কবি রমণীমোহন ঘোষের কবিতা
*
নিরাশ
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

আজি জীবনের                        বসস্তরাতে
জীবন-দেবতা মম,
কেন গো নিরাশা                   নয়ন তোমার
ঘিরেছে কুয়াশা সম !
মাগিছ কি আজ নীরব বিদায়,
স্বপ্ন আমার বুঝি ভেঙ্গে যায়,---
ঘুচে যায় এই পূর্ণিমানিশি
কৌমুদী মনোরম !
চারিদিক হ'তে                    ছুটে আসে শুধু
তিমির নিবিড়তম !

কত আশা প্রেম                   তোমার হৃদয়ে
কত শোভা নিরূপম,
কোথা' পাবে বল                ম্লান ছায়া তা'র
ক্ষুদ্র হৃদয় মম !
ভেবেছিলে তুমি, হৃদয় আমার
চির রহস্যমাধুরী-আধার,
তাই এত দিন রেখেছ যতনে
অমূল্য ধন সম ;
আজ বুবি নাথ                    সহসা তোমার
ভাঙ্গিয়া গিয়াছে ভ্রম !


যখন প্রথম                      দাঁড়ালে আসিয়া
মানস-কমলদলে,
কত জনমের                        তপে সঞ্চিত
কতনা পুণ্যফলে,---
চাহি নাই কিছু, কহি নাই কথা,
ফুটেনি ভাষায় মনোব্যাকুলতা ;---
নীরবে রাখিনু হৃদয় পরাণ
তোমার চরণ তলে,
শুধু---দুটি নত                     নয়নের পাতা
ভরে' এসেছিল জলে !


কি জানি তখন                  তুলে' লয়ে মোরে
নব অনুরাগভরে
রেখেছিল কেন                       শতমণিরাগ-
দীপ্ত আসন পরে !
কত কুসুমিত নব নন্দন
আমার লাগিয়া করেছ সৃজন,
শুনায়েছ কত প্রণয়ের গাথা
স্নেহ-বিগলিত স্বরে,
শত দুখ ব্যথা                        দিয়াছ মুছায়ে
কমল-কোমল করে।


ভেবেছিলে বুঝি                           অস্তর মম
তৃপ্তি-নিঝর নব,
এসেছিলে তাই                        মিটাতে হেথায়
আকুল তৃষ্ণা তব।
দেখেছ এখন---এ হে মরীচিকা,
কোথা সুধা---শুধু বাসনার শিখা !
দীনতা হীনতা যত কিছু মোর
আজি দেখিয়াছ সব,
তাই বুঝি তব                          মর্ম্ম আকুলি'
উঠে ক্রন্দন-রব !


যাবে, তবে যাও।---                   হায় সখা, কেন
ভুল বুঝেছিলে মোরে !
কেন মোরে তব                          মানসী প্রতিমা
ভেবেছিলে ঘুম ঘোরে !
সরম আকুল অধর নয়ন,
কহে নাই কভু ছলনা-বচন
চাহেনি দেখায়ে স্বর্গ স্বপন
বাঁধিতে প্রণয় ডোরে।
শুধু দূরে থাকি'                        ভাল বাসিয়াছি
গোপনে পরাণ ভরে'।


উর্দ্ধ গগনে                               থাকে ধ্রুবতারা
জাগি' সারা বিভাবরী,
তারি পানে চাহি'                        অকূলে নাবিক
কূলে লয়ে যায় তরী।
তুমি ছিলে মোর আশার অতীত,
ধ্রুবতারা সম আকাশে উদিত ;
আপনি আসিয়া ধরা দিলে কেন
মানব মূরতি ধরি' !
ছেড়ে যাবে আজি                         নিরাশ হৃদয়ে
হৃদয় দলন করি' !

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
প্রত্যাখ্যান
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

সে তখন ছিল বসি' একাকিনী
.        দিবসের শেষে সরবসীকুলে,
সিদূর আাকাশে চাহি' অনিমেষে
.        কি জানি কি মোহে ছিল সে ভুলে'।

স্বচ্ছ, সরসী-আরসীর পরে
.        পড়েছিল তার দেহের ছবি,
সোণার কিরণ ছড়ায়ে গগনে
.        ডুবে গিয়াছিল শ্রান্ত রবি !

সান্ধ্য সমীর উপবন হ'তে
.        যুথি-পরিমল মাখিয়া আসি',
বহি' যেতেছিল কৌতুকভরে
.        আকুলি' তাহার কেশের রাশি।

সাঁঝের আলোকে নির্জ্জনে, তা'র
.        শান্ত মূরতি স্বপন সম
নিরখি' নিমেষে আকাঙ্ক্ষা শত
.        উঠেছিল জাগি পরাণে মম

এ হৃদয়খানি রাখি' তা'র পায়
.        কহিলাম---“লহ করুণা করে' ”
সে কহিল শুধু ”চাহিনাকো কিছু”---
.        শূন্য নয়নে, উদাস স্বরে।

অমনি আঁধার ঢাকিল মেদিনী
.        ভরে এল আঁখি অশ্রুনীরে ;
বুকভাঙ্গা ব্যথা বহিয়া মরমে
.        নীরবে ফিরিয়া আসিনু ধীরে।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
মালা
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

না খুলিতে ঊষা ন্বর্ণ-তোরণ,
.        আসি তটিনীর কূলে
বসিয়া বিরলে গাঁখি মালাখানি
.        নবপ্রস্ফুট ফুলে।
.     তটিনীর মৃদুতান
.     বিহগের কলগান
যেন কোন দূর স্বপনের দেশে
.        টেনে নিয়ে যায় প্রাণ।

ছোট ছোট ফুল---যেন বিকশিত
.        আমার বাসনারাশি,
সৌরভ ছুটে সারা উপবনে
.        প্রভাত-সমীরে ভাসি'।
.     মালা গাথা শেষ হ'লে,
.     আঁখি ভরে' আসে জলে ;---
কে আমার হেন যতনের ধন
.        আদরে পরিবে গলে !

যদি কারো করে দেই এ সাধের
.        পুষ্পমাল্য মম,
হয়তো সে চাহি দেখিবে---এ শুধু
.        খেলেনা তুচ্ছতম !
.     হয়তো চরণতলে
.     দলিয়া যাইবে চলে' ;---
মালাখানি তাই দেই ভাসাইয়া
.        নির্ম্মল নদীজলে।

নিশি দিনমান না মানি বিরাম
.        তটিনী বহিয়া যায়,
আমার কোমল মালিকাও ভাসি'
.        কি জানি কোথায় ধায় !
.     কেহ কুতূহলভরে
.     কভু কি লইবে করে,
অথবা---আকুল সিন্ধুর পানে
.        যাবে চিরদিন ধরে' !

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
জীবনাকাঙ্ক্ষা
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

সুন্দরী এ বসুন্ধরা অনন্তযৌবনা
গীতগন্ধ শোভার ভাণ্ডার,
হৃদয়ে জাগায় নিত্য নবীন বাসনা
স্নেহধারা ঢালে অনিবার।

তাই আজি পৃথিবীরে চিরদিন তরে
ছেড়ে যেতে কাঁদে মোর প্রাণ
বড় বেদনার মত বাজিছে অন্তরে
মরণের করুণ আহ্বান।

পাই নাই পৃথিবীর শ্রেষ্ঠ সুখস্বাদ,---
স্বরগের বাঞ্ছিত যে ধন,
এখনো মিটেনি তাই জীবনের সাধ
হে মরণ এস না এখন।

আজি এই জীবনের প্রথম প্রভাতে
আনিয়োনা সন্ধ্যা-আবরণ,
দিবা-অবসানে এস নূতন শোভাতে
সমাদরে করিব বরণ।

কি জানি কখনো ক্ষুদ্র মানব জীবনে
পাই যদি, চির-ভালবাসা,
এখনও মত্ত আশা জাগে মোর মনে,---
যদি কভু মিটে এ পিপাসা !---

একটি হৃদয় মাঝে যদি বেঁচে থাকি,
তবে মোর সফল জীবন ;
কোন সাধ আর তবে থাকিবে না বাকি,
হে মরণ আসিয়ো তখন।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
অতিথি
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

পথহারা আমি শ্রান্ত পথিক নবীন
এ নূতন দেশে
এসেছি তোমার দ্বারে আজি দীন হীন
দীর্ঘ দিন শেষে।
কেন করুণায় মাখি'
দুইটি কমল আঁখি
ম্লানমুখ পানে চেয়ে
আছ অনিমেষে !


বুঝিতে কি চাহ তুমি কোন্‌ দেশ হ'তে
বহি' কোন্‌ স্মৃতি
কেন আসিয়াছি হেথা, ভাসি' কোন্‌ স্রোতে',
অজ্ঞাত অতিথি ;
আমার হৃদয়মাঝে
নীরবে সতত বাজে
নিরাশাআকুল কি যে
বিষাদের গীতি !


স্বরগীয় সরলতা স্নেহের আধার
তোমার হৃদয়,
জাননা, বাহিরে এই কঠোর সংসার
দুঃখদৈন্যময়।
তাই কি বিস্ময় হেন
হেথায় এসেছি কেন
স্নেহহারা গেহহারা
আমি নিরাশ্রয় !


গভীর বিশ্বাসভরা, ওগো বিদেশিনি,
ও দুটি নয়ন,
নীরবে বরষে প্রাণে, নীরবভাষিণি,
স্নেহের কিরণ।
উদাস হৃদয়মাঝে
তাই আজ নব সাজে
ফুটে' উঠে অভিনব
মধুর স্বপন।


চাহিয়া তোমার পানে ওগো অকুণ্ঠিতা,
আজি মনে হয়---
কখনো কি আমাদের হে অপরিচিতা,
ছিল পরিচয়!
জনম-অন্তরবাসী
কতনা কল্পনারাশি
যেন আজি আসি' মোর
ছাইছে হৃদয়।


কে জানে আর কি দেখা হবে কোন দিন !
আজি নিশিশেষে
প্রভাতে বিদায় মাগি', যাব স্নেহহীন
নবতর দেশে ;
একটি মধুর স্মৃতি
আঁকিয়া হৃদয়ে, নিতি
ভ্রমিব ভূবনমাঝে
ভিখারীর বেশে।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
মনোরমা
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।


সেই---আর এই, আজ
.                হ'ল কত দিন !
বরষ একটি দু'টি
তরঙ্গের মত উঠি'
কেমনে কালের বুকে
.                হয়েছে বিলীন।
সেকি তব মনে আছে
কখন ছিলাম কাছে?
ফিরে' আসিয়াছি আজ
.                দীন উদাসীন।
কি নব গৌরব তব
.                আজি, সুহাসিনী
.                সেই ছোট মিনি।


সে বাল্য সারল্য আজ
.                গিয়াছে কোথায়,
কোথা গেল সেই খেলা,
মালাগাঁথা সারা বেলা ;
সে চাপল্য লেশ আর
.                দেখা নাহি যায়।
কোথা' সে মধুর হাসি
মন্দার-কুসুম-রাশি,
অশ্রু আর অভিমান
.        কখায় কথায়।
তুমি কি সে আমাদেরি
.                চির আদরিণী
.                স্নেহময়ী মিনি!


শিখিয়াছ এতদিনে
.                সংসারের রীতি---
সংশয় সঙ্কোচ কত
ভয় অবিশ্বাস শত ;
থামিয়া গিয়াছে সেই
.                সুধামাখা গীতি।
চাহিয়া তোমার পানে
আজ শুধু মোর প্রাণে
জেগে উঠে কত শত
.                সুমধুর স্মৃতি।
তুমি ছিলে স্বরগের
.                করুণারূপিণী
.                দেববালা মিনি !


পড়ি' সরমের আভা
.                অরুণ উজ্জ্বল,
অমল আননে তব
আজি কি মাধুরী নব,
শরত-প্রভাতে যেন
.                ফুল্লশতদল ;
ললিত লতিকাসম
হেরি ওই নিরূপম
তরুণ লাবণ্য, কেন
.                চোখে আসে জল !
দুরে থেকে চেয়ে দেখি
.                তোমার সুষমা
.                আজি, মনোরম।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
আগন্তুক
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

তোমাদের দ্বারে আছি দাঁড়ায়ে একাকী,
আমি উপেক্ষিত, শ্রান্ত, দীন আগন্তুক ;
তোমাদেরি মাঝে আজি নহ মোরে ডাকি'
অজ্ঞাত অখ্যাত বলে' হয়োনা বিমুখ।
উৎসবের দিনে যবে হরষের গান
বাজিবে সবার কণ্ঠে মঙ্গল মধুর,---
তোমাদেরি সুখে তবে হরষিত প্রাণ
আমিও মিশাব তায় ক্ষীণ কণ্ঠসুর।
যদি আসে বিষাদের দিন দুঃখময়,
তোমাদের চোখে ভাসে অশ্রু ছল ছল,
আমিও সবার সাথে আকুল হৃদয়---
নীরবে ঢালিবে মোর নয়নের জল।
তোমাদের সুখে সুখী, বিষাদে কাতর,
কর মোরে তোমাদেরি---করিয়োনা পর।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
স্মৃতি
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

সে ছিল বিজন কুঞ্জ-ভবনে
.        কুসুম-আসনে বসিয়া,
চঞ্চল বায়ে অঞ্চলখানি
.        পড়েছিল ভূমে খসিয়া।

তরুণ রবির অরুণ রশ্মি
.        পড়েছিল আসি' কাননে,
ঊষার মাধুরী স্নিগ্ধ উজল
.        ফুটেছিল তার আননে।

মুক্ত অলক পৃষ্ঠ-উপরে
.        মেঘসম ছিল ছড়ায়ে,
কুসুমকান্তি, কোমলতা, ছিল
.        দেহলতা তার জড়ায়ে।

চম্পককরে পুস্পমালিকা
.        গাঁথিতেছিল সে যতনে,
জীবন্ত যেন স্বর্ণ-প্রতিমা
.        খচিত হীরকে রতনে।

প্রস্ফুট ফুল মুক্তাবিমল
.        শিশরবিন্দু পরিয়া
অঞ্জলি যেন বনদেবতার---
পড়েছিল শিরে ঝরিয়া।

গুঞ্জরি' যেন সঙ্গীত শত
.        উঠেছিল তার মরমে,
নির্ব্বাক্‌ মুখ, আঁখি-পল্লব
.        আনত সোহাগে সরমে।

মুগ্ধ হৃদয়, লুব্ধ নয়ন
.        ভুবেছিল তার শোভাতে,
সত্য, স্বপন, মিশেছিল সেই
.        কোকিলকূজিত প্রভাতে।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
শ্রাবণে
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

আজি ঘন মেঘে ঢাকা শ্রাবণ-গগন,
কোথায় লুকায়ে আছে মলিন তপন !
.        আজি কেন বসুমতী
.        ব্যথিত কাতর অতি
.        যেন গো প্রকৃতি সতী
.                        বিষাদ-মগন !
আজি মনে পড়ে তা'র সজল নয়ন।


মেঘ গরজন ঘন দামিনী বিকাশ,
আজিকে পরাণে মোর জাগে কি হুতাশ !
.        কি যেন বেদনাভরে
,        উদাস আকুল স্বরে
.        অবিশ্রাম কেঁদে মরে
.                        ব্যাকুল বাতাস !
মনে পড়ে আজি শুধু তা'র দীর্ঘশ্বাস।


ধীরে ধীরে দীর্ঘ দিবা হয় অবসান ;
কেন আজ শোকাকুল আমার পরাণ !
.        এই যে দিগন্তগ্রাসী
.        নিবিড় নীরদরাশি
.        আকাশে বেড়ায় ভাসি'
.                        উদ্ধাসীন, ম্লান,
একি শুধু তা'র অশ্রভরা অভিমান !


আজি বাদলের ধারা ঝরে অবিরল,
আমার বিরহতপ্ত হৃদয় চঞ্চল !
.        কত সুখময় স্মৃতি,
.        কত বুকভরা প্রীতি
.        কত প্রণয়ের গীতি,
.                        পুণ্য অশ্রুজল,
মনে পড়ে' আজি মোর পরাণ বিকল।


মনে হয় আজি বিশ্ব নিতান্ত বিজন ;
একা বসি' করিতেছি স্বপন সৃজন।
.        আজ শুধু পড়ে মনে---
.        কোন্‌ দিন এ জীবনে
.        আমাদের দুই জনে
.                        প্রথম মিলন,
বাহিরে বিরামহীন বারিবরিষণ।


আজি ভরা বরষায় শুধু হয় মনে---
কভু কি মিলন হবে হেন শুভক্ষণে !
.        এমনি বরষা ঘন,
.        নিরজন এ ভুবন,
.        এমনি আঁধার কোন
.                        ক্ষুদ্র গৃহ-কোণে
প্রাণে প্রাণে মিশে যাব আমরা দুজনে !

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
প্রবাসে
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

বরষে ঝর ঝর বারিধারা
ষেন গো দিগ্বধূ কেঁদে সারা।
.        দিবস আলোহীন,
.        মেঘেরা সারাদিন
গগনে ঘুরে যেন পথহারা।

সাঁঝের শেষ রেখা মিশে যায়,
তিমির অন্বরে বেগে ধায়,
.        কখন্‌ ম্লান ছবি
.        ডুবিয়া গেছে রবি
আঁধার নামি', আসি' ধরা ছায়।

বাহিরে কেহ নাহি কোথা আর ;
জানালা পাশে বসি', রুধি' দ্বার।
.        কাহার মুখখানি
.        অমিয়-মাখা বাণী
ব্যাকুল মনে আসে অনিবার !

বাদলধারা ঝরে অবিরল,
নয়ন ভরি' কেন আসে জল !
.        কেবল পড়ে মনে
.        কাহার দুনয়নে
মধুর প্রেম লাজ ঢল ঢল !

পবন থেকে থেকে বহে বেগে,
বিজলি জ্বলি' উঠে কাল মেঘে।
.        আজি সে একাকিনী
.        তামসী এ যামিনী
কেমনে নাহি জানি যাপে জেগে' !

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর