কবি হাছন রাজার (হাসন রাজা) গান
*
আমি করি রে মানা, অপ্রেমিকে গান আমার শুনবে না
কবি হাছন রাজা
পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |


আমি করি রে মানা, অপ্রেমিকে গান আমার শুনবে না |
কিরা দেই কছম দেই আমার বই হাতে নিবে না ||
বারে বারে করি মানা বই আমার পড়বে না |
প্রেমের প্রেমিক যেই জনা, এ সংসারে হবে না ||
অপ্রেমিকে গান শুনলে কিছুমাত্র বুঝবে না |
কানার হাতে সোনা দিলে লাল ধলা চিন্ বে না ||
হাছন রাজায় কছম দেয় আর দেয় মানা |
আমার গান শুনবে না যার প্রেম নেই জানা ||

.                ***********      
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি ছাড়ব না ঠাকুর চান্দকে মইলে গো প্রাণসই
কবি হাছন রাজা
পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |


আমি ছাড়ব না ঠাকুর চান্দকে মইলে গো প্রাণসই |
সই এগো ছাড়বা না ঠাকুর চান্দকে মইলে |
কি হইব তোদের কইলে গো প্রাণ সই |
আমি ছাড়ব না ঠাকুর চান্দকে মইলে |
ছাড়াইতে চাহিলে পুড়ি, মরিমু অনলে |
ছাড়ব না, ছাড়ব না আমি, তুলি লইছি কোলে,
গো প্রাণ সই ||
( আর ) হৃদয়ে রাখিয়াছি তারে আহ্লাদ করিয়া |
বাঁচন না, বাঁচন না আমি, তাহারে ছাড়িয়া গো প্রাণসই ||
তোরা যে বল গো সই ছারিতাম তারে |
ছাড়িতে পারব না তোরা আগে মার মোরে গো ||
হাছন রাজায় বলে ধরছি জীবনে মরণে |
ছাড়ব না ছাড়ব না তারে, মারিলে পরাণে
গো প্রাণ সই ||

.                ***********      
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি তোর কাঙ্গালিনী এগো মনমোহিনী
কবি হাছন রাজা
পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |


আমি তোর কাঙ্গালিনী এগো মনমোহিনী |
তুমি বিনে যত দেখি সকলই ফানী ||
তুমি আমার আমি তোমার অন্য না জানি |
এক বিনে দ্বিতীয় আমি কিচ্ছু না মানি ||
যে দিকে ফিরাই আঁখি, সে দিকে তোমারে দেখি |
সাধ কইরে হৃদয়ে রাখি ভুবন মণি ||
তব মায়ায় পতিত হইয়ে, আছি তব রূপ চাইয়ে |
আনন্দে মোহিত হইয়ে, যায় রজনী ||
হাছন রাজা বাঙ্গালি হইয়ে তোমার কাঙ্গালী |
প্রেমানলে জ্বলিয়ে যায় প্রাণী ||

.                ***********      
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি বান্দার কি লেখলায় নছিবে রে, হায়রে নাথ
কবি হাছন রাজা
পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |


আমি বান্দার কি লেখলায় নছিবে রে, হায়রে নাথ
আমি বান্দার কি লেখলায় নছিবে রে |
দূরে পড়িয়া থাকানি মোর নছিবের ঘুচিবে রে ||
আছিলাম তোমার দ্বারি, নছিবে মোর কইল পরী |
তোমার লাগি দিনে রাইতে ঝুরি রে ||
দিবা নিশি ঝুরিয়া মরি, ছাড়িয়া কি আর থাকতে পারি |
আবার মনে দাসত্ব যে করি রে |
ভুলিতে না পারি তোরে, মন আমার কি যে করে |
আকাঙ্ক্ষা মোর থাকি তোর হুজুরে রে ||
যে জনে দেখিয়াছে তোরে, সে কি ভুলিয়ে থাকতে পারে |
চান্দ মুখ দেখলে কি পাসরে রে ||
পুরাও মোর মনের আশা, চরণতলে দিয়ে বাসা |
কাঙ্গালেরে রাখ চরণ তলে রে ||
হাছন রাজা আশিক বলে চরণ ছায়ায় না রাখিলে |
( আরে ) পড়িয়া মরমু তোমার দোয়ারে রে ||

.                ***********      
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি যাইমুরে যাইমুরে আল্লার সঙ্গে
কবি হাছন রাজা
পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |


আমি যাইমুরে যাইমুরে আল্লার সঙ্গে |
ও আমি যাইমুরে যাইমুরে আল্লার সঙ্গে |
হাছন রাজায় আল্লা বিনে কিছু নাহি মাঙ্গে ||
আল্লার রূপ দেখিয়ে হাছন রাজা, হইয়াছে ফানা |
নাচিয়ে নাচিয়ে হাছন রাজায় গাইতেছে গানা ||
আল্লার রূপ, আল্লার রঙ্গ,আল্লারও ছবি |
নূরের বদন আল্লার, কি কব তা খুবি ||
হাছন রাজা দিলের চক্ষে আল্লাকে দেখিয়া |
নাচে নাচে হাছন রাজা প্রেমে মাতয়াল হইয়া ||
উন্মাদ হইয়া নাচে, দেখিয়া আল্লার ভঙ্গি |
হুশ মুশ কিছু নাই হইছে আল্লার সঙ্গী ||
আদম ছুরত আল্লার জানিবার বেসক |
খল্ কা আদমা আলা ছুরতেহি হক ||
রূপের ভঙ্গি দেখিয়ে হাছন হইছে ফানা |
শুনে নারে হাছন রাজায়, মুল্লা মুন্সির মানা ||

.                ***********      
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
আল্লা ভব সম্ দূরে, তরাইয়া লও মোরে
কবি হাছন রাজা
পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |


আল্লা ভব সম্ দূরে, তরাইয়া লও মোরে |
পড়িয়া দরিয়ার পাকে ডাকি হে তোমারে ||
এমন অকূল দরিয়া কূল নাই তার |
আমি অভাগিয়া আর জানি না সাঁতার ||
কৃপা কর দয়াল বন্ধু অনাথ জানিয়া |
রক্ষা কর তব দাসে নিজ তরী দিয়া ||
হাছন রাজা বলে প্রভু দয়াল নাম তর |
মরণ কাল সাক্ষাৎ আইল লও রে খবর ||
এই বলিয়া হাছন রাজায় ডাকে উচ্চ স্বরে |
হাছন রাজা ভয় করিস না, তরাইব তোরে ||
প্রভুর বাক্য শুনিয়া হাছন নাচে তরে তরে |
দরিয়ার মাঝে হাছন রাজা ঝামুর ঝুমুর করে ||

.                ***********      
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
একদিন তোর হইবে মরণ রে হাছন রাজা
কবি হাছন রাজা
পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |

একদিন তোর হইবে মরণ রে হাছন রাজা
একদিন তোর হইবে মরণ |
মায়াজালে বেড়িয়ে মরণ, না হইল স্মরণ রে, হাছন রাজা |
একদিন তোর হইবে মরণ ||
যমের দূতে আসিয়া তোমায়, হাতে দিবে দড়ি |
টানিয়া টানিয়া লইয়া যাবে, যমেরও পুরী রে |
সে সময় কোথায় রবৈ ( তোমার ) সুন্দর সুন্দর স্ত্রী |
কোথায় রইব রামপাশা, কোথায় লক্ষ্মণ ছিরি রে ||
করবায় নিরে হাছন রাজা রামপাশায় জমিদারি |
করবায় নিরে কাপনা নদীর পারে ঘুরাঘুরি রে ||
আর যাইবার নিয়ে হাছন রাজা, রাজাগঞ্জ দিয়া ||
করবার নিরে হাছন রাজা দেখে দেখে বিয়া রে ||
ছাড় ছাড় হাছন রাজা, এ সবের আশা |
প্রাণ বন্ধের চরণতলে, কর গিয়া বাসা রে |
গুরুর উপদেশ শুনিয়া, হাছন রাজায় কয় |
সব তেয়াগিলাম আমি দেও পদাশ্রয় রে ||
হাছন রাজা একদিন তোর হইবে মরণ ||

.                ***********      
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
ও যৌবন ঘুমেরই স্বপন
কবি হাছন রাজা
পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |


ও যৌবন ঘুমেরই স্বপন |
সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন ||
আর দৈ বলিয়া চুন গুলিয়া খাইল কতজন |
হক না জেনে মুখ পুড়িল লালছের কারণ ||
আউলিয়া ছাড়া নদীর কূলে যে করে আসন |
জ্ঞান শূন্য রে কুম্ভভীরে খায় ভাঙ্গিয়া গর্দন ||
ফকির হাছন রাজায় বলে
ঠেকছি খাইয়া নদীর জল |
নিশার চোটে লাগলো ঠোঁটে
উল্টা বড়ির কল ||

.                ***********      
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
কত দিন থাকিবায় লক্ষ্মণছিরি রে হাছন রাজা
কবি হাছন রাজা
পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |


কত দিন থাকিবায় লক্ষ্মণছিরি রে হাছন রাজা |
ও রাজা কতদিন থাকিবে লক্ষ্মণছিরি |
আখেরাতে যাইতে হইবে একদিন মরিবে ||
হাছন রাজা কতদিন থাকিবে লক্ষ্মণছিরি ||
এই যে দেখ আশয়-বিষয়, করিতেছ বাহাদুরী ||
সব ছাড়ি যাইবায় হাছন রাজা একাশ্বরী রে ||
আবালকাল গেল খেলে, যৌবন গেল মেলে |
বৃদ্ধ কাল সাক্ষাৎ এবে রহিলে বেভুলে ||
ছাড় ছাড় হাছন রাজা, এই ভবের আশ |
এক মনে চিন্তা করিয়ে হও তাঁর দাস ||
পূর্ণ ব্রহ্ম আজ্ঞা এ গান শুনিয়া |
হু হু হু হু বজুজ ইয়াহু, মনেতে টানিয়া ||
আল্লা আল্লা, আল্লা আল্লা, আল্লা আল্লা সার |
আল্লা বিনে কিছু নাই দেখ মন আমার ||
রে হাছন রাজা কত দিন থাকবে লক্ষ্ণণছিরি |

.                ***********      
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর
*
গুড্ডি উড়াইল মোরে, মৌলার হাতে ডুরি
কবি হাছন রাজা
পান্নালাল রায় সংকলিত “হাছন রাজা” কাব্যগ্রন্থ ( ২০০৭ ) থেকে নেওয়া |


গুড্ডি উড়াইল মোরে, মৌলার হাতে ডুরি |
হাছন রাজারে যেমনে ফিরায়, তেমনে দিয়া ফিরি ||
মৌলার হাতে আছে ডুরি, আমি তাতে বান্ধা |
যেমনে ফিরায়, তেমনে ফিরি, এমনি ডুরির ফান্ধা |
গুড্ডি যে বানাইয়া মোরে বাতাসে উড়াইয়া উড়াইয়া |
খেইড় খেলায় মোরে দিয়া, কান্না মুন্ডা দিয়া ||
রঙ্গে রঙ্গে মোরে দিয়া, খেইড় খেলাইয়া |
হাউস মিটাইয়া, মুই গুড্ডিরে ফেলিব ফাড়িয়া ||
গুড্ডি হাছন রাজায় কান্দে, না লাগব তার দয়া ||
মাটিতে মিশাইব আমার, সোনার বরণ কায়া ||
হাছন রাজায় মিন্তি করে, মৌলার চরণ ধরি |
চরণ ছায়ায় রাখ মৌলা দাসকে তোমারি ||

.                ***********      
.                                                                                 
সূচীতে . . .    


মিলনসাগর