গোকুল ভণিতার কবির বৈষ্ণব পদাবলী
*
কৃষ্ণ কৃষ্ণ কমলেশ কৃপাময়
কবি গোকুল দাস
আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ৩৫শ পল্লব, ভক্তগণ-
বিয়োগে বিলাপ, পদসংখ্যা ২৯৭৫।

কৃষ্ণ কৃষ্ণ কমলেশ কৃপাময়
কেশি-মথন কংসারি।
কেশব কালি দমন করুণাময়
কালিন্দি কূল-বিহারী॥
গোপী-নাথ গোপ-পতি-নন্দন
গোবিন্দ গিরি-বর-ধারী।
গোকুল-চন্দ্র গোপাল গহন-চর
গোপীগণ-মন-হারী॥
ঘন-তনু-সুন্দর ঘোর-তিমির-হর
ঘোষিত-যশ ঘন-শ্যাম।
চম্পক-গোরি-চীত-হর চঞ্চল
চতুর চতুর্ভুজ নাম॥
চৈদ্যোদ্ধারী চক্রি চানুর-হর
চক্র-পাণি চিত-চোর।
শ্রীপতি শ্রীধর শ্রীবত্স-লাঞ্ছন
শ্রীমুখ-চন্দ্র-চকোর॥
জগজীবন জগন্নাথ জনার্দ্দন
যদু-পতি জলধর শ্যাম।
যশোদা-নন্দন জগত-দুর্লভ-ধন
জলদ জলদ-রুচি-ধাম॥
অচ্যুতোপেন্দ্র অধোক্ষজ-অতিবল-
অজিতাদ্ভুত-অবতারী।
অমল-কমল-আঁখি অখিল-ভুবন-পতি
অনুপম-অতনু-বিহারী॥
ত্রিভুবন-তিলক ত্রিতাপ-বিমোচন
তনু-জিত-তরুণ-তমাল।
দৈত্য-দলন দামোদর দেবকি-
নন্দন দীন-দয়াল॥
নন্দ-নন্দন নয়নানন্দ-নাগর
নিতি নব-নীরদ-কাঁতি।
পীতাম্বর পরমানন্দ প্রেমদ
পুরুষোত্তম পদ-নখ বিধুপাঁতি॥
বংশী-বদন বনমালি বলানুজ
ভুবন-মোহন ভুব-ভব-ভয়-নাশ।
মনহর মদনমোহন মধু-সূদন
গাওত গোকুল দাস॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
। পদকল্পতরুতে পাওয়া উপরোক্ত “কৃষ্ণ কৃষ্ণ কমলেশ কৃপাময়” পদটিকে, গৌরপদতরঙ্গিণীতে দুটি অংশে
ভাগ করা অবস্থায় দুটি ভিন্ন ভণিতার পংক্তি সহ স্বতন্ত্র পদ হিসেবে দেওয়া হয়েছে। এটি প্রথম অংশ।
দ্বিতীয় অংশটিকে আমরাও স্বতন্ত্র পদ হিসেবে তুলে দিলাম।

॥ ললিত॥

কৃষ্ণ কৃষ্ণ কমলেশ কৃপাময় কেশিমথনক সারি।
কেশব কালিয়দমন করুণাময় কালিন্দী-কূলবিহারী॥
গোপীনাথ গোপপতিনন্দন, গোবিন্দ গিরিবরধারী।
গোকুলচন্দ্র গোপাল গহনচর গোপীগণমনোহরী॥
ঘনতনু সুন্দর ঘোরতিমিরহর, ঘোষত যত ঘনশ্যাম।
চম্পক গোরী চীতহর চঞ্চল চতুর চতুর্ভুজ নাম॥
চৈক্রোদ্ধারী চক্রী চানুরহর চক্রপাণি চিতচোর।
শ্রীপতি শ্রীধর শ্রীবত্সলাঞ্ছন শ্রীমুখচন্দ্র চকোর॥
অসার সংসারে সার করি মানি হরিপদে নাহ অভিলাষ।
ইহ পর জীবন, গেল অকারণ, রেয়ত গোকুলদাস॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
জগজীবন জগনাথ জনার্দ্দন যদুপতি জলধর শ্যাম
কবি গোকুল দাস
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৪০-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে। পদকল্পতরুতে প্রাপ্ত “কৃষ্ণ কৃষ্ণ কমলেশ কৃপাময়” পদটিকে,
গৌরপদতরঙ্গিণীতে দুটি অংশে ভাগ করা অবস্থায় দুটি ভিন্ন ভণিতার পংক্তি সহ স্বতন্ত্র
পদ হিসেবে দেওয়া হয়েছে। প্রথম অংশিক পদটি হচ্ছে “কৃষ্ণ কৃষ্ণ কমলেশ”। এই দ্বিতীয়
অংশটিকে আমরাও স্বতন্ত্র পদ হিসেবে তুলে দিলাম।

॥ ললিত॥

জগজীবন জগনাথ জনার্দ্দন যদুপতি জলধর শ্যাম।
যশোদানন্দন, জগতদুর্ল্লভধন, জলদরুচিধাম॥
অচ্যুতোপেন্দ্র, অধোক্ষজ অতিবল, অজিতাদ্ভুতরূপ অবতারী।
অমল-কমল-আঁখি, অখিলভুবনপতি, অনুপম অতনুবিহারী॥
ত্রিভুবনতারক, ত্রিতাপবিমোচন, তনু জিনি তরুণ তমাল।
দৈত্যদলন দামোদর দেবকিনন্দন দীনদয়াল॥
নন্দনন্দন নয়নানন্দ নাগর নিতি নব নীরদ-কাঁতি।
পীতাম্বর পরমানন্দ প্রমোদ পুরুষোত্তম পদনখবিধুপাঁতি॥
বংশীবদন বনমালী বলানুজ ভুবনমোহন ভুত-ভবভয়নাশ।
মনোহর মদনমোহন মধুসূদন গাওত গোকুলদাস॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
নিকুঞ্জনিবাসে মহারাসরসে রসিকশেখর যে
কবি গোকুল দাস
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৫২-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

নিকুঞ্জনিবাসে মহারাসরসে রসিকশেখর যে।
সো রাধাবল্লভ, জগত-দুর্লভ, আমার বল্লভ সে॥
যাঁর বাঁকা আঁখি, গোপী হিয়া দেখি, হানয়ে তিখিনী শর।
সো গোপিকেশ্বর, বিশ্বের ঈশ্বর, সেই মোর প্রাণেশ্বর॥
গোপীকুচকুম্ভে, যো কর পল্লবে, হোয়ত পরম শোভা।
কাটে ভববন্ধ, তছু পদদ্বন্দ্ব, মুনির মানসলোভা॥
যোপহুঁ গোকুলে গোপীর দুকুলে, চোরাওল হাসি হাসি।
এ গোকুলদাসে, তার পদ আশে, ধ্যায়ায়ে দিবস নিশি॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
গোবিন্দ জী আওত গোধন সঙ্গে
কবি গোকুল দাস
১৮৪৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন
“পদকল্পলতিকা”, ৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গৌরী॥

গোবিন্দ জী আওত গোধন সঙ্গে।
যৈছন কমল নেহারই দিনকর তৈছন ব্রজ বধু সঙ্গে॥
বেলি অবসান হেরি যদু নন্দন ধেনু ফিরায় বেণু পুরে।
গহন গুহা গিরি সব ধেনু এক করি মিলায়ত যমুনাক তীরে॥
ক্ষণে ক্ষণে নাচত ক্ষণে ক্ষণে গায়ত ক্ষণে ক্ষণে পাঁচনি ফিরায়।
ধবলী শ্যামলী বলি ঘন ঘন ফুকরই ক্ষণে ক্ষণে মুরলী বাজায়॥
মলয়জ কুঙ্কুম গন্ধ চতুঃসম হেম কলস দুহু পাশে।
ধূপ দীপ জালি গোপী মঙ্গল গায়ত শ্যাম দরশন আশে॥
বহিরা লম্বিত মোহন চূড়া তাহে কত ধাতু প্রকাশে।
মোহন রূপ নেহারই অনুক্ষণ বলিহারি গোকুল দাসে॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর