চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
বর্ণানুক্রমিক পদলহরী
*
কবি চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

শ্যাম সুনাগর রায়
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহই॥

শ্যাম সুনাগর রায়।
শরণ লয়েছি   সকল তেজিয়া
সহজে ঠেল না পায়॥
শুনিল যখন     শ্রবণ ভরিয়া
সকল কুলের নারী।
সরল হৃদয়ে     সম্মুখ হইয়া
শুন হে মুরলীধারী॥
শূন্য করি যাবে   সব গোপীগণে
সবাই মরিম শোকে।
সব গোপীগণ     সঘনে স্বরূপে
শেল দিয়া গেল বুকে॥
শাশুড়ী ননদী     সদাই সবাই
শাসিল সবার আগে।
সে দিন পাসর    দেখি মনে কর
স্বরূপে লইব নগে॥
সব পাসরিয়া     সমুদ্রে ডারিয়া
শেষেতে করিলে হেন।
সহজে অবলা     হুইয়া অখলা
তাহে নিদারুণ কেন॥
সুখের ঘরেতে     দুখ সার হৈল
শোচনা রহিল বড়ি।
চণ্ডীদাস বলে   আশ পাশ(১) গেল
এবে হ'ল বড় ভেড়ি॥

১। আশ পাশ --- আশার বন্ধন।

এই পদে প্রথম অক্ষরে "স" ও "শ" কে ব্যবহার করেছেন কবি, বোধ হয় বাংলা ভাষায় একই উচ্চারণ হওয়া জন্য। ভণিতার কলিতে প্রথম অক্ষর "চ" (চণ্ডীদাস) এভাবেই গ্রন্থে দেওয়া রয়েছে।
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

****************************








*
শুন হে নাগর শরণ যে লয়
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ কানাড়া॥

শুন হে নাগর     শরণ যে লয়
তারে সে এমন কর।
সরল হৃদয়     সরল স্বভাবে
সবারে করিয়া জর॥
শ্যাম শ্যাম বলি   শ্যামরী(১) সকল
শ্যামল হইয়া গেল।
সঘনে সঘনে     সে গুণ ভাবিতে
কুলে তিলাঞ্জলি দিল॥
সুজন-পিরীতি     সুখের আরতি
সে ভেল গরলময়।
সুখ দূরে গেল     দুখ অবশেষ
মরণ হইল ভয়॥
সময় হইল       দশমী দশার
এই সে সকল মোয়।
শরণ যে লয়     সে জন তেজহ
জনম অবধি রোঁয়(২)॥
সহজে অবলা     শাশুড়ী তাপিনী
সকল জানহ তুমি।
সহিতে সহিতে   সে যে করে চিতে
বিষ খেয়ে মরি আমি॥
সাহসে ধাধসে     সব গোপীগণ
কাঠের পুতলি প্রায়।
শ্যামপদে পড়ি     করে নিবেদন
চণ্ডীদাস গুণ গায়॥

১। শ্যামরী --- শ্যাম-পিয়ারী।
২। রোঁয় --- রোদন করে।

****************************








*
হা হরি হা হরি হরি হরি হরি
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সুহই॥

হা হরি হা হরি     হরি হরি হরি
হব সে হুতাশে সারা।
হরি কি হিয়ায়ে     হরি বাণ সব
হরি বা কেমন পারা॥
হের দেখি হরি     হরষ পরশ
তেজহ কিসের লাগি।
হিয়াতে হুতাশ     হয় নহে হরি
বিদারি দেখহ আগি॥
হাসি-পরিহাস     রভস হারাস
হরি নিদারুণ হও।
হরষে গোপিনী     যমুনাতে গিয়ে
মরিলে তবে সে যেও॥
হরিণী যেমন     হানে ব্যাধগণ
হিয়াতে বিন্ধয়ে শর।
হোরে গিয়ে যেন   পড়য়ে হতাশে
বাণেতে হইয়া জর॥
হরিণী হতাশে     হরির বিরহ
তেমতি সমান বাণ।
হিয়াতে বাজল     হরিণী সমান
চণ্ডীদাস গুণ গান॥

****************************








*
ক্ষণে কত শত ক্ষমা নাহি চিত
চণ্ডীদাস
বর্ণানুক্রমিক পদলহরী
এই পদটি ১৩৪০ বঙ্গাব্দে (১৯৪৩ সালে) বসুমতী সাহিত্য মন্দির থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত, দীনেন্দ্রকুমার রায় দ্বারা জীবনী লিখিত “বৈষ্ণব মহাজন পদাবলী, মহাকবি চণ্ডীদাস-পদাবলী”, ১ম খণ্ড-এর, বর্ণানুক্রমিক পদলহরী, ২৬৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ নটনারায়ণ॥

ক্ষণে কত শত    ক্ষমা নাহি চিত
ক্ষত উঠে কত বেরি।
ক্ষেয়াতি রহিল     ক্ষিতি মহীতল
ক্ষমা কর যদু হরি॥
ক্ষণেক ক্ষমহ     দোষ অপরাধ
ক্ষমা সে করিতে চায়।
ক্ষেপল(১) সকল    গোপিনী যতেক
ক্ষমা চিত্তে নাহি লয়।
ক্ষণেক ক্ষণেক     বিরহ-আগুন
ক্ষণে ক্ষীণ করি দিল।
ক্ষুধায় আকুল     পিরীতি বিহনে
ক্ষণেক ভাঙ্গিয়া লৈল॥
ক্ষিতিতলে লুটি     রাধা সুধামুখী
ক্ষণেক বদন চাহি।
ক্ষণেক বোধয়(২)    ক্ষীণ তনু হয়ে
চণ্ডীদাস গুণ গাহি॥

১। ত্যাগ করিল --- ভুলিল।
২। ক্ষণিক জ্ঞান হয়।

****************************