| কবি যদু দাসের বৈষ্ণব পদাবলী |
| অলপ বয়সে মোর শ্যাম রসে জর জর ভণিতা যদু ১৯১৬ সালে প্রকাশিত হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন-মালা”, ১৭১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ মায়ূর॥ অলপ বয়সে মোর শ্যাম রসে জর জর না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি হৃদয়ে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যামে॥ যদি চলি যাই পথে শ্যাম যায় সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়ে। ভ্রমেতে ফিরাই আঁখি কেহ সঙ্গে নাহি দেখি মরে থাকি মন মুরছিয়ে॥ কহিলাম তোদের আগে, দাগা পেলাম শ্যামদাগে, এছার জীবনে কিবা দায়। তিল তুলসী দিয়া সমর্পণ করিনু হিয়া জনমের মত রাঙ্গা পায়॥ দুকাণে কুণ্ডল দিব যোগিনী হইয়া যাব এছার কুল পরিহরি। কৃষ্ণনাম লব মুখে জনম গোয়াব সুখে যদু কহে এই বাঞ্ছা করি॥ এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “পদামৃত লহরী”, ১০৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ রাগিণী মাথুর - তাল তেওট॥ অলপ বয়সে মোর, শ্যাম-রসে জরজর, না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিলে দেখি শ্যামে॥ যদি চলি যাই পথে, শ্যাম যায় সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। ভ্রমেতে ফিরাই আঁখি, কোথা কিছু নাহি দেখি, মনে থাকি যেন মূরছিয়া॥ কহিলাম তব আগে, দাগা পেলাম শ্যাম দাগে, এছার জীবনে কিবা দায়। তিল তুলসী দিয়া, সমর্পণ কৈলু হিয়া, জনমের মত রাঙ্গা পায়॥ কানেতে কুণ্ডল লব, যোগিনী হইয়া যাব, এ ছার গৃহ পরিহরি। কৃষ্ণ নাম লব মুখে, যাইবে জনম সুখে, যদু কহে এই বাঞ্ছা করি॥ এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত সুধীরচন্দ্র রায় ও অপর্ণা দেবী সম্পাদিত পদাবলী সংকলন “কীর্ত্তন পাদাবলী”. ৭৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ মায়ূর - তেওট॥ অলপ বয়স মোর শ্যামরসে জর জর না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি হৃদয়ে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যামে॥ যদি চলি যাই পথে শ্যাম যায় সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া। ভ্রমেতে ফিরাই আঁখি কেউ ত সঙ্গে নাহি দেখি মরে থাকি মন মূরছিয়া॥ কহিনু তোমার আগে দাগা পাইলাম শ্যাম দাগে এ ছার জীবনে নাহি দায়। তিল তুলসী দিয়া সমর্পণ কৈলুঁ হিয়া জনমের মত রাঙ্গা পায়॥ যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল নিব এই ছার গৃহ পরিহরি। কৃষ্ণ নাম লব মুখে জনম গোঙাব সুখে যদু কহে এই বাঞ্ছা করি॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থে এই কবির নাম “যদুকবিচন্দ্র”। রূপানুরাগ ॥ তথা রাগ॥ অলপ বয়স মোর শ্যামরসে জর জর না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি হৃদয়ে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যামে॥ যদি চলি যাই পথে শ্যাম যায় সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়ে। ভ্রমেতে ফিরাই আঁখি কেহ সঙ্গে নাহি দেখি মরে থাকি মন মুরছিয়ে॥ কহি গো তোমাদের আগে বড় দাগা শ্যাম দাগে এ ছার জীবনে নাহি দায়। দেই তুলসী তিল এ দেহ সমর্পিলুঁ জনমের মত রাঙ্গা পায়॥ যোগিনী হইয়া যাব দুকানে কুণ্ডল নিব এই ছার গৃহ পরিহরি। কৃষ্ণ নাম লব মুখে জনম গোঁয়াব সুখে যদু কহে এই বাঞ্ছা করি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |