পড়াশুনা
কবি স্বপন গায়েন
বাংলাটাকে ভীষণ আমার
সহজ মনে হয়
লিখতে গেলেই কেন এতো
বানান ভূল হয়।
ইংরাজীটা মোটেই আমার
মাতৃভাষা নয়
তবে কেন ইংরাজীটা
পড়তে আমার হয়?
ইতিহাসটা খুবই আমার
গোলমেলে সব লাগে
কার বাবাকে কে যে কখন
খুন করেছে আগে।
ভূগোলটাকে কখনও আমার
লাগে নি মোটেও সহজ
ম্যাপ পয়েন্টিং করতে গেলে
খাটাতে হয় যে মগজ।
বিজ্ঞানেতে কখনও আমি
নয় তো ভাল ছেলে
তিরিশ নম্বর পেতে গেলে
জীবন যেতো চলে।
অংক টাকে দেখলেই
আসতো আমার ভয়
কবে যে আমি দশ পেয়েছি
মনে থাকার নয়।
তবুও বাবা, সবার কাছে
বুক ফুলিয়ে বলে
শচীন সৌরভ নাই বা হল
ছেলে ক্রিকেট ভাল খেলে।।
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
কবি স্বপন গায়েন-এর কবিতা
*
কবি
স্বপন গায়েন-এর
পরিচিতির পাতায় . . .
ভূপেন খুড়ো
কবি স্বপন গায়েন
ভূপেন খুড়ো গেলেন খেতে
বিয়ে বাড়ির ভোজ
ডগমগিয়ে ফিরলেন ঘরে
যেন এটাই করেন রোজ।
বড়লোকের বিয়ে বাড়ি
দেদার আয়োজন
কোনটা ছেড়ে কোনটা খাবেন
ভাবার নেই কোনো প্রয়োজন।
মুগ ডালেতে আছে দেওয়া
কাতলা মাছের মুড়ো
পাঁঠার মাংস বহুদিন পর
খাচ্ছেন ভূপেন খুড়ো।
তিরিশ খানা রসগোল্লা
এ আর এমন কি
দইও খেলেন কিলো খানেক
ভাবছেন মশাই কি?
রাত্রি যখন বাজে দু’টো
গর্জে ওঠে পেট
ওরে বাব্বা! একি হলো
ছুটেই খোলেন গেট।
কাতলা মাছ পুকুর ভেবে
এধার ওধার ছোটে
পাঁঠা ও যেন পেটের মধ্যে
লাফিয়ে লাফিয়ে ছোটে।
হলহলিয়ে বেরিয়ে গেলো
উপর থেকে নীচে
আর যাবে না বিয়ে বাড়ি
বয়স সবে আশির নীচে।
ভূপেন খুড়ো দুঃখ করেন
খেলাম কি আর এমন
বেরিয়ে গেল ভালমন্দ
খুড়ি বলেন, মরণ!
. ******************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি
স্বপন গায়েন-এর
পরিচিতির পাতায় . . .