয়াল।
২। জাগিলা যামিনী শেষ --- পাঠান্তর।
৩। কানুর পিরীতি কি জানি হইল, বড় দেখি পরমাদ --- পাঠান্তর।
৪। মায়ার --- পাঠান্তর।
৫। রাখিতে না পারে --- পাঠান্তর।

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, কুঞ্জভঙ্গ, ১০৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

পদউধ (১) কাক,   কোকিলের ডাক
জানাইল রজনী শেষ (২)।
তুরিতে নাগরী,     গেলা নিজ ঘরে,
বাঁধিতে বাঁধিতে কেশ॥
অবশ আলিসে,     ঠেসনা বালিসে,
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
বসন ভূষণ,     হৈয়াছে বদল,
তখন উঠিয়া দেখি।
ঘরে মোর বাদী,     শাশুড়ী ননদী
মিছা তোলে পরিবাদ।
জানিলে এখন,     হইবে কেমন,
বড় দেখি পরমাদ॥ (৩)
চণ্ডীদাস কহে,     শুনলো সুন্দরি,
তুমি সে বড়ুয়ার বহু (৪)।
শ্যামের মোহন,   গুণের (৫) কারণ,
লখিতে নারিবে কেহু (৬)॥

১) দৈয়াল। (কুক্কুট, মোরগ)
(২) পাঠান্তর - “জাগিয়া যামিনী শেষ” - (প, ক, ত, পদকল্পতরু)।
(৩) পাঠান্তর –
“কানুর পিরীতি,     কি জানি হইল,
     বড় দেখি পরমাদ॥” - (প্রা, কা, সং, প্রচীন কাব্য সংকলন)।
(8) বধু।
(৫) পাঠান্তর - “মায়ার।” (প্রা, কা, সং, প্রচীন কাব্য সংকলন)।
(৬) বিভিন্ন পাঠ - “রাখিতে না পারে কেহু॥” - (প, ক, ত, পদকল্পতরু)।

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, কুঞ্জভঙ্গ, ৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

পদউধ কাক     কোকিলের ডাক ১
জানাইল যামিনী শেষ। ২
তুরিতে নাগর     গেলা নিজ ঘরে
বাঁধিতে বাঁধিতে কেশ॥
অবশ আলিসে     ঠেসনা বালিসে
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
বসন ভূষণ     হয়েছে বদল
তখন উঠিয়া দেখি।
ঘরে মোর বাদী     শাশুড়ী ননদী
মিছা তোলে পরিবাদ। ১০
জানিলে এখন     হইবে কেমন
বড় দেখি পরমাদ॥
চণ্ডীদাস কহে     শুনলো সুন্দরী
তুমি সে বড়ুয়ার বহু। ১৪
শ্যামের মোহন   মায়ার কারণ ১৫
লখিতে নারিবে কেহু॥ ১৬


১ - পদউধ --- দেয়াল।
২ - জাগিয়ে --- জানাইল পাঠান্তর।
১০ - পরিবাদ --- নিন্দা।
১৪ - বড়ুয়ার বহু --- বড়লোকের বধু।
১৫-১৬ - শ্রীকৃষ্ণের মোহিনী মায়া, সকলের চক্ষু আবৃত করিয়া রাখিবে। কেহ তাহাকে দেখিতে পাইবে না। পাঠান্তর -
শ্যামের মোহন     গুণের কারণ      রাখিতে না পারে কেহু।

****************************








*
পরাণ বঁধুকে স্বপনে দেখিনু
চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, সম্ভোগ মিলন, ২৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ বিভাস॥

পরাণ বঁধুকে,     স্বপনে দেখিনু,
বসিয়া শিয়র পাশে।
নাসার বেশর,     পরশ করিয়া,
ঈষৎ মধুর হাসে॥
পিঙল বরণ,     বসন খানি,
মুখানি আমার মুছে।
শিথান হইতে,     মাথাটী বাহুতে,
রাখিয়া শুতল কাছে॥
মুখে মুখ দিয়া,     সমান হইয়া
বঁধুয়া করল কোলে।
চরণ উপরে,     চরণ পসারি,
পরাণ পাইনু বোলে।
অঙ্গ পরিমল,     সুগন্ধি চন্দন,
কুঙ্কুম কস্তুরী পারা।
পরশ করিতে,     রস উপজিল,
জাগিয়া হইনু হারা॥
কপোত পাখীরে,     চকিতে বাঁটুল,
বাজিলে যেমন হয়।
চণ্ডীদাস কহে,     এমতি হইলে,
আর কি পরাণ রয়?

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, সম্ভোগ মিলন, ৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

পরাণ বঁধুকে,     স্বপনে দেখিনু,
বসিয়া শিয়র পাশে।
নাসার বেশর,     পরশ করিয়া,
ঈষৎ মধুর হাসে॥
পিঙল বরণ,     বসন খানি,
মুখানি আমার মুছে।
শিথান হইতে,     মাথাটী বাহুতে,
রাখিয়া শুতল কাছে॥
মুখে মুখ দিয়া,     সমান হইয়া
বঁধুয়া করল কোলে।
চরণ উপরে,     চরণ পসারি,
পরাণ পাইনু বোলে।
অঙ্গ পরিমল,     সুগন্ধি চন্দন,
কুঙ্কুম কস্তূরী পারা।
পরশ করিতে,     রস উপজিল,
জাগিয়া হইনু হারা॥
কপোত পাখীরে,     চকিতে বাঁটুল,
বাজিলে যেমন হয়।
চণ্ডীদাস কহে,     এমতি হইলে,
আর কি পরাণ রয়॥

এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, সম্ভোগ-ম্মৃতি, ৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

পরাণ বঁধুকে     স্বপনে দেখিনু
বসিয়া শিয়র পাশে।
নাসার বেশর     পরশ করিয়া
ঈষৎ মধুর হাসে॥
পিঙ্গল বরণ     বসনখানিতে
মু’খানি আমার মুছে।
শিথান হইতে     মাথাটী বাহুতে ৭
রাখিয়া শুতল কাছে॥
মুখে মুখ দিয়া     সমান হইয়া
বঁধুয়া করিল কোলে।
চরণ উপরে     চরণ পসারি
পরাণ পাইনু বলে।
অঙ্গ পরিমল     সুগন্ধি চন্দন
কুঙ্কুম কস্তুরী পারা।
পরশ করিতে     রস উপজিল
জাগিয়ে হইনু হারা॥ ১৬
কপোত পাখীরে     চকিতে বাঁটুল
বাজিলে যেমন হয়।
চণ্ডীদাস কহে     এমন হইলে
আর কি পরাণ রয়॥

৭। শিখান---বালিস।
১৬। যখন চেতন হইল, তখন আর বঁধুকে পাইলাম না।

****************************