চণ্ডীদাস - বৈষ্ণব কবিদের প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। কিন্তু তাঁর জীবন সম্বন্ধে তথ্য অতি অল্পই। তবু যে যে তথ্য আধুনিক যুগের বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, তা আমরা এখানে যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করবো।

.


চণ্ডীদাস - বৈষ্ণব কবিদের প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। কিন্তু তাঁর জীবন সম্বন্ধে তথ্য অতি অল্পই। তবু যে যে তথ্য আধুনিক যুগের বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, তা আমরা এখানে যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করবো।

.


একাধিক চণ্ডীদাস -         ^^ উপরে ফেরত অধ্যাপক অধ্যাপক কবি নীলরতন সেন তাঁর ১৯৬৮ সালে প্রকাশিত “বৈষ্ণব পদাবলী পরিচয়” গ্রন্থের ১৯৯৫ সালের “বৈষ্ণব পদাবলী পরিচয় নবপর্যায়” নামের সংস্করণের “চৈতন্য-পূর্বযুগের পদাবলী” অধ্যায়ের “চণ্ডীদাস” অংশে, ৭১-পৃষ্ঠায় লিখেছেন..

“চণ্ডীদাস সমস্যায় খুঁটিনাটি বিতর্কে প্রবেশ না করে ধরে নেওয়া যেতে পারে, অন্ততঃপক্ষে তিনজন চণ্ডীদাস ছিলেন। (ক) বড়ু চণ্ডীদাস : শ্রীকৃষ্ণকীর্তন-লেখক, (খ) দ্বিজ চণ্ডীদাস : নানুরের বাশুলী-সেবক : মহাপ্রভু যাঁর পদ-রসাস্বাদন করতেন, (গ) দীন চণ্ডীদাস : চৈতন্যোত্তর কবি : মণীন্দ্রমোহন বসু যাঁর পদাবলী সম্পাদনা করেছেন।”

ব্রজসুন্দর সান্যাল মহাশয় তাঁর চণ্ডীদাস চরিত গ্রন্থের ৮-পৃষ্ঠায় লিখেছেন...
“আমরা তাঁহার নিম্নলিখিত ভণিতাযুক্ত পদ পাইয়াছি।

(১) চণ্ডীদাস কয় ;
(২) কহে দ্বিজ চণ্ডীদাস ;
(৩) বড়ু (ব্রাহ্মণ-কুমার) চণ্ডীদাস কহে।
(৪) কহে রতু চণ্ডীদাস ;
(৫) রামু চণ্ডীদাস ভণে ;
(৬) কবি চণ্ডীদাস কহে। ইত্যাদি।

চণ্ডীদাসের নব-প্রকাশিত পদাবলীর এক স্থানে আমরা দাস চণ্ডীদাস ভণিতা পাইয়াছি ;---

অদভুত রীত     ইহার চরিত
     দাস চণ্ডীদাস জার। --- সাহিত্য পরিষৎ পত্রিকা।
বলাবাহুল্য এ “দাস” জাতিবাচক নহে, হীনত্ব প্রকাশক। আর একস্থলে “দাসী” ও ব্যবহৃত হইয়াছে।”
.

চণ্ডীদাসের জন্মস্থান -   ^^ উপরে ফেরত
চণ্ডীদাস বীরভূমের নান্নুরের ছিলেন না কি বাঁকুড়ার ছাতনায় তাঁর জন্ম ও নিবাস ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে বিশেষজ্ঞদের শতাধিক বর্ষ পার হয়ে গিয়েছে! চণ্ডীদাস কি কেবল একজন কবি ছিলেন না কি একাধিক কবি এই নামে পদ রচনা করে গিয়েছেন, তা নিয়েও তর্কের অবকাশ নেই। ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ মহাশয় শ্রীকৃষ্ণকীর্তন নাম দিয়ে যে বড়ু চণ্ডীদাসের ভণিতায়, পদ প্রকাশিত করেন, তার ভাষা প্রচলিত চণ্ডীদাসের পদের ভাষা থেকে প্রাচীন শুধু নয় কবিত্বের দিক দিয়েও অনেকটাই ভিন্ন। অধ্যাপক নীলরতন সেন তা নিয়ে তাঁর “বৈষ্ণব পদাবলী পরিচয় নবপর্যায়” গ্রন্থে যা লিখেছেন তা নীচে তুলে ধরলাম।
.

অধ্যাপক নীলরতন সেনের চণ্ডীদাস -   ^^ উপরে ফেরত
শ্রীকৃষ্ণকীর্তনের চণ্ডীদাস ও চৈতন্যোত্তর গৌড়ীয় বৈষ্ণবের চণ্ডীদাস নিয়ে বিখ্যাত ছান্দসিক ও বৈষ্ণব সাহিত্যের বিষারদ, অধ্যাপক অধ্যাপক কবি নীলরতন সেন তাঁর ১৯৬৮ সালে প্রকাশিত “বৈষ্ণব পদাবলী পরিচয়” গ্রন্থের ১৯৯৫ সালের “বৈষ্ণব পদাবলী পরিচয় নবপর্যায়” নামের সংস্করণের “চৈতন্য-পূর্বযুগের পদাবলী” অধ্যায়ের “চণ্ডীদাস” অংশে লিখেছেন...

“জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাসের পদ এবং রায়ের নাটকগীতির রসামৃত মহাপ্রভু রাত্রিদিন পান করতেন। ---এই চণ্ডীদাস কি বাঁকুড়ার বড়ু চণ্ডীদাস, ---না নানুরের দ্বিজ চণ্ডীদাস? যতদূর অনুমান করা যায়, বডু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন সাধারণ্যে বিশেষ প্রচারিত হয়নি। দু'চারটি পদ (প্রধানত বংশী ও বিরহখণ্ডের অন্তর্গত) পদাবলী গানের মধ্যে মিশে গেলেও আসল আখ্যায়িকাটি সম্ভবতঃ অপরিবর্তিত আকারেই রক্ষিত ছিল। মহাপ্রভু শ্রীচৈতন্যের রসাস্বাদন হলে বৈষ্ণব মহাজনেরা এ-পুঁথির পদাবলীর দ্বারা প্রভাবিত হতেন --- পদগুলিও জনপ্রিয়তার মাধ্যমে ভাষার দিক থেকে ষোড়শ-সপ্তদশ-অষ্টাদশ শতকে অনেক পরিবর্তিত হত। মহাপ্রভু সম্ভবতঃ বাশুলী-সেবক নানুরের চণ্ডীদাসের পদাবলীই আস্বাদন করেছিলেন। যাইহোক বড়ু- চণ্ডীদাস ও চৈতন্য-পূর্ব কবি, ভাষাতাত্ত্বিকেরা ভাষাবিচারে সেই অভিমত দিয়েছেন। ---শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনি-পরিকল্পনা এবং দেহরতির স্থুল প্রকাশনা চৈতন্যোত্তর পদাবলীধারার পরিপন্থী। এখানে অনভিজ্ঞা বালিকা রাধার ওপর কামুক কৃষ্ণের অত্যাচার ও একান্ত অনিচ্ছুক বালিকার দেহোপভোগ এবং ধীরে ধীরে রাধার মনে প্রেমসঞ্চার প্রাকৃত চিত্ররূপের মাধ্যমেই বর্ণিত হয়েছে। বৈষ্ণব তত্ত্বদর্শনের আভাস তার মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। শ্রীকৃষ্ণকীর্তনের কবি নাগরিক প্রেমলীলায় বিদগ্ধ নন। তাঁর নায়ক-নায়িকা নাগর-নাগরী হয়ে উঠতে পারেনি। গ্রাম্য ‘গমার’ গোপ কিশোর-কিশোরী রয়ে গেছে। এই কিশোরীই ধীরে ধীরে দেহশৃঙ্গারের মাধ্যমে পরকীয়া প্রেমকে উপলব্ধি করেছে এবং বংশী ও বিরহ খণ্ডে এসে কৃষ্ণবিরহে আকুল হয়ে উঠেছে। সুতরাং কৃষ্ণকীর্তনের পদগুলিতে রাধা-কৃষ্ণ-প্রেমের যে রস পরিবেশিত হয়েছে---চৈতন্যোত্তর গৌড়ীয় বৈষ্ণব প্রেমদর্শনের সঙ্গে তার মিলের তুলনায় অমিলই বেশী।---মহাপ্রভু এর রসাস্বাদন করেছেন এমন মনে করবার কোনও কারণ দেখা যায় না।

চণ্ডীদাসের রামী প্রেম-আখ্যায়িকা সম্ভবতঃ সপ্তদশ-অষ্টাদশ শতকের সহজিয়া বৈষ্ণবদের উদ্ভাবিত কাহিনি। নানুরের বাশুলী-সেবক চণ্ডীদাসের পদ-ধৃত রাধার পবিত্র প্রেম-সৌরভ হয়তো সহজিয়াদের কামগন্ধ-বিহীন রজকিনী-প্রেমকাহিনি রাধার প্রেরণা জুগিয়েছিল। এই চণ্ডীদাসের রাধা যেমন বিশুদ্ধভাবে উজ্জ্বলনীলমণি বর্ণিত বৈষ্ণব রসতত্ত্বের নায়িকা নন, তেমনি বিদ্যাপতির রাধার নাগর-বৈদগ্ধপূর্ণ প্রাকৃত প্রেমরুচিও তার মধ্যে নেই। বড়ু চণ্ডী দাসের 'গমার’ অর্থাৎ গ্রাম্য স্থুল রচিবোধও তাঁর কল্পনার বাইরে ছিল। চৈতন্যদেবের বিশুদ্ধ রাধা-প্রেমানুভূতির পিছনে এই চণ্ডীদাস-পদাবলীর যথেষ্ট প্রভাব ছিল অনুমিত হয়। বৃন্দাবন-গোম্বামীরা গৌড়ীয় বৈষ্ণব রসবিচারে কাম এবং প্রেমের যে পার্থক্য করেছেন চণ্ডীদাস পদাবলীর অনুপ্রেরণা তার পিছনে থাকা খুবই স্বাভাবিক।

আমাদের সিদ্ধান্ত - পূর্ব সিদ্ধান্তে এবারে ফিরে আসা যেতে পারে। আমাদের বক্তব্য হল, চৈতন্য-পূর্ববর্তী রাধা-কৃষ্ণ প্রেম-আখ্যায়িকার কবিদের রচিত পদাবলী বিশেষ কোনও ধর্মদর্শনের দ্বারা প্রভাবিত নয় ; ---এবং সে কারণেই, প্রত্যেক কবির পদে স্বাতন্ত্র্য ও বৈচিত্র্য অনেক বেশি। সেখানে প্রেমিক-প্রেমিকার প্রেমবর্ণনাও অনেক প্রাকৃত মানবীয় এবং বাস্তব জীবন-রসায়নে জারিত। চৈতন্য-পরবর্তী কবিদের মধ্যে এতটা ব্যক্তি-বৈশিষ্ট্যের প্রভাব সুস্পষ্ট নয়। জ্ঞানদাস, গোবিন্দদাস, বলরামদাস প্রভৃতি পদকর্তার রচনারীতির যথেষ্ট স্বাতন্ত্র্য রয়েছে সত্য, ---তবু গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বদর্শনের আলোকে রাধারূপ দর্শন করতে গিয়ে তারা অনেকাংশে ব্যক্তিক প্রতিভা স্ফুরণের সুযোগ হারিয়েছেন। চৈতন্য-পূর্ববর্তী কবিদের এমন কোনও নির্দিষ্ট বাঁধা পথে চলতে হয়নি ; ---সেজন্যেই কবিপ্রতিভার স্ফুরণে তাঁরা অনেক বেশি সুযোগ পেয়েছেন। ইচ্ছানুযায়ী প্রাকৃত কাম ও প্রেমের গণ্ডী তারা অতিক্রম করেছেন। রাধা-কৃষ্ণ বহুলাংশে আমাদের কাছাকাছি এসে পড়েছেন। চৈতন্য-পূর্ব যুগের এই রাধা-কৃষ্ণ প্রেমাখ্যায়িকাকে শ্রীচৈতন্যদেব তাঁর ভক্তিরসাশ্রিত আস্বাদনের মাধ্যমে পরবর্তী ভক্তকবিদের মধ্যে এক নব প্রেরণা এনে দিলেন। বিশিষ্ট প্রেমদর্শনাশ্রিত ধর্মবোধের ভিতর দিয়ে চৈতন্যোত্তর এক বিপুল গৌড়ীয় বৈষ্ণব ধর্মসাহিত্যের ধারা প্রবাহিত হল। সেই ধারায় মিশে চৈতন্য-পূর্ব রাধা-কৃষ্ণ প্রেম-বিষয়ক পদাবলীও নতুন ভাবব্যাখ্যা লাভ করল। বৈষ্ণব পদকার ও জীবনীকারেরা শুধু জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাসের পদ নয়---সংস্কৃত পুরাণ এবং প্রেমলীলার পদকেও গৌড়ীয় অলৌকিক প্রেমরসে জারিত করে নিয়েছেন দেখা যায়।”

মিলনসাগরে অধ্যাপক কবি নীলরতন সেনের কবিতার পাতায় যেতে এখানে ক্লিক্ করুন...


.


চণ্ডীদাসের পিতা-মাতা -       ^^ উপরে ফেরত
ব্রজসুন্দর সান্যালের “চণ্ডীদাস-চরিত” গ্রন্থের ৮-পৃষ্ঠায় তিনি লিখেছেন “১২৮০ সালের ১০ই পৌষের “সোম প্রকাশে” এক ব্যক্তি লিখিয়াছিলেন, চণ্ডীদাসের ১৩৩৯শকে জন্ম ও ১৩৯৯ শকে মৃত্যু হয়। ইঁহার পিতার নাম দুর্গানাথ বাগছি। ইঁহারা বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ। ইঁহার রচিত গ্রন্থের নাম গীতচিন্তামণি”। আমরা দেখছি যে ১৯৭৬ এ প্রকাশিত, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত “সংসদ বাঙালি চরিতাভিধানে”-ও তাঁরা এই পদবিটিই গ্রহণ করে পিতার নাম উল্লেখ করেছেন দুর্গাদাস বাগচি।

পুনরায় ব্রজসুন্দর সান্যাল মহাশয় তাঁর চণ্ডীদাস চরিত গ্রন্থের ৯-পৃষ্ঠায় লিখেছেন, “আমি ১৩৭৩ শকে লিখিত একখানি পুঁথি সংগ্রহ করিয়াছি। তাহাতে একস্থলে পাওয়া যায়, ‘ভবানী চরণ নামক এক ব্রাহ্মণের উরসে ভৈরবী নাম্নী এক কামিনীর গর্ভে চণ্ডীদাসের জন্ম হয়।’ বীরভূমিস্থ জনৈক বন্ধু লিখিয়াছেন, নান্নুরে বিশেষ অনুসন্ধান করিয়া জানিলাম, চণ্ডীদাসের পিতার নাম ভবানী চরণ রায় ও জননীর নাম ভৈরবী সুন্দরী ছিল। খুব সম্ভবতঃ তাঁহার জন্ম ১৩০৮--১৫ শকের (১৩৮৬ - ১৩৯৩ খৃষ্টাব্দ) মধ্যে হইয়াছিল।”

মিলনসাগরে কবি ব্রজসুন্দর সান্যালের কবিতার পাতায় যেতে এখানে ক্লিক্ করুন...

১৯৩৪ সালে, বাঁকুড়া থেকে যোগেশচন্দ্র রায় দ্বারা, কলকাতার রামানন্দ চট্টোপাধ্যায়ের উৎসাহদানে প্রকাশিত “চণ্ডীদাস-চরিত” নামক গ্রন্থের ৩৩-পৃষ্ঠায় চণ্ডীদাসের দাদা দেবীদাসের খোঁজে আসা বিষ্ণুশর্ম্মা দেবীদাসের প্রশ্নের উত্তরে সেখানে তাঁর আসার কারণ এবং চণ্ডীদাস ও দেবীদাসের পিতার নাম নিত্যরঞ্জন শর্ম্মা বলছেন...

পরদিন আইল এক ব্রাহ্মণ বিদেশী।
আছে এক সঙ্গে তার ষোড়শী রূপসী ॥
দেবী কহে কে তুমি কোথায় তব ধাম।
বেসড়ার হই আমি বিষ্ণুশর্ম্মা নাম॥
কহিলা সে পুন দেবী তারে জিজ্ঞাসয়।
কে অই রমণী তব কহ মহাশয়॥
বিষ্ণুশর্ম্মা কহে বাপু অই যে রমণী।
একমাত্র কন্যা মোর নাম সুরধুনী॥
কন্যা-সম উপযুক্ত পাত্র নাহি পাই।
এই হেতু দেশ দেশ ভ্রমিঞা বেড়াই॥
স্বপ্নে দেখি আজি তার হইবে বিবাহ।
ব্রাহ্মণ্যপুরের এক দেবীদাস সহ॥
নিত্যনিরঞ্জন-শর্ম্মা হয় তার পিতা।
পরম বৈষ্ণব চণ্ডীদাস তার ভ্রাতা।

.


চণ্ডীদাস কি শ্রীচৈতন্যের পূর্ববর্তী কবি? -  ^^ উপরে ফেরত
চণ্ডীদাস শ্রীচৈতন্য মহাপ্রভুর অনেক পূর্বেকার মানুষ ছিলেন। তার দুটি প্রমাণ ধরা হয়। প্রথমত চণ্ডীদাসের কোনো পদে শ্রীচৈতন্য মহাপ্রভুর কোনো উল্লেখ নেই, যা শ্রীচৈতন্য পরবর্তী প্রায় সকল বৈষ্ণব কবির কবিতায় আমরা দেখতে পাই। দ্বিতীয়ত শ্রীচৈতন্যের জীবনী গ্রন্থে তাঁকে চণ্ডীদাসের পদ গাইতে-শুনতে দেখা যায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত ‘শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত’ গ্রন্থের মধ্যলীলার ২য় পরিচ্ছেদে...

চণ্ডীদাস বিদ্যাপতি     রায়ের নাটক গীতি।
কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ॥
স্বরূপ রামানন্দ সনে     মহাপ্রভু রাত্রি দিনে।
গায় শুনে পরম আনন্দ॥


মধ্যলীলার ১০ম পরিচ্ছেদে...

ভক্তিসিদ্ধান্ত বিরুদ্ধ আর রসাভাস ;
শুনিলে না হয় প্রভুর চিত্তের উল্লাস।
অতএব স্বরূপ গোঁসাই করে পরীক্ষণ ;
শুদ্ধ হয় যদি, প্রভুরে করান্ শ্রবণ।
বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রীগীতগোবিন্দ ;
এই তিন গীতে করায় প্রভুর আনন্দ।

অন্ত্যলীলার ১৭শ পরিচ্ছেদে...

এক দিন প্রভু স্বরূপ রামানন্দ সঙ্গে ;
অর্দ্ধ রাত্রি গোঙাইল কৃষ্ণকথা রঙ্গে।
যবে যেই ভাব প্রভু করয়ে উদয় ;
ভাবানুরূপ গীত গায় স্বরূপ মহাশয়।
বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রীগীতগোবিন্দ ;
ভাবানুরূপ শ্লোক পড়ে রায় রামানন্দ।

কিন্তু দীন চণ্ডীদাসের ক্ষেত্রে ঘটনাবলী একটু এন্য রকম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে প্রকাশিত, মণীন্দ্রমোহন বসুর “দীন চণ্ডীদাসের পদাবলী”-এর, ভূমিকায়, দীন চণ্ডীদাসের পরিচয়ে তিনি লিখেছেন...

“প্রকৃতপক্ষে দীন চত্তীদাস নান্নূর না ছাতনার ইহা আমরা জানিতে পারি নাই। তবে ইহা নিঃসন্দিগ্ধ-রূপে বলা যাইতে পারে যে, বিদগ্ধমাধবাদি গ্রন্থ, এমন কি চৈতন্যচরিতামৃত বঙ্গদেশে বিশেষরূপে প্রচারিত হইবার পরে দীন চণ্ডীদাসের অভ্যুাদয় হইয়াছিল। কারণ পূর্ব্বেই আমরা দেখাইয়াছি যে, এই সকল গ্রন্থের প্রভাব তাঁহার পদাবলীতে স্পষ্টভাবে লক্ষিত হয়। আজ পর্যন্ত যতগুলি পদ-সংগ্রহ-গ্রন্থ আবিষ্কৃত হইয়াছে, তন্মধ্যে প্রায় ১৭০০ খ্রীষ্টাব্দে সঙ্কলিত “ক্ষণদা-গীত-চিন্তামণি” গ্রন্থখানিকে সর্ব্বাপেক্ষা প্রাচীন সিদ্ধান্ত করিয়া সতীশচন্দ্র রায় মহাশয় লিখিয়াছেন--- “বিশেষ আশ্চর্য্যের বিষয় এই যে, ক্ষণদা-গীত-চিন্তামণি গ্রন্থে চণ্ডীদাসের ভণিতাযুক্ত পদ একটিও পাওয়া যায় না।“ (তরু, ভূমিকা, ১ পৃঃ ব্রষটব্য)। তারপর প্রাচীন সংকীর্ত্তনামৃতেও চণ্ডীদাসের একটি পদও সঙ্কলিত হয় নাই। ইহারই উল্লেখ করিয়া সতীশচন্দ্র রায়া মহাশয় লিখিয়াছেন--- “আশ্চর্যের বিষয়, যে চণ্ডীদাসের নাম বাঙ্গালীর অস্থি-মজ্জার সহিত মিশিয়া গিয়াছে, তাহার একটি পদও আলোচ্য গ্রন্থে উদ্ধৃত হয় নাই।” (তরুর ভূমিকা, ৫ পৃঃ)। ইহার কারণ কি? আমাদের মনে হয়, দীন চণ্ডীদাসের পদ এ সময়ে তত প্রসিদ্ধি লাভ করে নাই। তৎপর পদামৃতসমুদ্র ও পদকল্পতরুতে চণ্ডীদাসের পদ পাওয়া যাইতেছে। এ সকল পদের মধ্যে কতকগুল সন্দেহজনক হইলেও দীন চণ্ডীদাসের বৃহৎ কাব্য হইতে যে পদকল্পতরু-গ্রন্থে পদ সঙ্কলিত রহিয়াছে তাহা আমরা ইতিপূর্বে প্রদর্শন করিয়াছি। এই অবস্থায় আমাদের সিদ্ধান্ত এই যে, ১৭০০ হইতে ১৭৫০ খ্রীষ্টাব্দের মধ্যে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে দীন চণ্ডীদাসের পদাবলী প্রসিদ্ধি লাভ করিয়াছিল।”

মিলনসাগরে কবি শ্রীচৈতন্য মহাপ্রভুর কবিতার পাতায় যেতে এখানে ক্লিক করুন।

মিলনসাগরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কবিতার পাতায় যেতে এখানে ক্সিক্ করুন. . .
.


চণ্ডীদাসের জন্মের সাল -        ^^ উপরে ফেরত
১৯০৪ সালে রাজসাহী থেকে প্রকাশিত ব্রজসুন্দর সান্যালের “চণ্ডীদাস-চরিত” গ্রন্থের, জন্ম-বৃত্তান্ত অধ্যায়ের ৭-পৃষ্ঠায় চণ্ডীদাসের ৪ পঙ্ক্তির একটি পদের উল্লেখ করেন, যা ১৯০৩ সালের “নব্যভারত” পত্রিকার ফাল্গুন ১৩১০ সংখ্যায় প্রকাশিত হয়েছে তারই “চণ্ডীদাস” প্রবন্ধে ...

বিধুর নিকটে নেত্র পক্ষ পঞ্চ বাণ।
নবহুঁ নবহুঁ রস হই পরিমাণ॥
পরিচয় সঙ্গেত অঙ্কে নির্জ্জা।
চণ্ডীদাস রস কৌতুক কির্জ্জা॥

প্রথম পঙ্ক্তির বিধু (১), নেত্র(৩), পক্ষ(২) ও পঞ্চবাণে(৫) দাঁড়ায় ১৩২৫ শক বা ১৪০৩ খৃষ্টাব্দ হয়, এই রচনার সময়কাল। ব্রজসুন্দর বাবুর অনুমানে, যদি এই পদটি কবি চণ্ডীদাস ২০ বৎসর বয়সে রচনা করে থাকেন তবে তাঁর জন্মের সাল দাঁড়ায় ১৩০৫ শক বা ১৩৮৩ খৃষ্টাব্দ।

১৯৩৪ সালে, বাঁকুড়া থেকে যোগেশচন্দ্র রায়, কলকাতার রামানন্দ চট্টোপাধ্যায়ের উৎসাহদানে, “চণ্ডীদাস-চরিত” নামক বইটি প্রকাশ করেন। এই গ্রন্থটি ১৫৭৫ শকে বা ১৬৫৬ সালে, বাঁকুড়া জেলার ছাতনার রাজা উত্তরনারাণ তাঁর কবিরাজ (সভাকবি) উদয় সেন কে লেখার আদেশ দেন। উদয় সেন নানা স্থানে ঘুরে, চণ্ডীদাসের জীবনের উপর তথ্য যোগাড় করে, সংস্কৃতে “চণ্ডীদাসচরিতামৃতম্” নামের গ্রন্থ লিখেছিলেন। পরবর্তী কালে ছাতনার রাজা বলাইনারাণ তাঁর প্রিয়পাত্র কবিরাজ উদয় সেনের প্রপৌত্র কৃষ্ণপ্রসাদ সেনকে সেই গ্রন্থের বাংলায় অনুবাদ করতে বলেন, তাঁর ১৭২৫ শকে বা ১৮০৩ সালে তাঁর রাজা হওয়ার দশ-বার বছর পরে। কৃষ্ণপ্রসাদ সেন “চণ্ডীদাসচরিতামৃতম্” এর পুঁথি কে আশ্রয় করে বিবিধ ছন্দে “বাসলী ও চণ্ডীদাস” নামের পুঁথি লিখেছিলেন। এই “চণ্ডীদাস-চরিত” গ্রন্থের ভূমিকায় ওই পুঁথির বিশদ বিবরণ ও ইতিহাস দেওয়া রয়েছে যাতে শেষ পর্যন্ত কোন পুঁথি থেকে বইটি ছাপা হয়, তাও দেওয়া রয়েছে।

এই গ্রন্থে মল্লরাজ ও চণ্ডীদাসের কথোপকথনে চণ্ডীদাস তাঁর জন্মের সময় বলছেন এইভাবে...

একি কথা কহ রাজা চণ্ডীদাস বলে।
আমার বয়স প্রায় তেত্রিশের কোলে॥
যেইদিন মহামুদী ঘোর অত্যাচারী।
বসিলেন সিংহাসনে পিতৃহত্যা করি॥
তার পরদিনে মোর জন্ম মধুমাসে।
তুমি কিনা বল মোরে বালক বয়সে॥
কহিতেন এ কথা প্রায় মৌর পিতা।
যখনি উঠিত তার দৌরাত্ম্যের কথা॥

১৩২৫ খৃষ্টাব্দের ১৫ই ফেব্রুয়ারী ও ১৭ই মার্চের মধ্যে দিল্লীর বাদশা ঘিয়াসুদ্দিন তুঘলাকের পুত্র জুনা খাঁ, হাতি দিয়ে এক মণ্ডপ ধরাশায়ী করে তাঁর পিতাকে হত্যা করেন (ঘটনাটি ইতিহাসের একটি বিতর্কিত বিষয়) এবং পরে মহম্মদ-বিন-তুঘলাক্ নাম গ্রহণ করেন। সেটা ১২৪৬ শকের চৈত্র বা মধু মাস যা এখানে চণ্ডীদাসের জন্মের মাস ও সাল বলা হয়েছে।

“চণ্ডীদাস-চরিত” গ্রন্থে বর্ণিত অনেক ঐতিহাসিক ঘটনা ও তারিখ নলিনীকান্ত ভট্টশালী রচিত Coins and Chronology of the early independent Sultans of Bengal গ্রন্থের সাথে মিলে যায়। গ্রন্থে যোগেশচন্দ্র রায়ের বিভিন্ন টীকায় তা তিনি দেখানোর চেষ্টাও করেছেন উক্ত লেখক ও এই গ্রন্থের নাম দিয়ে। তা সত্বেও সুকুমার সেন তাঁর ১৯৭১ সালে প্রকাশিত “Chandidas” গ্রন্থের ১৯-পৃষ্ঠায়, Life and Date : Search and Research অধ্যায়ে লিখেছেন...

“Candidas-carit armed at fixing the biographical data of Chandidas for good and at the same time sealing up the possibility of all future controversies regarding the private life of the poet. To pacify the Nanurians tt does not reject Nanur ; it is shown as Chandidas’s other address. Similarly the differences arising out of the different stories are all accommodated in its frame-work. The document was like a gun aimed carefully and directly at a target it could not miss. For instance the date of Chandidas’s birth is noted as the day on which Feroz Shah Tughluk took the throne of his uncle whom he had managed to assassinate.

Notwithstanding all necessary cautions the gun misfired, or as we may say, it exploded. Nalinikanta Bhattasali, an esteemed historian, clearly and convincingly demonstrated that the manuscript copy of Candidas-carit was a palpable forgery, a very recent concoction.”


বিমানবিহারী মজুমদার তাঁর ১৯৬০ সালে প্রকাশিত চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের অনেক অসঙ্গতি তুলে ধরে, ভূমিকার ২৭-পৃষ্ঠায় লিখেছেন...

“১৮১৩ খ্রীষ্টাব্দের কোন লেখকের পক্ষে “কোনসুলি” (counsel) শব্দের সঙ্গে পরিচিত থাকা খুব বেশী সম্ভব নহে, অথচ “চণ্ডীদাসচরিতে” আছে---

কোনসুলি কারকুন মুনসী পাটআরি। ঘাটআল সদিআল পুলিশ প্রহরী॥ (পৃঃ ৯৯)

গ্রন্থকার আবদুর রহমান নামক চণ্ডীদাসের এক সমসাময়িককে শুধু কোরাণের পণ্ডিত নহে, পারসি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ আবেস্তারও কণ্ঠস্থকারী বলিয়া বর্ণনা করিয়াছেন---

আবদুর রহমান সবার সম্মানী। কোরাণ আবেস্তা তার তুণ্ডাগ্রেতে জানি॥ (পৃঃ ৫৯)

এই গ্রন্থে চণ্ডীদাসের মুখ দিয়া “মানুষ” কাহাকে বলে, তাহা বলানো হইয়াছে---

বাঘও বলিতে মানুষ বুঝায়, ছাগও বলিতে তাই।
আকাশ পাতাল সকলি মানুষ, তা ছাড়া কিছু ত নাই॥
স্বর্গ মানুষ, নরক মানুষ, মানুষ পরম প্রভু।
হচ্ছে মানুষ, মচ্ছে মানুষ, মানুষ নিত্য স্বভূ॥ (পৃঃ ২৬)

যে গ্রন্থকারের মতে “বাঘও মানুষ”, “ছাগও মানুষ”, তাহার উক্তিকে ভিত্তি করিয়া চণ্ডীদাস সম্বন্ধে কোন সংবাদ দেওয়া নিরাপদ্‌ নহে।”

মিলনসাগরে কবি বিমানবিহারী মজুদারের কবিতার পাতায় যেতে এখানে ক্লিক্ করুন...

আমরা বিশেষজ্ঞ নই। তাই দুপক্ষের কথাই এখানে তুলে ধরলাম।
.


চণ্ডীদাস ও রামী -     ^^ উপরে ফেরত
বংশ পরম্পরায় পিতার প্রয়াণের পরে, বর্ধমান জেলার নান্নুর-এর বাঁশুলী দেবীর মন্দিরের পুজারী নিযুক্ত হয়েছিলেন সুগায়ক ও কবি চণ্ডীদাস। ছোটবেলা থেকেই সেই মন্দিরের সেবিকা ছিলেন রামমণী বা রামী। তিনি জাতিতে ছিলেন রজক বা ধোপা। তাই বিভিন্ন স্থানে রামী কে রজকিনী রামী বলে উল্লেখ করা হয়েছে। তাঁর জীবন সম্বন্ধেও বিভিন্ন তথ্য রয়েছে। এবং বিশেষজ্ঞরা তা নিয়ে কাজ করে চলেছেন।

শৈশবে রামী আহার-অন্বেষণে ঘুরে বেড়াতেন দেখে গ্রামের মানুষ তাঁকে বাঁশুলী দেবীর মন্দিরের সেবিকা নিযুক্ত করে দিয়েছিলেন। তিনিও কায়মনোবাক্যে দেবীর সেবায় নিজেকে উত্সর্গ করে দিলেন।

ক্রমে চণ্ডীদাসের সাথে তাঁর কামগন্ধহীন প্রেমের (platonic love) সূচনা হয়। কেউ কেউ চণ্ডীদাসকে রামীর ব্যর্থ প্রেমিক আখ্যাও দিয়েছেন। কিন্তু চণ্ডীদাসের পদ থেকেই তা বোঝা যায় যে তিনি রামীকে কখনও মাতা বা কখনও গুরু বলে সম্বোধন করেছিলেন। যেমন...

শুন রজকিনী রামী
ও-দুটি-চরণ,     শীতল জানিয়া
শরণ লইনু আমি।
এক নিবেদন,     করি পুনঃ পুনঃ
শুন রজকিনী রামী।


তাঁদের জীবন নিয়ে বহু অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে যা বিভিন্ন গ্রন্থে বিশেষজ্ঞগণ লিপিবদ্ধ করেছেন। আমরা এখানে তার মধ্যে যাচ্ছি না।

রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন তাঁর “বঙ্গভাষা ও সাহিত্য” গ্রন্থে (পৃষ্ঠা ২১৭) জানিয়েছেন যে চণ্ডীদাসের মৃত্যু সম্বন্ধে রামীর রচিত এবং ভণিতাযুক্ত একটি গীতিকা আবিষ্কার করেন, বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ মহাশয় (১৮৬৫- ১৯৫২)। এছাড়া রামীর তিনটি পদ, আউল মনোহর দাস সংকলিত ১৫০০০ পদবিশিষ্ট সংকলন "পদসমুদ্র" গ্রন্থে ( গ্রন্থটির অস্তিত্ব ও বিশালতা নিয়ে অনেক বিশেষজ্ঞই সন্দেহ প্রকাশ করেছেন! ) পাওয়া গিয়েছে। পদটি ১৮৯৬সালে প্রকাশিত রমণীমোহন মল্লিকের সম্পাদনায় “চণ্ডীদাস” গ্রন্থে সন্নিবেশ করা হয়। পরে ১৯৩০ সালে, যোগেন্দ্রনাথ গুপ্তের “বঙ্গের মহিলা কবি” গ্রন্থেও তা অন্তর্ভুক্ত করা হয়।

আমরা এই চারটি পদ মিলনসাগরের রামী বা রামমণির কবিতার পাতায় তুলে দিয়েছি। মিলনসাগরের কালানুক্রমিক সূচিতে রামিই সবচেয়ে প্রাচীন বাঙালি মহিলা কবি।

মিলনসাগরে কবি রামী বা রামমণির কবিতার পাতায় যেতে এখানে ক্লিক্ করুন...
.


চণ্ডীদাসের মৃত্যু -         ^^ উপরে ফেরত
১৮৯৬সালে প্রকাশিত রমণীমোহন মল্লিকের সম্পাদনায় “চণ্ডীদাস” গ্রন্থের জীবনী ও সমালোচনা অনুচ্ছেদের ১৭-পৃষ্ঠায় চণ্ডীদাসের মৃত্যু নিয়ে লিখেছেন...

“চণ্ডীদাস নান্নুরের নিকটবর্তী মতীপুরে কীর্ত্তন করিতে গিয়াছিলেন। তথায় নাটমন্দির পতিত হওয়ায় তাঁহার ও রামমণির মৃত্যু হয়।” সঙ্গে লিখেছেন - “উল্লিখিত ঘটনাগুলি কিন্তু বিশ্বাসযোগ্য নহে।”

স্বাধীন ত্রিপুরার মহারাজ বীরচন্দ্রমাণিক্য দেব-বর্ম্মণ বাহাদুরের অর্থানুকুল্যে প্রকাশিত, রায়বাহাদুর দীনেশচন্দ্র সেনের “বঙ্গভাষা ও সাহিত্য” গ্রন্থের ষষ্ঠ সংস্করণের ২১৪-পৃষ্ঠায় এই নিয়ে তিনি লিখেছেন... “চণ্ডীদাসের মৃত্যু সম্বন্ধে আমরা বহুপূর্ব্বে বীরভূম জেলায় প্রচলিত একটি প্রবাদের উল্লেখ করিয়ায়াছিলাম, তাহা শ্রীযুক্ত বসন্তরঞ্জন রায় কৃষ্ণ-কীর্ত্তনের ভূমিকায় উদ্ধৃত করিয়াছিলেন। প্রবাদটি এই,---

“নান্নুরে বাশুলীমন্দিরের নিকটে যে ভগ্নগৃহের চিহ্নাদি সহ স্তূপ পড়িয়া আছে, সেখানে নাট্যশালা ছিল। স্থানীয় প্রবাদ এই যে চণ্ডীদাস তাহার ভূবনবিজয়ী কীর্ত্তনের দল সহ সেই নাট্যশালায়ই সমাহিত হন। সে প্রবাদ বড় শোকাবহ। সন্নিকটবর্ত্তী পরগণার নবাব তাহার প্রাসাদে চণ্ডীদাসকে আমন্ত্রণ করিয়া লইয়া যান ; দুর্ভাগ্যক্রমে চণ্ডীদাসের ভক্তিপ্রেমের বিজয়-মন্ত্র, তাঁহার অপূর্ব্ব পদাবলী যখন তাঁহার কণ্ঠে নিনাদিত হইতে লাগিল, তখন সেই উন্মাদনায় নবাব সাহেবের বেগম একেবারে মুগ্ধ হইয়া গেলেন ; তিনি চণ্ডীদাসের গান শুনিতে ছদ্মবেশে পল্লীতে পল্লীতে ঘুরিতেন। নরাব কোন ক্রমেই বেগম সাহেবাকে শাসন করিতে পারিলেন না। চণ্ডীদাসের সুর সত্যই তাঁহার কাণের ভিতর দিয়া মরমে প্রবেশ করিয়াছিল, সেই মর্ম্ম-প্রবেশী সংগীত তাঁহার লজ্জা ভয় দূর করিয়া দিয়াছিল।

নবাবের ক্রোধ জাগিয়া উঠিল। একদিন যখন নান্নুরের নাট্যশালা চণ্ডীদাসের কীর্ত্তনানন্দে মুখরিত হইতেছিল, তখন সহসা সেই প্রেম স্নিগ্ধ নিকেতন নবাব-সৈন্যের কামানের শব্দে কাঁপিয়া উঠিল। কামানের গোলায় নাট্যশালা পড়িয়া গেল। বাঙ্গালা দেশের সর্বশ্রেষ্ঠ কবি-মর্ত্ত্যধামে স্বর্গের গায়ক তাঁহার দল সহ বিদীর্ণ মন্দিরের নীচে জীরন্ত সমাধিপ্রাপ্ত হইলেন।”

চণ্ডীদাসের মৃত্যু নিয়ে আরও একটি বিবরণ রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন তাঁর “বঙ্গভাষা ও সাহিত্য” গ্রন্থে দিয়েছেন যাতে রয়েছে রামীর রচিত এবং ভণিতাযুক্ত একটি গীতিকায় অন্যভাবে চণ্ডীদাসের মৃত্যুর কথা। গ্রন্থের ২১৫-পৃষ্ঠায় তিনি লিখেছেন ...

“...এই পদটি আমরা রামীর রচনার উদাহরণ স্বরূপ অন্যত্র উদ্ধৃত করিলাম। ইহাতে জানা যায় চণ্ডীদাস গৌড়ের নবাবের রাজসভায় গান গাহিতে অনুরুদ্ধ হইয়া তথায় গমন করেন। সেই গানে বেগম মুগ্ধ হইয়া যান এবং চণ্ডীদাসের গুণের অনুরাগিনী হন। নবাবের নিকট তিনি নির্ভীকভাবে এই কথা স্বীকার করেন। নবাবের আদেশে চণ্ডীদাস হস্তীপৃষ্ঠে আবদ্ধ হইয়া দারুণ কষাঘাতে প্রাণত্যাগ করেন। তাঁহার আত্মীয় বন্ধুবর্গের সমক্ষে এইরূপ কষাঘাত করিয়া তাঁহার প্রাণহননের দণ্ডাজ্ঞা ছিল ; সুতরাং রামী ও বেগম সকলেই কবির এই শোচনীয় পরিণাম দেখিয়াছিলেন। চণ্ডীদাস মৃত্যুকালে সমস্ত শারীরিক যন্ত্রণা সহ্য করিয়াও রামীর দিকে দুইটি নিশ্চল চক্ষুর দৃষ্টি আবদ্ধ রাখিয়াছিলেন। বেগম এই দৃশ্য দর্শন করিয়া মুর্চ্ছিতা হন। সেই মুর্চ্ছা তাঁহার ভঙ্গ হইল না। বেগমের মৃত্যুতে রামীর হৃদয় শ্রদ্ধাতে পূর্ণ হইয়া উঠিল, এবং তিনি মৃতদেহের পদযুগল স্পর্শ করিয়া শোক প্রকাশ করিলেন। ‌

এই অপূর্ব শোক-গীতিকা হইতে ইহাও জানা যায় যে চণ্ডীদাসও বেগমের প্রতি অনুরক্ত হইয়াছিলেন। রামী অনুযোগ দিয়া বলিতেছে, “বাশুলী তোমায় শুধু আমাকে ভালবাসিতে বলিয়াছিলেন, তুমি তাহার আজ্ঞা লঙ্ঘন করিলে কেন।”

বোধ হয় ক্রুদ্ধ নবাব কর্ত্তৃক প্রবাদোক্ত বাশুলী মন্দির ধ্বংস পরে সাধিত হইয়াছিল।

একটি দেশব্যাপী জনশ্রুতি যখন দুই শত বৎসরের প্রাচীন হস্তলিপিসম্বলিত প্রমাণ দ্বারা সমর্থিত হইতেছে, তখন তাহা আমরা ঐতিহাসিক সত্য বলিয়া গ্রহণ করিতে বাধা দেখিতেছি না।”

দীনেশচন্দ্র সেন আরও লিখেছেন তাঁর উক্ত গ্রন্থের ২২১-পৃষ্ঠায়, “গৌড়ের এই সম্রাট কে? আমার মনে হয়, রাজা গণেশের পুত্র যদু (জালালুদ্দিন)ই চণ্ডীদাস হন্তার কুপ্রতিষ্ঠার দাবী করিতেছেন। তিনি স্বধর্মত্যাগী ও স্বজাতি দ্রোহী। বিশেষ তাঁহার অন্দরমহলে অনেক হিন্দু বেগম ছিলেন, তাঁহারা যদিওবা স্বামীর সঙ্গে ধর্ম্মত্যাগ করিয়া থাকেন, রাধাকৃষ্ণের লীলা বিষয়ক সংগীতের অনুরাগিণী হওয়া তাঁহাদের মধ্যে কোন একটিরই হওয়া স্বাভাবিক। অন্ততঃ খাঁটি মুসলমান রমণী হইতে তাঁহাদেরই হিন্দুগানের সমজদার হওয়ার অধিকতর সম্ভাবনা। জালালুদ্দিনের রাজত্বকালও চণ্ডীদাসের সমসাময়িক।”

মিলনসাগরে স্বাধীন ত্রিপুরার কবি রায়বাহাদুর দীনেশচন্দ্র সেনের কবিতার পাতায় যেতে এখানে ক্লিক করুন...

মিলনসাগরে স্বাধীন ত্রিপুরার মহারাজ কবি বীরচন্দ্রমাণিক্য দেব-বর্ম্মণ বাহাদুরের কবিতার পাতায় যেতে এখানে ক্লিক করুন...

.


মহাকবিদের প্রতি প্রেমের প্রতিফলন - ^^ উপরে ফেরত
সাহিত্যের অনুরাগীরা তাঁদের জীবনে ক্ষমতা পেলে মহাকবিদের জন্য যতটা সম্ভব করার চেষ্টা করেছেন, এখানে সেই রকম ঘটনা উল্লেখনীয় মনে করছি। সতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা বসুমতী সাহিত্য মন্দির থেকে ১৯৩৪ সালে প্রকাশিত বৈষ্ণব-মহাজন-পদাবলী (১ম খণ্ড) এর মহাকবি চণ্ডীদাস পদাবলী গ্রন্থের প্রথম অধ্যায়ের ২য় পৃষ্ঠায়, শ্রী দীনেন্দ্রকুমার রায় লিখেছেন...

“মহাকবি চণ্ডীদাসের জন্মস্থান এবং তাহার সাধনার পীঠস্থান কোথায় ছিল---এ সন্বন্ধেও তর্ক-বিতর্ক আরম্ভ হইয়াছে। আমরা চিরদিন শুনিয়া আসিতেছি এবং সত্য বলিয়া বিশ্বাস করি যে, নান্নুর গ্রামেই চণ্ডীদাসের জন্ম ও পীঠস্থান। ইহা বীরভূম জেলার সাকুলিপুর থানার অন্তর্গত ছিল। আমার শিক্ষাগুরু স্বর্গীয় অমৃতলাল মুখোপাধ্যায় মহাশয় আমাদের স্কুলের হেড-মাষ্টারী ছাড়িয়া ডেপুটী ম্যাজিষ্ট্রেট হইয়াছিলেন ; পরে তিনি যোগ্যতা-বলে জেলা ম্যাজিষ্ট্রেটের পদে উন্নীত হইয়াছিলেন। তিনি বঙ্গসাহিতোর অকৃত্রিম সুহৃদ্ ছিলেন। তিনি যখন রাণাঘাট মহকুমার ম্যাজিষ্ট্রেট, তখন কৃত্তিবাসের জন্মভূমি ফুলিয়ায় মহাকবির স্মৃতি চিহ্ন স্থাপনের জন্য সচেষ্ট হইয়াছিলেন ; আবার যখন তিনি বীরভুমের জেলা-ম্যাজিষ্ট্রেট, সেই সময় সাকুলিপুর থানার পরিবর্ত্তে নান্নুরে থানা প্রতিষ্ঠিত করিয়াছিলেন। মহাকবি চণ্ডীদাসের প্রতি তাঁহার আন্তরিক শ্রদ্ধাই ইহার কারণ।”
.


মিলনসাগরে চণ্ডীদাসের পদাবলী -         ^^ উপরে ফেরত
আমরা মিলনসাগরে চণ্ডীদাসের যত সংখ্যক কবিতা তোলা সম্ভব তোলার কাজ করছি। কবিতার উৎকৃষ্টতা নিয়ে আমাদের কিছু বলা ধৃষ্টতা হবে। কারণ আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ নই। মিলনসাগরে দেওয়া প্রতিটি কবিতার সঙ্গে দেওয়ার চেষ্টা করছি তার উৎস গ্রন্থের নাম, প্রকাশনার সময়কাল ও সংকলকের নাম, পদের বিষয়। কবিতা গুলি ভাগ করা হয়েছে কবির ভণিতা দিয়ে। তার মধ্যে থাকছে...

চণ্ডীদাস,
দ্বিজ চণ্ডীদাস,
বড়ু চণ্ডীদাস,
কবি চণ্ডীদাস,
আদি চণ্ডীদাস,
দীন চণ্ডীদাস,
দীন হীন চণ্ডীদাস,
দীন ক্ষীণ চণ্ডীদাস,
রামু চণ্ডীদাস,
দাস চণ্ডীদাস,
বড়ু,
এবং একাধিক চণ্ডীদাস (যে সব পদ বিভিন্ন গ্রন্থে ভিন্ন ভিন্ন চণ্ডীদাস ভণিতায় প্রকাশিত হয়েছে) প্রভৃতি।



বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।

আমরা মিলনসাগরে কবি চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী ও তাঁর জীবন ও কর্মযজ্ঞ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা। এই পাতা বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবির প্রতি মিলনসাগরের শ্রদ্ধাঞ্জলি।



কবি চণ্ডীদাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।



আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭



কবি দ্বিজ চণ্ডীদাস নামে এই পাতার প্রথম প্রকাশ - ৯.৪.২০০৯
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৪.২.২০১৭
আড়াই শতাধিক পদের চণ্ডীদাস নামের এই পাতার মোবাইল স্যাভ্যি সংস্করণ শুরু - ২০.৬.২০২৬
আমাদের ইচ্ছা চণ্ডীদাসের যত সংখ্যক পদ সম্ভব মিলনসাগরে তুলে যাওয়ার।
^^ উপরে ফেরত