কবি রমণীমোহন ঘোষের কবিতা
*
নিশীথে
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

হের কি মধুর নিশি               কৌমুদীবসনা দিশি
চরাচর সুষুপ্তিমগন,
শান্ত তটিনীর বুকে              ঘুমায়ে পড়েছে সুখে
চন্দ্রমার চঞ্চল কিরণ।

উপবনে ফুটি' শত                শুভ্র পুষ্প অবিরত
চেয়ে আছে অকাশের পানে,
যেন কোন্‌ দেবতারে            শোভা গন্ধ উপচারে
পূজা করে পরাণে পরাণে।

জন শুন্য পথ ঘাট                  সুদূরবিস্তৃত মাঠ,
শব্দহীন নিখিল ভুবন,---
কভু নীড় হ'তে পাখী            ঘুমঘোরে উঠে ডাকি'
দেখি কোন'সুখের স্বপন।

চেয়ে দেখ চারিধার              জন প্রাণী নাহি আর
বিশ্ব যেন বিজন, স্বজনি,
শুধু আমাদেরি তরে                হেন চারু রূপ ধরে
আসিয়াছে আজি এ রজনী।

অসীম কাশতলে                  হেথা শ্যাম দুর্ব্বাদলে
এস ভুমি সৌন্দয্যরূপিনি !
নীরব নিশীথে আজি               এস নববেশে সাজি'
ধরি' মূর্ত্তি বিশ্ববিমোহিনী।

ঘনকৃষ্ণ কেশভার                  খুলে দাও একবার,
মেল আঁখি---নীলোত্পল নব ;
কঠিন ধরার ভূমি                   কুসুমিত কর তুমি

চরণ-অলক্তরাগে তব।
ফুটন্ত জ্যোছনা রাশি             উল্লাসে পড়ুক আসি'
অনবগুন্ঠিত মুখ পরে,
মহিম মূরতিখানি              দেখি, সৌন্দর্য্যের রাণি,
অতৃপ্ত নয়ন দুটি ভরে'।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
আঁখি
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

তোমার নয়ন, সখি,
নির্ম্মল আকাশ,
প্রশান্ত নীলিমা তার
স্বর্গের আভাস।

তোনার নয়ন, সখি,
সরসী অমল,
ফুটে' তাহে স্নেহ প্রীতি
লাজ শতদল।

তোমার নয়ন, সখি,
যেন ধ্রুবতারা,
আঁধারে যখনি মোর
চিত্ত দিশাহারা।

তোমার নয়ন পানে
তাই অনিমেষ
চেয়ে চেয়ে তবু সাধ
নাহি হয় শেষ।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
কবির প্রেয়সী
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

তোমারে গড়েছে বিধি---হেন মনে লয়,
ওগো কবি-প্রিয়া,
তিল তিল নিখিলের সৌন্দর্য্য আহরি'
একান্তে বসিয়া।

তাই তোমাপানে চাহি' অতৃপ্ত নয়নে,
নিত্য নব গীতে
প্রকাশিতে চাহে কবি বিপুল বিস্ময়
ছন্দ রাগিনীতে !

তাই গৃহকেণে থাকি' ধনমানহীন
সংসার মাঝারে
স্বর্গ মর্ত্ত্য হ'তে করে উপমা চয়ণ
বর্ণিতে তোমারে।

সত্যই কি এ সৌন্দর্য্য শ্রীঅঙ্গে তোমার
উঠেছে বিকশি'
প্রশান্ত সন্ধ্যায় যথা গগনের গায়
শোভে পূর্ণশশী !

অথবা---এ শুধু স্বপ্ন, প্রদীপ্ত কল্পনা
কবি-হৃদয়ের
পড়েছে তোমার পরে, তাই নাহি শেষ
তব সৌন্দর্য্যের ;

প্রাবৃটের নভস্তলে---নবমেঘস্তরে
রবির কিরণ
পড়িয়া, বিচিত্রশোভা পূর্ণ ইন্দ্রধনু
বিকাশে যেমন !

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
কবিতা-সুন্দরী
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

ধীরে ধীরে পশে চিত্তে মোর           সুকুমারী কবিতা-সুন্দরী,
করে তা'র কনককঙ্কণ,                 চরণে মঞ্জীর মৃদু বাজে ;
চারু নীলান্বরে ঢাকি' দেহ              মণিমুক্তা-আভরণ পরি'
নববধূসম দেয় দেখা                   আঁখিপাতা আনমিত লাজে।
স্বচ্ছ্ব অবগুণ্ঠনের ছায়ে                ইন্দুনিভ সুন্দর আনন,---
পল্লবের অন্তরালে যেন                বিকশিত কুসুমের হাসি,
মাঝে মাঝে কৌতূহলভরে             ছুটে' আসি' অধীর পবন
চকিতে ঘুচায়ে আবরণ               দেখে যায় দিব্য রূপরাশি।
কখনো নিমেষতরে যদি               দেখা হয় নয়নে নয়নে,---
অমনি রক্তিমতর আভা              ফুটে' উঠে কোমল কপোলে,
নতনেত্রে নির্ব্বাক্‌ অধরে              চলে' যায় চঞ্চল চরণে,
অমল অঞ্চলখানি তা'র               খসে' পড়ি' লুটে ধরাতলে।
জানিনা সে কখন্‌ আমারে            করেছিল নীরবে বরণ,
অজ্ঞাতে পরাণখানি মোর             কেমনে সে করেছে হরণ !

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
কল্পনা-বিহঙ্গ
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

আমার কল্পনা যেন মুক্ত বন-পাখী,
ভালবাসে নীলাকাশ, রবির কিরণ,
উড়ে যেতে চায় দুরে যেথা যায় আঁখি
মেলি' তার লঘু পক্ষ বিচিত্রবরণ।
কত নব নব সাধ জাগে তার প্রাণে,
তাই প্রতিদিন ছাড়ি' ধরণীর নীড়ে
নবীন উৎসাহে ধায় অনস্ত বিমানে---
কতনা অজানা বনে---দূর সিন্ধুতীরে।
পারেনা-স্বাধীন পাখী সহিতে বন্ধন,---
সোণার পিঞ্জরে তার রুদ্ধ হয় শ্বাস ;
সে চাহে দেখিতে খুঁজি' কোথায় নন্দন,
অনস্ত বসন্ত করে কোন্ দেশে বাস।
লোকালয়ে আসি' তার থেমে যায় গান,
বিজনে সে গাহে খুলি' নিভৃত পরাণ।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
কল্পনা-ভ্রমর
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

আমার মানসকুঞ্জে কল্পনা-ভ্রমর
প্রতিদিন প্রাতে উঠি' মধু-আহরণে
উড়ে যায়---যেথা শত পুষ্প মনোহর
বিকশিত হয়ে উঠে রবির কিরণে।
প্রতি প্রস্ফুটিত ফুলে বেড়ায় উড়িয়া,
ফুল-পরিমল করে প্রাণভরে' পান,
অর্দ্ধস্ফুট মুকুলের চৌদিকে ঘুরিয়া,
অনুরাগভরে করে শুণ্ গুণ্ গান।
অতৃপ্ত নয়নে দেখে সৌন্দর্য্যের মেলা,
সুগন্ধি কুসুমরেণু লেগে খাকে গায়,
মধ্যাহ্নে অলস পাখা---ভুলে থাকে খেলা
সুকোমল কুসুমের সুস্নিগ্ধ ছায়ায়।
সন্ধ্যাবেলা শ্রাস্ত হয়ে ফিরে আসে গেহে,
মধুর সৌরভ শুধু মাখি তার দেহে।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
কবির প্রতি
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

সুনীল আকাশ পানে মেলি' অনিমেষ
বিমুগ্ধ নয়ন,
বিজন বকুল বনে                বসিয়া বিবশ মনে
কি নব স্বপনে কবি আছ নিমগন।

সম্মুখে তটিনী তুলি' তরঙ্গ চঞ্চল
কোথা' বহে' যায়,
কুলু কুলু কলরোলে            কি কথা সে যায় বলে'
কোকিল বকুলশাখে কি যে গান গায়।

দূর হ'তে বাঁশরীর কম্পিত মধুর
সুর আসে কাণে,
কাহার লুকান ব্যথা                ভাষাহীন ব্যাকুলতা
ভেসে আসে যেন ওই সকরুণ তানে।

জ্যোত্স্না, মলয়, গীতি, ফুল-পরিমল,
ভ্রমর -গুঞ্জন,
মধুমাখা কুহুরব,                      একত্র করিয়া সব
কি স্বপনলোক্‌ কবি করিছ সৃজন।

নিভৃত হৃদয়ে তব কোন মায়াময়ী
মানসী মূরতি,
আকুল বাসনা, আশা,                প্রাণপূর্ণ ভালবাসা
পূজা-উপচারে তারে করিছ আরতি !

উঠ, কবি, ছেড়ে এস প্রিয় ঘুমঘোর,
অলস স্বপন ;
আকাশ-কুসুমে আর              কত না গাঁথিবে হার,
এস ছেড়ে সুকোমল শ্যামল শয়ন।

ফেলে দিয়ে এস বাঁশী ভুলে যাও যত
প্রণয়ের গীতি,
প্রাণদান-প্রতিদান,                   বিরহ মিলন মান,
অনাদি প্রেমের শত সুমধুর স্মৃতি।

চেয়ে দেখ চারিধারে ঘিরিয়া তোমায়
কঠিন সংসার,
কোথা প্রেম, কোথা স্নেহ,         কোথা শান্তিময় গেহ,
কত দুঃখ কত শোক, কত হাহাকার !

এ নহে খেলার ঘর,---হেথা যে কঠোর
জীবন-সংগ্রাম,
এত নহে সুশোভন                      কল্পনার উপবন,
যুদ্ধ দ্বন্দ্ব কোলাহল হেথা অবিরাম।

চাঁদের কিরণ কোথা?---দেখ প্রজ্জ্বলিত
দাবানল-শিখা ;
বসম্ত, মলয়, হায় !                 নিমেষে মিলায়ে যায়
শুধু ছুটে' আসে বেগে প্রমত্ত ঝটিকা !

এস, কবি, ছেড়ে তব মানস ভুবন,
পৃথিবীর মাঝে,
থেকোনা অলস হয়ে                 অসার স্বপন লয়ে
রত হও সুকঠিন জীবনের কাজে।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
নিবেদন
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

এ নহে কুসুমকুঞ্জ স্বপনমণ্ডিত,
এ যে গো সংসার ;
তবু ভাঙ্গিয়োনা মোর                    এ অলস ঘুমঘোর
মুছিয়োনা আঁখি হ'তে অঞ্জন মায়ার।

সমর-বিমুখ আমি, শান্তির ভিখারী,
অঙ্গম দুর্ব্বল,
জনস্রোত দূরে রাখি',                একাকী নির্জ্জনে থাকি,
অবাধ কল্পনা শুধু আমার সম্বল।

কে আমারে সারাক্ষণ রেখেছে ভূলায়ে
বাঁধি মায়াডোরে,
আমি হেথা দীনতম,                     কুবেরভাণ্ডার সম
ঐশ্বর্য্য-স্বপনে আনি' কে দেখায়, মোরে !

কঠোর জগতমাঝে চাহে-মোর প্রাণ
ব্যগ্র ভালবাসা ;
দীনতা হীনতা যত                   চারিধারে দেখি, তত
জেগে থাকে হৃদে মোর সৌন্দর্য্যপিপাসা।

গোপন পরাণে প্রেম উঠে উচ্ছ্বসিয়া,---
কে জানিবে তায় ;
কত সাধ ফুল সম                       নীরবে হৃদয়ে মম
বিফলে ফুটিয়া উঠি' ঝরে' পড়ে যায়।

নিখিলের শোভা লয়ে চাহি বিরচিতে
স্বর্গের আভাস
মলিন ধরায় থাকি'                 কেমনে দেখিবে আঁখি
কি মাধুরী ঢেকে রাখে সুন্দর আকাশ !

নীলিমার পর পারে আছে কোন্‌ দেশে
সৌন্দর্য্যের রাণী,
সকল কুসুম বার                      বহিছে সুরভিভার
সকল সঙ্গীত যার সুধাসিক্ত বাণী !

তাহারে দেখিতে যেন চাহে চিরদিন
ব্যাকুল নয়ন,
মুগ্ধ কুরঙ্গের প্রায়                     পরাণ শুনিতে চায়
সে মায়াময়ীর স্বর্ণবীণার নিক্কণ।

তাহারি অঞ্চল ঘিরে' আছে অবিচল
স্নেহ প্রেম আশা,
অতৃপ্তি, আকাঙ্ক্ষা, তাই              সকলি ভুলিতে চাই
লভি' তার সকরুণ স্নিগ্ধ ভালবাসা।

যত তারে ধ্যান করি হৃদয়ে রাখিয়া,
মিটেনা তিয়াষ ;
যত হই অগ্রসর                       দেখি তারে দূরতর,
পরশে ধরিতে যাই - বিফল প্রয়াস !

আমারে ডেকোনা তবু সংসারের মাঝে,
থাক্‌ এ স্বপন,
জাগ্রত জগত ভুলি'                একান্তে গড়িয়া তুলি
সর্বসুখশান্তিময় মানস ভুবন।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
জীবনের পথে
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।


স্বদীর্ঘ এ জীবনের পথ,                    
এখনো অনেক আছে বাকি,
এখনি চরণ কেন                    ক্লান্ত হুয়ে আসে হেন
দৃষ্টিহারা হয়ে আসে আঁখি !

মধ্যাহ্নের খর রৌদ্রে যদি'                
তাপিত বিকল হয় কায়া,
চারি ধারে শুধু মরু                নাহি কোথা গৃহ তরু,
নাহি থাকে 'বিন্দুমাত্র ছায়া ;

প্রতি পদে বাধা বিঘ্ন ভয়                 
সদা যদি দেখা দেয় এসে,
তবু চলি' প্রাণপণে                     সবল অটল মনে
যেতে হবে দীর্ঘ পথশেষে।

পথ দিয়া যা'রা যায় চলি'                
সগৌরবে, গরবের ভরে,
করুণ নয়নকোণে                     যদি এ অধম জনে
নাহি চায় নিমেষের তরে ;

ছিল যা'রা নিতান্ত আপন,                
তাহারাও হয় বদি পর,
নিঠুর কঠোর বাণী                  উপেক্ষার শর হানি'
শ্রান্ত তনু করে জরজর ;

আজন্মের প্রিয় সঙ্গী যদি                   
একে একে ছেড়ে যায় সবে,
তবু একা দীর্ঘ দিন                   সুপ্তি-তৃপ্তি-শান্তিহীন
লক্ষ্যপানে শুধু যেতে হবে।

একদা মধুর সন্ধ্যাবেলা                    
ফুরাবে এ সুদুর্গম পথ
চিরশাস্তি-নিকেতনে                   পশিব প্রফুল্ল মনে
পূর্ণ হবে জীবনের ব্রত।

আপনি বিজয়লক্ষ্মী আসি'                
কণ্ঠে মোর পরাইবে মালা,
তা'র সুকল্যাণ হাসি                 বরষি' অমৃতরাশি
ঘুচাইবে চির দুঃখজ্বালা।

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
ঋণী
কবি রমণীমোহন ঘোষ
১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯খৃষ্টাব্দ) প্রকাশিত কবির “মুকুর” কাব্যগ্রন্থের কবিতা।
বানান যথা দৃষ্টং তথা লিখিতং! মিলনসাগরে প্রকাশ - ৮.৮.২০২০।

আজি শুধু মনে হয় কোন্‌ শুভক্ষণে
তোমাদের সনে সে প্রথম পরিচয়,
চাহিয়া এ মুখপানে করুণ-নয়নে,
কেমনে করিলে বন্দী তরুণ হৃদয় !
কণ্টককঙ্করাবৃত সংসারের পথে
পড়ে' ছিনু উপেক্ষিত, বিষণ্ণ, একাকী,
তখন তোমরা সবে আসি, কোগা হ'তে
হাতে ধরে' তুলে' মোরে মুছাইলে আঁখি
ঢেলে দিয়ে অবিরল স্নিগ্ধ ভালবাসা
সরল করুণা, ক্ষমা, মধুর সান্ত্বনা,
ফুটালে হৃদয়ে মাঝে নব নব আশা,
শিখাইলে জীবনের মহান্‌ সাধনা।
অক্ষম, অধম আমি, চিরদীনহীন
কেমনে শুধিব বল এ স্নেহের ঋণ !

.               ***************                
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর