কবি গণসঙ্গীতকার হেমাঙ্গ বিশ্বাসের গান
*
শুন শুন শুন সবে শুন দিয়া মন  ( ভালো বেশ  বেশ )
কবি হেমাঙ্গ মিশ্বাস
( লর্ড মাউন্ট ব্যাটনের ভারত ত্যাগের সময় রচিত |  তখন  কেন্দ্রীয় সরকারের মন্ত্রীত্বে ছিলেন জোহরলাল
নেহরু,সর্দার বল্লভভাই পেটেল , মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ )


স্বরাজের মাহাত্ম্য আমি করিব বর্ণন ||  ( ভালো বেশ বেশ )
পনেরো আগস্ট দিনে সাতচল্লিশ সন |   ( ভালো বেশ বেশ )
দশভূজা স্বরাজ দেবী কৈলা আগমন |   ( ভালো বেশ বেশ )
সাগর পারের বুড়া সিঙ্ঘী রহিলা বাহন  ( ভালো------)
দশ হাতে দেখি নূতন দশ প্রহরণ |  ( ভালো------)
প্রথম হাতেতে ধরেন খড়গ প্রহরণ (ভালো------)
অখন্ড দেশের মুন্ডকরিলেন ছেদন | (ভালো ----)
দ্বিতীয় হাতে বরাভয়অহিংস ব্যাটন (ভালো----)
সাধুরে দমন করেন চোরেরে পালন |  (ভালো-----)
তৃতীয় হাতে করেন দেবী কন্ট্রোল নিধন (ভালো---)
এক দৌড়ে চল্লিশ টাকায় ওঠে চালের মন | ( ভালো---)
চতুর্থ হাতেতে করেন বসন হরণ  (ভালো-----)
ল্যাংটা শিবের ধর্ম দেশে করেন প্রচলন | (ভালো----)
পঞ্চম হাতে বশীকরণ মারণ উচাটন ( ভালো-----)
ক্ষুধার ভূত কাঁদুনে গ্যাসে করেন বিতাড়ন | ( ভালো----)
ষষ্ঠ হাতে বন্ধ করেন জাতীয়করণ (ভালো----)
জাতিভেদ দূর, আসে বিজাতি মূলধন | (ভালো----)
সপ্তম হাতে করেন দেবী দালাল ইউনিয়ন (ভালো ----)
কৃষকসভা, মজুর সংঘে পাঠান বিভীষণ | (ভালো---- --)
অষ্টম হাতে ভক্তজনে বর বিতরণ  (ভালো------)
মন্ত্রিগিরি, কন্ট্রাকটারী করিলেন বন্টন | ( ভালো----)
নবম হাতে গান্ধীভস্ম ঔষধ ধারন (ভালো-----)
রাষ্ট্রদ্রোহী সর্বরোগে বিশল্যকরণ |  (ভালো-----)
দশম হাতে নিরাপত্তার নাগপাশ বন্ধন ( ভালো----)
লাল জুজু নিশম্ভুরে করিতে নিধন | ( ভালো-----)
কন্ঠে তার গড সেভ দি কিং জনগনমন |
দেশবাসী কর দেবীর গুণ সংকীর্তন ||
এবার দেশবাসীগণ গাও স্বরাজ ভজন
রঘুপতি রাঘব মাউন্ট ব্যাটন |
জয় জয় রঘুপতি রাঘব মাউন্ট ব্যাটন |
টাটা বিড়লা তেরে নাম
জয় বল্লভ গোপাল রাজা রাম ||
মজুর কিষাণ হ্যায় নিমক হারাম
মুঝকো মুনাফা দে ভগবান ||
যে বাঁশেতে বাজলোরে ভাই স্বরাজের বাঁশরী
,সেই বাঁশ যে ডান্ডা হইয়া মাথায় মারলো বাড়ি |
.                ( আহা মরি মরি মরি )
মাটি চাইয়া লাঠি পাইলাম দিয়া বুকের খুন
হাসির বদল ফাঁসি পাইলাম দই-এর বদলে চুন |
.                ( আহা মরি মরি মরি )
চাক্ রি চাইয়া ছাঁটাই পাইলাম কাপড় চাইয়া দড়ি
এখন কলস যে ভাই কিনি হাতে নাইতো এমন কড়ি |
.                (আহা মরি মরি মরি )
হিন্দুস্তানে শ্বশুরবাড়ি পাকিস্থানে ঘর
মধ্যিখানে ভূতের ময়দান বউ যে হইল পর ||
.                (আহা মরি মরি মরি )
রামরাজ্য চাইয়া পাইলাম হনুমানের বংশ
লেজের আগুন দিয়া সোনার লঙ্কা করে ধ্বংস ||
.                (আহা মরি মরি মরি )
ঠগের বাড়ি নিমন্ত্রণ, বুঝিলায় অবেলা
রাজভোগ খাওয়াইবো কইরা খাওয়াইলো কাঁচকলা ||
.                 (আহা মরি মরি মরি )
মাথায় ভাঙ্গলো কাঁঠাল ভাইরে মুখে লাগলো আঠা
স্বরাজের মন্দির আমরা হইলামবলির পাঁঠা ||
.                 (আহা মরি মরি মরি )
মাউন্ট ব্যাটন মঙ্গল কাব্য হেথায় সাঙ্গ হইল
প্রেমানন্দে বাহু তুলে রাম রাম বলো |
এবার দেশবাসীগণ গাও স্বরাজ ভজন
রঘুপতি রাঘব মাউন্ট ব্যাটন ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমরা তো ভুলি নাই শহীদ একথা ভুলবো না
কবি হেমাঙ্গ মিশ্বাস

আমরা তো ভুলি নাই শহীদ একথা ভুলবো না
তোমার কলিজার খুনে রাঙাইলে কে আম্বার জেলখানা |
যখন গহীন রাতে আন্ধার পথে চমকায় বিজলী
(তোমার) বুকের খুনের দাগে দাগে আমরা পথ চলি ;
সেই কালসাপেরই কুটিল গুহায় আমরা যে দেই হানা
তোমার বহুল বুকে ছোবল দিল যে নাগিনীর ফণা ||


.              বলো কি করে ভুলি সে কথা
.              খুন করে গোপনে তোমার জ্বালাইল চিতা
সেই চিতার আগুন জ্বলে দ্বিগুন
.                জ্বলে দিকে দিকে রে বন্ধু
.                জ্বলে বুকে বুকে রে বন্ধু
.                জ্বলে চোখে চোখে-----
জ্বলে অগ্নিকোণে রক্তমেঘে কালবৈশাখীর ডানা ||


তুমি ছিলায় গরীব কিষাণ এই মাটির সন্তান
হাতে নিলায় তাই তো বন্ধু দুঃখীর এই লাল নিশান
.           রে সাথী সবহারার নিশান
সেই লাল নিশানের মান রাখিতে দিলায় বন্ধু জান
.                বন্ধু, লুটাইলায় পরাণ
তোমার রক্তে রাঙা নিশান দিল পথের নিশানা ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
ধীরে বহে ইয়াংসি
কবি হেমাঙ্গ মিশ্বাস

ধীরে বহে ইয়াংসি
ইয়াংসি ও ইয়াংসি
ধীরে ধীরে বহে যাও
কতো রুধির অশ্রুধারা ----ঢেউয়ে দোলাও
তুমি যে অপরাজেয়
তুমি যে অপরিমেয়
ইতিহাস রচে যাও | |

তব পারে পারে যত মৃত্যু, যত অন্যায়
ডুবে গেলো ভেসে গেলো দুর্বার খর বন্যায়
দস্যুর তরী তীরে তীরে, যতো ভিড়লো , রণসজ্জায়
ডুবে গেলো ভেসে গেলো দুর্বার খর বন্যায়,
সে বীরগাথা আমারে শোনাও ----আমারে শোনাও | |


মিসিসিপি গঙ্গা নীল-নদী জলে
তব ঢেউ উদ্দাম এলো এলো কল্লোলে ,
ত্রিধারা সে মহানদী------
মুক্তি সাগর মোহানায় ভেসে যায় ভেসে যায়
হেইয়ো হো হেইয়ো হো
পালে পালে পতাকা উড়াও |
পালে পালে পতাকা উড়াও

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
তোরা বল সখী বল বল বল আমারে
কবি হেমাঙ্গ মিশ্বাস


তোরা বল সখী বল বল বল আমারে
ও কে ঘরের বার, কুলের বার
.                করলো নারীরে ||

ছিল ছায়ায় ঢাকা, পাখি ডাকা মায়ায় ঘেরা ঘর
স্বামীর সোহাগ ছিল কত সন্তানের আদর
.                সেই ঘরে কে আগুন দিল
.                সর্বস্ব ধন নিল হরে ||

ছিল বাংলাবধূ বুকে মধু,  অমৃতের খনি
আন্ধার ঘর উজল-করা নীলকান্তমণি
.                সেই বুকে সে গরল দিল
.                দংশিলো কোন বিষধরে ||

ওরে হতভাগা দেশবাসী জাগবি কবে বল
সর্বনাশের রসাতলে সমাজ হইল তল
.                দেশমাতা হয় কূলটা
.                লম্পটের ব্যভিচারে  ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
পদ্মা কও, কও আমারে
কবি হেমাঙ্গ মিশ্বাস

পদ্মা কও, কও আমারে
( আইজ ) মন-বাঁশুরী কাইন্দা মরে তোমার বালুচরে |

পদ্মারে, তুমি আমার ভালোবাসা
.                তুমি আমার স্বপ্নের আশা
.                কে বলেরে কীর্তিনাশা কূলভাঙা তোরে
ও যে-জন ভাঙলো  কূল ভাঙলো বাসারে
.                সর্বনাশা চিন্ নিলা তারে ||

পদ্মারে, পরান মাঝি হাইল ধরিত
.                হুসেন মাঝি গুণ টানিত
ভাটিয়ালী সুর নাচিত ঢেউ-এর নূপুরে
কত চান্দের বাতি জ্বলতো জলেরে
.                রাইতের নিঝুম আন্ধারে ||

পদ্মারে, কোন বিভেদের বালুচরে
.                তোর ময়ূরপঙ্খী ভাঙলো ওরে
কোন কালসাপে দংশিলো তোর
.                সুজন নাইয়ারে
আজ ভেলায় ভাসে বেহুলা বাংলারে
.                বধূর বিষের জ্বালা অন্তরে ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
মন কান্দেরে পদ্মার চরের লাইগ্যা
কবি হেমাঙ্গ মিশ্বাস

আমার মন কান্দেরে পদ্মার চরের লাইগ্যা
দরদীরে, মন কান্দে পদ্মার পাড়ের লাইগ্যা
আমার শান্তির গৃহ, সুখের স্বপনরে
দরদী কে দিল ভাঙিয়া ||


পানীত কান্দে, পানী খাউরি,
.                শুকনাত কান্দে টিয়া
আমার অভাইগ্যার অন্তর কান্দেরে
.                পোড়া দেশের লাগিয়া |
দরদীরে, আমার আমগাছে ধরেনি মুকুল
.                আমার ঝিঙা মাচায় ফোটেনি ফুল
.                আয়নি বকুল তলায়
.                আউল্যা চুলে সন্ধ্যা নামিয়া
গহীন রাইতে একলা ডালেরে
দুঃখিনী ডাকেনি পাপিয়া ||

কার্তিক মাসে বুকে ক্ষীর, ক্ষেতের ধানে ধানে
অঘ্রানে রান্ধুনী পাগল নয়া ভাতের আঘ্রাণে ;

দরদীরে আশ্বিন মাসে কত খুশীতে
ভাইধন আইতো নাইঅর নিতে
ভরা গাঙে রঙিলা নাও বাইয়া ;
আইজ কূলে আমার লক্ষীন্দর
.                বিষে অঙ্গ জরজর
আমি বেহুলা চলেছি ভেলায় ভাসিয়া ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
বাঁচবো বাঁচবোরে আমরা
কবি হেমাঙ্গ মিশ্বাস

বাঁচবো বাঁচবোরে আমরা বাঁচবোরে বাঁচবো
ভাঙা বুকের পাঁজর দিয়া
নয়া বাংলা গড়বো ||

বিভেদ গাঙের বাঁধবো দুই কূল
বাঁধবো আবার মিলনের পুল
যত বাস্তুহারা সর্বহারা সুখের গৃহ গড়বো ||

ঘুচবে দেশের অন্ধকার
আসবেরে প্রাণের জোয়ার
( আমরা ) সবাই মিলে তালে তালে আনন্দের গান গাইবো ||

গোলায় গোলায় উঠবে ধান
গলায় গলায় উঠবে গান
যত মায়ের বুকের শিশুর মুখে হাসির ঝলক আনবো ||

দীন-দুঃখী অভাগার দল
মোছরে এবার চোখের জল
এল নিখিল বিশ্বে যত নিঃস্বের মহামুক্তির পর্ব ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
বাংলা বন্যায়
কবি হেমাঙ্গ মিশ্বাস

আসমানেতে দেয়া ডাকে গুর গুর গুর গুর গুর
বুকের মধ্যে ঢেকি কুটে কুর কুর কুর কুর কুর |
মাঝি যাইও না আইজ দূর ||

মাছ মারিয়া যেজন খায় মাছ লইয়া যায় ঘর
পানির লগে জালোয়ার পীরিত পানিত কিবা ডর
আমার নাও-এ কর ভর ||

পদ্মার পীরিতে আমার নাও-এ ছলাৎ ছলাৎ পানি
কন্যা তুমি শুনছনি-----
ঢেউ-এর ঢলাঢলি রে মন-পরাণ যে নেয় টানি
আমার সঙ্গে যাইবানি ||

আমি তো বুঝি মাঝি তোমার কিবা আছে মনে
পাগলি পদ্মার পীরিতে তোরে কেনে এমন টানে
তোমার কিবা আছে মনে ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
উদয়পথের যাত্রী
কবি হেমাঙ্গ মিশ্বাস

উদয়পথের যাত্রী
ওরে রে ছাত্রছাত্রী,
মশাল জ্বালো, মশাল জ্বালো, মশাল জ্বালো |
প্রেতপুরীর এই অন্ধকারায় আনো আলো ||

পিশাচ নিশাচর
ঘিরিছে চরাচর
বাণীর পূজারী রাঁদে নিরন্ন বেদনায় জর্জর ;
আলোক মিনারে প্রদীপ শিখারে ওরা যে নিভালো |

শিক্ষাবিহীন গৃহহারা যারা কাঁদিছে আঁধারে
হে প্রগতির সৈনিক তোরা ভুলিবি কি তাদেরে |

কঙ্কালে প্রাণ দাও
জীবনের গান গাও
ভুলি ভেদাভেদ অন্ধআবেগ, হাতে হাত মিলাও
ধনপিপাসায় মূঢ় হতাশায় আগুন জ্বালো | |

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
আরো বসন্ত বহু বসন্ত তোমার নামে আসুক
( মাও সেতুঙ-এর প্রয়াণে )
কবি হেমাঙ্গ মিশ্বাস


আরো বসন্ত, বহু বসন্ত
.        তোমার নামে আসুক
তুমি তো সূর্য অস্তবিহীন
.        চির-জাগরূক ||

ঝড়ের রাতে, ক্ষিপ্ত বাতাসে
.        ঢেউ যদি ওঠে--উঠুক
পূর্ব দিগন্তে জাগরী নাবিকের
.        দীপ্ত মশাল মুখ |
.                চির-জাগরূক ||
কারাগারে বন্দীর বন্দনায়
.        গভীর অরণ্যে, গেরিলার পথচলায়

আফ্রো-এশিয়ায়, লাতিন আমেরিকায়
.        দাবানল জ্বলে ----জ্বলুক ;
চলমান তব, বিজয়ী সেনাদল
.        হাতে হাতে বন্দুক |
.                চির-জাগরূক ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর