চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী
*
চণ্ডীদাস এর পরিচিতির পাতায় . . .

যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
কবি চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - নায়ক সম্বোধনে, ৩২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ সিন্ধুড়া॥

যখন পিরীতি কৈলা,     আনি চাঁদ হাতে দিলা,
আপনি করিতা মোর বেশ।
আঁখির আড় নাহি কর,     হিয়ার উপরে ধর,
এবে তোমা দেখিতে সন্দেশ ॥
একে হাম পরাধিনী,     তাহে কুল কামিনী,
ঘর হৈতে আঙ্গিনা বিদেশ।
এত পরমাদে প্রাণ,     না যায় তবুত আন,
আর কত কহিব বিশেষ॥
ননদী বিষের কাঁটা,     বিষ মাথা দেয় খোঁটা,
তাহে তুমি এত নিদারুণ।
কবি চণ্ডীদাস কয়,     কিবা তুমি কর ভয়,
বন্ধু তোর নহে অকরুণ॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ - নায়ক সম্বোধনে, ১১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

যখন পিরীতি কৈলা,     আনি চাঁদ হাতে দিলা,
আপনি করিতা মোর বেশ।
আঁখির আড় নাহি কর,     হিয়ার উপরে ধর,
এবে তোমা দেখিতে সন্দেশ ॥ (১)
একে হাম পরাধিনী,     তাহে কুল কামিনী,
ঘর হৈতে আঙ্গিনা বিদেশ।
এত পরমাদে প্রাণ,     না যায় তবুত আন,
আর কত কহিব বিশেষ॥
ননদী বিষের কাঁটা,     বিষ মাথা দেয় খোঁটা,
তাহে তুমি এত নিদারুণ।
কবি চণ্ডীদাস কয়,     কিবা তুমি কর ভয়,
বন্ধু তোর নহে অকরুণ॥

(১) এখন তোমার সম্বাদ পাওয়া যায় না।

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, সংগীত-সার-সংগ্রহ, ১ম খণ্ড, ১০২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

যখন পিরিতি কৈলা,
আনি চাঁদ হাতে দিলা,
আপনি করিতা মোর বেশ।
আঁখির আড় নাহি কর,
হিয়ার উপরে ধর,
এবে তোমা দেখিতে সন্দেশ॥
একে হাম পরাধিনী,
তাহে কুল কামিনী,
ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ।
এত পরমাদে প্রাণ,
না যায় তবুত আন
আর কত কহিব বিশেষ॥
ননদী বিষের কাঁটা,
বিষ মাখা দেয় খোঁটা,
তাহে তুমি এত নিদারুণ॥
কবি চণ্ডিদাস কয়,
কিবা তুমি কর ভয়,
বন্ধু তোর নহে অকরুণ॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যখন পিরীতি কৈলা     আনি চাঁদ হাতে দিলা
আপনি করিতা মোর বেশ।
আঁখির আড় নাহি কর১     হিয়ার উপরে ধর২
এবে তোমা দেখিতে সন্দেশ॥
একে হাম পরাধীনী     তাহে৩ কুল কামিনী,
ঘর হৈতে আঙ্গিনা বিদেশ।
এত পরমাদে প্রাণ     না যায় তবুত আন
আর কত কহিব বিশেষ॥
ননদী বিষের কাঁটা     বিষ মাথা দেয়৪ খোঁটা
তাহে তুমি এত নিদারুণ।
কবি৫ চণ্ডীদাসে কয়     কিবা তুমি কর ভয়
বন্ধু তোর নহে অকরুণ॥

পাঠান্তর : কলিকাতা বিশ্ববিদ্যালয়, ২৯২ পুথিতে-- ১। না করিথে, ২। হিয়ার মাঝারে থুতে, ৩। কুলের রমণী, ৪। বিষমাঁখা তার খোঁটা,
৫। ধুবিনি চরণরজে     ধ্যান করি হিয়া মাঝে
     চণ্ডীদাস করয়ে বিনতি॥

নীলরতনবাবুর ভণিতা --- দ্বিজ চণ্ডীদাস কয় ইত্যাদি। হয়তো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পুথির ভণিতাই আদি ভণিতা, বৈষবেরা উহাকে ভদ্রস্থ করিবার জন্য “কবি” “দ্বিজ” প্রভৃতি বিশেষণ দিয়া “বন্ধু তোর নহে অকরুণ' করিয়াছেন।

টীকা। --- আঁখির আড় নাহি কর --- চোখের আড়াল করিতে না। এবে তোমা দেখিতে সন্দেশ --- এখন তোমার দেখা পাওয়াও কঠিন। সন্দেশ যেরূপ দুর্লভ, তুমিও সেইরূপ।
তুলনীয় --- করিলা পিরিতিময় ফাঁদ। হাতে দিলা আকাশের চাঁদ॥ এবে তোমা দেখিতে সন্দেশ। কহে গোরা করিয়া আবেশ॥ নরহরি সরকার ঠাকুরের পদ --- পদকল্পতরু, ৭৯৯।

এই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত বিভূতিভূষণ মিত্র সম্পাদিত “কাব্য-রত্নমালা” গ্রন্থের, আক্ষেপানুরাগ, ৬৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

(নায়ক সম্বোধনে)
॥ সিন্ধুড়া॥

যখন পিরিতি কৈলা,     আনি চাঁদ হাতে দিলা,
আপনি করিতা মোর বেশ।
আঁখির আড় নাহি কর,     হিয়ার উপরে ধর,
এবে তোমা দেখিতে সন্দেশ॥
একে হাম পরাধিনী,     তাহে কুলকামিনী,
ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ।
এত পরমাদে প্রাণ,     না যায় তবুতঃ আন
আর কত কহিব বিশেষ॥
ননদী বিষের কাঁটা,     বিষমাখা দেয় খোঁটা,
তাহে তুমি এত নিদারুণ॥
কবি চণ্ডিদাস কয়,     কিবা তুমি কর ভয়,
বঁধু তোর নহে অকরুণ॥

সন্দেশ - সন্দেহ।

এই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত শ্রীপদামৃতমাধুরী, ২য় খণ্ডের, আক্ষেপানুরাগ, ৬৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ মায়ুর --- তেওট॥

যখন পিরিতি কৈলা     আনি চাঁদ হাতে দিলা
আপনি করিতে মোর বেশ।
আঁখির আড় নাহি কর     হিয়ার উপরে ধর
এবে তোমায় দেখিতে সন্দেশ॥
একে হাম পরাধিন     তাতে কুলকামিনী
ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ।
এত পরমাদে প্রাণ     না যায় তবুও আন
আর কত কহিব বিশেষ॥
ননদী বিষের কাঁটা     বিষমাখা দেয় খোঁটা
তাহে তুমি এত নিদারুণ॥
কবি চণ্ডিদাসে কয়     কিবা তুমি কর ভয়
বন্ধু তোর নহে অকরুণ॥

****************************








*
এ দেশে বসতি নাই যাব কোন্‌ দেশে
এ দেশে নহিল বাস, যাব কোন দেশে

কবি চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দ বা ১৯১৪ সালে প্রকাশিত, শ্রী নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, আক্ষেপানুরাগ, ১৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি দ্বিজ চণ্ডীদাস ভণিতাতেও পাওয়া গিয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

সখী-সম্বোধনে
॥ সিন্ধুড়া॥

এ দেশে বসতি নাই যাব কোন্‌ দেশে।
যার লাগি প্রাণ কাঁদে তারে পাব কিসে॥
বল না উপায় সই বল না উপায়।
জনম হইতে দুখ রহল হিয়ায়॥
তিতা কৈল দেহ মোর ননদী-বচনে।
কত বা সহিব জ্বালা এ পাপ-পরাণে॥
বিষ খাইলে দেহ যাইবে রব রহিবে দেশে।
বাশুলী-আদেশে কহে কবি চণ্ডীদাসে॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, ২০৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

এ দেশের১ বসতি নাই যাব কোন দেশে।
যার লাগি কান্দে২ প্রাণ তারে পাব কিসে॥
বল৩ না উপায় সই, বল না উপায়।
জনম অবধি দুখ রহিল৪ হিয়ায়॥
তিত কৈল দেহ মোর ননদী৫ বচনে।
কত না সহিব জ্বালা এ পাপ পরাণে॥
বিষ খাল্যে৬ দেহ যাব কলঙ্ক রহিব দেশে।
বাশুলী৭ আদেশে কবি কহে চণ্ডিদাসে॥

বরাহনগর ৬(ঙ) ৫ ; ক. বি. ৬২০৪ (১২৯ পৃঃ), তরু ৯১৮, কীর্তনানন্দ ২৯৩ পৃঃ। নী ২৯১। ন চ ২৫ পৃঃ (আসল বড়ুর পদ---১৭)। দী ৬৯২ পৃঃ।

পাঠান্তর : পদকল্পতরু, কীর্তনানন্দ ও নীলরতনবাবুর পাঠ প্রায় একই রকম। সুতরাং পদকল্পতরুতে যে পাঠ আছে, তাহা পাঠান্তরে ধরিতেছি।--১। এ দেশে, ২। প্রাণ কান্দে, ৩। বোল না উপায় সই বোল, ৪। রহুল, ৫। ননদীর বচনে --- কী, ৬। বিষ খাইলে দেহ যাবে রব রবে দেশে, ৭। ভণিতার পাঠ মূলে কীর্ত্তনানন্দ হইতে লওয়া হুইল। বাসুলি আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে --- তরু, বাসুলি আদেশে কহে কবি চণ্ডীদাসে --- নী, সুনীতিবাবুধৃত --- কলুষ ঘোষিবে লোক নিষেধিল চণ্ডীদাসে --- ঢা. বি. ৮৮R, র ২২৭৪, কলঙ্ক ঘুষিব নিষেধিল চণ্ডীদাসে --- ঢা-মি ৫, বাসুলী আদেশে কহিব কহে চণ্ডীদাসে --- ক বি. ২৯৮। এই পদটি কৃষ্ণকীর্ত্তনের রচয়িতার হইতে পাবে না ; কেন না, এখানে রাধার ‘জনম অবধি দুখ রহিল হিয়ায়'--- ছোটবেলা হইতেই তিনি কানুকে ভালবাসেন। কৃষ্ণকীর্ত্তনের রাধা ধর্ষণের পরে ধীরে ধীরে কৃষ্ণকে ভালবাসিয়াছেন। ননদি শব্দটিও কৃষ্ককীর্ত্তনে পাওয়া যায় না। সেখানে ননন্দ আছে। ভণিতার বিভিন্ন রূপের মধ্যে একটিতেও বড়ুর নাম পাওয়া যায় না। সুনীতিবাবু প্রভৃতি ঐ তিন চরণ হরিবংশেও পাইয়াছেন। কোন প্রসিদ্ধ কবির একটি সুপ্রসিদ্ধ উক্তি অন্য কবির রচনার মধ্যে ঢুকিয়া যাওয়া বিচিত্র নহে।

রবীন্দ্রনাথ এই সুপ্রসিদ্ধ পদটি সম্বন্ধে লিখিয়াছেন, --- “রাধার আর সোয়াস্তি নাই, শ্যাম সম্মুখে রহিয়াছেন, শ্যাম রাধার প্রতি কোন উপেক্ষা প্রকাশ করেন নাই, তবুও রাধা একটা “যদি”কে গড়িয়া তুলিয়া, একটি “যদি”কে জীবন দিয়া কাঁদিয়া সারা হইল। কহিল---

বঁধু যদি তুমি মোরে নিদারুণ হও।
মরিব তোমার আগে দাঁড়াইয়া রও॥

বঁধু নিদারুণ না হইতে হইতেই সে ভয়ে সশঙ্কিত, রাধার কি আর সুখ আছে?” (চণ্ডীদাস ও বিদ্যাপতি --- রবীন্দ্র--গ্রন্থাবলী, ১০৯৯ পৃঃ )।

এই পদটি ১৩৪১ বঙ্গাব্দ বা ১৯৩৪ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ্ মন্দির থেকে প্রকাশিত, শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীসুনীতিকুমার চট্টোপাধ্যায় দ্বারা সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাস-পদাবলী”, ২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিরহ॥ শ্রীরাধার উক্তি, সখী-সম্বোধনে॥ সিন্ধুড়া॥

এ দেশে নহিল বাস, যাব কোন দেশে।
যার লাগি কান্দে প্রাণ তারে পাব কিসে॥
বোল না উপায় সই, বোল না উপায়।
জনম হইতে দুখ রহিল হিয়ায়॥
তিতা কৈল দেহ মোর ননদী-বচনে।
কত না সহিব জ্বালা এ পাপ-পরাণে॥
বিষ খাইলে দেহ যাইবে রব রহিবে দেশে।
বাশুলী আদেশে কহে কবি চণ্ডিদাসে॥

****************************









*
এ ছার দেশে বসতি নৈল নাহিক দোসর জনা
কবি চণ্ডীদাস
এই পদটি ১২৯১ বঙ্গাব্দে (১৮৮৪ সালে) অক্ষয়চন্দ্র সরকার দ্বারা সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ”, ১ম খণ্ড-এর, অনুরাগ - আত্মপ্রতি, ৫০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ শ্রীরাগ॥

এ ছার দেশে বসতি নৈল নাহিক দোসর জনা
মরমের মরমী নহিলে না জানে মরমের বেদনা
চিত উচাটন সদা কত উঠে মনে (২)।
ননদী বচনে মোর পাঁজর বিধে ঘুণে॥
জ্বালার উপরে জ্বালা সহিতে না পারি।
বঁধু হৈল বিমুখ ননদী হৈল বৈরী॥
গুরুজন কুবচন সদা শেলের ঘায়।
কলঙ্কে ভরিল দেশ কি করি উপায়?
বাশুলী আদেশে কবি চণ্ডীদাসের গীত।
আপনা আপনি চিত করহ সম্বিত॥

এই পদটি অবিভক্ত বাংলার মেহেরপুর নিবাসী রমণীমোহন মল্লিক সংকলিত এবং সম্পাদিত “চণ্ডীদাস” গ্রন্থের ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৬ সাল), প্রকাশিত, ২য় সংস্করণের, অনুরাগ – আত্ম প্রতি, ১৮৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

এ ছার দেশে বসতি নৈল নাহিক দোসর জনা।
মরমের মরমী নহিলে না জানে মরমের বেদনা॥
চিত উচাটন সদা কত উঠে মনে।
ননদী বচনে মোর পাঁজর বিঁধে ঘুণে॥
জ্বালার উপরে জ্বালা সহিতে না পারি।
বঁধু হইল বিমুখ ননদী হৈল বৈরী।
গুরুজন কুবচন সদা শেলের ঘায়।
কলঙ্ক ভরিল দেশ কি করি উপায়?
বাশুলী আদেশে কবি চণ্ডীদাসের গীত।
আপনা আপনি চিত করহ সম্বিত॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, ২০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ছার১ দেশের বসতি, না হল্য দোসর জনা।
মরমের মরমি বিনে২ না জানে বেদনা॥
রহিতে৩ না পারি ঘরে মন উচাটনে।
ননদী৪ -বচনে মোর পাঁজর কাটে ঘুণে॥
জ্বালার উপরে জ্বালা সহিতে না পারি।
বঁধুয়া৫ বিমুখ মোরে ননদিনি বৈরী।
গুরু৬ দুরু দুর্বচন সে যেন শেলের ঘায়।
কলঙ্কে ভরিল দেশ কি করি৭ উপায়॥
বাশুলি৮ আদেশে কবি চণ্ডীদাসের গীত।
আপনা আপুনি৯ চিত করহ সম্বিত॥

পাঠান্তর --- ১। ছার দেশে বসতি হইল নাহিক দোসর জনা --- তরু, ছার দেশে বসতি নাহি দোসর জনা--- নী, ২। নৈলে --- তরু, নী, ৩। চিত উচাটন সদা কত উঠে মনে --- তরু, চির উচাটন করে মন ঝুণুঝুণু --- নী। এই দুই পাঠ অপেক্ষা বরাহনগরের পুথির ‘রহিতে না পারি ঘরে মন উচাটনে’ ঢের বেশী জোরালো, ৪। ননদিনীর বচনে পাঁজরে বিদ্ধে ঘুণে ---তরু, ৫। বন্ধু হৈল বিমুখ ননদী হৈল বৈরী --- তরু, বঁধু মোর বিমুখ হৈল ননদিনী বৈরী --- নী, ৬। গুরুজন-কুবচন সদা শেলের ঘায় --- তরু, নী, ৭। হবে --- নী, ৮। মূলে গৃহীত পাঠ বরাহনগর ৬(ঙ) পুখির --- “বাশুলি আদেশে দ্বিজ চণ্ডীদাসের গীত” --- তরু, বাশুলী কহয়ে বলে চণ্ডীদাস গীত --নী, ৯। আপনি তরু, আপনার চিত ধনি করহ সম্বিত-নী। নীলরতনবাবুর পাঠান্তর --- "বাগুলী আদেশে কবি চণ্ডীদাসের গীত” --- বরাহনগরের অনুরূপ। সুনীতিবাবু প্রভৃতি এ সব পাঠ ছাড়িয়া “বাসুলী আদেশে বলে চণ্ডীদাস-গীত” পাঠ ধরিয়াছেন। তাঁহারা বলেন যে, “পদটির ভাব সম্পূর্ণরূপে কৃ-কীর অনুরূপ, কিন্তু ভাষায় কিঞ্চিৎ পরিবর্ত্তন ঘটিয়াছে।” তাঁহারা কৃষ্ণকীর্ত্তনের এ তোর আড় নয়ানে আল পাঁঞ্জর বেধিল ঘুণে। পাঞ্জর বেধিআঁ বুকত লাগিল ঘুণে॥ (পৃঃ ৩৩২), উদ্ধৃত করিয়াছেন। কিন্তু কৃষ্ণকীর্তনে কোথাও কি ‘মরমের মরমি' আছে? কলঙ্কে ভরিল দেশ --- এ ভয়ও কৃষ্ণকীর্ত্তনের রাধার নাই। ডাঃ শহীদুল্লাহ বলেন, --- ”ইহার ভাষাও চণ্ডীদাসের বিরুদ্ধে। মরম, মরমী, উচাটন, সন্বিত --- এই শব্দগুলি বড়ু চণ্ডীদাসের অজ্ঞাত।” সুনীতিবাৰু প্রভৃতি উত্তরে “ব্রতের মরম আইহণের মাএ জানে” তুলিয়াছেন ; কিন্তু সে মরমের সঙ্গে এ মরম কি এক অর্থবাচক? এই পদের 'মরম' মানে হৃদয়। কৃষ্ণকীর্ত্তনে ননদী, ননদিনী প্রভৃতি শব্দও নাই, আছে ননন্দ --- সাসুড়ী ননন্দ মোর অতি দুরুবার --- পৃঃ ৮৪, সাসুড়ী ননন্দ মোর ঘরে দুরুবারে --- ৮৬ পৃঃ, সাসুড়ী ননন্দ খুরের ধার, সামী বড় দুরুবার --- ১৩১ পৃঃ। সামী মোর দুরুবার গোঁআল বিশাল, প্রতি বোল ননন্দ বাছে (পৃঃ ৩৪৪)।

****************************









*
ধাতা কাতা বিধাতার বিধানে দিএ ছাই
কবি চণ্ডীদাস
এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, বিশ্বভারতী গবেষণা প্রকাশন থেকে মার্চ ১৯৮২ সালে প্রকাশিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ” গ্রন্থের ১৯১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

॥ তেওট॥

ধাতা কাতা বিধাতার বিধানে দিএ ছাই।
জনম হইতে একা কৈলে দোসর দিলে নাই॥
না দিলে রসিক মূঢ় মুরুখের সনে।
এমতি আছিল মোর এ পাপ বিধানে॥
জার লাগি প্রাণ কান্দে তার নাই দেখা।
এ পাপ করমে মোর এমতি লেখাজোখা॥
ঘর দুয়ারে আগুন দিএ জাব দূর দেশে।
আরতি পিরিতি কহে কবি চণ্ডীদাসে॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, ২০২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ধাতা কাতা বিধাতার বিধানে দিলাম ছাই।
জনম হইতে একা কৈলে দোসর দিলে নাই॥
না দিলে রসিক মূঢ় মুরুখের সনে।
এমতি আছিল মোর এ পাপ বিধানে॥
যার লাগি প্রাণ কান্দে তার নাই দেখা।
এ পাপ করমে মোর এমতি লেখাজোখা॥
ঘর-দুয়ারে আগুন দিয়া যাব দূর দেশে।
আরতি পূরিবে কহে কবি চণ্ডীদাসে॥

পাঠান্তর --- ১। তবে মোর আরতি পুরিব কহে চণ্ডীদাসে --- ক.বি.২৯২, আরতী পীরিতি তবে কহে চণ্ডীদাসে --- নী।
পদটি সুন্দর, ভাষাও প্রাক্ চৈতন্য চণ্ডীদাসের, কিন্তু কবিতার শেষে “কবি” চণ্ডীদাসের অন্যান্য পদে দেখা যায় না।

****************************







*
বিরহ জ্বরের তাপে ছল ছল আঁখি
কবি চণ্ডীদাস
এই পদটি ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) লালগোলার রাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকুল্যে, বঙ্গীয়-সাহিত্য -পরিষৎ মন্দির থেকে প্রকাশিত, নীলরতন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত, “চণ্ডীদাসের পদাবলী”, শ্রীরাধিকার শোক, ৩০১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২০.১০.২০২৬।

বিরহ জ্বরের তাপে ছল ছল আঁখি
রাইকে বেড়িয়া কান্দে কত শত সখী॥
রাই মোর যেন কাঁচা সোনা।
ভূমে পড়ি গড়ি যাইছে যেন চাঁদের কণা॥
চমকি শ্যামের নামে রাই উঠে কত বেরি। ৫
ধুলায় লোটায় যেন সুগন্ধি কবরী॥
কহিতে কহিতে চিতে হৈলা অচেতন।
রাই মুরছিত কাঁদে আর সখীগণ॥
কহে কবি চণ্ডীদাস বিরহ বেদন।
এমন বিরছে কেমনে রহয়ে জীবন॥ ১০

****************************