কবি কবিরঞ্জন - দেবনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর ১৯৭৭ সালে সম্পাদিত “বৈষ্ণব পদসঙ্কলন” গ্রন্থের
বর্ণানুক্রমিক কবি পরিচয়-তে লিখেছেন . . .
“শ্রীখণ্ডের রঘুনন্দনের শিষ্য কবিরঞ্জন ব্রজবুলি ভাষায় বিদ্যাপতির অনুসরণে পদ রচনা করেন। এই কারণে
তাঁকে “ছোট বিদ্যাপতি” বলে অভিহিত করা হয় (রসকল্পবল্লী)। অনেকে কবিশেখরকেও “ছোট বিদ্যাপতি”
বলেন।”
কবি রামগোপাল দাস, বিরচিত ও সংকলিত “রসকল্পবল্লী” গ্রন্থের (পুথি), কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
১৯৪৬ সালে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, সুকুমার সেন ও প্রফুল্লচন্দ্র পাল সম্পাদিত, মুদ্রিত সংস্করণের
“শাখানির্ণয়” গ্রন্থের “শ্রীশ্রীরঘুনন্দনঠাকুর প্রভুর শাখা নির্ণয়” পদে (রসকল্পবল্লীর সঙ্গে প্রকাশিত) রামগোপাল
দাস কবিরঞ্জনের পরিচয় সম্বন্ধে লিখেছেন . . .
কবিরঞ্জন বৈদ্য আছিলা খণ্ডবাসী।
যাহার কবিতা গীত ত্রিভুবনে ভাসি॥
তার হয় রঘুনন্দনে ভক্তি বড়।
প্রভুর বর্ণনা পদ করিলেন দঢ়॥
অর্থাত “শ্রীখণ্ডের অধিবাসী, জাতিতে বৈদ্য কবিরঞ্জন নামে এক গীতি-কবিতা রচনায় এইরুপ পারদর্শী ছিলেন
যে, আপামর সাধারণ তাঁহার গীতে মুগ্ধ হইত। তিনি রঘুনন্দনের একজন ভক্ত ছিলেন। তিনি মহাপ্রভুর
তত্ত্বমূলক ‘শ্যামর গৌরবর্ণ এক দেহ’ এই পদটি প্রণয়ন করেন।”
এর পর কবি রামগোপাল দাস একটি সংস্কৃত শ্লোকে কবিরঞ্জন সম্বন্ধে স্তুতি করেছেন . . .
গীতেষু বিদ্যাপতিহদ্ বিলাসঃ
শ্লোকেষি সাক্ষাৎ কবি কালিদাসঃ
রূপেষি নির্ভর্ৎসিত পঞ্চবাণঃ
শ্রীরঞ্জনঃ সর্ব্বকলানিধানঃ॥ (পৃষ্ঠা ২১৪)
পদযথা--“শ্যামর গৌরবরণ এক দেহ” ইত্যাদি
(অর্থাৎ গোপালদাস লিখছেন যে এই পদটি কবিরঞ্জনের রচনা।)
এরপর রামগোপাল দাস, কবিরঞ্জন সম্বন্ধে তাঁর প্রশস্তি শেষ করেছেন এই লিখে . . .
ছোট বিদ্যাপতি বলি তাহার খেয়াতি।
যাহার কবিতা গানে ঘুচায় দুর্গতি॥
উপরোক্ত সংস্কৃত শ্লোকটির ডঃ সুকুমার সেনের অনুবাদ - “গীত (রচনায়) যাঁহার বিলাস বিদ্যাপতির মত,
শ্লোক (রচনায়) যিনি কবি (শ্রেষ্ঠ) কালিদাস, রূপে যিনি কামদেবকে পরাজিত করিয়াছেন, সেই শ্রী (কবি?)
রঞ্জন সর্ব্বকলাকুশল।”
পদকল্পতরু গ্রন্থের সম্পাদক সতীশচন্দ্র রায় মনে করতেন যে কবিরঞ্জন বিদ্যাপতির উপাধি এবং কবিরঞ্জন
নামের কোনো স্বতন্ত্র কবি ছিলেন না। তা হলে, রামগোপালদাস তাঁর রসকল্পবল্লী গ্রন্থে শ্রীখণ্ডের খ্যাতনামা
ব্যক্তিদের সঙ্গে কবিরঞ্জনের যে উল্লেখ করেছেন এবং তাঁর শাখানির্ণয় গ্রন্থে কবিরঞ্জনের স্তুতি, সবই অর্থহীন
হয়ে পড়ে।
আমরা মিলনসাগরে কবি কবিরঞ্জনের বৈষ্ণব পদাবলী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
কবি কবিরঞ্জনের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ১০.৪.২০১৭
...