কবি দীন হীন কৃষ্ণদাসের বৈষ্ণব পদাবলী
*
শ্রীবৃন্দাবন নাম রত্ন-চিন্তামণি-ধাম
কবি দীনহীন কৃষ্ণদাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), দ্বিতীয় খণ্ড, তৃতীয় শাখা, ২৫শ পল্লব,
শ্রীগৌরভক্তবৃন্দের চরিত্র-বর্ণন, পদসংখ্যা ২৩৫৯। এই পদটি, ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়
সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৫৩৮-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে।

॥ ভাটিয়ারি॥

শ্রীবৃন্দাবন নাম                                        রত্ন-চিন্তামণি-ধাম
তাহে কৃষ্ণ বলরাম পাশ।
সুবলচন্দ্র নাম ছিল                                  এবে গৌরীদাস হৈল
অম্বিকানগরে যার বাস॥
নিতাই চৈতন্য যার                                  সেবা কৈল অঙ্গীকার
চারি মূর্ত্তি ভোজন করিল।
পুরবে সুবল জনু                                     বশ কৈল রাম কানু
পরতেক এখন রহিল॥
নিতাই চৈতন্য বিনে                                আর কিছু নাহি জানে
কে কহিবে প্রেমের বড়াই।
সাক্ষাতে রাখিল ঘরে                              হেন কে করিতে পারে
নিতাই চৈতন্য দুই ভাই॥
প্রেমে লম্ফ ঝম্প যার                                    পুলকিত হুহুঙ্কার
খেণেকে রোদন খেণে হাস।
তাঁর পাদপদ্ম রেণু                                      ভূষণ করিয়া তনু
কহে দীনহীন কৃষ্ণদাস॥

ই পদটি, ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ৩০৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভাটিয়ারি॥

শ্রীবৃন্দাবন নাম                                        রত্ন-চিন্তামণিধাম
তাহে হরি বলরাম পাশ।
সুবলচন্দ্র নাম ছিল                                 এবে গৌরীদাস হৈল
অম্বিকানগরে যার বাস॥
নিতাই চৈতন্য যার                                সেবা কৈল অঙ্গীকার
চারি মূর্ত্তি ভোজন করিলা।
পুরবে সুবল জনু                                    বশ কৈল রাম কানু
পরতেক এখনে রহিলা॥
নিতাই চৈতন্য বিনে                               আর কিছু নাহি জানে
কে কহিবে প্রেমের বড়াই।
সাক্ষাতে রাখিল ঘরে                             হেন কে করিতে পারে
নিতাই চৈতন্য দুই ভাই॥
প্রেমে লম্ফ ঝম্প যার                                   পুলকিত হুহুঙ্কার
ক্ষণেকে রোদন ক্ষণে হাস।
তাঁর পাদপদ্মরেণু                                     ভূষণ করিয়া তনু
কহে দীনহীন কৃষ্ণদাস॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে
কবি দীনহীন কৃষ্ণদাস
১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৫৩৯-পৃষ্ঠা।

॥ তথারাগ॥

আকুল দেখিয়া তারে                                কহে গৌর ধীরে ধীরে
আমরা থাকিলাম তোর ঠাঞি।
নিশচয় জানিহ তুমি                                 তোমার এঘরে আমি
রহিলাম এই দুই ভাই॥
এতেক প্রবোধ দিয়া                                  দুই প্রতিমূর্ত্তি লৈয়া
আইল পণ্ডিত বিদ্যমান।
চারিজনে দাঁড়াইল                                    পণ্ডিত বিস্ময় ভেল
ভাবে অশ্রু বহয়ে নয়ান॥
পুন প্রভু কহে তারে                                তোর ইচ্ছা হয় যারে
সেই দুই রাখ নিজ ঘরে।
তোমার প্রতীত লাগি                             তোর ঠাঞি খাব মাগি
সত্য সত্য জানিহ অন্তরে॥
শুনিয়া পণ্ডিতরাজ                                     করিলা রন্ধনকাজ
চারি জনে ভোজন করিলা।
পুষ্পমালা বস্ত্র দিয়া                                   তাম্বুলাদি সমর্পিয়া
সর্ব্ব অঙ্গে চন্দন লেপিলা॥
নানা মতে পরতীত                               করায়্যা ফিরাল্য চিত
দোঁহারে রাখিল নিজ ঘরে।
পণ্ডিতের প্রেম লাগি                                 দুই ভাই খায় মাগি
দোঁহে গেলা নীলাচলপুরে॥
পণ্ডিত করয়ে সেবা                                 যখন যে ইচ্ছা যেবা
সেই মত করয়ে বিলাস।
হেন প্রভু গৌরীদাস                                 তার পদ করি আশ
কহে দীন হীন কৃষ্ণদাস॥

ই পদটি, ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ২৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

আকুল দেখিয়া তারে                                কহে অতি ধীরে ধীরে
আমরা থাকিলাম তোর ঠাই।
নিশচয় জানিহ তুমি                                তোমার এ ঘরে আমি
রহিলাম বন্দী দুই ভাই॥
এতেক প্রবোধ দিয়া                                   দুইখানি মূর্ত্তি লৈয়া
আইল পণ্ডিত বিদ্যমান।
চারিজনে দাঁড়াইল                                     পণ্ডিত বিস্ময় হৈল
ভাবে অশ্রু বহয়ে নয়ান॥
পুনঃ প্রভু কহে তারে                                তোর ইচ্ছা হয় যারে
সেই দুই রাখ নিজ ঘরে।
তোমার প্রতীতি লাগি                                তোর ঠাঁই খাব মাগি
সত্য সত্য জানিহ অন্তরে॥
শুনিয়া পণ্ডিতরাজ                                      করিলা রন্ধন কাজ
চারি জনে ভোজন করিয়া।
পুষ্পমালা বস্ত্র নিয়া                                     তাম্বুলাদি সমর্পিয়া
সর্ব্ব অঙ্গে চন্দন লেপিয়া॥
নানা মতে পরতীত                                করায়্যা ফিরাইল চিত
দোঁহারে রাখিল নিজ ঘরে।
পণ্ডিতের প্রেম লাগি                                  দুই ভাই খায় মাগি
দোহে গেলা নীলাচলপুরে॥
পণ্ডিত করয়ে সেবা                                যখন যে ইচ্ছা যেবা
সেই মত করয়ে বিলাস।
হেন প্রভু গৌরীদাস                                 তার পদ করি আশ
কহে দীন হীন কৃষ্ণদাস॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর