কবি দীন হীন কৃষ্ণদাস - এই পাতায় কৃষ্ণদাস কবিরাজের রচিত, “দীন হীন কৃষ্ণদাস” ভণিতা সম্বলিত
পদ এবং অন্যান্য কবির “দীন হীন কৃষ্ণদাস” ভণিতাযুক্ত পদ রাখা হয়েছে।
কবি কৃষ্ণদাস কবিরাজ ছাড়াও
আরও ১৮জন কৃষ্ণদাস নামের ভক্ত বা কবির নাম উল্লেখ করেছেন জগবন্ধু ভদ্র তাঁর গৌরপদতরঙ্গিণী গ্রন্থে।
কবি কৃষ্ণদাস কবিরাজের রচিত গীত বা পদ আমরা পাই তাঁর রচিত শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত গ্রন্থ থেকে।
ফলে তাঁর রচিত “কৃষ্ণদাস”, “দীন কৃষ্ণদাস”, “দীন হীন কৃষ্ণদাস”  ভণিতাযুক্ত অথবা  ভণিতাহীন পদ
কৃষ্ণদাস
কবিরাজের পাতায়ও তোলা  হয়েছে। এছাড়া “কৃষ্ণদাস”, “দীন কৃষ্ণদাস”, “দীনহীন কৃষ্ণদাস”, “দুঃখী কৃষ্ণদাস”,
“দীন দুঃখী কৃষ্ণদাস” ভণিতার যে পদ রয়েছে, যা চৈতন্যচরিতামৃতে নেই, সেই কবিগণের সম্বন্ধে নিশ্চিতভাবে
বলা যায় না যে কোন পদটি কার।

মিলনসাগরে আমরা বিভিন্ন গ্রন্থ থেকে যে সব “কৃষ্ণদাস” সম্বলিত ভণিতার পদ সংগ্রহ করেছি সেই সব
ভণিতার মধ্যে রয়েছে “কবি কৃষ্ণদাস”, “কবিকর্মী কৃষ্ণদাস”, “শ্রীকৃষ্ণদাস” এবং “কৃষ্ণদাসানুদাস” প্রভৃতি।



একাধিক “কৃষ্ণদাস” ভক্ত -                                                               পাতার উপরে . . .   
কৃষ্ণদাস নামের কবি বা ভক্তদের সম্বন্ধে
জগবন্ধু ভদ্র সংকলিত “গৌরপদতরঙ্গিণী” গ্রন্থের দ্বিতীয় সংস্করণের
(১৯৩৪), পদকর্তার পরিচয়ে, সম্পাদক মৃণালকান্তি ঘোষ ভক্তিভূষণ লিখেছেন . . .

কৃষ্ণদাস নামক বহু ভক্তের পরিচয় বৈষ্ণব গ্রন্থে  পাওয়া  যায়।  তন্মধ্যে মাত্র ১৯ জনের বিবরণ নিম্নে
দিতেছি :---
প্রথমত মহাপ্রভুর শাখাগণনায়---
(১)  “অকিঞ্চন প্রভুর প্রিয় কৃষ্ণদাস নাম।” ---চৈতন্যচরিতামৃত, আদিলীলা, ১০ম পরিচ্ছেদ।
.      “
অকিঞ্চন কৃষ্ণদাস চলিলা শ্রীধর।” ---চৈতন্যচরিতামৃত, অন্ত্যলীলা, ৭ম পরিচ্ছেদ।

(২)  “
কৃষ্ণদাস বৈদ্য আর পণ্ডিত শেখর।” ---চৈতন্যচরিতামৃত, আদিলীলা, ১০ম পরিচ্ছেদ।

(৩)  “
কৃষ্ণদাস নাম শুদ্ধকুলীন ব্রাহ্মণ।
.       যাঁর সঙ্গে লৈয়া কৈল দক্ষিণ গমন॥” ---চৈতন্যচরিতামৃত, আদিলীলা, ১০ম পরিচ্ছেদ।

দ্বিতীয়তঃ নিত্যানন্দ প্রভুর শাখাগণনায়---
(৪) “রাঢ়ে যার জন্ম
কৃষ্ণদাস দ্বিজবর
.    শ্রীনিত্যানন্দের তিহোঁ পরমকিঙ্কর॥
.    কালা কৃষ্ণদাস বড় বৈষ্ণব-প্রধান।
.    নিত্যানন্দচন্দ্র বিনা নাহি জানে আন॥” ---চৈতন্যচরিতামৃত, আদিলীলা, ১১শ পরিচ্ছেদ।

.   “রাঢ়ে জন্ম মহাশয় দ্বিজ কৃষ্ণদাস।
.    নিত্যানন্দ পারিষদে যাঁহার বিলাস॥
.    প্রসিদ্ধ কালিয়া কৃষ্ণদাস ত্রিভুবনে।
.    গৌরচন্দ্র লভ্য হয় যাহার স্মরণে॥” ---চৈতন্যভাগবত, অন্ত্যখণ্ড, ৭ম অধ্যায়।

(৫) “নারায়ণ
কৃষ্ণদাস আর মনোহর।
.     দেবানন্দ---চারি ভাই নিতাই-কিঙ্কর॥” ---চৈতন্যচরিতামৃত, আদিলীলা, ১১শ পরিচ্ছেদ।
.     “নিত্যানন্দ প্রিয়---মনোহর নারায়ণ।
.      কৃষ্ণদাস দেবানন্দ এই চারিজন॥” ---চৈতন্যভাগবত, অন্ত্যখণ্ড, ৭ম অধ্যায়।

(৬) “
বিহারী কৃষ্ণদাস নিত্যানন্দ-প্রাণ।
.      শ্রীনিত্যানন্দ-পদবিনা নাহি জানে আন॥” ---চৈতন্যচরিতামৃত, আদিলীলা, ১১শ পরিচ্ছেদ।

(৭)
কৃষ্ণদাস পণ্ডিত - মহাপ্রভুর ইচ্ছানুসারে নিত্যানন্দ প্রভু নীলাচল হইতে গৌড়দেশে যাইবার সময় যাঁহার
তাঁহার সঙ্গে গিয়াছিলেন, তাঁহাদিগের মধ্যে “কৃষ্ণদাস পণ্ডিত” ছিলেন।
.        “পথে চলিতেই নিত্যানন্দ মহাশয়। সর্ব্ব পারিষদ করিলেন প্রেমময়॥
.         কৃষ্ণদাস পরমেশ্বরদাস দুই জন।  গোপালভাবে হৈ হৈ করে সর্ব্বক্ষণ॥”

(৮)
সূর্য্যদাসের ভাই কৃষ্ণদাস ---
.        “সূর্য্যদাস সরখেল, তাঁর ভাই কৃষ্ণদাস।
.         নিত্যানন্দের দৃঢ় বিশ্বাস প্রেমের নিবাস॥”
ইঁহারা ছয় ভাই---দামোদর জগন্নাথ, সূর্য্যদাস, গৌরীদাস, কৃষ্ণদাস ও নৃসিংহচৈতন্য। বাড়ী অম্বিকানগর। এই
সূর্যদাস নিত্যানন্দের শ্বশুর এবং বসুধা জাহ্নবার পিতা। নিত্যানন্দের বিবাহাধিবাসে কৃষ্ণদাস
বড়গাছি হইতে শালিগ্রামে যান। যথা ভক্তিরত্নাকর, ১২শ তরঙ্গে---
.        “নানা দ্রব্য লইয়া বিপ্রগণের সহিতে।
.         কৃষ্ণদাস পণ্ডিত আইলা বাটী হইতে॥”   
নবদ্বীপের অল্প দূরে শালিগ্রামে সূর্য্যদাস বাস করিতেন।

(৯)
কৃষ্ণদাস হোড় --- পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর আজ্ঞাক্রমে রঘুনাথ দাস যে চিড়ামহোত্সব দিয়াছিলেন,
তাহাতে নিত্যানন্দের গণের মধ্যে কৃষ্ণদাস হোড় ও ছিলেন। যথা চৈতন্যচরিচামৃত, অন্ত্য, ৬ষ্ঠ পরিচ্ছেদ---
.        “পিণ্ডার উপর যত প্রভুর নিজগণ।   বড় বড় লোক বসিলা মণ্ডলী-বন্ধন॥
.         রামদাস, সুন্দরদাস, দাস গদাধর।   মুরারি, কমলাকর, সদাশিব পুরন্দর॥
.         ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস।    মহেশ, গৌরীদাস, হোড় কৃষ্ণদাস॥
.         উদ্ধারণ আদি যত আর নিজজন।   উপরে বসিলা সব কে করু গণন॥”
কৃষ্ণদাস বড়গাছি-নিবাসী হরি হোড়ের পুত্র। ইঁহার পুত্র নবনী হোড়। তাঁহার বংশাবলী এক্ষণে রুকুনপুরে বাস
করিতেছেন।

(১০)
কৃষ্ণদাস কবিরাজ --- শ্রীচৈতন্যচরিতামৃত রচয়িতা। ইঁহার বিস্তৃত জীবনী পরে প্রদত্ত হইল।
(
কৃষ্ণদাস কবিরাজের পাতায় যেতে এখানে ক্লিক্ করুন . . .)

তৃতীয়তঃ অদ্বৈতাচার্য্য প্রভুর শাখাগণনায়---
(১১)
কৃষ্ণ মিশ্র--- কৃষ্ণ মিশ্র নাম আর আচার্য্যতনয়।---চৈতন্যচরিতামৃত, আদিলীলা, ১২শ পরিচ্ছেদ।

(১২)
ব্রহ্মচারী কৃষ্ণদাস ---- শাখানির্ণয় গ্রন্থের ৪১ শ্লোক যথা - “কৃষ্ণদাসব্রহ্মচারী কৃষ্ণপ্রেমপ্রকাশম্। বন্দে
তমুজ্জ্বলধিয়ং বৃন্দাবননিবাসিনম্॥” ইনি শ্রীবৃন্দাবনধামে বাস করিতেন।

(১৩)
লাউড়িয়া কৃষ্ণদাস --- ইনি শ্রীহট্টের অন্তর্গত লাউড়িয়ার রাজা দিব্যসিংহ। অদ্বৈতাচার্য্যের
পিতা ইহাঁর কার্য্যকারক ছিলেন। বৃদ্ধ বয়সে রাজা শান্তিপুরে আসিয়া অদ্বৈতাচার্য্যের নিকট দীক্ষা গ্রহণ
করেন ও শান্তিপুরে বাস করেন। কৃষ্ণদাস তাঁহার গুরুদত্ত নাম।

চতুর্থতঃ অন্যান্য ভক্ত ও প্রেমিক কৃষ্ণদাসগণ---
(১৪)
প্রেমী কৃষ্ণদাস --- ইনি গদাধর পণ্ডিত গোস্বামীর প্রশিষ্য ও ভূগর্ভ গোসাঞির মন্ত্রশিষ্য। মহাপ্রভু যখন
বৃন্দাবনে গমন করেন, তথন এই কৃষ্ণদাস সর্ব্বক্ষণ তাঁর সঙ্গে থাকিয়া তাঁহার সেবা করিতেন। যথা
চৈতন্যচরিতামৃত, মধ্য, ১৮শ পরিচ্ছেদ---
“কৃষ্ণদাস কহে মুঞি গৃহস্থ পামর। রাজপুত জাতি মুঞি---‘পারে’ মোর ঘর॥”

(১৫)
দুঃখী কৃষ্ণদাস --- ইঁহার গুরুদত্ত নাম ‘শ্যামানন্দ পুরী’। ইঁহার বিস্তৃত জীবনী পরে প্রদত্ত হইল।
(
দুঃখী কৃষ্ণদাস বা শ্যামানন্দের পাতায় যেতে এখানে ক্লিক্ করুন . . . )

(১৬)
বাণী কৃষ্ণদাস --- ম্লেচ্ছ ভয়ে শ্রীগোপাল বিগ্রহকে বৃন্দাবন হইতে আনিয়া মথুরানগরে বিট্ঠলেশ্বরের
মন্দিরে মাসাবধি রাখা হয়। শ্রীরূপ গোস্বামী তখন বৃদ্ধ হইয়াছিলেন। তিনি শ্রীগোপালদেবকে দর্শন করিবার
জন্য মথুরায় যাইয়া বাস করেন, এবং একমাস পরে গোপাল সহ বৃন্দাবনে ফিরিয়া আসেন। বৃন্দাবনের প্রধান
প্রধান বৈষ্ণব মহান্তেরা তাঁহার সঙ্গে মথুরায় গমন করিয়াছিলেন; তাঁহাদিগের মধ্যে এই বাণী কৃষ্ণদাস ছিলেন।
ইনি শ্রীরূপের বিশেষ অনুরক্ত ভক্ত ছিলেন।

(১৭)
শ্রীকৃষ্ণমঙ্গল রচয়িতা কৃষ্ণদাস --- ইনি কায়স্থ কুলজাত।

(১৮)
গায়ক কৃষ্ণদাস --- খেতুরীর মহোত্সবের সময় জাহ্নবা ঠাকুরাণী, অচ্যুতানন্দ, গোপাল, কানু পণ্ডিত,
শ্রীপতি, শ্রীনিধি প্রভৃতি সহ নবদ্বীপ হইতে যাত্রা করিয়া প্রথমে “আইলা আকাইহাটে কৃষ্ণদাসঘরে”। সেখান
হইতে কৃষ্ণদাসকে লইয়া তাঁহারা কাটোয়া বা কণ্টকনগরে আসিলেন। তাঁহাদিগের আগমন-বার্ত্তা শুনিয়া
গদাধর দাসের শিষ্য যদুনন্দন “আগুসরি গিয়া সবে আনিলেন ঘরে।” শ্রীখণ্ড হইতে রঘুনন্দন গণ সহ আসিয়া
সেখানে মিলিত হইলেন। তথা হইতে সকলে খেতুরীতে গমন করিলেন। সেখানে ঠাকুর মহাশয় ও তাঁহার
ভ্রাতা সন্তোষ রায় জাহ্নবা ঠাকুরাণী, অচ্যুতানন্দ, হৃদয়চৈতন্য, শ্রীপতি, শ্রীনিধি,
শ্যামানন্দ প্রভৃতি প্রধান প্রধান
মহান্তাদির স্বতন্ত্র স্বতন্ত্র বাসা ও পরিচর্য্যা করিবার উপযুক্ত লোক নিযুক্ত করিয়া দিলেন। “আকাইহাটের
কৃষ্ণদাসাদি বাসায়। হইলা নিযুক্ত শ্রীবল্লবীকান্ত তায়॥” আকাইটের কৃষ্ণদাস সুগায়ক ছিলেন।”

(১৯)
সুবর্ণ-বেত্রধারী কৃষ্ণদাস --- ইনি নীলাচলবাসী ও জগন্নাথ মন্দিরের একজন কার্য্যকারক।

উপরে যে ১৯জন কৃষ্ণদাসের পরিচয় দেওয়া হইল, ইহার মধ্যে (৩) ও (৪) সংখ্যক কৃষ্ণদাস এক
ব্যক্তি বলিয়া মনে হয়। (৩) সংখ্যক কৃষ্ণদাসের পরিচয় আছে, “যাঁরে লৈয়া কৈল দক্ষিণ গমন”। ইঁহার নাম
কালা কৃষ্ণদাস। . . .

. . . উল্লিখিত ১৯জন কৃষ্ণদাসের মধ্যে (৩) ও (৪) সংখ্যক কৃষ্ণদাসকে এক জন ধরিয়া লইলে এবং ‘বিহারী
কৃষ্ণদাস’, ‘রাজপুত কৃষ্ণদাস’, ‘বাণী কৃষ্ণদাস’ ও ‘সুবর্ণবেত্রধারী কৃষ্ণদাস’ এই চারি জনকে বাদ দিলে আমরা
১৪ জন বাঙ্গালী কৃষ্ণদাসের পরিচয় পাইতেছি। কিন্তু ইঁহাদিগের মধ্যে পদকর্ত্তা কে কে এবং ‘কৃষ্ণদাস’
ভণিতাযুক্ত পদগুলির মধ্যে কোনটী কাহার রচিত, তাহা বাছিয়া বাহির করা সুঃসাধ্য বলিয়াই বিবেচিত
হয় : তবে কতগুলি পদের রচয়িতার খোঁজ আমরা সহজেই পাইতেছি।

গৌরপদতরঙ্গিণীতে ‘কৃষ্ণদাস’ ভণিতার ১৪টী, দীন কৃষ্ণদাস ভণিতার ৮টী, দীনহীন কৃষ্ণদাস ভণিতার ২টী,
দুঃখী কৃষ্ণদাস ভণিতার ২টী, এবং দীন দুঃখী কৃষ্ণদাস ভণিতার ১টী --- মোট ২৭টী পদ উদ্ধৃত হইয়াছে।
ইহার মধ্যে ৫টী পদ চৈতন্যচরিতামৃত হইতে উদ্ধৃত। এই ৫টী পদ যে কৃষ্ণদাস কবিরাজ-রচিত,
তাহাতে সন্দেহ করিবার কোনো কারণ নাই। . . .


জগবন্ধু ভদ্রর মতে ‘দুঃখী কৃষ্ণদাস’ ভণিতাযুক্ত পদগুলি শ্যামানন্দ পুরী রচিত। তবে সব ‘দুঃখী কৃষ্ণদাস’
ভণিতাযুক্ত পদ তাঁরই কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে, কারণ বৈষ্ণব পদকর্তাগণ নিজের নামের সঙ্গে নানা
প্রকারের দীনতাব্যঞ্জক বিশেষণ ব্যবহার করেন।

এছাড়াও বিভিন্ন বৈষ্ণব পদাবলী সংকলন থেকে আমরা কবি কৃষ্ণদাস, শ্রীকৃষ্ণদাস, কবিকর্মী কৃষ্ণদাস ও
কৃষ্ণদাসানুদাস ভণিতাযুক্ত পদ পেয়েছি।



একাধিক "কৃষ্ণদাস" ভণিতা -                                                            পাতার উপরে . . .   
আমরা মিনলসাগরে যে দশ রকম “কৃষ্ণদাস” ভণিতার কবির পদ সংগ্রহ করতে পেয়েছি তা হলো
“কৃষ্ণদাস”, “কৃষ্ণদাস কবিরাজ”, “দীন কৃষ্ণদাস”, “দীন দুখী কৃষ্ণদাস”, “দীন হীন কৃষ্ণদাস”, “দুখী কৃষ্ণদাস”, “কবি
কৃষ্ণদাস”, “কবিকর্মী কৃষ্ণদাস”, “শ্রীকৃষ্ণদাস” এবং “কৃষ্ণদাসানুদাস”। এর সঙ্গে রয়েছে দুখী কৃষ্ণদাসের,  
রূপগোস্বামী দ্বারা নতুন নামকরণের পর রচিত “শ্যামানন্দ” ভণিতার পদাবলী।

মিলনসাগরে প্রকাশিত "কৃষ্ণদাস" সম্বলিত বিভিন্ন ভণিতায় ক্লিক করলেই সেই পাতায় চলে যেতে পারবেন।
কৃষ্ণদাস   
কৃষ্ণদাস কবিরাজ   
দীন কৃষ্ণদাস   
দীন দুখী কৃষ্ণদাস   
দীন হীন কৃষ্ণদাস   
দুখী কৃষ্ণদাস   
কবি কৃষ্ণদাস   
কবিকর্মী কৃষ্ণদাস   
শ্রীকৃষ্ণদাস    
কৃষ্ণদাসানুদাস   
শ্যামানন্দ    .  


আমরা
মিলনসাগরে  কবি দীন হীন কৃষ্ণদাসের বৈষ্ণব পদাবলী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টার সার্থকতা।



বৈষ্ণব পদাবলীর "রাগ"                                                              পাতার উপরে . . .   
বৈষ্ণব পদাবলীর পদগুলি মূলত গান হিসেবেই রচনা করা হোতো। প্রায় প্রতিটি পদের শুরুতেই সেই পদটির
“রাগ”-এর উল্লেখ থাকে। তবে কিছু পদের আগে তার “রাগ”-এর উল্লেখ নেই এমনও পাওয়া গিয়েছে। বৈষ্ণব
পদাবলীর সংকলকগণ যখন তাঁদের সংকলনে পদ সাজান, তখন পর পর একাধিক গানের যদি একই সুর বা
রাগ থাকে, তাহলে তাঁরা প্রথম গানটিতে তার রাগ উল্লেখ ক’রে পরের গানটিতে রাগের যায়গায় “তথা রাগ”
বা “যথা” শব্দ বসিয়ে দিতেন, এই বোঝাতে যে পরের গানটি একই রাগাশ্রিত। কিন্ত এমনও পাওয়া গিয়েছে
যে একই গান বিভিন্ন সংকলকের সংকলনে ভিন্ন রাগাশ্রিত বলে উল্লেখিত। বহু পদই মুখে মুখে গীত   
অবস্থায় পাওয়া গিয়েছে।  তাই  একই গান  বিভিন্ন  গায়কের মুখে ভিন্ন ভিন্ন সুরে পাওয়া গিয়ে থাকতেই
পারে। তাই অনেক বিদগ্ধজনেরা মনে করেন যে এখন আর পদের রাগের উল্লেখ না করলেও চলে। যে  
যেমন সুরে চায়, গেয়ে আনন্দ লাভ করলেই এর সার্থকতা। আমরা অবশ্য যে সংকলন থেকে যে পদ   
নিয়েছি, সেই সংকলনে উল্লেখিত রাগটি মিলনসাগরের পাতায় তুলে দিয়েছি। এমন হতে পারে বিশেষজ্ঞরা
অন্য সংকলনে সেই গানটির অন্য রাগ দেখতে পাবেন।
          


কবি দীন হীন কৃষ্ণদাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


উত্স -
  • রূপ গোস্বামী দ্বারা সংগৃহীত, বিরোচিত ও পঞ্চদশ শতকে প্রকাশিত, প্রাচীন বৈষ্ণব এবং শ্রীকৃষ্ণচৈতন্য-
    মহাপ্রভুর স্বকৃত শ্লোকসম্বলিত, ১৮৮২ সালে রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা অনুদিত, গ্রন্থ “পদ্যাবলী”।
  • বৃন্দাদন দাস দ্বারা ষোড়শ শতকে বিরচিত, অতুলকৃষ্ণ গোস্বামী সম্পাদিত, “শ্রীচৈতন্যভাগবত”, ১৯১৫।
  • নিত্যানন্দ দাস দ্বারা ১৬০০ সালে বিরচিত, বাবু যশোদালাল তালুকদার প্রকাশিত, “শ্রীপ্রেমবিলাস”, ১৯১৩।
  • কৃষ্ণদাস কবিরাজ দ্বারা ১৬১৫ সালে বিরচিত, জগদীশ্বর গুপ্ত দ্বারা সরল টীকা ও ব্যাখ্যা সহিত সম্পাদিত,
    “শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত”, ১৮৮৯।
  • রামগোপাল দাস (গোপাল দাস) দ্বারা ১৬৪৩-১৬৭৬ সময়কালে, সংকলিত ও বিরচিত এবং ১৯৪৬ সালে
    হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, সুকুমার সেন ও প্রফুল্ল পাল দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন
    "শ্রীশ্রীরাধাকৃষ্ণ-রসকল্পবল্লী”।
  • পীতাম্বর দাস দ্বারা সপ্তদশ শতকে সংকলিত ও বিরচিত এবং ১৯৪৬ সালে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়,  
    সুকুমার সেন ও প্রফুল্ল পাল দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন "অষ্টরস-ব্যাখ্যা ও রসমঞ্জরী”।  
  • বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) দ্বারা আনুমানিক ১৭০০ সালে  সংকলিত ও বিরচিত এবং ১৯২৪
    সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।
  • নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সালে সংকলিত ও বিরচিত এবং ৪৬২ গৌরাব্দে
    (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্বরাগ)”।
  • রাধামোহন ঠাকুর (রাধামোহন দাস) দ্বারা আনুমানিক ১৭২৫ সালে সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮
    সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”।
  • গোকুলানন্দ সেন (বৈষ্ণবদাস) দ্বারা আনুমানিক ১৭৫০ সালে সংকলিত ও বিরচিত এবং ১৯১৫-১৯৩১
    সময়কালে, সতীশচন্দ্র রায় দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদকল্পতরু”, ৫ খণ্ডে, সটীক
    সংস্করণ, ১৯১৫-১৯৩১। প্রথম সংস্করণ ১৮৯৬।
  • দ্বিজ মাধব দ্বারা সংকলিত, বিশ্বভারতী গ্রন্থশালায় সংরক্ষিত ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”,  
    উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত।
  • গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, ১৮৪৯।
  • অক্ষয়চন্দ্র সরকার সম্পাদিত, ১৮৮৪ সালে প্রকাশিত, “প্রাচীন কাব্য সংগ্রহ, প্রথম খণ্ড”।
  • রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশচন্দ্র মজুমদার দ্বারা সম্পাদিত, ১৮৮৫ সালে প্রকাশিত, পদাবলী সং
    “পদরত্নাবলী”-এর পরিবর্ধিত আনন্দ সংস্করণ, ২০০৬।
  • জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ১৯৩৪,
    প্রথম সংস্করণ ১৯০২।
  • দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ১৯০৫।
  • হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন-মালা”, ১৯১৬।
  • চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সংগৃহীত রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ১৯২২।
  • সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১৯২৬।
  • নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদালী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ১৯৩৭।
  • আবদুল কাদির ও রেজাউল করীম সম্পাদিত, বাঙ্গালী মুসলমান কবিদের রচিত কবিতাবলীর সংকলন
    “কাব্য-মালঞ্চ”, ১৯৪৫।
  • যতীন্দ্রমোহন ভট্টাচার্য্য সম্পাদিত “বাঙ্গালার বৈষ্ণব-ভাবাপন্ন মুসলমান কবি”, ১৯৪৫।
  • হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৪৬।
  • সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “পদামৃত লহরী”।
  • খগেন্দ্রনাথ মিত্র, সুকুমার সেন, বিশ্বপতি চৌধুরী ও শ্যামাপদ চৌধুরী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
    “বৈষ্ণব পদাবলী (চয়ন)”, ১৯৫২।
  • সুকুমার সেন সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৫৭।
  • সরোজ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদরত্নাবলী”, ১৯৬০।
  • বিমান বিহারী মজুমদার সম্পাদিত “পাঁচশত বত্সরের পদাবলী”, ১৯৬১।
  • বিমান বিহারী মজুমদার সম্পাদিত “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য”, ১৯৬১।
  • দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদসঙ্কলন”, ১৯৭৭।
  • জয়দেব মুখোপাধ্যায়ের গ্রন্থ “কাঁহা গেলে তোমা পাই”, ১৯৭৮।
  • যুধিষ্ঠির জানা (মালীবুড়ো) দ্বারা প্রকাশিত, “শ্রীচৈতন্যের অন্তর্ধান রহস্য” অখণ্ড, ১৯৮৫ এর পরে
  • সুকুমার সেন সম্পাদিত "বাংলা কবিতা সমুচ্চয়" প্রথম খণ্ড, ১৯৯১।
  • শিশিরকুমার দাশ সম্পাদিত "সংসদ বাংলা সাহিত্য সঙ্গী", ২০০৩।
  • সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত "সংসদ বাঙালি চরিতাভিধান", ১ম ও ২য় খণ্ড, ২০১০।
  • ডঃ নিরঞ্জন ধরের প্রবন্ধ সংকলন "অবতার থেকে মানুষ", ২০১৩।


কবি দীন হীন কৃষ্ণদাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।      


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ২১.৬.২০১৭
...                                                                                            পাতার উপরে . . .   
একাধিক “কৃষ্ণদাস” ভক্ত    
একাধিক কৃষ্ণদাস ভণিতা    
বৈষ্ণব পদাবলীর "রাগ"    
উত্স গ্রন্থাবলী     
মিলনসাগরে কেন বৈষ্ণব পদাবলী ?     
*
দীন হীন কৃষ্ণদাস
জীবন ও রচনাকাল অজ্ঞাত
*
*
*
*
কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে
আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান
তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্পরূপ
প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমাদের ঠিকানা -
srimilansengupta@yahoo.co.in
ভণিতা -
দীন হীন কৃষ্ণদাস