কবি
আগরওয়ালি-এর
বৈষ্ণব পদাবলী
*
দেখ দেখ প্রীতম প্যারিক সোহাগে
কবি বৈষ্ণবদাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), চতুর্থ খণ্ড, চতুর্থ
শাখা - দ্বিতীয় ভাগ, ৩১শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, পদসংখ্যা ২৮৩৪।
. ॥ ভৈরবী॥
দেখ দেখ প্রীতম প্যারিক সোহাগে।
স্বহস্তে বাড় শ্যাম দেত
খণ্ডিত আধ আপ লেত
পোঁছত পট পীত পীক
. অতিশয় অনুরাগে॥ ধ্রু॥
কাঞ্চনকে গড়ত কাণ
ভাঁতি ভাঁতি রাখত মান
নিরখত বদনারবিন্দ
. পলকন নাহি লাগে।
কুঞ্জমে রস-পুঞ্জ কেলি
পাণ পাওয়ে চছকি ঝেলি
দুহুঁ-শ্রীমুখ-তাম্বুল পাই
. আগরওয়ালী ভাগে॥
টীকা
-
১-৫। ‘দেখ’ ইত্যাদি।প্রিয়তম ( শ্রীকৃষ্ণ ) ও প্রেয়সী ( শ্রীরাধার ) সোহাগ দেখ! শ্যাম স্বহস্তে
(প্রেয়সীকে) পাণের খিলি দিতেছেন ও ( তাঁহার ) খণ্ডিত অর্থাৎ চর্ব্বিত পাণের অর্দ্ধেক
নিজে লইতেছেন। এবং অতিশয় অনুরাগের সহিত ( নিজের ) পীত বসন দ্বারা (প্রেয়সীর)
পাণের পীক মুছিতেছেন।
৬-৯। ‘কাঞ্চনকে’ ইত্যাদি। ( ‘কাঞ্চনকে গড়ত কাণ’ পঙ্ক্তির অর্থ বুঝা গেল না )। (শ্রীকৃষ্ণ)
রকমে রকনে ( প্রেয়সীর ) মান রক্ষা অর্থাৎ সোহাগের বৃদ্ধি করিতেছেন ; ( প্রেয়সীর ) মুখ-
পদ্ম নিরীক্ষণ করিতে পলক পড়ে না।
১০-১৩। ‘কুঞ্জমে’ ইত্যাদি। কুঞ্জে রসের পুঞ্জস্বরূপ কেলি হইতেছে ; ( শ্রীরাধার সখীগণ )
চর্ব্বিত তম্বুল পায়, ( তজ্জন্য ) চছকি ( হিন্দী চস্কা ) অর্থাৎ লালসা পোষণ করিতেছেন ; (
এমন সময় ) উভয় শ্রীমুখের ( চর্ব্বিত ) তাম্বুল পাইয়া ( পাছে অন্য কোন সখী উহা কাড়িয়া
লন, এই ভয়ে ) সখীস্থানীয় পদকর্ত্তা আগরওয়ালী পলায়ন করিতেছেন। সতীশচন্দ্র রায়,
শ্রীশ্রীপদকল্পতরু।
ব্যাখ্যা
-
দেখ, প্রিয়তম কৃষ্ণ পিয়ারী রাধাকে সোহাগ করিতেছেন দেখ। শ্যাম নিজের হাতে তাম্বুল
লইয়া শ্রীরাধার মুখে দিয়া ( তাহার মুখ হইতে দশন ) খণ্ডিত অর্দ্ধাংশ নিজে লইতেছেন।
অতিশয় অনুরাগে শ্রীরাধার নিক্ষিপ্ত পিক ( চর্ব্বিত তাম্বুলের থুত্কার ) নিজের পীত বসনে
মুছিয়া লইতেছেন। স্বর্ণপ্রতিমা রাধা, কাস বর্ণ কানাই পলে পলে সুযোগ বুঝিয়া তাহার
মান রাখিতেছেন। এবং অপসকে ( রাধার ) বদনারবিন্দ নিরীক্ষণ করিতেছেন। কুঞ্জে
পুঞ্জীভূত রসকেলি। রাধা কৃষ্ণের হস্ত হইতে পান পাইয়া চমকি হইয়া ক্রীড়ায় মাতিয়াছেন।
দুইজনের মুখের উচ্ছিষ্ট তাম্বুল পাইয়া ( পাছে অন্য কেহ অংশ চায় এই ভয়ে )
আগরওয়ালী পলাইতেছেন। হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, বৈষ্ণব পদাবলী।
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি আ
গরওয়ালি-এর
পরিচিতির পাতায় . . .