কবি সরোজরঞ্জন চৌধুরী - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার নদীয়া জেলার জানিপুরে, পদ্মানদীর
শাখানদী, গোরাই নদীর তীরে।
রবীন্দ্রোত্তর যুগে রবীন্দ্রানুসারী কবিদের মধ্যে তিনি ছিলেন উজ্জ্বল জ্যোতিষ্ক।
ছেলেবেলা থেকেই তিনি ছিলেন সাহিত্যানুরাগী। ১৯৩১ সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ
করেন। বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়া হয়নি।
ওই বয়স থেকেই প্রবাসী, বিচিত্রা, মাসিক বসুমতী, দেশ, আনন্দবাজার প্রভৃতি পত্রিকায় তাঁর কবিতা
প্রকাশিত হতে থাকে।
যতীন্দ্রমোহন বাগচী, অন্নদাশঙ্কর রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, চপলাকান্ত ভট্টাচার্যের স্নেহের পাত্র হয়ে
উঠেছিলেন তিনি।
কলকাতায় স্থায়ী চাকরি না হওয়ায় কিছুদিন গ্রামে গিয়ে শিক্ষকতা করেছিলেন। ১৯৪৭ সালে তিনি ঘরছাড়া
হলেন। ১৯৪৯ সালে হেমন্ত বসুর আনুকূল্যে পশ্চিমবঙ্গে সরকারের খাদ্য বিভাগে কাজ শুরু করেছিলেন।
রবীন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে ১৯৪০ সালে প্রকাশ করেন তাঁর প্রথম কাব্যগ্রন্থ বনযূথী। ১৯৭১ সালে, মৃত্যুর
অনেক আগে "বিদায়" কবিতায় লিখেছিলেন . . .
“এবার চলিনু, আসিব আবার ফিরে,
দেখা হবে পুন এই সাগরের তীরে . . .”
রবীন্দ্রনাথ তাঁকে বলেছিলেন . . .
“তোমার কবিতাগুলি পড়িয়া অত্যন্ত প্রীত হইয়াছি। ভাব, ভাষা এবং ছন্দমাধুর্যে প্রতিটি কবিতাই অপূর্ব।”
আমরা কৃতজ্ঞ কবিপুত্র সুপ্রিয় চৌধুরীর কাছে, যিনি সুদূর আমেরিকার, জর্জিয়ার আটলান্টা থেকে আমাদের
সঙ্গে যোগাযোগ করে কবি সম্বন্ধে বহু মূল্যবান তথ্য জানিয়েছেন। তিনি এই পাতা দেখে আমাদের সঙ্গে
দূরভাষে যোগাযোগ করে জানান . . .
কবি জগদিশ ভট্টাচার্য কবির প্রয়াণের পর একটি স্মরণসভায় বলেছিলেন যে সরোজরঞ্জন ছিলেন
রবীন্দ্রানুসারী কবিদের বা রবীন্দ্রমণ্ডলের কবিদের মধ্যে সর্ব শেষ বা সর্বকনিষ্ঠ। রবীন্দ্রনাথ তাঁদেরই
জানিপুর গ্রামের বাসভবনের উঠোনে বসে ২৭ আষাঢ় ১৩১৭ তারিখের অপরাহ্নে, বাংলা গীতাঞ্জলির
অন্তর্ভুক্ত "সীমার মাঝে অসীম তুমি" গীতটি লিখেছিলেন।
তাঁর কবিতা রয়েছে, এমন কোনো কাব্য সংকলন আমরা হাতে পাইনি এখন পর্যন্ত। কিন্ত পুরনো পত্রিকার
বিভিন্ন সংখ্যা থেকে কিছু কবিতা পেয়েছি। আমরা মিলনসাগরে কবি সরোজরঞ্জন চৌধুরীর কবিতা তুলে
আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই এই প্রয়াসের সার্থকতা।
উত্স - কলকাতার করচা, আনন্দবাজার পত্রিকা, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫।
. কবিপুত্র সুপ্রিয় চৌধুরীর সঙ্গে সুদূর আটলান্টা থেকে দূরভাষে কথোপকথন, ৩১.৭.২০১৬ তারিখে।
কবি সরোজরঞ্জন চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৯.৫.২০১৬
নতুন কবিতা নিয়ে পরিবর্ধিত সংস্করণ - ২১.৮.২০১৬
...