কবি মৃদুল শ্রীমানীর কবিতা
নতুন সময় দিল ডাক  
কবি মৃদুল শ্রীমানী

ওঠো জাগো,
চেয়ে দ্যাখো
কে তোমার কেড়ে নিল নদী
কে কাড়ে তোমার শস্যক্ষেত

ওঠো জাগো
চেয়ে দ্যাখো
অন্নে তোর কে মেশায় বিষ

নদীকে বেঁধেছে শিকলে
মহীরূহ ভূপাতিত কার নির্দেশে

হারিয়ে যাচ্ছে শ্যামল প্রান্তর
শুকিয়ে যাচ্ছে প্রাচীন স্রোতস্বিনী

মানুষ হঠে যাচ্ছে
পিছিয়ে যাচ্ছে
মানুষের হাতে

এ কেমন প্রবঞ্চনা
কেন কেড়ে, নেবে
শস্যক্ষেত
বাঁচার আশ্বাস |
ওঠো জাগো
জোট বাঁধো
নতুন সময়
.       দিল ডাক |

********************

এই কবিতাটি ন্যাজাত, সুন্দরবন থেকে প্রকাশিত 'খুদ' পত্রিকাতে প্রকাশিত হয়েছিল |

.                                                                           সূচীতে . . .   
.      
                  সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
*
ছিল যে মিছিলে কালও  
কবি মৃদুল শ্রীমানী

মিছিলে কালও ছিল সে প্রথম সারিতে
প্রতিবাদে দীপ্ত, চোখে তার অষ্টাদশী দ্যুতি
আজ সে কোথায় হারাল

চোখে জ্বেলে গভীর বিশ্বাস
কিশোরী তুলেছে হাত দুটি
ওই হাতে কতকাল বুনেছে সে ধান
গোলায় তুলেছে ভলবেসে
ওই চোখে ওই মুখে বুঝি ব্যাপ্ত ধানের সুষমা

অষ্টাদশী স্বপ্ন দেখে ধান
মাঠভরা ধান আর কাজের আশ্বাস
অষ্টাদশী চোখ জুড়ে ধান
ধানী রং পরনে কি তার?

আজ সে কোথায় হারাল
ভাষাহীন হতমান লাশ
অষ্টাদশী কোথায় হারাল
সূর্য তবু জ্বেলে আছে আলো?

কোথায় হারায় অষ্টাদশী
এমন বিষন্ন ভোর কেন?
কালও ছিল যে মিছিলে প্রথম সারিতে
আজ তার লাশ হওয়া ভাল?

********************

এই কবিতাটি 'কবিসম্মেলন' পত্রিকার জানুয়ারী ২০০৭ সংখ্যায় প্রকাশিত হয়েছিল |

.                                                                           সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
ডানায় কিসের চঞ্চলতা  
কবি মৃদুল শ্রীমানী

অন্ধকারের সাথে আপস করে
খুঁড়িয়ে চলেছে ট্রেন
অজস্র তালিমারা জুতো প'রে
খুঁড়িয়ে চলছি আমি
তবু ডানায় কিসের চঞ্চলতা?

দেওয়ালে নোনা ধরে
পলেস্তারা খসে
ভূতপ্রেত দাঁত দেখাচ্ছে
চাষীর জমি ছলে বলে
ছিনিয়ে নিচ্ছে কারা
মুখোশের নিচে ওদের
চক্ষুলজ্জাও নেই |
তবু ডানায় কিসের চঞ্চলতা?

বাতের ব্যথা
বাঁকিয়ে দিচ্ছে আঙ্গুল
সর্বত্র ছড়ানো বিষে
স্নায়ুসূত্র ক্লিষ্ট করুণ

তবু রাত কেটে
ভোর হবে নিশ্চিত একদিন
ডানায় তাইতো চঞ্চলতা  |

********************

.                                                                           
সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
তোমায় মহান বলব না
কবি মৃদুল শ্রীমানী

তোমাকে ভালবেসে সমস্ত দিয়েছি
উষ্ণীষে পরিয়েছি রত্নহার
তোমাকে ভালবেসে রাজা আমার
নতজানু হয়েছি বারবার |

তোমার দৃপ্ত পা ফেলা দেখে
মাটিতে বুক পেতে দিয়েছি |
তোমায় মহান জেনে বুক ভরে গেছে |

আজ তুমি কেড়ে নিলে
আমার কুঁড়ে ঘর
আমার পুঁই মাচা, তুলসীতলা
নিকোনো উঠান |

কেড়ে নিলে জিবিকা আমার |

আমাকে ভিক্ষুক করে
কি সুখ পেয়েছ বলো
শাসক আমার |

হাতে তুলে নিয়েছ চাবুক
যে চাবুকে কখনো
কুকুর মেরেছো |
আজ আমায় বলতে দাও
এ আকাশে আমারো
ভাগ আছে
আজ আমায় বলতে দাও
এ নদীতে আমারো
ভাগ আছে |

কথা বলতে চাইলে
ফাঁসিতে ঝুলিয়েছো
ভাইকে আমার |
বেআব্রু করেছো
বোনকে

অনুগত হয়ে থাকা আজ কলঙ্কিত |

নদী ডাকছে
আকাশ কাঁদছে
আজ কোনো ভাবেই
তোমায় মহান বলব না |

********************

এই কবিতাটি 'পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির'
মুখপত্র 'ভূমিবার্তার' কৃষিজমি অধিগ্রহণ সংক্রান্ত, নভেম্বর - ডিসেম্বর ২০০৬ সংখ্যা তে
প্রকাশিত হয়েছিল |


.                                                                           সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
এই বঙ্গভূমে  
কবি মৃদুল শ্রীমানী

এই লগ্নে ভূরিভোজে ব্যস্ত হোক
শৃগাল শকুন
এই বঙ্গভূমে
গরিব চাষির রক্তে
খেতমজুরের হাড়ে ভূরি ভোজ আজ  |
শৃগাল শকুনের কী খুশির দিন !

অথবা শৃগাল নয়
শকুনও নয় যেন |
নয় কোনো রাত্রিচরা চতুষ্পদ বুঝি |
দূষণের জেরে বুঝি লুপ্তপ্রায়
শৃগাল শকুন |

নিরীহের মৃত্যু আজ
চতুরের হাতে |
এই বঙ্গভূমে
গরিবের মৃত্যু আজ দানবের হাতে |

********************

এই কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত হল |

.                                                                           সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
চই চই ... চই চই ...  
কবি মৃদুল শ্রীমানী

কে যেন আজও ডাকে
প্রিয় হাঁসটিকে
চই চই ... চই চই ...

বাঁশবাগানের ধারে
কে গিয়েছে ফেলে
তার খেলাঘর
আমের শাখায়
একান্ত দোলনা তার |

দগ্ধ প্রতিমার মতো
ছিল না সে |
দোলনায় দুলে
কাটাতো কি নিদাঘ সময় ?

পোড়া কাঠ হয়ে
সে আর কি করে ডাকে
প্রিয় হাঁসটিকে
চই চই ... চই চই ...

শেষ হয়, সব শেষ হয়
পুড়ে কাঠ হয়
কিশোরীর প্রাণ
তবু যা কোথাও থাকে
আগুনে পোড়ে না তবু
জলেতে ভেজেনা যাহা
কোথা থেকে ডাক দেয়
প্রিয় হাঁসটিরে
চই চই ... চই চই ...

********************

এই কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত হল |

.                                                                           সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
ইনসাফ - ১  
কবি মৃদুল শ্রীমানী

এবার পূজোয় মনে রাখুন
রিজওয়ানুর হয়েছে খুন
জ্বলছে আগুন যখন তখন
সিঙ্গুর আর নন্দীগ্রামে |
রেশন নিয়ে কেলেঙ্কারি
লেফ্ট গভমেন্ট মাথা ভারি
আসল কাজে লবডঙ্কা
চিনে নেবেন সর্বজনে |

********************

এই কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত হল | কবিতাটি কবি sms করে আমাদের
পাঠিয়েছিলেন মহাসপ্তমীর দিন ১৮/১০/২০০৭ তারিখে |
   


.                                                                           
সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
ইনসাফ - ২  
কবি মৃদুল শ্রীমানী

আমরা হেঁটেছি যারা মিছিলে মিছিলে
বুকেতে সত্যের আলো জ্বেলে
আমরা চেয়েছি যারা শাস্তি দ্বিধাহীন
যত কিছু অন্যায়ের
এই বিজয়াতে এসো চাই
উচিত শাস্তি হোক খুনিদের |
গড়ে তোলো চাপ
রিজওয়ানুরের মার চাই ইনসাফ |

********************

এই কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত হল | কবিতাটি কবি sms করে আমাদের
পাঠিয়েছিলেন বিজয়া দশমীর পর ২১/১০/২০০৭ তারিখে |

.                                                                           সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
ইনসাফ - ৩  
কবি মৃদুল শ্রীমানী

তিরিশ বছর বাম শাসনের
ফসল ফলেছে
উর্দি পড়া পুলিশ কর্ত্তা
গুণ্ডা বনেছে
শুভ্রবেশী মন্ত্রী যিনি,
যেন কাহার ভাইপো তিনি ---
শিল্প তালুক গড়বে বলে
দারুন ক্ষেপেছে |
এই বাংলায় গভমেন্টকে
বিকিয়ে দিয়েছে |

********************

এই কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত হল | কবিতাটি কবি sms করে আমাদের
পাঠিয়েছিলেন ৩/১১/২০০৭ তারিখে |

.                                                                           সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর
*
ইনসাফ - ৪  
কবি মৃদুল শ্রীমানী

রাজ্য জুড়ে কালীপূজো
চলছে বছরভর -
নন্দীগ্রামে রক্তগঙ্গা
সিঙ্গুরেও কাল-ঝড় |
বাবুগণ চেয়ে দেখ
পুলিশকর্তা গুণ্ডা হল
অশোক টোডী ভাঙলো কেমন
রিজের মায়ের ঘর !
বুদ্ধ তবু নিলাজ হয়ে
রয়েছে এর পর !

********************

এই কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত হল | কবিতাটি কবি sms করে আমাদের
পাঠিয়েছিলেন ৯/১১/২০০৭ তারিখে |
.                                                            

.                                                                           
সূচীতে . . .   
.                        
সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার মূল সুচির পাতায় ফেরত . . .   




মিলনসাগর