কবি গণসঙ্গীতকার হেমাঙ্গ বিশ্বাসের গান
*
এই সমাধিতলে কত প্রাণপ্রদীপ জ্বলে
কবি হেমাঙ্গ মিশ্বাস

এই সমাধিতলে কত প্রাণপ্রদীপ জ্বলে,
এই সমাধিতলে
.                হাজার মাণিক উজলে |

মৃত্যু হেথায় মহান হলো
.                জীবন অনুরাগে,
নিগৃহীত স্বপ্ন হেথায়
.                সত্য হয়ে জাগে ||

এই মাটিতে গভীর  ক্ষতে
.                মৃতরুধির দাগে,
উঠলো ফুটে হাজার ফুল
লালফুলের এই বাগে ||

ঘাতক রাতে আঁধার-অসি
.                যাদের বক্ষ হানে
পূর্বাচল আজ মুখরিত
.                তাদের জয়গানে ;

তুষার ঝড়ে প্রাণের আগুন
.                জ্বালিয়ে গেল সবে
বিশ্ব আজি মেলে সেথায়
.                বসন্ত উত্সবে ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
লঙ্গর ছাড়িয়া নাও-এর দে দুঃখী নাইয়া
কবি হেমাঙ্গ মিশ্বাস

লঙ্গর ছাড়িয়া নাও-এর দে দুঃখী নাইয়া
.          বাদাম উড়াইয়া নাও -এর দে
ঢেউ-এর তালে ,তালে তালে করতালি দে---কিরে হৈ, হৈ, হৈয়া
.           নয়া দিনের বইল রে বাও-মরা গাঙে ||

তোর ঘর ভাঙিলো,  কুল ভাঙিলো ভাসলি অকূলে
কোন মানুষ-মারা কুম্ভীর আইলো সর্বনাশের খালে-রে
.            তোর ঘর ভাঙিল, কূল ভাঙিল  ;
তোর চক্ষের জলে সাঁতার পানি, বইলো বারে বারে
.            --------কিরে হৈ,  হৈ,   হৈয়া
খুন দরিয়ায় আইলরে ঢল, জীবন জোয়ারে ||

.               তোর মরণ কিসের, আজ বাঁচনের বিরাট খেলা
সবহারাদের ঘাটে  ঘাটে সবপেয়েছির মেলারে-----
.              আজ বাঁচনের বিরাট খেলা ;
তোর ধলা পালে মনপায়রার পাখ্ না মেলে দে
.              -------কিরে হৈ, হৈ, হৈয়া
বদর,  বদর, বদর, বদর,                 জয়ধ্বনি দে ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
কারাগার বন্দী
কবি হেমাঙ্গ মিশ্বাস

কারাগার বন্দী
নাহি চায় সন্ধি
পাহাড় টলানো বীরদল
ভুলি নাই, ভুলি নাই
.        আঁধারের আলোকমল ||
গূঢ় প্রাচীর অন্তরালে হত্যার অভিসন্ধি
নাগিনীদের নিঃশ্বাসে বাতাস বিষগন্ধী
বুকের খুনে উষ্ণ হলো প্রস্তর শীতল
.        পাহাড় টলানো বীরদল ||

দেশে দেশে পরাজিত কুটিল ষড়যন্ত্র
জনতার পদক্ষেপে শোনো মুক্তির মন্ত্র
সিংহদ্বারের লৌহকপাট বিদীর্ণ-অর্গল
.         পাহাড় টলানো বীরদল ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
বেহুলার ভেলায় যায় ভেসে যায়
কবি হেমাঙ্গ মিশ্বাস

বেহুলার ভেলায় যায় ভেসে যায়
.                অভাগী বাংলা মা
ভাসানের ঢাকে ছেয়েছে বাতাস
.                 ভাসমান প্রতিমা ||
মিথ্যা তোমার প্রগতিবন্ধু মিথ্যা জ্ঞানের গরিমা |
.                   অভাগী বাংলা-মা ||
ঘরে ঘরে আজ নিভেছে বাতি
.     ফিরে এল ওগো একি কালরাতি
শস্য শ্যামলা প্রান্তরে কালো মৃত্যুর পরিক্রমা
.                   অভাগী বাংলা-মা ||

কল্পনাতীত এ  দুর্গতি
পরিকল্পনার একি পরিণতি
যে  বাঁধ ভেঙেছে মানুষের দোষে
.        তার কি আছে ক্ষমা
.        অভাগী বাংলা-মা ||
এ দুঃখের কিবা পরিমাপ
কারে তুমি বন্ধু কর অভিশাপ
এ আমার এ তোমার পাপ
.                ভুলেছি জনশক্তির মহিমা ||
.                অভাগী বাংলা-মা ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
তোর মরাগাঙে আইলো এবার বান
কবি হেমাঙ্গ মিশ্বাস

তোর মরাগাঙে আইলো এবার বান
ওরে ও কিষাণ
তোর মরাগাঙে আইলো এবার বান ||
নতুনদিনের নতুন কিষাণ নতুন বিধান
যায় যদি যায় যাক্ নারে প্রাণ
দিব নাতো ধানরে ||

ও তুই হাতে নে একতার শক্তিশেল
তোর পাকা ধানে পড়লো এসে
পাগলা হাতির মেল রে, নে একতার শক্তিশেল ;
শেষ লড়াই এ ছুটে কিষাণ বর্গীরা সাবধান
মোকাবিলা করবো এবার লড়াই-এর ময়দানরে ||
ও তুই জীবনভরে সইলি কত দুঃখ
ফসল তুলে বছর বছর মিটলো না তোর ভুখরে
পাষাণ হইল বুক
আখেরি ফয়সলা হবে,  কাস্তেতে দে শান
জুলুমবাজী অত্যাচারের করব অবসান রে ||
চারদিকে আজ মিলছে জনগণ
হাজং, টিপরা, মনিপুরী, সাঁওতালী বর্মন-----রে
.                        মিলছে জনগণ
গোলাগুলির বালির বাঁধে রোখবে কি আর বান
মাটির ছেলে হবে খাঁটি মাটির মালিকান রে ||
কত শিবরাম সমীরুদ্দিন মরলো দেশের তরে
চাষীর ছেলে শহীদ হইলো প্রতি ঘরে ঘরে রে
মরলো দেশের তরে
তারা নিজে মরে মরার দেশে আনলো প্রাণের বান
আপন রক্ত দিয়া মিল করিল মজুর কিষাণ ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
গুলিবিদ্ধ গান যে আমার খুঁজে খুঁজে মরে
( খাদ্য আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে )
কবি হেমাঙ্গ মিশ্বাস

গুলিবিদ্ধ গান যে আমার খুঁজে খুঁজে মরে
কোন অভাগিনী মায়ের সন্তান ফিরেনি ঘরে
.                তাঁরে খুঁজে খুঁজে মরে ||

সান্ধ্য আইনের কুটিল অন্ধকারে
কৃষ্ণনগর হতে যায় যে কোন্নগরে
ঘুরে আউলী হয়ে বসিরহাটে
.                        ইচ্ছামতীর চরে
.                কারে খুঁজে খুঁজে মরে ||
কার বুকের ক্ষত হতে রে বন্ধু রুধির আজো ঝরে
কার দহন জ্বালা ধিকি ধিকি জ্বলিছে অন্তরে রে
.                 বন্ধু রুধির আজো ঝরে ;
তাই ঘরে ঘরে নীরব কান্নায়
কন্ঠ আমার সুর খুঁজে না পায়
সে হতে চায় বাজ-বিজুলী      কালবৈশাখীর ঝড়ে ;
.                তারে খুঁজে খুঁজে মরে ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
এ মাটির এই ধূলিকণায়
কবি হেমাঙ্গ মিশ্বাস

এই মাটির এই ধূলিকণায়
.                কতো রক্তরেখা
এই মাটির এই ঘাসে ঘাসে
.                ইতিহাস লেখা |

কতো মায়ের নিদ-হারা রাত আকুল নয়ন
কতো বধূর নিশুতি রাতের গোপন ক্রন্দন
হয়নি মিছে, রচিল সে আমারি স্বপন
.                      ও সে আমারি স্বপন ||

বারে বারে বন্যা এলো ঝঞ্ঝা বাদল
এই মাটিকে ছিনিয়ে নিতে বন্য পশুর দল ;
প্রতিরোধের ফাঁসিরমঞ্চে শুনি মাটির গান
নীল সাগরের ওপার হতে ডাকে আন্দামান
আমার মাটি, আমার মা--টি
.                আমার অভিমান ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমরা যুগের স্বপ্ন ওরে
কবি হেমাঙ্গ মিশ্বাস

বীর কিশোর দল
.                আমরা বীর কিশোর দল
আমরা যুগের স্বপ্ন ওরে আমরা জাতির বল ||

আমরা  দেশের মুক্তি-মুকুল,
রক্ত-ঊষার ফুটন্ত ফুল
সবুজ প্রাণের অবুঝ নেশায় চিত্ত যে চঞ্চল ||
হতে পারি শিশু মোরা নইতো তবু হীন
মোদের মাঝে লুকিয়ে আছে  ভবিষ্যৎ রঙিন ;
.                দুঃখ নিশায় আমরা দীপ
.                লাল তারকার পরেছি টীপ
চলার তালে পড়বে খুলে দাসত্ব শৃঙ্খল |

ঘরেতে আজ হাহাকার, দ্বারে দস্যুদল
আমরা কিরে দেখব বসে মায়ের চোখের জল ;
.                চীন রাশিয়ার বীর কিশোর
.                দেশের লাগি লড়ছে জোর
তাদের হাতে হাত মিলায়ে লড়ব মোরা চল ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
মুক্তি শিবিরে হাঁকে বিউগ্ ল্
কবি হেমাঙ্গ মিশ্বাস

সৈনিক, মুক্তিশিবিরে হাঁকে বিউগ্ ল্
আহ্বান শোন ঐ সেনানীর |
তালে তালে ফেল পা কমরেড
শিরে তব গুরুভার ধরণীর ||

সংকটে সুযোগের ইঙ্গিত
গাও সবে ঐক্যের সঙ্গীত
স্বদেশের স্বাধিকার নহে দূর
.                সমাপ্তি শাসকের শয়তানি ||

সর্বহারা আজ  সেনাদল
শ্রমিকের পাঞ্জায় তলোয়ার
জনগণ নহে আর হীনবল ----
দুনিয়ার খুনীদল হুশিয়ার ;
মুক্তির ফৌজ চলে টলমল
প্রতিশোধ জ্বলে চোখে ঝল্ মল্
শত্রুর সিঞ্চিত শেণিতে
.                রঞ্জিত কর ধূলি সরণির |
তালে তালে ফেল পা কমরেড
.                আহ্বান শোন এই সেনানীর ||

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
হায়-হায়! ঘোর কলিকাল আইল আকাল
( পঞ্চাশের মন্বন্তরে পটভূমিকায় লেখা )
কবি হেমাঙ্গ মিশ্বাস

হায়----হায় !
ঘোর কলিকাল আইল আকাল সোনার বাংলায়
ক্ষুধার অনল দিকে দিকে ধিকিধিকি ধায় |
.          শ্মশান চিতায় ডাকে শকুনি
.          হা অন্ন হা অন্ন ধ্বনি চারিদিকে শুনি,
লোকের দুঃক দেখে চোখের জলে বক্ষ ভেসে যায় |
.           ক্ষুধায় মানুষ ঘুরে ফিরে
মায়ের কোলে শিশু-সন্তান মরে অনাহারে
মৃত সন্তান বুকে নিয়ে কান্দে রে বাপ মায় |
.               শুনে ভাই রে পরাণ বিদরে
মরা মানুষ টানিয়া লয় শৃগাল কুকুরে ;
নর-কঙ্কাল খাদ্য খোঁজে ময়লা ময়লা নর্দমায় |
.              শুনে ভাইরে দুঃখেতে মরি
.              অন্ন লইয়া নর-কুকুরে করে কাড়াকাড়ি
নিজ হাতে সন্তানেরে বিক্রি করে খায় |
.                  দেশের সরকার করিছে বেইমানী
এই সুযোগে হামলা করে দস্যু জাপানী
জলে কুম্ভীর ডাঙায় বাঘ আমরা যাই কোথায় ?
.               কি নিদারুণ আইল রে নিদান
.               মহামারী অনশনে দেশ হইল শ্মশান
দেশপ্রেমিক হিন্দু-মুসলিম তোমরা আজ কোথায়
এই সংকটে সমাধানে আয় রে ছুটে আয় |

.                  ****************  
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর