কবি মধুমিতা ভট্টাচার্যর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কবি মধুমিতা ভট্টাচার্যর পরিচিতির পাতায় . . .
শুধু কবিতার জন্য
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ সালে, কলকাতার "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত, "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।

ভালো কবিতার পাশে প্রেমিকার মতো বসে থাকি

কবিতাপুরুষের ঠোঁট আমার আকণ্ঠ
রাত্রি হয়ে উঠলে
ভোরঘুমে আমি কবিতা হই

একটি ভালো কবিতা লিখবো বলে
কত রাত ঘুমাইনি

একটি কবিতার জন্ম না হওয়া পর্যন্ত
মৃত্যুকে বলবো ফিরে যেতে

*********************

*
ভ্যান গগের বুকে
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।

পিঁপড়েরা সারি বেঁধে চলেছে আমার পথ থেকে তোমার পথের দিকে

ওরা মুখের কাছে মুখ এনে কি নক্ষত্রলোকের কথা বলে
ওরা কি ঈশ্বর?

তুমি সমুদ্রের পারে বসে আছো
মিঃ গগের অপেক্ষায়

পিঁপড়ের কানে গুলির শব্দ তুলে দিয়েছি
শুনতে পাবে মৃত্যুর সঙ্গীত

ভ্যান গগের রক্তাক্ত বুকে দেখতে পাবে
আমি মৃত্যুর থেকেও সুন্দর

*********************

*
নক্ষত্র
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।

আকাশে যে তারাটি জ্বল জ্বল করছে
সে আগের জন্মে মানুষ ছিল
তারও আগে সোনালি কাচপোকা
আরো আগে
হতে পারে হরিণের এক জোড়া চোখ

গতজন্মের কান্না সব জড়ো করে
নিজের বাড়ির নেমপ্লেটে ‘নক্ষত্র’ লিখে রেখেছে

সে ঈশ্বরকে মানত না
স্টিফেন হকিন্সকে জানত

তার পাশেই আরেকটি তারা
হয়তো স্মৃতি ভুলে যাওয়া আমি
নয়তো একটি হুইলচেয়ার

ঠিকানা বদলে বদলে আস্তিক হয়ে উঠেছে

*********************

*
কেয়ার অফ বৃষ্টি সেন
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।

কোন কালে কে লিখেছিল ভুল শিরোনামের
এক কবিতা
অপূর্ণ পঙ্ক্তিমালা জুড়ে মেঘদূতের শোক

লিখেছিল তোমার গায়ের রঙ বৃষ্টির ফোঁটা

প্রথম স্তবকে পাঠিয়েছিল কিছু মেঘ
কেয়ার অফ বৃষ্টি সেন

গেল শ্রাবণে তন্ন তন্ন করে খুঁজেছি
শেষ স্তবকে কোথাও বর্ষাকাল খুঁজে পাইনি

*********************

*
বাঘ বাঘিনী
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।

পৃথিবী উত্তপ্ত হতে শুরু করেছে

বঙ্গোপসাগরের সিগনাল ভেঙে বাইপাস ধরে
এগিয়ে আসছে
বরফ জমা হাজার হাজার নীল হৃদয়

দুটো ভারতবর্ষ উঠে এসেছে কফিনের মতো
ঠাণ্ডা সীমান্ত থেকে
তারা সমুদ্র থেকে হিমাচলের দিকে হেঁটে চলেছে

পাইনের ছায়ায় অবিভক্ত মানচিত্র পেতে
হাতে হাত রেখেছে
সুন্দরবনের বাঘ আর বাঘিনী

*********************

*
অপভ্রংশ
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।

ভালোবাসা একটি অপভ্রংশ শব্দ
সমাজের মতো বিকারগ্রস্ত

লিভ টুগেদার জল স্বভাবের
ইচ্ছে মতো গড়িয়ে পড়া যায়

অপ থেকে মেঘ জমে থাকে মায়ের চোখে
আমি আর মা বসে থাকি আকাশের মতো

এ্যাসিড বৃষ্টি আমাদের বিকেল ভাসিয়ে নেয়

*********************

*
কিছু খোয়া গেছে
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।

আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু খোয়া গেছে
চোখ থেকে আস্ত এক সূর্য
বুক থেকে আস্ত এক পৃথিবী

চাইলেই তার একটি লিস্ট তৈরি করা যেতে পারে
সে তালিকা লম্বা হতে হতে পাহাড় ছুঁলে
পাহাড়ের গলা বেয়ে নামতে থাকবে
হুইস্কির মতো ঝরনা

প্রাণহীন গমের তরল শরীর ছুঁয়ে জেগে উঠবে
মৃত্যুর মতো শীতল মাদকতা

*********************

*
স্লেজগাড়ি
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।

এইখানে আমাদের ঘর ছিল

কাঁচামিঠে আম্রপালি এখন প্রতিবেশী হাসি ছড়ায়

আমাদের কুকুরের নাম ছিল টমটম
সে এখন মঙ্গোলিয়ায় স্লেজগাড়ি টানে
ইগলুর পাশে বসে চেয়ে থাকে তার সুন্দরী রমণী

বারান্দায়, উঠোনে, ছায়ার ছায়ায়
খুঁজে ফিরে যায় তার প্রাক্তন প্রেমিকা

আমাদের গায়ে এখনো পুরোনো গন্ধ লেগে আছে

পুরোনো কলিংবেল বেজে উঠলে দরজা খুলি
কেউ নেই

নিস্তব্ধ রাস্তা ধরে চলে যায় স্লেজগাড়ি

*********************

*
করধ্বনি
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।

বৃহন্নলা রাত আঁশটে গন্ধের মতো স্যাঁতস্যাঁতে
কাপড়ে ঢাকা চন্দ্রগ্রহণ

গাঢ় কাজলের তলে লেপ্টে থাকে
অসমাপ্ত যৌনজল

ট্রেন এসে থামে পাহাড়ের নিচে

পাহাড় থেকে এক সিংহী লাফিয়ে পড়ে
পুরুষের বুকে থাবা বসায়

*********************

*
আমার মৃত্যুর খবর পেলে
কবি মধুমিতা ভট্টাচার্য
২০২৬ আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, "বইঘর প্রকাশনা" থেকে প্রকাশিত "মেঘের বুটিক" কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ৪.৪.২০২৬।

আমি মরে গেছি খবর পেলে
তুমি কি ভাত খাবে
বিকেলে হাঁটতে যাবে
অথবা ক্লাবে বন্ধুদের সাথে আড্ডা মারতে যাবে

রাতে ঘুমোতে গিয়ে জড়িয়ে আসবে তোমার চোখ
মাঝরাতে ঘুম ভেঙে যাবে ঠিকই
জল খেতে উঠবে
জল খেতে খেতে দেখবে
বিছানাপাটি বইয়ের তাক
কবিতার খাতা সব ডুবে যাচ্ছে

ভেসে যাচ্ছে তোমার প্রিয় কবিতাটি সমুদ্রের দিকে

*********************