কবি বিষ্ণুরাম চট্টোপাধ্যায়ের ব্রহ্মসঙ্গীত
*
তোমার প্রতি নিগূঢ় প্রেম যার
কবি বিষ্ণুরাম চট্টো (চট্টোপাধ্যায়)
এই ব্রহ্মসঙ্গীতটি আমরা পেয়েছি প্রসাদকুমার মুখোপাধ্যায় কর্তৃক সংগৃহিত ও প্রকাশিত সহস্র-সঙ্গীত
(১৮৯২) সংকলন থেকে।


॥ মল্লার, একতালা॥

তোমার প্রতি নিগূঢ় প্রেম যার,
ফলভরে অবনত শাখারি আকার।
প্রাপ্ত হয় আত্মবিস্মৃতি,                                ব্যাপ্ত হয় জগতের প্রীতি,
লুপ্ত হয় ভাবনা ভীতি, ক্ষিপ্ত যে প্রকার,
সুখ দুঃখে সমভাব হৃদয় স্বর্গ তার।
কখন হাস্য বদন,                                              কখন করে রোদন,
কখন মগন মন, ব্ল্য ব্যবহার,
আনন্দে ভবসমুদ্রে দিতেছ সাঁতার।
শান্ত দান্ত বিবেকযুক্ত,                                        অনাসক্ত জীবন্মুক্ত,
ভজনেতে অনুরক্ত চিত্ত অনিবার,
কি আনন্দ করহে তার হৃদয়ে বিহার।
তার প্রেম লাগি তোমাতে,                          তোমার প্রেম লাগি তাহাতে,
আনন্দলহরী তাতে উঠে অনিবার,
মিশে নদী জলধিতে হয় একাকার।
এমন দিন কি আমার হবে,                          তোমার জন্য সকলে সবে,
তবে সে সম্ভব হ’লে করুণা তোমার,
“ব্রহ্ম কৃপাহি কেবলম্” জানিয়াছি সার॥

.                        ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর
*
অচল ঘন গহন গুণ গাও তাঁহারি
কবি বিষ্ণুরাম চট্টো (চট্টোপাধ্যায়)
এই ব্রহ্মসঙ্গীতটি আমরা পেয়েছি সাধারণ ব্রাহ্মসমাজ দ্বারা প্রকাশিত “ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি”,
তৃতীয় খণ্ড, ১৩৬২ (১৯৫৫) সংকলন থেকে।


.        ॥ বাহার, ঝাঁপতাল॥

অচল ঘন গহন গুণ গাও তাঁহারি,
গাও আনন্দে সবে রবি চন্দ্র তারা॥
সকল তরুরাজি সাজি ফুল ফলে গাও রে ;
বিহঙ্গ-কুল গাও আজি মধুর তানে॥
গাও জীব-জন্তু আজি যে আছ যেখানে,
জগতপুরবাসী সবে গাও অনুরাগে ;
মম হৃদয় গাও আজি মিলিয়ে সব সাথে,
ডাক ‘নাথ ডাক নাথ’ বলি প্রাণ আমারি॥

.                        ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর
*
জয় জগজীবন জগত-পাতা হে
কবি বিষ্ণুরাম চট্টো (চট্টোপাধ্যায়)
এই ব্রহ্মসঙ্গীতটি আমরা পেয়েছি সাধারণ ব্রাহ্মসমাজ দ্বারা প্রকাশিত “ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি”,
পঞ্চম খণ্ড, ১৪০৭ (২০০১) সংকলন থেকে।


.        ॥ বেহাগ, ঝাঁপতাল॥

জয় জগজীবন জগত-পাতা হে।
.                জয় দীনশরণ শুভদাতা হে॥
জয় বিঘ্ননাশন বিধাতা হে,
.                জয় দেব জগত-পিতা-মাতা হে॥
হৃদয়ধার হৃদজ্ঞাতা হে,
.                ভয়-তাপ-হরণ ভবত্রাতা হে ;
দীন জন দ্বারে, ডাকে তোমারে,
.                দেহি প্রসাদ পরমাত্মা হে॥

.                        ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর
*
জগতপিতা তুমি, বিশ্ববিধাতা
কবি বিষ্ণুরাম চট্টো (চট্টোপাধ্যায়)
এই ব্রহ্মসঙ্গীতটি আমরা পেয়েছি সাধারণ ব্রাহ্মসমাজ দ্বারা প্রকাশিত “ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি”,
ষষ্ঠ খণ্ড, ১৪০৭ (২০০১) সংকলন থেকে।


.        ॥ আশা, কাওয়ালি॥

.                জগতপিতা তুমি, বিশ্ববিধাতা।
আমরা তোমারি কুমার কুমারী, তুমি হরি সব সুখদাতা॥
রাজরাজেশ্বর, সর্বভুবনপতি, পতিতপাবন দীনবন্ধু ;
অনাথ-গতি তুমি, অনাদি ঈশ্বর, করুণা কর কৃপাসিন্ধু॥
সংকটমোচন অভয় চরণ তব বন্দিছে সুরনরবৃন্দে ;
জনম দিয়েছ যদি, শরণ দিতে হবে শীতল চরণারবিন্দে॥

.                        ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর