কবি বিনয় মজুমদারের কবিতা
মায়ের
কবি বিনয় মজুমদার
মিলনসাগরে প্রকাশ - ২৩.৮.২০২০

মায়ের ইসোফেগাসে ক্যানসার হয়েছিল, ফলে
কোনো কিছু গিলে খেতে পারত না, জল
খেতে পারত না।
পীযূষ ডাক্তার
গ্লুকোজ ইনজেকশন দিত দুই হাতে।
তাতে আর কী বা হয়, না খেয়ে পনেরো দিন থেকে
মাও মারা গেল ।
মরবার আগে একবার
আমার বাবাকে মা তো কুকুর বলেছে।
মরবার আগে মা আমার
বাড়ির চাকরটির পা-ও ধরেছিল।
এর নাম মৃত্যু, মহাশয়।

.             ********************

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
আমি তো প্রত্যেকবার
কবি বিনয় মজুমদার
মিলনসাগরে প্রকাশ - ২৩.৮.২০২০

আমি তো প্রত্যেকবার পেয়েছি, অদ্যও আমি সানন্দে পেয়েছি।
বিস্মিত করেছি আমি সবাইকে। যতবার বৃন্দাবনে গেছি ততবার
নেচেছি; এখন এই রাত্রিবেলা অতিশয় শান্ত আমাদের গ্রাম—বাড়ি
পাশের পাশের ঘরে ঘড়ির অস্পষ্ট শব্দ এঘর থেকেও শোনা যায়।
প্রথম দু’তিন দিন বৃন্দাবনে গিয়ে আমি যে গান গেয়েছিলাম সেই গানটিই
আজ পুনরায় আমি গাইলাম বৃন্দাবনে—গীতা পড়া কী আরাম
.                                                 গীতা পড়া কী আরাম। শেষে
বহু বর্ষ চলে গেলে এই কবিতাটি পড়ে আজকের সবকিছু স্মরণে আসবে।
দিনপঞ্জী লিখে লিখে এতটা বয়স হল। দিনপঞ্জী মানুষের
.                                                     মনের নিকটতম লেখা।

.             ********************

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
কিলবার্ণ কোম্পানির
কবি বিনয় মজুমদার
মিলনসাগরে প্রকাশ - ২৩.৮.২০২০

কিলবার্ণ কোম্পানির অফিস দেখেই আমি লাফ মেরে উঠি,
তাড়াতাড়ি চ’লে আসি এই গ্রামে শিমুলপুরেই।
সে অনেক বৎসর আগেকার কথা তার পরে
তেরশ আটানব্বুই বঙ্গাব্দের ফাগুন এখন
আমার হাতের কাছে কোলগেট টুথপেস্ট,
.                           বাম হাত দিয়ে আমি ধরি
এ টুথপেস্টের এই টিউবকে এবং তখন
মনে আসে সে যুবতী নারীটির কথা
সে তো বলেছিলো এই চারমিনারের
মানে তো, বিনয়বাবু, আসলে ইনার চার্ম
.                    সে যুবতী এতদিনে বৃদ্ধা হয়ে গেছে।

.             ********************

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
আমাদের কফি হাউসে
কবি বিনয় মজুমদার
মিলনসাগরে প্রকাশ - ২৩.৮.২০২০

আমাদের কফি হাউসে
অন্তত দেড়শো জন লোকের সামনে বসে
একজন যুবতী একজন যুবকের হাতে হাত বোলায়
আর রবীন্দ্রসংগীত শোনায়—‘তুমি কেমন করে
গান কর হে গুণী...’
যুবতীটি সবার সামনেই যুবকটির হাতে বহুক্ষণ যাবৎ
হাত বোলায় আর বোলায় আর বলে—‘আপনি আমার
দাদার মতো।’
এবং যুবতীর বোন আরেক যুবতী কফি হাউসের
টেবিলের নীচে যুবকটির পা দুই পা দিয়ে
জড়িয়ে ধরে সবার সামনেই, কফি
হাউস ভর্তি লোকের সামনেই। এ করে প্রত্যহ
অর্থাৎ পাঠকগণ আমার মতে সব মেয়েই একটি
.                                             ‘মানসিক হাসপাতাল’।

.             ********************

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর
খুনিদেরই যুবতীরা
কবি বিনয় মজুমদার
মিলনসাগরে প্রকাশ - ২৩.৮.২০২০

খুনিদেরই যুবতীরা ভালোবাসে বলে
মনে হচ্ছে।
জুলিয়াস সিজার অন্তত একশোজন
লোক খুন করে
ক্লিওপেট্রার কাছে গিয়ে বলল ‘আমি
বীর পুরুষ, শ’ খানেক লোক খুন করেছি
তোমাকে পাবার জন্য। তুমি আমাকে [আমার] ক্লিওপেট্রা।’
এবং কী আশ্চর্য ক্লিওপেট্রা সিজারের
কথা শুনে তাকে তাড়িয়ে না দিয়ে
সিজারকেই বিয়ে করল।
               আমাদের ভারতবর্ষেও কৃষ্ণ
বেশ কয়েকটি লোক খুন করে ষোলোশো
গোপিনী পেয়ে গেল। এবং ভারতে লোকেরা বলে
‘ভগবান শ্রীকৃষ্ণ’।

.             ********************

.                                                                           
সূচীতে . . .     


মিলনসাগর