কবি লক্ষ্মীকান্ত দাস - এর পরিচয় ও জীবনকাল সম্বন্ধে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাঁর একটি মাত্র পদ রয়েছে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থে। দ্বিতীয় পদটি রয়েছে জগবন্ধু ভদ্র সংকলিত গৌরপদতরঙ্গিণীতে।
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণের ( ১৩৩৮ বঙ্গাব্দ, ১৯৩১ খৃষ্টাব্দ) ৫ম খণ্ডের ভুমিকায়, পদকর্তার পরিচয়ে সতীশচন্দ্র রায় লিখেছেন . . . “লক্ষ্মীকান্ত দাস ভণিতার শুধু একটি মাত্র (১১৭ সংখ্যক) পদ পদকল্পতরুতে উদ্ধৃত হইয়াছে। এই লক্ষ্মীকান্ত কে ছিলেন, এ যাবৎ জানা যায় নাই। পদটী নদীয়া-নাগরীর উক্তি, পূর্ব্বরাগের উত্কৃষ্ট বাংলা পদ। ১ম শাখার ৬ষ্ঠ পল্লবের প্রারম্ভেই উহা সন্নিবেশিত হইয়াছে। এই একটি মাত্র পদই লক্ষ্মীকান্তের উত্কৃষ্ট কবিত্ব- শক্তির পরিচায়ক। জানি না, কোন্ শুভ-ক্ষণে অপরিচিত লক্ষ্মীকান্তের লেখনীর মুখ হইতে এই পদটি বহির্গত হইয়াছিল! এই একটী মাত্র পদই লক্ষ্মীকান্তকে পদাবলী-সাহিত্যে অমর করিয়া রাখিবে।. . .
. . . সহৃদয় পাঠক সহজেই বুঝিবেন যে, লক্ষ্মীকান্তের গভীর মনস্তত্ত্বসূচক উত্কৃষ্ট ভণিতার পরিবর্ত্তে অপর ভণিতাটা নিতান্তই খাপছাড়া মনে হয়। লোচনদাসের গোঁড়া ভক্ত কোন গায়ক বা লিপিকর,---এরূপ সুন্দর পদ অন্যের রচিত হইতে পারে না বিবেচনায়ই বোধ হয়, উহাতে লোচনের ভণিতা সংযুক্ত করিয়া গিয়াছেন ; কিন্তু রচনার অপরপক্কতা ও অসামঞ্জস্যেই সেই জোড়া-তালী ধরা পড়িয়া গিয়াছে।”
গৌরপদতরঙ্গিণী, পদাবলী গ্রন্থের সংকলক জগবন্ধু ভদ্র, লক্ষ্মীকান্ত দাস সম্বন্ধে, “পদকর্ত্তৃগণের পরিচয়”-তে লিখেছেন . . . “গৌরপদতরঙ্গিণীতে ‘লক্ষ্মীকান্ত দাস’-ভণিতাযুক্ত দুইটী পদ উদ্ধৃত হইয়াছে। এই পদদ্বয়ই লক্ষ্মীকান্তের উত্কৃষ্ট কবিত্ব-শক্তির পরিচায়ক। হরিচরণ দাস কৃত ‘অদ্বৈতমঙ্গল’ গ্রন্থে অদ্বৈতাচার্য্যের ছয়জন জ্যেষ্ঠ সহোদরের উল্লেখ আছে। তাঁহাদিগের মধ্যে লক্ষ্মীকান্ত অন্যতম। এই লক্ষ্মীকান্ত পদকর্ত্তা ছিলেন কি না, তাহা জানা যায় না। চট্টগ্রামবাসী একজন লক্ষ্মীকান্ত দাসের ‘ধ্রুবচরিত’ নামে একখানি হস্তলিখিত পুথি পাওয়া গিয়াছে।”
আমরা মিলনসাগরে কবি লক্ষ্মীকান্ত দাসের বৈষ্ণব পদাবলী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো। আমাদের ঠিকানা - srimilansengupta@yahoo.co.in