মাটিতে দাঁড়িয়ে-ই শুষে নেয় জল । ওর জিরাফের গলা অনায়াস দীর্ঘ্য অতটাই । সুগভীর মেঘের ভেতর । আর, নতুন মশারী বেয়ে পাহাড়ী ঝরনা , কিম্বা একটা হিংস্র সিংহের বন্ধু একটা তরুণ হরিণ , নীল গালিচার পাশে । কঙদ্বীপে অতিকায় দানবের গায়ে শরীর এলিয়ে এলিয়ে তারপর খুব ভোরে সৌরঝড় রুখে দেয় বালিশের পাশে রাখা রঙীন সৈনিক ।
তবু তো , প্রতিদিন-ই বয়স বেড়ে যায় কথা বলা হলুদ পাখীর , লাশের গন্ধমাখা নিউজপেপারে । চামড়া কুঁচকে যাবে একদিন ঐ কানামাছি ভোঁ ভোঁ অপরান্হ বেলার ।
যখন হাপড়ের মতো বুকের ওঠা নামায় মাপবে সিঁড়ির উচ্চতা , বুঝবে, একবার পূর্ণ ঘূর্ণনে চাকার সরণ সেই 2πr , যখন ঘাসের শরীরে জমানো বৃষ্টিতে পচন ধরাবে এসে শীতল কামড় মসৃণ রঙীন পাথরের , তখন আমার এই ছোট্ট সোনাটা বুঝে নেবে, ঢেউ-এর উল্টোদিকে কিছুদুর উড়ে যায় গাঙচিল , তারপর ফিরে আসে ফের ।
অথচ, এই ফ্ল্যাটবাড়ী , স্পেন্সার , ব্যাঙ্ক , বীমা , ATM লাইনের ভীড়ে সঞ্চয়তো করিনি কখনো নক্ষত্রের শূণ্যগন্ধ ওর জন্য , বিশ্বস্ত কোনো নদীর গভীরে ।
সেদিন যখন অঙ্ক কষে অনেক সমাকলণ , সমীকরণ পার হয়ে এসে জানা গেলো ঈশ্বর ‘মৃত’ , ঠিক তখনই একটা কার্নিশঘেঁষা শালিখ হঠাৎ কি ম’নে ক’রে উড়ে গিয়েছিলো মাঝরাতে ক্ষুধায় কুঁকড়ে থাকা শিশুটার পাশে ঐ দূরে । ক্ষুদ্র ঠোঁটে প্রাণপণ যতটুকু চাল যতটুকু ভাঙা ফল , গম, ছোলা রেখে দেওয়া যায় ......
সেইদিন সেই সব ঘুমন্ত শহর ছাড়িয়ে নদী পথ পাথর পেরিয়ে ঐ স্থবির পাহাড়ের কানে মুখ নিয়ে ব’লেছিলো কোনো এক নীরব কথায় “ঈশ্বরকে জানতে হ’লে ঈশ্বর হ’য়ে যেতে হয় ।”
কিন্তু তুমি তো, সেই সব মেঘ সব ছায়া একে একে মুছে উচ্চ থেকে উচ্চতর আরো অনন্ত স্নেহজাত সে অসীম স্পন্দনে, মরণের দেশ থেকে আলোক পাঠিয়ে আমাকে অমর ক’রে গেলে ।।
প্রচ্ছন্ন প্রশ্রয় দিয়েছিল তেঘড়িয়া মোড়ের এক মরিয়া হকার , SA-8 , Glister বা স্যাটিনিক শ্যাম্পু আমার ব্যাগের ভেতরে তখন টুঁটি টিপে রেখেছে ‘কৃত্তিবাস’, ‘শূন্যজ’ বা খসড়া খাতার ।
অথচ জানো, বৃষ্টি এনেছিল ... সেই গোধূলি গতকাল , হঠাৎ আকুল কোনো ভেজা হাইরোডে দাগ কেটেছিল , সব ধাতব আসা আর যাওয়া বারবার । আর, মিশে গেল লাচুং-এ , পেলিং-এ দূরায়ত সেই গ্লোবাস বা স্পেনসার , অতগুলো গাড়ি নিয়ে কেমন অনায়াস ঢুকে গেল মেঘের ভেতরে কোনো আবছা বাইপাস ।
তারপর তো আবার রোদ্দুর এলই তো সেই ... দাগ মুছে কঠিন হোল সব রাজপথ । পক্ষীরাজ তো তৈরী-ই ছিলো অমন উগ্র মেঘজাত মাদক হাওয়ায় , শুধু একটা রাত তবু যথেষ্ট ছিলনা বোধহয় ।