কবি
প্রবোধচন্দ্র সেনের
কবিতা
*
যৌবন-বোধন
( পুষ্পিতাগ্রা ছন্দ )
কবি প্রবোধচন্দ্র সেন
রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকার ভাদ্র ১৩৩০ ( অগাস্ট ১৯২৩) সংখ্যা,
থেকে পাওয়া।
প্রাণে মনে মহা-মুক্তি-পণ জাগুক আজ,
. বুকে বুকে অগ্নিশিখার কেতন উড়ুক হায়,
অপমানে নত শীর্ষ ‘পর পড়ুক বাজ,
. ললাটেতে মৃত্যু-তিলক জ্বলুক আগুন প্রায়।
আঘাতে আহত বক্ষ পর শোণিত লাল
. দিকে দিকে শঙ্কা জাগাক মরণ-সমুদ্রের,
মরণে মরণে ত্রস্ত হোক মহান্ কাল,
. লোকে লোকে দুঃখ-ব্যথার রোদন উঠুক ঢের।
মুখরিত করি’ বিশ্ব-লোক প্রলয়-গান
. পলে পলে ছিন্ন করুক জগৎ-বীণার তার,
তারকা-তপনে বিদ্রোহের বিষম বান
. অবিরত ধ্বংস আনুক ভীষণ চমত্কার!
সহে না সহে না আর যে ভাই, চোখের জল,
. অপমানে খিন্ন মলিন জীবন-ফাগুন-কাল ;
আজিকে পুড়িয়া হোক না ছাই সুখের ছল,
. চারিদিকে হিংস্র ভীষণ লাগুক আগুন লাল।
বৃথা এ গুমরি’ কান্না তোর, বৃথাই হায়,
. কে শুনিবে আর্ত্তনাদের হৃদয়-বিদার-রব?
শিখাতে শিখাতে বহ্নি ঘোর গগন ছায়,
. শোন না কি অত্যাচারের নিদয় জয়োত্সব?
রেখে’ দে আজিকে অশ্রুপাত, হৃদয় বাঁধ,
. জীবনেরে দৃপ্ত তেজের কঠিন আধার কর ;
জাগারে বুকেতে যৌবনের প্রলয়-সাধ,
. শত কোটি ঝঞ্ঝা তুফান নাচুক বুকের ’পর।
কাঁপায়ে ধরণী তাণ্ডবের চলুক নাচ,
. দে উড়ায়ে দীর্ণ অযুত ভূবন-কমল-দল ;
কোটি রাঙা শিখা খাণ্ডবের জ্বলুক্ আজ,
. শিবে নে রে ধ্বংস বিনাশ, তরুণ পাগল-দল!
ঝলকে ঝলকে রক্ত-স্রোত মরণ-জয়
. পথে পথে মৃত্যু-রাজের বিষাণ বাজাক হায় ;
পলকে পলকে খড়গাঘাত কিরণময়
. দিকে দিকে মুক্তি-রথের কেতন উড়াক বায়!
আজিকে আসনে যৌবনের বসুক দুখ,
. তারি করে শঙ্খ-নিনাদ জাগাক মরণ-গান ;
ছিঁড়িয়া আনিয়া হৃৎ-কমল দে সুখটুক,
. তারি পায়ে অঞ্জলি হায় তরুণ-জীবন-দান।
.
***************************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি
প্রবোধচন্দ্র সেনের
পরিচিতির পাতায় . . .